-
গুরু-শিষ্যে সুন্দরবন
(বিংশ ও একবিংশ শতাব্দীর সন্ধিক্ষণ)
১.
হাঁটা পথে যাচ্ছি সুন্দরবন। কখনো কাঁধে চড়ছি, কখনো হাঁটছি। যাওয়া আসা প্রায় কুড়ি কিলোমিটার। যেতে একদিন, ফিরতে একদিন! তবু যেতে হবে। বইয়ে পড়েছি সুন্দরবন। দেখতে তো হবে, কেমন? বইয়ে যা পড়ালেন, তা দেখানোর দায়িত্ব নিয়েছেন শিক্ষক। ২০ কিলোমিটার হাঁটা পথে ছাত্রকে নিয়ে তিনি চললেন সুন্দরবন ভ্রমণে! প্রায় তিন যুগ আগের সেই গল্প হবে আজ । এ যেন বিংশ ও একবিংশ শতাব্দীর যোগ-সন্ধিক্ষণ! এখন বিশ-কুড়ি (২০২০) সালে অমন শিক্ষক পাওয়া বিরল।
জায়গির শিক্ষক দীপু স্যার। ছাত্রের প্রতি গভীর ভালবাসায়- তাকে কাঁধে চড়িয়ে হাঁটা শুরু করলেন সুন্দরবনের উদ্দেশ্যে! তাঁর দুই কাঁধে পা ঝুলিয়ে বসেছি। মাথা ধরেছি আলতোভাবে- যাতে ব্যথা না পান। হাঁটার তালে তালে আমিও নেচে চলেছি। দিগন্ত জোড়া মাঠ, দূরের গ্রামগুলোও নাচে। তখন আমি তৃতীয় বা চতুর্থ শ্রেণিতে পড়ি। ১৯৮৭-৮৮ সালের কথা। মাঠ পেরিয়ে গ্রাম। গোটা মাঠ জুড়ে চিংড়ি ঘের। চারিদিকে লবণাক্ত বাতাস। ঘেরের মাটির সরু রাস্তা ধরে হেঁটে গ্রামে উঠতে হয়। একটা গ্রামে ওঠার পর কিছু দূর এগিয়ে আবারো নতুন মাঠের সরু পথে এগোতে হয়। প্রথম গ্রামটিতে ওঠামাত্র বললাম,
-স্যার এই কি সুন্দরবন?
গ্রামের ছায়াপথে আমাকে নামিয়ে হাঁফাতে হাঁফাতে উত্তর দেন দীপু প-িত,
-আরে নাহ্। এ তো বাঁশতলী গ্রাম। আমরা শুরু করেছি বাঁশবাড়িয়া হতে। এমনি আরো কয়েকটি গ্রাম, বিলের মাঠ পার হলে সুন্দরবন।
স্যারের মুখের দিকে হাঁ’হয়ে চেয়ে থাকি। তিনি হাতটি ধরে নিয়ে হাঁটা শুরু করেন। তাঁর হাতের আঙুল ধরে নতুন গ্রামের পথে যেতে যেতে ভাবি- আমায় কাঁধে নিয়ে আরো কতগুলো গ্রাম তাকে পাড়ি দিতে হবে। আমাকেও হাঁটতে হবে। সুন্দরবন দেখা মানে এত কষ্ট করা! মুখ ফসকে বেরিয়ে যায়,
-থাক না স্যার, সুন্দরবন দেখবো না!
তিনি আমার নিরুৎসাহ ভাব কাটাতে বলেন,
-তুমি একবার ভাবো- তোমার বইয়ে যে সুন্দরবনের গল্প পড়েছো, বাঘ হরিণের ছবি দেখেছো- তাদের সাথে তোমার দেখা হয়ে গেল। কেমন লাগবে? আর তাছাড়া তোমার বয়সে তোমার গ্রামে আর কি কেউ সুন্দরবন দেখেছে?
