Profile Photo

mahamuda khaunOffline

  • mahamuda
  • Profile picture of mahamuda khaun

    mahamuda khaun

    3 years, 9 months ago

    প্রিয় তনয়া
    আমার অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হোক তোমার হৃদয়। তোমার কাছ থেকেই আমি পেয়েছি প্রথম মা হওয়ার স্বাদ। আমার শরীরে তোমার অনুপ্রবেশের ক্ষণ থেকে শুরু করে তোমার বেড়ে উঠার প্রতিটা মুহূর্ত আমি গভীরভাবে অনুভব করেছি। দুনিয়ার বুকে তোমার পদার্পণের আগ মুহূর্ত পর্যন্তও আমি জানতামনা তুমি তনয় নাকি তনয়া। কিন্তু প্রথম সন্তান হিশাবে একজন কন্যার মা হওয়ার বাসনা হৃদয়ে লালন করতাম। তোমার আব্বুদের তিন ভাইয়ের কোন বোন না থাকায় তোমার দাদু বাড়ির সবাই উৎকণ্ঠার সাথে একটা রাজকুমারীর আশায় দিন গুনছিলো। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণটা আসলো। তুমি দুনিয়ার আলোতে আত্মপ্রকাশ করলে। ডাক্তার যখন বলল, আমি একটা ফুটফুটে রাজকুমারীর মা হয়েছি তখন আমি আবেগে কেঁদে দিয়েছিলাম।
    দাদু এবং নানু দুই পরিবারেই তুমি ছিলে প্রথম নাতনী। দুই পরিবারের অগ্রজদের সীমাহীন আদর ভালোবাসার মধ্যে দিয়ে ক্রমান্বয়ে তুমি বেড়ে উঠতে থাকো। এখন তুমি একজন চৌদ্দ বছরের কিশোরী। ছোটবেলা থেকে তোমাকে ইসলামিক স্কুলে পড়িয়েছি। বাসায় বইয়ের পাহাড় বানিয়েছি। জেনারেল লাইনে পড়লেখা করেও মাত্র বারো বছর বয়সে তুমি নিজে নিজেই সম্পূর্ণ কোরআন আত্মস্থ করেছো অথচ এখন সেই কোরআনের প্রতি তোমার কত অনীহা! কোরআনকে রাসুল (সা) হৃদয়ের বসন্ত বলেছেন। মরে যাওয়া অন্তরকে জাগ্রত করার ব্যাপারে বুঝে কোরআন পড়ার কোন জুড়ি নাই। ঋতুরাজ বসন্তের আগমনে যেমন শীতের রুক্ষতা দূর হয় তেমনই আমাদের মরে যাওয়া অন্তরকে জাগিয়ে তুলতে কোরআন পাঠ অনস্বীকার্য।
    ছোট বেলা থেকে তোমাকে সিরাতের গল্প শুনিয়েছি। সালমান ফারসির ইসলাম গ্রহণের সেই রোমহর্ষক কাহিনী তুমি ভুলে গেলে কীভাবে? ইসলামের জন্য মুসআব ইবনে উমায়েরের আত্মত্যাগের কথাতো ভোলার মতনা। খালেদ বিন ওয়ালিদ, যাকে রাসুল (সাঃ) আল্লাহ্‌র তরবারী উপাধিতে ভুষিত করেছেন তার কথা মনে আছে তোমার? সালাউদ্দীন আইয়ুবি, আর উমর মুখতারের মত সাহসী যোদ্ধাদের বীরগাথা কাহিনী শুনতে একদমই পছন্দ করনা তুমি।
    তোমার হাতে এখন শোভা পায় হ্যারিপটারের বানোয়াট কাহিনীর বই। বি টি এস আর্মিরা তোমার স্বপ্নপুরুষ। তোমার এই অধঃপতন আমি কীভাবে মেনে নিবো? এসব অনর্থক জিনিসের সাথে থাকতে থাকতে কোরআনের প্রতি তোমার এমন অনীহা তৈরি হয়েছে যে তুমি ভুলেই গেছো তুমি একজন হাফেজা। কোরআনের শিক্ষিকা আসলে নাক মুখ কুঁচকে প্রতিদিন আমাকে একই প্রশ্ন কর; মা আজকেও উস্তাদা কেন এসেছে? কিন্তু তুমি জানো কোরআন পড়া বন্ধ করলে তোমার হৃদয় একসময় মরুভুমির আকার ধারণ করবে। পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাবে। তাইতো আমি তোমাকে কোরআন চর্চা থেকে কখনোও বিরত হতে দেইনা।
