Profile Photo

মোঃ রাকিবুল হাসানOffline

  • Rakib@writer
  • অন্ধ বিচারক ও তিন কারণ
    রাকিবুল হাসান

    তখন ভারত উপমহাদেশে মোঘল শাসনের সোনালী যুগ চলছে। ন্যায় বিচার, সমৃদ্ধি আর সম্পদের প্রাচুর্যে পূর্ণ মোঘল সাম্রাজ্য। শাহী তখতে আছেন বাদশাহ নুরুদ্দিন মুহাম্মদ সেলিম। ন্যায় পরায়ণতায় দুনিয়ার মানুষের হৃদয় জয় করে নেয়ায় তাঁর উপাধি হয়েছে “জাহাঙ্গীর”।

    এক স্নীগ্ধ সকালে শাহ এর দরবারে হাজির হয়েছেন এক জীর্ণ-শীর্ণ হিন্দু মহিলা। জীর্ণ-শীর্ণ তবে দরিদ্র নয়, মহিলার গোয়ালে গরু আছে, গোলায় ধান আছে, পুকুরে মাছও আছে, কিন্তু মনে শান্তি নেই। শান্তি নেই কারণ এক ধর্ষক। সেই বিচারের জন্যই মহিলার আগমন।

    সম্রাট শুনতে চাইলেন অভিযোগ, মহিলা বলল, হে সম্রাট, আমার বাড়ি আপনার প্রাসাদের পেছনে খুব কাছেই। প্রতি রাতে একজন ধর্ষক আমার গৃহে প্রবেশ করে এবং আমার মেয়ের সাথে অপকর্ম করে চলে যায়। আমি তাকে ধরতে পারি না।
    সম্রাট তাঁর কথা মনোযোগ দিয়ে শুনলেন বটে, তবে কিছুই না বলে দরবার ছেড়ে চলে গেলেন অন্দরে।
    মহিলা বিচার না পাওয়ায় ভগ্ন হৃদয়ে ফিরে গেল নিজ বাড়িতে।

    রাতের প্রথম প্রহরে এক পর্দানেশিন নারী নেকাবে মুখ ঢেকে মহিলার বাড়িতে হাজির হয়ে আশ্রয় চাইলো। মহিলা তাঁকে আশ্রয় দিলেন বটে, তবে বলে দিলেন, তার কোন ক্ষতি হলে তিনি দায়ী নন। আশ্রয়প্রার্থী মহিলা ঘরে প্রবেশ করেই ঘরের সব বাতি নিভিয়ে দিয়ে ঘর অন্ধকার করে ফেললো। মালকিন মহিলা জিজ্ঞেস করেও কোন উত্তর পেলো না আর বাতি জ্বালাবারও সাহস পেলো না, কারণ সেই মহিলা ধারালো তরবারী নিয়ে এসেছিল।

    রাত্রি দ্বিপ্রহরে সেই ধর্ষক প্রবেশ করলো মহিলার মেয়ের ঘরে। এক মূহুর্ত পরেই বিকট এক আর্তচিৎকার দিয়ে নিশ্চুপ হয়ে গেল সব। ঘরের বাতিও জ্বললো তখন।

    বাড়ির মালকিন মহিলা দেখেন তাঁর সামনে রক্তাক্ত তরবারী হাতে দাঁড়িয়ে আছেন স্বয়ং বাদশাহ জাহাঙ্গীর আর সম্মুখেই নিথর হয়ে পড়ে আছে ধর্ষকের ধর আর ছিন্নমুণ্ডু। মহিলা তো অবাক।
    বাদশাহ জাহাঙ্গীর তখন বললেন “আলহামদুলিল্লাহ!” এরপর মহিলার কাছে এক বাটি পানি চেয়ে পান করলেন।

    মহিলা অবাক হয়ে সব দেখছিলো, তার মনে চলছিল তিনটি প্রশ্ন।
    -কেন বাদশাহ ঘরে ঢুকে বাতি নিভালেন?
    -কেন বাদশাহ বাতি জ্বালিয়ে আলহামদুলিল্লাহ পড়লেন?
    -কেন বাদশাহ পানি চেয়ে এতটা তৃষ্ণার্তের মতো পান করলেন?

    বাদশাহ মহিলার অভিব্যাক্তি বুঝতে পেরে বললেন, আমি বুঝতে পারছি তুমি কী ভাবছো। আমি কেন ঘরে ঢুকেই বাতি নিভালাম? ভেবেছিলা ডাকাতি করবো? আসলে তা না, আমি আশঙ্কা করছিলাম যে, আমার প্রাসাদের এত কাছে এমন অন্যায় আমার ছেলে ছাড়া আর কারো করার সাহস হবে না, তাই অপরাধী যদি আমার ছেলে হয়ে থাকে আর আলোতে তার মুখ দেখে শাস্তি দিতে যদি আমার হাত কেঁপে যায়? এই আশঙ্কায় আমি বাতি নিভিয়ে দিয়েছিলাম।

    যখন বাতি জ্বালিয়ে দেখলাম অপরাধী আমার ছেলে নয়, তখন আলহামদুলিল্লাহ পড়লাম।

    আর আজ সকালে যখন তুমি আমার কাছে বিচার চাইতে গিয়েছিলে, তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, তোমার ন্যায় বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমি পানি পান করবো না। তাই এখন তোমাদের বিশ্বাস অনুসারে তোমার পাত্র এক মুসলমানের ছোঁয়ায় অশুচি হবে জেনেও তৃষ্ণা সইতে না পেরে বিচার সম্পন্ন করেই পানি পান করলাম।

    এই হচ্ছে ন্যায় বিচার, বিচারককে এমনই অন্ধ হতে হয়। আমরা কি আবার পাবো এমন অন্ধ বিচারক যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এমন তৃষ্ণা-পণ করতে পারে?

    1
    1 Comment
Skip to toolbar