-আমার বয়সীরা তো দেখেই নি। বড়রা কেউ এলে নিশ্চয়ই গল্প শুনতাম। যেহেতু গ্রামের বড়রা কেউ সুন্দরবনের গল্প বলেনি, তাই তারা আমার আগে সুন্দরবনে আসেনি। আমাদের বাড়ির যে টালির ঘর, তার খুঁটিগুলো দেখেছেন- মোটা মোটা আর শক্ত। আর দালানঘরের জানালা-দরজাগুলো কত মজবুত। ওই ঘরগুলোর সব কাঠ-খুঁটি দাদু নাকি দক্ষিণেত্তে নৌকা বোঝাই করে নিয়ে গিয়েছিলেন। তিনি নাকি কাঠের ব্যবসাও করতেন। আর বাড়িতে পুকুর কেটে, সেই পুকুরের মাটি দিয়ে ইঁট বানিয়ে, পুকুর পাড়ে ইঁটের পাঁজা বানিয়ে পুড়িয়ে- তারপর দালানঘর, পুকুরের সিঁড়ি-চেয়ার-বেঞ্চ বানিয়েছিলেন। আচ্ছা স্যার, এখান থেকে আমাদের বাড়ি কোনদিকে?
পাশ কাটিয়ে যাওয়া এক লোককে জিজ্ঞেস করেন স্যার,
-একটু শুনবেন? এখান থেকে বাগেরহাট শহর কোন দিকে?
– সোজা উত্তরে। আপনাদের বাড়ি?
-বাঁশবাড়িয়া।
-যাবেন কোথায়?
-হলদিবুনিয়া।
-ও আচ্ছা।
লোকটি দ্রুত পা বাড়িয়ে চলে যায়। দীপু প-িত আঙুল নাচিয়ে হিসাব কষেন।
-তার মানে আমরা এখন দক্ষিণে আছি। যাবো আরো দক্ষিণে। অর্থাৎ, তোমার দাদু সুন্দরবন হতে কাঠ নিয়েছিলেন। সেই কাঠেই তোমাদের ঘর।
কী যেন দোলা দিয়ে গেল আমার হৃদয়কে। হাঁটার উদ্যম ফিরে পেলাম। ঝিমুনি ভাব কেটে যায়। শীতের হাঁটাপথ গ্রীষ্মের গরমের চেয়েও তেজি মনে হয়। রামপালের বাঁশবাড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল মাস্টারের বড় ছেলে দীপু প-িত। মারাত্মক ডানপিটে ছেলে। ম্যাট্রিক পাসের আগেই রামপালের প্রভাবশালী এক নেতা ও ঘের মালিকের নজর কাড়ে দীপু। ভবিষ্যতে দীপু ঘের মালিকদের ‘বাড়া ভাতে ছাই’ দিতে পারে। নিষ্পেষিত সাধারণ জমির মালিকদের নিয়ে অধিকারের আন্দোলন শুরু করতে পারে। কৌশলে দীপুকে তাদের আয়ত্তে নিয়ে নেয়।
দীপুর তখন কিশোর বয়স। সহজেই সে বিপথগামী হয়।
তখন দানা বাঁধে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন। দেশ জুড়ে মিছিল, সভা, সমাবেশ, মারপিট চলছে। এরশাদ সরকার চারদিকে ধরপাকড় শুরু করে। রেডিওতে বিবিসি সংবাদ শোনার জন্য পাড়ার দোকানে ভিড় জমে যায়। ছেলের বিপথগামিতা টের পান বাবা সুনীল মাস্টার। তাকে ধরে-বেঁধে পাঠিয়ে দেন গোপন জায়গায়।
দুর্গাপুর ঘোষ বাড়ির কড়া শাসনে দীপু লজিং থাকে। রাত-দিন লেখাপড়া করে। মাত্র তিন মাসের লেখাপড়ায় ম্যাট্রিক (এসএসসি) পাস করে। দীপুর বাবার ইচ্ছে ছেলে যেন আর গ্রামে না ফেরে। কানুলাল বাবুকে বিনয়ের সাথে অনুরোধ করেন যাতে ছেলেটার ভবিষ্যৎ গড়ে দেন। কানুলাল রাজি হন। দীপুকে ভর্তি করিয়ে দেন বাগেরহাটের চিতলমারী শেরে-বাংলা ডিগ্রি কলেজে।
