জেমসের গানে কাব্যময়তা, সূফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান
সংক্ষিপ্তসার
এই গবেষণায় বাংলা গানের বিভিন্ন রকমের গানের মধ্যে জেমসের গানকেও একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। জেমসের প্রথম ব্যান্ড ফিলিংস ও পরবর্তী সময়ে নগরবাউল থেকে বের হওয়া গানের অ্যালবাম, সলো অ্যালবাম, মিক্সড অ্যালবাম ও সিনেমার গানের মধ্য থেকে চারটি অ্যালবাম (দুঃখীনি দুঃখ করো না, লেইস ফিতা লেইস, ঠিক আছে বন্ধু ও নগরবাউল) বেছে নেয়া হয়েছে গবেষণার জন্য। এইসব গানের মধ্যে খুঁজে পাওয়া গেছে আবহমান লোকজ উপাদান। যেমনঃ চুড়ি ফিতা বিক্রি করা ফেরিওয়ালার জীবন, বায়োস্কোপ, হাউজি খেলা, হাডুডু খেলা, মন্নান মিয়ার তিতাস মলম, নাগ-নাগিনীর মতো বেদে জীবনের গল্প, যাত্রাপালা, বাংলার লাঠিয়াল, কানামাছি খেলাসহ আবহমান বাংলা বিবিধ লোকজ উপাদান। ‘রাখে আল্লাহ মারে কে’ গানে ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ এবং জিকিরের মতো সুফিবাদের বিষয়সমুহ খুঁজে পাওয়া গেছে জেমসের গানে। এছাড়াও জেমসের গানে পাওয়া গেছে কবিতা এবং কবিতার নানান অনুষঙ্গ। যেমন: সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা ‘পুবের হাওয়া’তে সুর বসিয়ে এবং কবি শামসুর রাহমানের ‘উত্তর’ কবিতার নির্যাস থেকে ‘তারায় তারায়’ নামক দুটি গান করা হয়েছে। এর বাইরেও জেমসের বিভিন্ন গানে পাওয়া গেছে আধুনিক বাংলা কবিতার সতেজ স্বাদ এবং বিভিন্ন কবির ব্যবহৃত অজস্র কাব্যিক উপমা।
Key words: বাংলা গান, রক গান, কাব্যময়তা, সুফিবাদ, লোকজ উপাদান, জেমস
ভূমিকা
বাংলা সাহিত্যের তাৎপর্যপূর্ণ প্রধান উপাদান হলো বাংলা গান। চর্যাপদের গান থেকে শুরু করে লালনের গান হয়ে আজকের হিপহপ, পপ, রক এমনকি হেভিমেটাল পর্যন্ত বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ উপাদান।
এই মুহূর্তে বাংলা গানের ‘ভেনচিত্র ডায়াগ্রাম’ আঁকা হলে, চর্যাপদের গান থেকে শুরু করে বাউলগান, জারিগান, সারিগান, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, শ্যামাসংগীত, লোকসংগীত থেকে শুরু করে এই সময়ের বাংলা রকগান, পপগান এমনকি হিপহপ বাংলা গানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থান পাবে। স্থান পেয়েছে। বাংলা গানের নতুন সংস্করণ গিটার কিংবা অন্য যেকোনো ইন্সট্রুমেন্ট হাতে নিজের গান নিজেই গেয়ে ওঠা সিংগার-সংরাইটারদের গান। অবশ্যই এই ডায়াগ্রামটি জেমসের গান বাদ রেখে আঁকা সম্ভব নয়। এই গবেষনায় আমরা খুঁজব জেমসের গানের বিভিন্ন উপাদান। জেমসের