Profile Photo

mahamuda khaunOffline

  • mahamuda
  • Profile picture of mahamuda khaun

    mahamuda khaun

    • 4 years, 3 months ago

    পোড়োবাড়ির_রহস্য
    পর্ব_সাত

    চারিদিকে এখনও ঠিকমত অন্ধকার হয়নি। এখনও পাশের পথচারীদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে। আজকে রাতের বেলায় বাড়িটাতে ঢুকবে বলে তালহা সিদ্ধান্ত নিয়েছে। সকালের বাসে নলডাঙ্গায় এসেছে তারা। সকাল থেকে বিকাল পর্যন্ত আশেপাশের বিভিন্ন জায়াগাগুলো ঘুরে দেখেছে। ঘোরাঘুরির এক পর্যায়ে তারা বিকালের দিকে পোড়োবাড়ির কাছে এসেছিল বাড়িটা সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করার জন্য। আশেপাশের মানুষের কাছে বাড়িটা সম্পর্কে জানতে চেয়ে খুব একটা লাভ হয়নি। সবাই যেন মুখে কুলুপ এটে বসে আছে। তালহার ছোট মামার কাছ থেকে পাওয়া তথ্যের বাইরে একটা নতুন তথ্য যোগ হয়েছে তা হল, বেশিরভাগ মানুষের ধারণা বাড়ির মালিক আত্মহত্যা করেছে। তাই তার আত্মা ভুত হয়ে বাড়ির মধ্যে ঘুরে বেরাচ্ছে। ঐ বাড়ির পালিত ছেলে সম্পর্কে জানতে চাইলে কেউ কোন তথ্য দিতে পারেনি। আগে থেকেই বাড়িটার আশেপাশে তেমন বাড়ি ছিলনা। যা দুই একটা ছিল তারা বাড়িটার রহস্যময় পরিবেশের কারণে নিজেদের বাড়ি ফেলে অন্যত্র গিয়ে ভাড়া থাকছে অথবা নতুন বাড়ি বানিয়েছে। বাড়ির সামনের রাস্তাটাও না পারতে কেউ ব্যবহার করেনা। তথ্যগুলো সংগ্রহ করে বিকালের মধ্যে তারা বাসায় ফিরে আসে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যার নামাজের পর পোড়োবাড়ির উদ্দেশে রওনা হয় তারা।

    শান্ত কুটিরের সামনে যখন পৌঁছায় তারা তখন চারপাশের ঘুটঘুটে অন্ধকার। একদিকে বাড়ির সামনের রাস্তায় কোন বাতি নেই অন্যদিকে আকাশে ঘোর অমাবস্যা। বাড়ির আশপাশের ঘন গাছে ঢাকা ছোট ছোট অরণ্যগুলো থেকে পিটপিট করে জ্বলতে থাকা জোনাকির আলোগুলো যেন একমাত্র ভরসাস্থল। ছোট বড় গাছগুলো দখল করা অসংখ্য জোনাকির গা থেকে আসা লাল-সবুজ আলোতে একটা মোহময় পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে চোখ ঘুরিয়ে দুই হাত প্রসারিত করে মুসায়েব বলল, কি নিরামিশ তোরা। এমন একটা পরিবেশে কোথায় প্রকৃতি বিলাস করব তা না গোয়েন্দাগিরি করে সময় পার করছি।

    হয়েছে, সারাদিন শুধু আছে তোর প্রকৃতি-বিলাস। এসব মাথা থেকে ঝেড়ে ফেলে এখন যা করতে এসেছি সেদিকে মন দে। কপট রাগ দেখিয়ে কথাটা বলল যায়িদ।

    হুহ্‌, আসছে একজন গোয়েন্দা! মুখ ভেংচি দিয়ে বলল মুসায়েব।

    মুসায়েবের কথায় পাত্তা না দিয়ে তালহারা বাড়ির সদর দরজাটার কাছে চলে আসল। গতদিন এই দরজাটা দিয়ে ঢুকলেও আজ আর ঢুকতে সক্ষম হলনা। তিনজন মিলে চেষ্টা করেও দরজাটা খুলতে পারলনা তারা। মনে হচ্ছে দরজাটা শক্ত করে লাগিয়ে দেওয়া হয়েছে। এই পাশ দিয়ে ঢোকার কোন উপায় নেই। হতাশার সুরে বলল তালহা।
    অন্যপাশ দিয়ে কি ঢোকার জায়গা আছে? যায়িদ জিজ্ঞাসা করল।

