Profile Photo

সাগর আল হেলালOffline

  • Sagor-Al-Helal
  • অনুপাতের অনুভূতি
    – সাগর আল হেলাল

    আমার কবিতার পেয়ালা অর্ধেক- কিম্বা তারচে’ বেশি খালি
    তবুও রেখে যাই তৃষ্ণার্ত মেলে যদি কেউ;

    যার মন আছে- তাকে ভালোবাসা দেয়া যায়
    যার ক্ষুধা আছে তাকে অন্ন,
    বধির না হলে কিছু বাক্য-
    আর বোবাদের জন্য প্রেমপূর্ণ সহৃদয় দৃষ্টি;

    অর্জনের মধ্যে মানুষকে খোঁজা নিরর্থক
    আকাঙ্ক্ষার মধ্যেই ডুব দিয়ে থাকে সে সর্বক্ষণ,
    আমাদের হৃদয় একটি প্রবাহ
    ঘুরে বেড়ায় নিরাপদ আনন্দ বাজার;

    আমার দর্শন- আমার নেশার সামগ্রী
    আমি রাত্রদিন পান করি আকণ্ঠ সেই অমৃত সুধা,
    পেয়ালা খালি করে-
    নেশায় বুঁদ হয়ে পড়ে থাকি কবিতার বিছানায়;

    আমার কবিতার পেয়ালা অর্ধেক খালি
    বাঁকি অর্ধেক শূন্য,
    কবিতা কিম্বা শূন্যতা তোমাকেও করতে পারে নেশাগ্রস্ত
    এ সবই হলো অনুপাতের অনুভূতি।
    –
    ০3.১০.২০২২

    5
    1 Comment
Skip to toolbar