গান কেন অন্যদের গানের চাইতে আলাদা, কেন জেমস বাংলা গানের একমাত্র রকস্টার, কী এমন উপাদান আছে জেমসের গানের কথায় যা তাঁকে ও তাঁর গানকে আলাদা মাত্রা ও অনন্য উচ্চতায় স্থান দিচ্ছে। যেহেতু এই গুরুত্ববাহী বিষয়টি নিয়ে আগে কখনো গবেষনা হয়নি সুতরাং জেমস ও জেমসের গান নিয়ে সংক্ষিপ্ত ও সুদীর্ঘ পরিসরে বিস্তারিত গবেষণা হওয়া যথেষ্ট জরুরি বলে প্রতীয়মান হয়।
সাহিত্য পর্যালোচনা
জেমসের গানের গীতিকারগণ মূলত জেমসের চিন্তাকেই সম্প্রসারিত করেছেন। ফলে বিভিন্ন জনের লেখাগানগুলি গীতিকারদের গান না হয়ে হয়ে উঠেছে জেমসের গান। জেমসের গানের সাহিত্যমান বিচার বিশ্লেষণ এই গবেষণার অন্যতম প্রধান একটি বিষয়। এই গবেষনায় ক্রমশ ফুটে উঠতে থাকবে—
(১) লিরিকের মধ্যে লুকিয়ে থাকা কবিতা কিংবা গানের কথায় কাব্যময়তা: জেমসের গানের কথা পড়তে গিয়ে পাঠকের মনে হয়েছে কবিতা পাঠের অভিজ্ঞতার ভিতর দিয়ে ভ্রমনের অভিজ্ঞতা লাভ করছেন তিনি।
২) জেমসের গানে সুফিবাদ, আধ্যাত্মিকতা, ইসালামিক দর্শন ইত্যাদি: জিকির নামক একটি গানে রোজ হাশরের বিশদবর্ণনা অনুভূতিপ্রবণ ভাষায় ও গায়কীতে বর্ণিত হয়েছে। এমনকি কোরান শরীফের বাণীও খুঁজে পাওয়া গেছে গানের কথায়।
৩) জেমসের গানের লিরিকে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা আবহমান বাংলার লোকজ সংস্কৃতি:
বাংলার লাঠিয়াল হচ্ছেন বাংলাদেশের আদি বীরপুরুষ। লাঠিয়ালের কথা এসেছে জেমসের গানে। যাত্রাপালার প্রসঙ্গ, গ্রামের হাটে গাছ গাছড়া থেকে বানানো মলম বিক্রেতার গল্প এসেছে জেমসের গানে।
১৯৮৭ সালের প্রকাশিত স্টেশন রোড নামক প্রথম ক্যাসেট থেকে শুরু করে সবশেষ ২০২১ সালে বসুন্ধরা মিউজিক থেকে প্রকাশিত একটি একক গান প্রকাশিত হয় ডিজিটাল মাধ্যমে। অর্থাৎ প্রায় তিন শতাধিক গান প্রকশিত হয়েছে কয়েকভাবে।
গবেষণা পদ্ধতি
জেমসের প্রকাশিত মৌলিক এ্যালবাম (ক্যাসেট) থেকে আমরা আবহমান বাংলার লোকজ উপাদান, গানের কথার কাব্যময়তা ও সুফিবাদের উপাদানসমুহ খুঁজে বের করার চেষ্টা করেছি। আমরা এখানে কোয়ালিটেটিভ রিসার্চ বা গুণগত গবেষণা পদ্ধতি অবলম্বন করেছি। আরও বিস্তারিতভাবে বলতে গেলে আমরা আসলে এই গবেষণার ক্ষেত্রে ফেনোমেনোলজিক্যাল রিসার্চ পদ্ধতি অবলম্বন করেছি। এই ক্ষেত্রে গবেষকের রুচিবোধ, সাহিত্য, সংগীত ও কাব্যবোধ, মননশীলতা, সংগীত শ্রবণ ও সৃজনের অভিজ্ঞতা গবেষণার সুনির্দিষ্ট উপাদান শনাক্তকরনের প্রধানতম উপকরণ (টুলস) হিসেবে কাজ করেছে। গান ও গানের কথা থেকে থেকে মননশীলতা ও সাহিত্যবোধের মাধ্যমে কাঙ্ক্ষিত উপাদানসমুহ ও সিদ্ধান্তে আসা