    থাকবেতো অবশ্যই। এখানে কেউ থাকলে তাদের চলাচলের জন্য পথ থাকতে হবেনা? চল ওপাশটায় দেখি বলে তালহা বন্ধুদের নিয়ে ডান পাশ ধরে হাটা শুরু করল। এদিকটায় কোন দরজা না থাকলেও ঘরের দেওয়ালের সাথে একটা তিন ফুট উঁচু পাচিল আছে যাকে বাড়ি ঘিরে থাকা উঁচু পাচিলের সাথে লাগিয়ে দিয়ে ঢোকার পথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। জোনাক পোকার আলো আর চোখ সওয়া অন্ধকারে কিছুক্ষণ পর দেওয়ালের গায়ে একটা মোটামোটি একজন লোক ঢুকতে পারবে এমন একটা ছোট দরজা আবিষ্কার করল তালহা। কিন্তু ধাক্কা দিয়ে দেখল এটাও বেশ শক্তভাবে আটকানো।
    দরজা একটা আছে এখানে, কিন্তু এটাও আটকানো। এখন আমাদের আর কোন কিছু করার নেই, এই পাচিল টপকেই ঢুকতে হবে। বন্ধুদের উদ্দেশে বলল তালহা। কিন্তু মুসায়েবের দিকে তাকিয়ে তাকে খুব চুপচাপ মনে হল তালহার কাছে। কোন কথা বলছেনা সে। সারাদিন ভালই হাসিখুশি ছিল। একটু আগেও কথা বলেছে আর এখন মুখটা ভুতুম পেঁচার মত করে আছে। যেইনা পোড়োবাড়ি ঢোকার সময় হল আর অমনি মুখ গোমড়া করে ফেলল। ওর দিকে তাকিয়ে তালহা বলল,
    কিরে মুসায়েব? এতক্ষণতো ভালই ছিলি। এখন আবার এতো গোমড়ামুখো হয়ে আছিস কেন?

    তালহার দিকে করুন চোখে তাকিয়ে বলল, আমার খুব ভয় করছে। বেঁচে ফিরতে পারব কিনা কে জানে?

    যায়িদ অবাক হয়ে মুসায়েবের দিকে তাকাল। স্মিত হেসে বলল, কিরে কি বলিস এগুলো? এখানে বাঁচা মরার কথা আসছে কেন? তুইতো দেখি গ্রাম-গঞ্জের মানুষের মত ভুত-প্রেতে বিশ্বাস করিস। দোয়া শিখেছিস কোন কামে? আহাম্মক কোথাকার!

    হে আসছে আমার বুদ্ধিমান! তোর কোন ধারণা আছে এসব বাড়ি সম্পর্কে? এই বাড়িতে নির্ঘাত জীনেরা বসতি গড়েছে। ওরা আমাদের উপস্থিতি সহ্য করবেনা। সেজন্যই ওরা আমাদের মেরে ফেলবে।

    চুপ করতো তোরা। একটু ধমকের সুরেই বলল তালহা। দুইটা সারাদিন এত ঝগড়া করিস কীভাবে? আবারতো একজন আরেকজনকে ছাড়া থাকতে পারিসনা। আজাইরা প্যাচাল বাদ দিয়ে চল দেখি দেওয়াল টপকানো যায় কিনা।

    ওরেব্বাবা! আমি পারবোনা। বলল মুসায়েব। লং জামে তুই সবাইকে হারাস, এটা তোর পক্ষে সম্ভব।

    আবার সটকে যাওয়ার ধান্দা খুঁজছিস, তাইনা? তোকেই সবার আগে উঠতে হবে, বলল তালহা।
    না মোটেও তা না। আমার সত্যিই ভয় করছে। আমি ঢুকবো, তবে আগেনা। ঐ অন্ধকারে আমি একা গেলে ভয়ে মরেই যাব।