    চটুল কথাবার্তা আমার বরাবরই অপছন্দের। স্কুল কলেজ নাহয় বাদই দিলাম, বিশ্ববিদ্যালয়ে গিয়েও বন্ধু বান্ধবীদের আড্ডাতে আমার মুখ ফসকে কখনও কোন অশোভন শব্দ বা বাক্য নিঃস্বৃত হয়নি । অথচ তোমার মুখে এখন হরহামেশা এসব চটুল আর চটকদার কথা শুনতে পাই। রাজকন্যা তুমি জানোনা তোমার মায়ের তখন কেমন কষ্ট হয়?
    প্রিয় আত্মজা তুমি এখন যে বয়সটা পার করছো এটা যেমন পথ হারাবার বয়স তেমনই নতুন পথ তৈরিরও বয়স। বই পড়া আমি পছন্দ করি। তাইতো নানারকম বই দিয়ে দুইটা আলমারি ভরে দিয়েছি। এ যেন ছোট খাট একটা লাইব্রেরী। টিভি নেই। ডিভাইস ধরতে দেইনা, তোমাদের একমাত্র বিনোদন শুধু বই। তারপরও তোমাকে দূষিত হাওয়া থেকে বাঁচাতে পারলামনা। আসলে আমি একা একটা সমাজ না। আমার মত অসংখ্য পরিবারের সমন্বয়ে সমাজ তৈরি হয়। ব্যক্তিজীবনের উপর সমাজের একটা প্রভাব থাকবেই। তাই বলে কি তুমি তোমার আদর্শ থেকে সরে যাবে? সবসময় স্রোতে গা ভাসিয়ে দিলে হয়না। ক্ষয়ে যাওয়া সমাজের আবর্জনা থেকে তোমাদের বাঁচিয়ে রাখতে গিয়ে আমাদের দুজনকে অনবরত স্রোতের বিপরীতে সাঁতরাতে হচ্ছে।
    প্রিয় কন্যা, বিশ্বায়নের কারণে পৃথিবী এখন হাতের মুঠোয়। তোমার সামনে অসংখ্য সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়ে আছে। যখন গবেষণা আর আবিষ্কারের পেছনে মনোনিবেশ করার কথা তখন বস্তা পচা নাটক সিনেমা দেখে প্রেম নামক সস্তা এক নামহীন সম্পর্কে জের ধরে নষ্ট হয়ে যাচ্ছে অসংখ্য সম্ভাবনাময়ী জাতির কর্ণধার। তুমি যখন বাসায় এসে তোমার সহপাটিদের ক্রাশ খাওয়ার গল্প বল তখন আমি আতঙ্কিত হই।
    আমার অনন্যা, তুমি কি জানো মেয়ে মানে বাবা মায়ের জন্য জান্নাত। আবার রাসুল (সাঃ) জাহান্নামীদের মধ্যে সবথেকে বেশি নারীকেই দেখেছেন। সাহাবায়ে কেরামদের ধন সম্পদ নিয়ে যতটানা সাবধান করেছেন তার থেকে বেশি সাবধান করেছেন নারী জাতি থেকে। তুমি আমার আল্লাহ্‌র থেকে প্রাপ্ত অসংখ্য নিয়ামতের মধ্যে সবথেকে মূল্যবান নিয়ামাত। সেই নিয়ামাতের সামান্যতম খেয়ানত আমার দ্বারা ঘটলে কাল কেয়ামতের ময়দানে কি জবাব দিব আমি? তাইতো তোমার ব্যাপারে আমি এতোটা সচেতন। আদর আর ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখা তোমার প্রতি মাঝে মাঝে করা আমার কঠোর আচরণটাও আমার ভালোবাসার অন্যরকম প্রকাশ। খুব শীঘ্রই তুমি আমার মনের মতো হবে এই প্রত্যাশায় আজকের চিঠির সমাপ্তি টানলাম।
    তোমার মা
    সমাপ্ত

Skip to toolbar