সম্ভব হয়েছে। যেহেতু গবেষক বাংলা সাহিত্যের একজন কবি এবং নিজেও গান করেন (সিংগার-সংরাইটার) সুতরাং গবেষকের ২৮ বছর ধরে জেমসের গান শোনার অভিজ্ঞতা ও সাহিত্যবোধ এই গবেষণার জন্য সহায়ক (টুলস) হিসেবে কাজ করেছে। কাব্যময়তা অংশের ক্ষেত্রে বাংলাদেশের এই সময়ের কবিদের মতামত নেয়া হয়েছে। এছাড়াও যেভাবে উপাত্ত সংগ্রহ করা হয়েছে তা হলো
১। ক্যাসেট-সিডি
২। সাক্ষাৎকার
৩। গ্রন্থ- জার্নাল
বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাস
ব্রিটিশ আমল থেকেই ঢাকার বিভিন্ন হোটেল ও নবাব পরিবারের আমন্ত্রণে ব্রিটিশ ব্যান্ড ও সঙ্গীত তারকাদের ঢাকায় গান পরিবেশনের খবর পাওয়া যায়। পাক-ভারত বিভক্তির পরে ১৯৬৩ সালের ১৮ মার্চ ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম ব্যান্ড ধাঁচের গান করে। সেই অনুষ্ঠানে ১৭ বছর বয়সী কিশোর টেলফার জনসন গিটার বাজান আর ক্লিফ রিচার্ডের গান পরিবেশন করেন। তাদের হাতেই জন্ম নেয় বাংলাদেশের প্রথম ব্যান্ড আইওলাইটস। হোটেল শাহবাগ ও ঢাকা ক্লাবে নিয়মিত পারফর্ম করে ব্যান্ড দলটি। ১৯৬৫ সালে প্রথম ব্যান্ড হিসেবে টিভিতেও পারফর্ম করে ব্যান্ডটি। আইওলাইটসের সমকালীন আরেকটি ব্যান্ডের জন্ম চট্টগ্রামে। নাম জিংগা শিল্পগোষ্ঠী। এরপরে, ১৯৬৭ সালে ফরিদ রশীদ, নিওম্যান্ডেজ, নোয়েল ও শাকিল গড়ে তোলেন ‘লাইটনিংস’। তাদের সঙ্গে পাল্লা দিয়ে মাহমুদ, তোতা, চিত্রনায়ক জাফর ইকবাল ও ফারুক মিলে ব্যান্ড গঠন করেন ‘র্যাম্বলিং স্টোনস’। দুটি ব্যান্ডই তৎকালীন পূর্ব পাকিস্তানে বিপুল জনপ্রিয়তা পায়। একই বছরে গঠিত হয় উইন্ডি সাইট অব কেয়ার ব্যান্ড। ১৯৭২ সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ব্যান্ডটি প্রথম টিকিট কনসার্ট করে। ১৯৭২-৭৩ সালের আগ পর্যন্ত ব্যান্ডগুলো ইংরেজি গান পরিবেশন করত। বাংলা গানে আগ্রহী হয়ে ফেরদৌস ওয়াহিদ ও ফিরোজ সাঁইসহ কয়েকজন বন্ধু মিলে গঠন করেন ‘স্পন্দন’ নামের একটি ব্যান্ড। ব্যান্ডের ‘এমন একটা মা দে না’ গানের সুবাদে তুমুল জনপ্রিয় হয় ব্যান্ডটি। এ সময় উচ্চারণ ব্যান্ড নিয়ে আবির্ভাব ঘটে পরবর্তীকালের গুরু খেতাব পাওয়া শিল্পী আজম খানের। ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’ নিয়ে আসেন ফকির আলমগীর। পরবর্তীকালে এ চার শিল্পীর সঙ্গে পিলু মমতাজ যোগ দেন এবং পাঁচপীর নাম নিয়ে উচ্চারণ ব্যান্ডের সঙ্গে তারা পারফর্ম করতে থাকেন।
