-
কবিতা-
“গণতন্ত্রের চিরকুট”
– নাজমুল হুদা পারভেজ
আমাকে সাজিয়ে দাও
আবার আমার ডাক পরেছে
কোথায় যাবে তুমি?
রাজপথে।
কেন?
আমাকে মিছিলে যেতে হবে।
কীসের মিছিল ?-জানতে চায় গৃহবধূ রোমেনা।
গণতন্ত্রের মাঠে শকুন পরেছে
আবার হায়নারা দখল করেছে উর্বর জমি।
গণতন্ত্র কি?
ওটা খায় না মাথায় দেয় ?
বিরক্ত মাইজুদ্দিন,মূর্খ মানবী-
সেটা তুমি বুঝবে না
আমাকে সাজিয়ে দাও
এখনই যেতে হবে রাজপথে।
রাজপথে মিছিল হবে-
রণ সজ্জায় আমাকে সাজিয়ে দাও
হাতে তুলে দাও, স্বাধীনতার পতাকা।
মুক্ত মানব আমি, কৃষকের প্রতিনিধি
মুক্ত মানব আমি, শ্রমিকের কণ্ঠস্বর
মুক্ত মানব আমি, নিরন্ন জনতা।
আমি ভাষা আন্দোলন, আমিই স্বাধীনতা
আমি সরকার, আমিই স্বৈরাচার,
আমি নির্বাচন, আমিই নির্যাতন
আমার সৌভাগ্য গণতন্ত্র
আমিই এখন হতভাগ্য।
আমি কাঁদি- তাই গণতন্ত্র কাঁদে
আমি হাসি- তাই গণতন্ত্র হাসে
গণতন্ত্র বিপন্ন -তাই আমি প্রতিবাদী।
কারণ আমার অস্থিতে বাংলাদেশ
কারণ আমার ঠিকানায় বাংলাদেশ।
আমাকে রণ সজ্জায় সাজিয়ে দাও
ডাক এসেছে, মিছিলে যেতে হবে।
অবশ্য বদলে গেছে স্বদেশের প্রেক্ষাপট
গণতন্ত্র রক্ষার দাবিতে মিছিল
চারিদিকে সাঁজ সাঁজ রব,
সংসদের ভিতরে- বাহিরে আন্দোলন
গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যস্ত ভিতর-
বাহিরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন
সকলে গণতন্ত্রের পূজারি-গণতন্ত্র চায়, অথচ-
গণতন্ত্রের সংজ্ঞায় আজ জাতি দ্বিধাবিভক্ত।
আজ আবারও গণতন্ত্র রক্ষার মিছিল হবে
এ দেশে বারবার গণতন্ত্রের জন্য মিছিল হয়।
গুলি হয় মিছিলে,লাশ পড়ে রাজপথে
তাজা রক্তে ধুয়ে যায় শকুনের চোখ তবু-
প্রকৃত গণতন্ত্র আসে না দেশে।
এবার নাকি প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় মিছিল,
প্রতিবাদী জনতা আবারও নামবে রাজপথে
তবুও মানুষ আসবে মিছিলে
দাবি আদায়ের বজ্র মিছিলে
কেঁপে উঠবে রাজপথ।
আজ রাজপথে মিছিল হবে
রাজপথে ভেসে আসা জনতার ঢল
ওদের কণ্ঠে প্রতিবাদ, মুষ্টিবদ্ধ হাত
জনতার ভিড়ে মাইজুদ্দিনও আছে ।
ফুল হাতা শার্ট আর মাল-কাছা মারা
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী যেন
বারবার মাইজুদ্দিনরা ফিরে আসে রাজপথে।
মিছিল এগিয়ে চলে জিরো পয়েন্ট অভিমুখে
বুটের শব্দে ভারী রাজপথ, একই রূপে ফিরে আসা
পুলিশ ভ্যান আর জল কামান চলে পিছু পিছু
পোশাকের ভিতরের মনিুষটা শুধু বদলে গেছে
খানের পরিবর্তে বাঙালি পুলিশ অফিসার।
মিছিলের ধরনটা বদলে গেছে-
স্বাধীনতার পরিবর্তে গণতন্ত্র
বদলায়নি শুধু মাইজুদ্দিন , রাজপথ আর-
দাবি আদায়ের মিছিল।
হঠাৎ পুলিশ ভ্যানের গতি বেড়ে যায় পূর্বের মতো
চাকার তলে পিষ্ট হয় মাইজুদ্দিন।
রাজপথে পরে থাকে লাশ- রক্তে ভিজে জ্যাবজ্যাবে।
সাদা শাড়িতে লাশ শনাক্ত করতে আসে রোমেনা
মাইজুদ্দিনের শার্টের পকেটে খুঁজে পায়
লাল রক্তে ভেজা একটি চিরকুট।
চিরকুটে অনিপুণ হাতে কালো কালিতে লেখা
“গণতন্ত্র মুক্তি পাক”।
==========
Friends
মোখলেসুর রহমান
@mokhles
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Minhajul Islam
@minhajul-islam
Drako Shajib
@drako
জয় পাটোয়ারী জুন্নুন
@joy
Neel tripura
@neel
Md Ashfak Sayed
@ashfak
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik


অসাধারণ। শুভেচ্ছা ও শুভকামনা।