অদ্ভুত তোমার দৃষ্টি
প্রতিদিন এখন
প্রতিদিন স্বপ্নের ভেতর আমরা টাকার নল দিয়ে
টেনে নিচ্ছি
নাগরিক উচ্ছ্বাস
বহু মানুষ উপরের দিকে উঠে যাচ্ছে
ㅤㅤㅤআমি দেখছি
দেয়াল টপকানো বেড়াল, কালো ডোরা
আঁধারে ডুবে যাওয়া সমুদ্র ঢেউ
ㅤㅤㅤদেখছি বহুভাবে অপ্রকৃতস্থ
ফ্যাক্টচেকারের বিমর্ষ মুখ
আওলানো মেঘ রং
দেখছি দিগন্তে হারাচ্ছে মব আক্রান্ত মানুষের ঢল
নিকট অতীত
ঘুমিয়ে গেছে সমস্ত লাল
দৈন্য দশায় ফিরে আসছে আমাদের
গুম ফেরত হলুদ কম্পাস
যেন তা গুপ্ত সখার মুখের নিচে
নেচে ওঠা
আলো-ছায়া, নগ্ন অভিলাষ
***
বহু ব্যবহৃত চোখের দিকে তাকিয়ে থাকা
বসন্ত ব্যথার মতো
আমাদের মনে পড়ছে বাঁকাচোরা পথ
জঙ্গলের ওপারে
মৃতপাখিদের স্তূপে জমে উঠছে ঘন অন্ধকার
দুয়েকটা গুলির শব্দ
হরিণ ঘুমানো ভঙ্গির মতো
হাড়ের ভেতর মেঘ জমে উঠলে
আরো অনেকবার ভাবব তোমাকে।
এখন তুমি গোপন তরঙ্গ থেকে ছড়িয়ে দাও
বাতাসে ফুলের স্বভাব।
সারি সারি
ভৌতিক বাল্বের আলোয় আমাদের
কাটা মাথা সাজিয়ে রাখো।
উঠোনের পিছনে যেখানে অন্ধকার
আর অনেক মানুষের হাহাকার নদীর দিকে
বেঁকে গেছে, সেখানে
তোমার বাগানবাড়ির মতো আমাদের প্রেম
এখন স্তব্ধ
হরিণ ঘুমানো ভঙ্গির মতো তাকে সামলে রেখো
অদ্ভুত তোমার দৃষ্টি
অদ্ভুত তোমার দৃষ্টি
মোহডাঙার ওপারে ফিরে যেতে চায়
আধা সন্ত হাসি
অনেক দূরের মেঘ থেকে ছিটকে পড়া নরম চোখ
কোনো দিন যাকে দেখি নাই
সে তোমাকে দেখছে অঝোর বৃষ্টিদিনে
মানুষের চলাচলের শব্দ নেই
সন্ধ্যা ঘনানো আভা যাকে চেনে
জানালার পাশে স্থবির ভেজা ছুরির মতো
তুমি সুন্দর
তুমি বাকহীন মেঘলা দিন
আমাদের মনের ভেতর অনেক দিনের স্মৃতি
ঠিক অদ্ভুত তোমার দৃষ্টির মতো
রক্ত লাগা ঠোঁটের দিকে যেন আকাশ তাকিয়ে আছে
![]()