এরপরে আগমন ঘটে পপ রক ব্যান্ডগুলোর। সোলস [১৯৭৩], ফিডব্যাক টুয়েন্টিথ সেঞ্চুরি [১৯৭৬], বালার্ক [১৯৭৬], অ্যাবনরমাল থ্রি প্লাস [১৯৭৬], মাইলস [১৯৭৯]-এর মতো ব্যান্ডগুলো বাংলা গানে পাশ্চাত্যের ছোঁয়ায় নতুন রূপরেখা তৈরি করে। ১৯৭২ সালের সুরেলা সঙ্গীত দল বিবর্তিত হয়ে গঠন করা সোলস বাংলাদেশের সবচেয়ে দীর্ঘায়ু ব্যান্ড।
ব্রিটিশ আমল থেকেই ঢাকার বিভিন্ন হোটেল ও নবাব পরিবারের আমন্ত্রণে ব্রিটিশ ব্যান্ড ও সঙ্গীত তারকাদের ঢাকায় গান পরিবেশনের খবর পাওয়া যায়। পাক-ভারত বিভক্তির পরে ১৯৬৩ সালের ১৮ মার্চ ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুলের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম ব্যান্ড ধাঁচের গানের খবর পাওয়া যায়। সেই অনুষ্ঠানে ১৭ বছর বয়সী কিশোর টেলফার জনসন গিটার বাজার আর ক্লিফ রিচার্ডের গান পরিবেশন করেন।
বলা হয়, তাদের হাতেই জন্ম নেয় বাংলাদেশের প্রথম ব্যান্ড আইওলাইটস। হোটেল শাহবাগ ও ঢাকা ক্লাবে নিয়মিত পারফর্ম করে ব্যান্ড দলটি। ১৯৬৫ সালে প্রথম ব্যান্ড হিসেবে টিভিতেও পারফর্ম করে ব্যান্ডটি। আইওলাইটসের সমকালীন আরেকটি ব্যান্ডের জন্ম চট্টগ্রামে। নাম জিংগা শিল্পগোষ্ঠী।
১৯৬৭ সালে ফরিদ রশীদ, নিওম্যান্ডেজ, নোয়েল ও শাকিল গড়ে তোলেন লাইটনিংস ব্যান্ডটি। তাদের সঙ্গে পাল্লা দিয়ে মাহমুদ, তোতা, চিত্রনায়ক জাফর ইকবাল ও ফারুক মিলে ব্যান্ড গঠন করেন র্যাম্বলিং স্টোনস। দুটি ব্যান্ডই তৎকালীন পূর্ব পাকিস্তানে বিপুল জনপ্রিয়তা পায়। একই বছরে গঠিত হয় উইন্ডি সাইট অব কেয়ার ব্যান্ড।
১৯৭২ সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ব্যান্ডটি প্রথম টিকিট কনসার্ট করে। ১৯৭২-৭৩ সালের আগ পর্যন্ত ব্যান্ডগুলো ইংরেজি গান পরিবেশন করত। বাংলা গানে আগ্রহী হয়ে ফেরদৌস ওয়াহিদ ও ফিরোজ সাঁইসহ কয়েকজন বন্ধু মিলে গঠন করেন ‘স্পন্দন’ নামের একটি ব্যান্ড। ব্যান্ডের ‘এমন একটা মা দে না’ গানের সুবাদে তুমুল জনপ্রিয় হয় ব্যান্ডটি। এ সময় উচ্চারণ ব্যান্ড নিয়ে আবির্ভাব ঘটে পরবর্তীকালের গুরু খেতাব পাওয়া শিল্পী আজম খানের। ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’ নিয়ে আসেন ফকির আলমগীর। ১৯৭৩-৭৪ সালে ফেরদৌস ওয়াহিদের গানের পাশাপাশি আজম খানের ‘রেলাইনের ঐ বস্তিতে’, ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল ও দুলাল’; ফিরোজ সাঁইর ‘ইশকুল খুইলাছে রে মওলা’ এবং ফকির আলমগীরের ‘ও সখিনা’ গানগুলো সারা বাংলায় আলোড়ন তোলে। পরবর্তীকালে এ চার শিল্পীর সঙ্গে পিলু মমতাজ যোগ দেন এবং পাঁচপীর নাম নিয়ে উচ্চারণ ব্যান্ডের সঙ্গে তারা পারফর্ম করতে থাকেন।