কানুলাল বাবুর ভূমিকায় দীপুর লজিং হয়ে যায়। ছেলে মেয়েদের লেখাপড়া করানোর বিনিময়ে বাড়িতে একজনের থাকা খাওয়ার ব্যবস্থাকে বলে লজিং বা জায়গির। লজিং শিক্ষক সম্মানিত ব্যক্তি। যদিও শুরুর দিকে নতুন একটি পরিবারে, গ্রামে নিজেকে মানিয়ে নিতে অনেক কষ্ট-ত্যাগ স্বীকার করতে হয়। তখনো নবগঠিত এই উপজেলায় লেখাপড়ার হার সম্মানজনক স্থানে পৌঁছেনি। সমাজে ব্রাহ্মণ, কায়স্থরা সম্মানিত ছিল। কারণ তারা অন্যদের তুলনায় ভদ্র, শিক্ষিত ও অনেক জায়গা সম্পত্তির মালিক ছিল। যদিও তখন দুর্গাপুর গ্রাম-ই কেবল নয় গোটা এলাকায় একজন এমএ পাস মানুষ ছিল দুষ্প্রাপ্য। কায়স্থদের মধ্যে যারা উচ্চ শিক্ষিত হয়েছেন তারাই গ্রাম ছেড়ে নগরে চলে গেছেন। অথচ নমঃশূদ্র শব্দে যাদেরকে উচ্চমর্যাদার আসন হতে বঞ্চিত করা হয়েছে। সেই জাত-বংশের সন্তানেরা লেখাপড়া শেখা ও শেখানোর জন্য গ্রামে পড়ে থাকে বছরের পর বছর। শিক্ষার আলোয় ভাসতে প্রাণান্ত চেষ্টা চলে গ্রামের পর গ্রামে।
দীপু স্যারের ¯েœহধন্য হয়ে কখনো কাঁধে, কখনো হেঁটে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দেই। আমাদের চলার পথে মাঝে-মধ্যে দু’একটি গরুর গাড়ি আর অনেক বাই-সাইকেলের দেখা মেলে। ছাউনিহীন গরুর গাড়িগুলো মাছের ঘেরের উপকরণ নিয়ে যাচ্ছিল।
হলদিবুনিয়া গ্রামে যখন পৌঁছাই তখন সূয্যিমামা পাটে নেমেছে। আজ সকালে পূর্বাকাশে কুয়াশাচ্ছন্ন সূর্যকে চাঁদের মতো দেখাচ্ছিল। বাঁশবাড়িয়া গ্রামে গোলপাতার ছাউনি দেয়া ঘরের বারান্দায় বসে স্যারের মা হরিণা চিংড়ির হরেক রান্না খাইয়েছিলেন। পথের খাবার ও মামাবাড়ির জন্য দিয়েছিলেন কাঁকড়া ঘিলুর পিঠা। যাত্রার সময় শঙ্খ, উলুধ্বনি দিয়ে সূর্য মামা আর বসুমতির নিকট আমাদের মঙ্গল কামনায় কলাপাতার ওপর ধান-দূর্বা-বেলপাতা-চন্দনের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছিলেন।
সূর্য মামা পশ্চিমে হেলেছে। সূর্যকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। গ্রামের মাটির রাস্তা হতে একটি পার্শ্ব-রাস্তা বামে বাড়ির দিকে এগিয়ে গেছে। বাড়ি ঢোকার পথে স্যার বললেন,
-আমরা মামা বাড়ি এসে গেছি। মামা, ও মামা…। বাড়ির সব গেছে কই? তোমাদের সোনার ভাগ্নে এসে গেছে মামা…।
বিশালাকৃতির উঠান। সাদা সাদা মেঘমালা আঁকা হয়েছে যেন উঠোনে। ঘর হতে বেরিয়ে এসেছে সবাই। তারা ভাগ্নে বরণে ব্যস্ত হয়ে উঠল। মামার পদধূলি নিলাম দুজনেই। ভাগ্নেকে জড়িয়ে ধরলেন। মামার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। উঠোনের মেঘমালার দিকে তখনো চেয়ে আছি।
-ওই ছবিটা কে এঁকেছে?
হেসে বললেন মামা,
-লবণজলে এঁকেছে।
-মানে?