    কিচ্ছু মরবিনা। তোকেই আগে ঢুকতে হবে। তুই শুরু কর, আমি সাহায্য করব।

    না, তুই আগে ওঠ। আমি মাঝে উঠব।

    ঠিক আছে আমিই আগে উঠি,বলল তালহা।

    গাট্টাগোট্টা শরীরের কারণে পাচিল টপকানোর সময় মুসাকে একটু বেগ পেতে হয়েছে। তাছাড়া বাকি দুজন খুব সহজেই ভেতরে ঢুকে পড়ল।

    গলি ধরে ভিতরের দিকে হাটা শুরু করল তিনজন। অনেক চিকন হলেও এই গলিতে যে মানুষ হাটাচলা করে তা বেশ বোঝা যাচ্ছে। গলির শেষ প্রান্তে পৌঁছে একটা বাগান দেখতে পেল তালহা। বাগানের পাশেই একটা একতলা টিনের বাড়ি।

    এই বাড়ি এবং রাস্তা দুইটাই মনে হচ্ছে পরেবানানো হয়েছে এবং বিশেষ কোন উদ্দেশ্যে, বলল তালহা।

    কেমন করে বুঝলি? মুসায়েব জিজ্ঞাসা করল।

    প্রকৃত বাড়ির মালিকের রুচির সাথে এগুলোর কোন মিল নেই।

    কি জানি বাপু, আমি ওত বুঝতে পারিনা।

    তুই যে বুঝিসনা সেতো আমরা জানি। ওহো তুইতো আবার প্রকৃতি-প্রেমিক। যা দেখিস সবই ভালো লাগে।

    তাকি তোর মত নি………… কথাটা আর শেষ করতে পারল তার আগেই তালহার ধমকে চমকে উঠল মুসায়েব।

    একতলা বাড়িটায় তালা ঝুলছে। বাড়িটা পেরোলেই একটা খেলার মাঠ, সুইমিং পুল ইত্যাদি দেখতে পেল যায়িদরা। সুইমিং পুলের পানিটাও নোংড়া হয়ে গেছে। সুইমিং পুল পার হতেই সেই মোহনীয় গন্ধটা তাদের নাকে এসে লাগল। এটা দোতলা বাড়িটার দক্ষিণ দিক। বাড়িটার নিচতলায় ঢোকার দরজা দেখতে পেল তারা। সামনে একটা লন যেখানে বসার নানারকম চেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে। দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল তিনজন।

    হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেল মুসায়েব। ভয়ে অন্তরাত্মা শুকিয়ে আসল তার। কাঁপা হাতে নিজের পকেট থেকে টর্চটা বের করে আলো জ্বেলে দেখতে পেল জিনিসটা। চিৎকার করে সরে দাড়াল।

    কিরে কি হল? এতো জোরে চিৎকার করছিস যে?

    দ্যাখ কি এটা?

    মুসায়েবের কথামত তাকিয়ে কঙ্কালটা দেখতে পেল তালহা। মুসায়েবের দিকে তাকিয়ে বলল, আরে শান্ত হ, এটা কি কোন ভয়ের কারণ হতে পারে?

    কি বলিস? আমার খুব ভয় লাগছে। কঙ্কাল আসল কীভাবে এখানে? এরা মানুষ মারে নাকি? আমি বলেছিলামনা এখান থেকে বেঁচে ফিরতে পারবোনা। কয়দিন পরে আমাদের কঙ্কালও এমনভাবে ঝুলে থাকবে।

    আরে একটা কঙ্কাল জোগাড় করা আর এমন কি ব্যাপার? এর জন্য মানুষ মারতে হবে কেন?

    এভাবে কঙ্কাল ঝুলিয়ে রেখেছে কেন?

    ঘরটাতে একটা ভূতুড়ে পরিবেশ সৃষ্টি করার জন্য করতে পারে কাজটা। ওরা বুঝে গেছে এই বাসাটা উদ্ধারের চেষ্টা চলছে। এতো মাত্র একটা কঙ্কাল। অথচ তোরা কি জানিস চেক প্রজাতন্ত্রের সেডলেকে একটা গীর্জা আছে যা ৭০০০০ কঙ্কাল দিয়ে সাজানো?