নব্বইয়ের দশক ছিল এর স্বর্ণযুগ, যখন মাইলস, এল আর বি, ওয়ারফেইজ, রেনেসাঁ, ফিডব্যাক, সোলস, আর্ক, ফিলিংস, নোভা, উইনিং, ডিফারেন্ট টাচ এবং নব্বই দশকের শেষের দিকে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট এর মতো ব্যান্ডগুলো রক, মেটাল, হার্ড রক ধারায় দেশাত্মবোধক, সামাজিক ও ব্যক্তিগত অনুভূতির গানসহ নানান রকম ও ধরনের গান উপহার দিয়ে মাতিয়ে রাখে একটা জেনারেশনকে। এবং পরবর্তী পর্যায়ে বিকল্প ও মেটাল ধারার ব্যাপক প্রসারের রাস্তা তৈরি করে।
১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জর্জ হ্যারিসন, রবি শংকরসহ সেই সময়ের দুনিয়াখ্যাত শিল্পীরা ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামে একটি কনসার্টের আয়োজন করেন। এ কনসার্টই দেশ স্বাধীনের পরে হয়ে ওঠে স্বাধীন বাংলাদেশী শিল্পীদের ব্যান্ড গঠনের নতুন অনুপ্রেরণা। এদিকে যুদ্ধ শেষে অস্ত্র ফেলে আবারো বাদ্যযন্ত্র হাতে তুলে নেন শিল্পী আজম খান। ১৯৭২ সালে তৈরি হয় ব্যান্ড ‘উচ্চারণ’। এ ব্যান্ডের গিটারিস্ট ছিলেন নয়ন মুন্সী। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত গিটারিস্ট। নয়ন মুন্সীকে দেখেই পরবর্তী সময়ে গিটার হাতে তুলে নেন আইয়ুব বাচ্চু। ইংরেজি গান কভারের বদলে তখন বাংলায় ব্যান্ড সংগীত লেখার নতুন এক্সপেরিমেন্ট শুরু হয়। ব্যান্ড সংগীত তরুণ প্রজন্মের এক উন্মাদনায় পরিণত হয় সত্তরের দশকে। এ সময় নাইনটি নাইন, স্পন্দন, আগলি ফেসেস, সুরেলাসহ বিভিন্ন ব্যান্ড তৈরি হয়। এই সুরেলা ব্যান্ডই পরবর্তী সময়ে সোলস নামে শ্রোতাপ্রিয়তা লাভ করে। বেকারত্ব, দারিদ্র্য, সর্বোপরি তারুণ্যের নিরাশাই হয়ে ওঠে বাংলা ব্যান্ড সংগীতের উপজীব্য। নিছক রোমান্টিসিজম বাদ দিয়ে বাস্তবতার কশাঘাত করা হয় গানে। তরুণ শ্রোতাদের বাস্তবতার সঙ্গে সংযোগের কারণে বাংলা ব্যান্ড বিস্তার লাভ করে।
তবে, ব্যান্ড সংগীতের জনপ্রিয়তা যেমন ছিল ঊর্ধ্বগামী, তেমনি সমালোচনার মুখেও পড়তে হয় শিল্পীদের। ব্যান্ড সংগীতকে অপসংস্কৃতি বলে প্রচার করতে শুরু করে রক্ষণশীল গোষ্ঠীর লোকজন। তাদের মধ্যে অধাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ ও শিল্পী মুস্তফা মনোয়ার অন্যতম। বিটিভিতে প্রচারিত জলসা নামক অনুষ্ঠানে এই দুজনকে ব্যান্ড সঙ্গীতের বিপক্ষে এবং কলিম শরাফি ও খান আতাউর রহমান পক্ষে কথা বলেন। তবে বরাবরই তরুণদের কাছে ব্যান্ড সংগীতের জনপ্রিয়তা তুঙ্গে ছিল।
