Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 8 months ago

    শেষে
    ——শাহ্ কামাল

    নিঃসঙ্গ কোন এক বিকেলে তুমি দাঁড়াবে এই নীরব চৌকাঠ ঘেঁষে
    আমায় যদি মনেপড়ে নিরিবিলি কোন একদিন
    উত্তরের জানলা খুলে নিমগ্ন মেদুর সন্ধ্যায় চোখ বন্ধ করে শুঁকে নিও দোলনচাঁপার মিষ্টি মৌ মৌ ঘ্রাণ
    তোমার রোপিত দোলনচাঁপা ছাদ হতে এ বারান্দায় ডাকবে আমায়, তোমায়
    তুমি একা পারবে কী কাটাতে সময় অথবা একটু রোমাঞ্চিত বেলা?

    পুবের বারান্দায় দখিনা হাওয়ায় দাঁড়াবে যখন কোন এক বৃষ্টিময় দুপুরবেলা
    জোড়া বুলবুলি গ্রিলের-বাসা হতে চেঁচাবে কেবল অবিরত
    তোমার ভীতু মন খুঁজবে আমায় নিভৃত এই মৃদমন্দ উচ্ছ্বাসে
    আমায় পাবে না তুমি শত ডেকেও তোমার পাশে বেলা-অবেলায়
    তুমি একা পারবে কী কাটাতে সময় অথবা একটু রোমাঞ্চিত বেলা?

    একা শুয়ে শুয়ে যখন নাকে লাগবে হাস্না হেনার গন্ধ অথবা হিজলের ঘ্রাণ
    এই মায়াহীন আমার কথা অবলীলায় ভীষণ মনেপড়বে তোমার
    তুমি আমায় খুঁজে খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে যাদু ফোনে খুঁজবে আমায়
    গ্যালারির প্রথম ছবিটা রঙিন ফ্রেমে সাঁটা তোমার-আমার সেলফিতে
    অথচ সেদিন শেষ ছবিতে এই রগচটা আমি থাকব না কালের পরিক্রমায়
    তুমি একা পারবে কী কাটাতে সময় অথবা একটু রোমাঞ্চিত বেলা?

    শেষ বিকেলে দোলনায় দোল খেতে খেতে তুমি যখন তাকাবে সোফায়
    তোমার উদাসী মন বারবার বলবে ডেকে ধোঁয়া ওঠা এক কাপ লেবু চা’য়ে
    শুকনো বেলি আর সবুজ পুদিনা দিই? তুমি তো ভালবাসো
    সেদিন চায়ের ধোঁয়া হয়ত থাকবে অথবা হারাবে অপেক্ষার শূন্যতায়
    তুমি একা পারবে কী কাটাতে সময় অথবা একটু রোমাঞ্চিত বেলা?

    ইলিশের পানি-খোলায় আরেকটা কাঁচা মরিচ বাড়তি ভেঙে দিয়ে
    যখন লবণ চাখবে ফু দিতে দিতে খুন্তির ডগা দিয়ে আলতো করে
    তোমার পিছু পিছু চুপি চুপি এসে খোঁপার কাছে চুপটি করে টোকা দিবে না কেউ
    তোমার ভাতের থালায় নিজের আধ-খাওয়া মাছের টুকরো যখন কেউ দিবে না
    তখন তুমি খুঁজবে আমায় স্মৃতির বদ্ধ ঘরে কালের অন্ধকারে বুকের সীমানায়
    তুমি একা পারবে কী কাটাতে সময় অথবা একটু রোমাঞ্চিত বেলা?

    আবারো কোন দিন অসময়ে কোন এক ক্ষণে পরম মমতায় ডান হাতের
    বুড়ো আঙ্গুলের নখ কাটতে গিয়ে যদি রক্ত বেরোয় ফিনকি মতো
    তোমার হাতে কাপড়ের পট্টি বেঁধে কেউ বলবে না, বেঁধে দিলাম, মনে রেখ
    সেদিন খেতে বসে কত বার অনায়াসেই তুমি মনে করবে আমায়
    সেদ্ধ কাঁচা মরিচ ডলে কাগজি লেবুর রস চেপে পোড়া ডালে মেখে কে তোমায় ভাত খাইয়ে দেবে?
    তুমি একা পারবে কী কাটাতে সময় অথবা একটু রোমাঞ্চিত বেলা?

    বধু, শেষ বয়সে তোমার নীরব নিষ্ঠুর একাকীত্বে আমি থাকব না
    সবার মতোই চলে যাব শূন্যহাতে দূরে অসীম এক অনন্তকালের দেশে
    তবে তোমার মথিত মনের ঘোলা জলে সাঁতার কাটব আমিই
    স্মৃতির ভেলায় ভেসে———
    তুমি একা পারবে কী কাটাতে সময় অথবা একটু রোমাঞ্চিত বেলা?

    11
    5 Comments
Skip to toolbar