-যখন নদীতে জোয়ার আসে তখন এই গ্রামের বাড়ির উঠোনগুলো তলিয়ে যায়। ভাটায় জল নেমে গেলে উঠোনে অমন লবণের আবরণ পড়ে। দেখে মনে হয় যেন কেউ ছবি এঁকেছে।
মামার কথা শুনে ক্লাসের রবীন স্যারের কথা মনে পড়ে। তিনি একদিন পাঠদানের সময় শ্রেণিকক্ষে এক বাটি লবণ এনে টেবিলের ওপর রাখেন। এরপর প্রাকৃতিকভাবে খাবার লবণ তৈরি সম্পর্কে বলেছিলেন,
-বঙ্গোপসাগরে তীব্র লবণ। সাগর এলাকায় লবণ উৎপাদনের জায়গা আছে। সেখানে জোয়ারে আসা জল শেষ ভাটা পর্যন্ত আটকে রাখে। জলের সাথে আসা লবণ মাটিতে স্থিতি অবস্থান নেয়ার পর আটকানো জল ধীরে ছেড়ে দেয়। এরপর লবণ মিশ্্িরত মাটি খুলনার রিফাইনিং মেশিনে পরিশোধন করে মোটা দানার খাবার লবণ তৈরি হয়। সুন্দরবন এলাকায় এভাবে লবণ-মাটি সংগ্রহ করা হয়।
এই কি সেই লবণ মিশ্্িরত মাটি? বাঃ বেশ। আমরা কি তবে সুন্দরবন চলে এসেছি?
সারাদিন ধরে হাঁটার ক্লান্তি কেটে গেছে। আমার দু’চোখ আশপাশের গাছে গিয়ে আটকায়। এই ধরনের গাছ আমাদের এলাকায় নেই। শুনেছি সুন্দরবনের গাছে বানর থাকে। মাঝে মধ্যে বানর, হরিণ, বাঘ মানুষের বাড়িতেও আসে। বিভিন্ন পাখি, অজগর সাপ নেচে ঘুরে বেড়ায়। কিন্তু কৈ একটা বানর ওতো দেখি না!
মামা বাড়ির বারান্দা দীপু স্যারের মাথা পর্যন্ত উঁচু। মাটির পোতার উপর মোটা কাঠের খুঁটি। গোলপাতার ছাউনি। আটচালা ঘর। ঘরের বেড়া কাঠের। বিশাল বারান্দায় ঝুলছে কয়েকটি দোলনা। ফিতার দোলনা। দুই মাথা ঘরের আড়া ও খুঁটিতে বাঁধা। দোলনার মাঝে নৌকার মতো ঢেউ। ওই ঢেউয়ের ফাঁকে শুয়ে দুলতে হয়। কিন্তু এক বাড়িতে এতগুলো দোলনা কেন? দীপু স্যারদের গ্রামে বাড়িগুলোর বারান্দায় তো কোন দোলনা দেখিনি!
আমাদের এলাকায় যেসব বাড়িতে শিশুরা হামাগুড়ি দেয়- সেই বাড়িতে দোলনা থাকে। তাও আবার সব বাড়িতে নয়, যারা সমাজে আর্থিক সঙ্গতির কারণে মান্য, কেবলমাত্র তাদের বাড়িতেই দোলনা দেখা যায়। কাঠ বা বেতের চতুর্ভুজ আকৃতির দোলনা। ফিতার দোলনা এখানেই দেখলাম। আর দেখেছি দুই-একটি সিনেমায়। আরেক ধরনের দোলনা আছে যা বাগানে গাছের ডালে লম্বা গোছড় দড়ি ঝুলিয়ে তৈরি করা হয়। পাশের প্রত্যেক বাড়ির বারান্দায়ও দোলনা দেখি। তবে কি প্রত্যেক বাড়িতেই হামাগুড়ি দেয়া শিশু আছে? গ্রামের একটা পাড়ায় এতো হামাগুড়ি শিশু?