নব্বইয়ের দশক ছিল বাংলাদেশের ব্যান্ড সংগীতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যখন রক ও মেটালের দাপট ছিল। নব্বইয়ের ব্যান্ডগুলো বাংলা গানে নতুন এক ভাষা তৈরি করে। নব্বইয়ের দশকে বাংলা ব্যান্ড সংগীত নতুন দিশা খুঁজে পায়। পশ্চিমা বিশ্বের ব্যান্ডগুলো তখন নিজস্ব এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে। তবে সেগুলো বাংলা গানে ব্যবহার করলে কতটা শ্রোতাপ্রিয় হবে তা নিয়ে আশঙ্কা ছিল। ধীরে ধীরে পশ্চিমা সফট রক, ব্লুজ থেকে শুরু করে হার্ডরকও প্রবেশ করে বাংলা ব্যান্ড গানে। তরুণদের মুখে মুখে শোনা যেত তাদের প্রিয় গানের লাইন।

জেমস ও তার স্টাইল
জেমস (ফারুক মাহফুজ আনাম) বাংলাদেশের রক প্রভাবিত ব্যান্ড সঙ্গীতের একজন আইকন হিসেবে পরিচিত। তার দৃঢ় কণ্ঠস্বর, স্বতন্ত্র মঞ্চ পরিবেশনা তাকে অত্যন্ত জনপ্রিয় করেছে। তার মিউজিক স্টাইল হলো ফোক ও মনোমুগ্ধকর সাইকেডেলিক রক ও ব্লুজের একটা মিশ্রণ। জেমসের গিটার বাদন পদ্ধতি মূলত মার্ক নফলার আর ডেভিড গিলমোরের একটা ছায়াময় রূপ হিসেবেই দেখা হয়েছে শুরুর দিকে। যেমন: মার্ক নফলারের ‘ব্রাদার ইন আর্মস’ এর গিটার বাদনের প্রভাব পাওয়া যায় ‘বিবাগী’ গানে এবং ডেভিড গিলমোরের ‘হাই হোপস’ গানের গীটার বাদনের প্রভাব লক্ষ্য করা যায় জেমসের ‘সিনায় সিনায়’ গানে। কিন্তু আরও গভীরে গিয়ে দেখা যায়, শেষমেষ জেমস গানের আবেগের মধ্যে ঢুকে গিয়ে তার নিজের হৃদয়ের তন্ত্রীকেই বাজিয়েছেন। ‘কতটা কাঙাল হয়ে থাকি’ গানের শেষ দেড় মিনিট একটা হাহাকারের অনুভূতি জাগায়। সিনায় সিনায় গানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে স্মৃতিকাতর করে তোলে । তারপরে হারাগাছের নুরজাহান গানে অন্যবদ্য একটা দ্যোতনা তিনি গিটারেই তুলতে পেরেছিলেন, সৃষ্টি করতে পেরেছিলেন এক অলীক আনন্দের অনুভূতি। এই অনুভূতি তৈরি করতে পারাটাই জেমসের নিজস্বতা আর এটাই তার স্টাইল। জেমসের গান প্রধানত তরুণদের মন কাড়ে সবার আগে। এই তরুণরাই নব্বই দশকের ব্যান্ডের গান শোনা তরুণদের একটা বিশেষ ক্যাটাগরী যারা কিছুটা পোড়খাওয়া এবং সমাজ ও পরিবারে কিছুটা হলেও অবহেলিত। পরে বিশেষ রকমের এই শ্রোতাদের এই জায়গাটিতে ঢুকে পড়ে আপামর শ্রোতা সাধারণ।
জেমস ঐতিহ্যবাহী বাউলগান, সাইকেডেলিক রক এবং ব্লুজের মিশ্রণ ঘটান, যা তার গানে এক ভিন্ন মাত্রা যোগ করেন।
তার গানের কথা বেশিরভাগই কবিতা থেকে অনুপ্রাণিত কিংবা কবিতাময়, যা গভীরতা এনে দেয়। জেমস জিমি হেন্ড্রিক্স, জিম মরিসন, মার্ক নফলার ও এরিক ক্ল্যাপটনের মতো শিল্পীর দ্বারা প্রভাবিত। তাই জেমস মানেই তারুণ্যের উন্মাদনা। তার গভীর ও মাদকতাময় কণ্ঠ, গিটারের অসাধারণ ব্যবহার এবং বাউল ধারার সাথে রক-ব্লুজের মেলবন্ধনে তৈরি এক অনন্য সঙ্গীতশৈলী, যা প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।