    তাই!.৭০০০০ কঙ্কাল! মাথায় হাত দিয়ে জিয়ে জিজ্ঞাসা করল মুসায়েব।

    তালহা আবার বলল, উইকোপিডিয়ায় গেলেই দেখতে পাবি। আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সার্চ দিয়ে পড়ি। তাই অনেক মজার খবর অনেক সময় জানা হয়ে যায়।

    কঙ্কাল দিয়ে সাজানো? কেমন অমানবিক মনে হচ্ছে।

    অমানবিক ছাড়া আবার কি? গির্জাটার সম্পর্কে জানতে চাইলে পড়ে নিস।
    পড়তে পারবোনা। এখন তোর কাছ থেকে জানতে চাই।

    কি বলিস?এখন এখানে বসে গির্জার গল্প বলব? তাহলে আমাদের আসল কাজে মনোযোগ বিঘ্নিত হবে।

    তাহলে পরে বলবি কিন্তু।

    ঠিক আছে, বলব ইনশাআল্লাহ।

    কথা বলতে বলতে দেওয়ালে একটা বড় অয়েল পেইন্টিং এর দিকে চোখ আটকে গেল তালহার। ছবিটার চোখ দুটোকে জীবন্ত লাগছে তার কাছ্র। প্রায় পাঁচ মিনিট তাকিয়ে থাকার পরও চোখের পলক পড়তে না দেখে মনের ভুল ভেবে চোখ সরিয়ে নিল সে। অন্যদিকে হাঁটা শুরু করল সে।

    মুসায়েবের জামা টেনে ধরে যায়িদ বলল, ছবিটার দিকে দ্যাখ মুসা য়েব। যায়িদের কথামত ওয়েল পেইন্টিংটার দিকে তাকিয়ে মুসায়েব বলল, মনে হচ্ছে চোখ দুইটা গুলি করে উড়িয়ে দেওয়া হয়েছে। কেমন বিধঘুটে লাগছে।

    ওদের কথায় ছবির দিকে আবার তাকিয়ে চমকে গেল তালহা। তার ধারণাই ঠিক। ওটা কোন মানুষের চোখ ছিল। পাশের ঘর থেকে আগুন্তকদের উপর চোখ রাখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
    ঘরে পূর্ব দিকের দেওয়াল জুড়ে একটা ১২/৮ ফুট আয়না শোভা পাচ্ছে। আয়নাটা বেশ স্বচ্ছ। আয়নার কাছে চলে আসল তালহা। একটু চাপ দিতেই মনে হল সরে যাচ্ছে। ভয়ে হাতটা সরিয়ে নিল। ঘুরে মুসায়েবদের দিকে ফিরল। তারা দুজনে একটা টেপ রেকর্ডার সামনে দাঁড়িয়ে আছে। সাহস করে জোরে চাপ দিতেই সরে গেল আয়নাটা। বুঝল তালহা এটা একটা গোপন পথ। ঢুকবে কিনা বুঝতে পারছেনা। হঠাৎ একটা ধোঁয়ার মত এসে তালহার চোখমুখ ভরে গেল। চোখ জালা করতে শুরু করল তার। তালহার বুঝতে বাকি থাকলনা যে তাকে ঢুকতে বাধা দেওয়ার জন্যই এ ব্যবস্থা। কিন্তু আজ কিছুতেই ফিরে যেতে চায়না তালহা। তাকে জানতেই হবে কি হচ্ছে বাড়িটায়। মুসায়েব আর যায়িদকে এখানে থাকতে বলে সে আয়না ঠেলে ভিতরে ঢুকে গেল। কিছুদূর যাওয়ার পর কিছু একটায় বেঁধে পড়ে গেল তালহা। তারপর আর কোনকিছু মনে নেই তার।
    চলবে

    9
    2 Comments
    • দুরদান্ত…

    • কচিকাঁচার গোয়ান্দাগিরি দেখে আমার শৈশবের সেই গোয়ান্দা হবার ভূত আবার মাথায় উঠেছে। এখনো মনে পড়ে ফেলুদা, শার্লক, টিনটিন পড়ে যা দেখতাম তাই অদ্ভুত লাগত। কঠিন যুক্তি দাঁড় করানোর চেষ্টা করতাম সব কিছুতেই। এখনোতো চোখেই আর ভালো দেখতে পাইনা। অভিবাদন জানবেন।

Skip to toolbar