মামা গিয়ে একটি দোলনায় শুয়ে দোল খেতে লাগলেন। বাড়ির সবার কুশল জিজ্ঞেস করলেন। দীপু স্যার একের পর এক তাঁর উত্তর দিতে থাকেন।
কাঁসার এক ঘটি জল এনে স্যার ও আমার পায়ের কাছে রাখেন ষোল-সতেরো বছর এবং ষাটোর্ধ্বে বয়সের দুই নারী। মাটিতে মাথা ছুঁয়ে প্রণাম করেন। তাদের এই ভক্তি দেখে ভয়ে আমি স্যারের হাত চেপে ধরি। আমার চেয়ে বয়স্করা আমাকে উদ্দেশ্য করে প্রণাম করছেন! বড়রা সম্মান জানাচ্ছেন ছোট্ট শিশুদের? -এটা ভাবা যায় না। আমাদের গ্রামে এমন দৃশ্য কোনদিনই দেখিনি আমি। স্যার আমার মাথায় হাত রাখায় স্বস্তিবোধ করলাম। পরে জানলাম স্যারের সামনে যিনি প্রণাম করেছেন তিনি সম্পর্কে তার মামাতো বোন। আর আমার সামনে ষাটোর্ধ্ব বয়সী যিনি প্রণাম করলেন, তিনি স্যারের দিদিমা। অর্থাৎ মামার মা।
কাঁসার ঘটির জলে দূর্বাঘাস ঘুরছে। দু’টি কাঠের হাতলওয়ালা চেয়ার নিয়ে এলো মামাতো ভাই শুভ ও শেখর। বাড়ির কর্তা মামা আমাদের চেয়ারে বসতে বললেন। গুরুজনদের সামনে চেয়ারে বসবো? দেখি আমার মতো স্যারও দাঁড়িয়ে হাত কচ্লে চলেছেন। দিদিমা বললেন,
-ও দাদুভাই, তোমরা অতিথি। অতিথি ভগবান নারায়ণ স্বরূপ। কত পথ তোমরা হেঁটে এসেছো। মা বসুন্ধরা মাটিকে বয়ে এনেছো। ওড়াকান্দির মেলায় গেছো কখনো?
দিদিমার প্রশ্নের উত্তরে মাথা নেড়ে না-সূচক উত্তর দেই। এরপর তিনি আবার বলতে শুরু করেন।
-ওড়াকান্দি হচ্ছে সাধক হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান। সেখানে প্রতি চৈত্র মাসে মেলা হয়। ভক্তরা শত শত মাইল পথ হেঁটে যায় সেখানে। পাপ মোচন হয় পুণ্য¯œানে। তেমনি আজ তোমরা সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে জ্ঞান অর্জনে এসেছো। তোমরা শান্ত না হলে তো এ-বাড়ি ও-বাড়ির কেউ শান্তি পাবে না।
(এটা যখনকার গল্প সেই সময় মোবাইল ফোন বাজারে আসেনি। তাই বাড়িতে পৌঁছে-সংবাদ দেয়ার আর কোন পদ্ধতি ছিল না। লোকায়ত ধারণা ছিল- এমনিভাবে হাত-পা ধুইয়ে শরীর শান্ত হলে, প্রাণ-আত্মার শান্তির বার্তা পৌঁছে যায় নিকটাত্মীয়দের কাছে)।
দিদিমা বলতে থাকেন,
-বসো, চেয়ারে বসো। এখন তোমরা অতিথি নারায়ণ! ও দীপু, তুইও যে কেমন কেমন করছিস, এসব জানিস না?
-না মানে!
কাঁচুমাচু দীপু স্যার চেয়ারে বসে মোড়াতে লাগলেন। এটা দেখে দিদিমা ধমক্ দিলেন।
-সোজা হয়ে বয়। স¤্রাটদের মতো। প্রভু নারায়ণ কী কখনো কাঁচুমাচু করে নাকি?