তেবাড়িয়ার হাটে কে মলম বেচে, সেই গল্প তিনি বলেছেন মন্নান মিয়ার তিতাস মলম গানে। রিকশাওয়ালার জীবন নিয়ে আগেও গান হয়েছে, হয়ত পরেও হবে। জেমস রিকশাওয়ালার সারাদিনের ফিরিস্তি নিয়ে গান করেছেন। একজন পোশাক নির্মাণ শিল্পির জীবন নিয়েও গান করেছেন জেমস। জেমস ভালোবেসে যাকে বললেন, সেলাই দিদিমনি। সাধারণ মানুষের জীবন দেখে সেই গল্প গানে গানে বলতে পারার একটা ব্যাপার জেমসের গানে প্রবলভাবে এসে হাজির হয়েছে। ‘হারাগাছের নুরজাহান’ যে দীঘির জলে সিনান করে—আঁচলের যৌবন উঠানে শুকায়— এটাও জেমস খুবই কাব্যিকভাবে অনেকটা পুথিপাঠকের মতো করে সুন্দর করে বলেছেন। আবার, বাংলার লাঠিয়াল হচ্ছে এই অঞ্চলের প্রবাদ পুরুষ—পৌরুষময় এক চরিত্র। যে হাঁক দিয়ে বলতে পারে—খবরদার এক পা নড়বি না আর! তার কথা জেমস তুলে এনেছেন বাংলার লাঠিয়াল গানে। সারা দুনিয়াতে যেভাবে শ্রমজীবি মানুষের গানের একটি ধারায় জেমসের এই গানগুলি তখন প্রবাহিত হতে থাকে।
নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভাষা ও সংস্কৃতিতত্ত্ব বিভাগের পোস্ট–ডক্টরাল ফেলো মোবাশ্বার হাসান প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে জেমসের গান ও তাঁর ব্যক্তিত্ব প্রসঙ্গে লেখেন—“যেহেতু বাজার সংস্কৃতিতে অথবা সংস্কৃতির বাজারে সংগীতের ও শিল্পীর একটা বাজারমূল্য থাকে, তাই কথা বলতেই হয় জেমসের ব্যক্তিত্ব নিয়ে। তাঁর এই ব্যক্তিত্বেরও একটা বাজারমূল্য আছে। সৃজনশীলতার বাজারে ‘বিদ্রোহী’র একটা আলাদা দাম আছে বিশ্বব্যাপী। ঝাঁকড়া চুল, পাঞ্জাবির সঙ্গে জিনস আর বুট—এই দেশি ও পশ্চিমা মিশ্রণে তিনি একজন নগরবাউল। যে বাউল ইলেকট্রিক গিটার বাজান। যে বাউল মুক্তবাজার অর্থনীতিতে গড়ে ওঠা সমাজ ও নগরব্যবস্থায় ফিকে হয়ে আসা মানবিক অনুভূতিগুলোকে ছুঁয়ে যান। বলেন, এই শহরের কতশত অট্টালিকার ফাঁকে, এক গ্লাস জোছনা আর এক গ্লাস অন্ধকার হাতে, মধ্যরাতের ডাকপিয়ন হয়ে প্রেমিকাকে আপন করে নেবেন। এই বাউল প্রেমিকাকে ডাকেন সভ্যতার খোলস ছেড়ে গুহামানবীর মতো জঙ্গুলে ভালোবাসার আহ্বানে। এই বাউল যেন এক রাসপুতিন, যিনি মেয়েদের সাবধান করে বলছেন, তাঁর চোখে না তাকাতে। কারণ, তাকালে তারা ‘লুটপাট হয়ে যাবে, চৌচির হয়ে যাবে’”
জেমসের গান
জেমস তার সময়কালে (১৯৮৭ থেকে বর্তমান) বিভিন্ন ধরনের গান গেয়েছেন। প্রাথমিকভাবে আমরা চারটি ক্যাটাগরীতে ভাগ করতে পারি। যথা:
