Profile Photo

md alamOffline

  • mdalam
  • Profile picture of md alam

    md alam

    • 3 weeks, 2 days ago

    বলাকা’র ঐশ্বরিক বাণী
    জাহাঙ্গীর আলম শিমুল

    সূর্য অস্ত গেছে। সোনালী আভায় জল ঝিলমিল করছে। সন্ধ্যার অন্ধকারে ঝিলম নদীর স্রোত এখন মলিন। যুদ্ধ শেষে রাজপুত্র তলোয়ার খানা খাপে পুড়লে সেটি যেমন অদৃশ্য হয়ে যায়, তেমনি। দিনের বেলায় ভাটা ছিল। এখন রাত। তাই নক্ষত্রের টানে নদীতে জোয়ার এসেছে। চাঁদের আলোয় নদীর কালো জলে ঢেউয়ের বুদবুদ তারা ফুল হয়ে ফুটে উঠে। ঝিলম নদীর পাড়ে পাহাড়ের ধারে অন্ধকার উপত্যকায় সারি সারি দেবদারু। একে অন্যের খুব কাছাকাছি- ঝিরঝির করছে। রবীন্দ্রনাথের মনে হল, স্রষ্টার সকল সৃষ্টি যেন স্বপ্নের ভিতর কথা বলতে চায়। কিন্তু ভাষা নেই। তাই মনের কথা স্পষ্ট করে উচ্চারণ করতে পারেনা। বুকের ভেতর অব্যক্ত ধ্বনির পুঞ্জ গুমরে গুমরে উঠে। তখন হঠাৎ ঝিলমের তটে সন্ধ্যার আকাশ হতে শব্দের বিদ্যুৎচ্ছটা ভেসে আসে। শূণ্য প্রান্তর হতে ধ্বনির পুঞ্জ মূহুর্তের মধ্যে দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আবছা অন্ধকার। কবি ভাল দেখতে পাননা। এক ঝাঁক হংসবলাকা জলমগ্ন প্রান্তর হতে আকাশে উড়ে যায়। তাদের দেহ প্রাণ রসে পরিপূর্ণ। তাদের পাখার পিস্টনে ঝড় ওঠে। রাশি রাশি হংস বলাকা যেন আনন্দে অট্রহাসি দিয়ে উড়ে চলে। উড়ন্ত পাখির ধ্বনি-তরঙ্গে আকাশ বিস্মিত হয়ে জেগে ওঠে।
    অপ্সরা রমণীরা যেমন ঋষিদের তপস্যায় বিঘ্ন ঘটাতো, তেমনি অসংখ্য পাখির পক্ষধ্বনি রাত্রির স্তব্দতাকে ধ্বংস করে দেয়। আর সেই শব্দে অন্ধকারে ডুবে যাওয়া পাহাড় আর দেবদারু শিহরিত হয়। পাখির পক্ষধ্বনি মূহুর্তের জন্য কবির মনে ভাষা পায়। তার স্থবির নিশ্চল মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। এক ঝাঁক হংসবলাকার উড়ে যাওয়া এখন আর অর্থহীন ধ্বনি মাত্র নয়। কবির মৃত আত্মাকে প্রাণবান আর গতিশীল করার মতো শব্দময় ঐশ্বরিক বাণী।
    গোধূলির স্তব্দতা ভেদ করে রাশি রাশি বলাকার পাখার ধ্বনি প্রকৃতির প্রাণ ফিরিয়ে দেয়। স্থবির প্রকৃতি গতি ফিরে পায়। কবিতা-পুরুষের মনে গতিশীল হবার আকাঙ্ক্ষা জাগে। বৈশাখ মাসের মেঘ যেমন নিরুদ্দেশ উড়ে যায়, তেমনি উড়ে যাবার আকাঙ্ক্ষা জাগে পাহাড়ের মনে। বৃক্ষরাজি মাটির বন্ধন ছিন্ন করে পাখির পক্ষধ্বনি অনুসরণ করে আকাশে উড়ে যেতে চায়। প্রকৃতি যেন স্বপ্ন ভেঙ্গে জেগে ওঠে। অজানা অচেনা সূদুর কোন দেশের জন্য তার মনে বেদনার ঢেউ জাগে। পৃথিবী তখন আপন বন্ধন ছিন্ন করে আর কোথাও উড়ে যেতে চায়। তার মনে এক ব্যাকুল বাণী বেজে ওঠে:
    “হেথা নয়, হোথা নয়, আর কোনখানে।”

    3
    3 Comments
    • Md alam, ঝিলম নদীর শান্ত পরিবেশে হংসবলাকার ডানার ঝাপটায় যে স্বর্গীয় প্রাণের স্পন্দন আপনি ফুটিয়ে তুলেছেন, তা প্রতিটি পাঠকের মনে এক গভীর ও সুন্দর অনুভূতির জন্ম দেয়, তাই আপনার লেখনীর এই মুগ্ধতা ধরে রেখে সামনে আরও এগিয়ে যান।

    • বলাকার পক্ষধ্বনিতে স্তব্ধ প্রকৃতি জেগে ওঠে, আর মন ডেকে যায় অজানা দূরদেশের মুক্তির পথে…🖤

    • আপনার লেখাটি পড়ে মনে হলো যেন আমি নিজেও সেই ঝিলম নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এমন চমৎকার বর্ণনাগুলো পড়তে সত্যিই খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে প্রকৃতির রূপ ও কবির অনুভূতির গভীরতা ফুটিয়ে তুলেছেন।

Skip to toolbar