কেঁপে উঠলাম। থতমত খেয়ে বসে পড়লাম হাতলওয়ালা চেয়ারে। বসামাত্র পায়ের কাছ থেকে হালকা হাওয়া বয়ে গেল। মানুষের বিশ^াস, ভক্তি, ছোটদের প্রতি বড়দের সম্মান এবং শিক্ষা দানের এই সংস্কৃতি বংশ পরম্পরায় চলে এসেছে। এটা যুগ-যুগান্তের ধারা।
স্যারের মামাতো বোন শুভ্রা। তিনি স্যারের পায়ের কাছ থেকে কাঁসার ঘটিটি একদিকে সরিয়ে রাখলেন। কালো পাথরের বড় একটি থালা এগিয়ে দিলেন পায়ের কাছে। এরপর পা হতে ধুলোমাখা স্যান্ডেলটি খুলে একপাশে সরিয়ে রাখেন। মামার সাথে গল্প চালিয়ে যাচ্ছেন স্যার। শুভ্রাদি মাটিতে গেড়ে বসলেন। স্বযতেœ উঁচু করে স্যারের পায়ের পাতা দুটি এক হাতের তালুর উপর রাখেন। অন্য হাতে পাথরের থালাটি এগিয়ে দেন পা সোজাসুজি। তার উপর রাখেন ধুলোর আবরণে পূর্ণ কাঁচা হলুদ রঙা পায়ের পাতা দুটি। ঘটির জল পাতা দুটির উপরে ঢালতে শুরু করেন। ধুলো-জল নদীর চরের স্বরমাটির রূপ নেয়। হাতের পরশে পায়ের পাতা ধুয়ে দেন। শিরাগুলো জেগে ওঠে। ধুলো-ঘোলাজল পাশের পিতলের গামলায় ঢেলে রাখেন। হাত মুখ ধোয়ার চিলমচি এগিয়ে দেন। ঘরের ভিতর থেকে মাথায় ঘোমটা দেয়া আরো দুই নারী আসেন। তাদের কপালে সিঁদুর, হাতে শঙ্খের শাঁখাসহ নানা নকশার চুড়ি। তাদের একজন মামী, অন্যজন বৌদি। খাবারের পসরা এনে রাখেন টেবিলে।
টের পাই ভার হয়ে থাকা আমার পায়ের জুতার ফিতা কেউ খুলছে। কাজটি করছেন দিদিমা। তটস্থ আমি তাকে বাধা দিতে গেলে দিদিমা দুষ্টুমির সুরে বলেন,
-উহুঁ! তুমি না আমার স্বামীতুল্য দাদুভাই। তোমার সেবা না করলে যে গৃহস্থের অমঙ্গল হবে! স্বামীই যে শিবঠাকুর গো।
আমি সেদিন তাঁর কথার মর্মার্থ ঠিক বুঝে উঠতে পারিনি। বয়স্ক মানুষ ছোট মানুষের পা ধরেছেন- তাই পা সরিয়ে নিই। পাশ থেকে স্যার বলে ওঠেন,
-এমন করতে নেই। বাড়ি অতিথি এলে তার হাত-পা ধুয়ে দিতে হয়। পানীয় জল দিতে হয়। সম্পর্ক স্থাপনের রীতি হচ্ছে পা ধুয়ে পরিচ্ছন্ন করিয়ে দেয়া। তোমাকে প্রত্যেক এলাকার নিয়মরীতি সংস্কৃতি সম্পর্কে জানতে হবে।
স্যারের এই কথার পর আমি নীরবে বসে থাকি। দিদিমা পায়ের জুতা-মোজা খুলে সাবান দিয়ে আমার পা গন্ধমুক্ত করেন। সারাদিন বাতাস না লেগে পা ফুলে গেছে। স্যারের পায়ের দিকে তাকিয়ে দেখি তাঁর পা স্বাভাবিক আছে। পরে বুঝেছি স্যান্ডেল পায়ে বাতাস ও ধুলো-মাটি লাগার কারণে স্যার স্বাভাবিক আছেন। পা ধোয়ানো শেষ হয়। এই পর্ব শেষে তারা দুজন আবারো মাটিতে প্রণাম করে উঠে দাঁড়ায়। তাদের অনুসরণ করে আমরাও বাস্তুভূমিতে মাথা ছোঁয়ানো মাত্র গোটা শরীর শীতল হয়ে যায়। ক্লান্তি বাসা বাঁধে। খাবার খেয়ে চাঙ্গা হয়ে উঠি।2 Comments
Friends
Neel tripura
@neel
Drako Shajib
@drako
Syed Shahjada Alamgir
@syed-shahjada-alamgir
স্মৃতি রানী রত্না
@srratna1990
Pranto Sarkar
@pranto-sarkar
Rehana Akter
@rehanaakter
Nayeem Islam
@nayeem-islam
শাহারিয়ার রাব্বি
@rabbi
Mostafizur Rahman
@smrahman



সুন্দর রচনা