ক। সলো একক অ্যালবাম:জেমস তার ব্যান্ডের বাইরে নিজেই কিছু এ্যালবামের কাজ করেন। তাঁর পছন্দের মিউজিশিয়ানদের সঙ্গে নিয়ে, পছন্দের গীতিকারদের দিয়ে কখনো নিজস্ব ভাবনা কখনো বাইরের কোনো ভাবনার উপরে গান করেছেন। ১৯৯৮ সাল থেকে ২০০৮ পর্যন্ত বিভিন্ন ক্যাসেট কোম্পানি থেকে মোট আটটি সলো অ্যালবাম প্রকাশ করেন তিনি। এগুলো হলো:অনন্যা (১৯৮৮),পালাবে কোথায় (১৯৯৫), দুঃখিনী দুঃখ করোনা (১৯৯৭), ঠিক আছে বন্ধু (১৯৯৯), আমি তোমাদেরই লোক (২০০৩), জনতা এক্সপ্রেস (২০০৫), তুফান (২০০৬), কাল যমুনা (২০০৮)।
খ। ব্যান্ড অ্যালবাম:জেমস চট্টগ্রাম থেকে ব্যান্ড দল ফিলিংস প্রতিষ্ঠা করেন এবং তিনি এই ব্যান্ডের প্রধান গায়ক ও গিটারিস্ট ছিলেন। চট্টগ্রামের আজিজ বোর্ডিং থেকে শুরু হওয়া এই ব্যান্ডের সঙ্গে জেমস ‘জেল থেকে বলছি’, ‘স্টেশন রোড’ ও ‘নগরবাউল’-র মতো জনপ্রিয় অ্যালবাম উপহার দেন।
ফিলিংস এর অ্যালবাম চারটি। সেগুলো হলো:স্টেশন রোড (১৯৮৮),জেল থেকে বলছি (১৯৯৩), নগর বাউল (১৯৯৬), কালেকশন অফ ফিলিংস (১৯৯৯)। ১৯৯৬ সালে ফিলিংসের নগরবাউল অ্যালবাম জনপ্রিয় হবার কারণে জেমস তাঁর ব্যান্ডের নাম পরিবর্তন করে রাখেন নগরবাউল। নগর বাউল ব্যান্ডের অ্যালবাম একটি, দুষ্টু ছেলের দল (২০০১)।
গ। সিনেমার গানঃ বিভিন্ন সময়ে জেমস বাংলা ও হিন্দি দুই ধরনের সিনেমাতেও গান করেছেন। হিন্দি চলচ্চিত্রে প্লে-ব্যাক করে তিনি গেয়েছেন: ভিগি ভিগি (২০০৫, গ্যাংস্টার), চল চলে (২০০৬, ও লামহে), আলবিদা (রিপ্রাইস), রিশতে (২০০৭, লাইফ ইন এ… মেট্রো), বেবাসি (২০১৩, ওয়ার্নিং থ্রিডি)
বাংলা চলচ্চিত্রে প্লে-ব্যাক
বাংলা ছবিতে বিভিন্ন সময়ে জেমস গেয়েছেন মীরাবাঈ (কষ্ট, ২০০০), আসবার কালে আসলাম একা (মনের সাথে যুদ্ধ, ২০০৭), মাটির ঠিকানা (মাটির ঠিকানা, ২০১৩), দেশা আসছে (দেশা: দ্য লিডার, ২০১৪), এতো কষ্ট কষ্ট লাগে (ওয়ার্নিং, ২০১৫), বিধাতা (সুইটহার্ট, ২০১৬), তোর প্রেমেতে অন্ধ হলাম (সত্তা, ২০১৭), প্রেম ও ঘৃণা (জিরো ডিগ্রী)।
ঘ। মিক্সড অ্যালবাম
জেমস তার ক্যারিয়ারে প্রায় পঞ্চাশটির মতো মিক্সড অ্যালবামে শতাধিক গান করেন। এর মধ্যে প্রিন্স মাহমুদের সুরে ২১টি অ্যালবামের সবগুলি গানই তুমুল জনপ্রিয়তা পায়। প্রিন্স মাহমুদ ছাড়াও তরুন মুন্সী, জুয়েল-বাবুসহ অজস্র মিউজিশিয়ানের অবদান রয়েছে।
নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভাষা ও সংস্কৃতিতত্ত্ব বিভাগের পোস্ট–ডক্টরাল ফেলো মোবাশ্বার হাসান প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে লেখেন “জেমসের এসব গানের বেশ কিছু বৈশিষ্ট্য আছে; যা অন্যদের গানে নেই। এই বৈশিষ্ট্যগুলোই জেমসকে নিয়ে গেছে সব রকম শ্রোতার কাছে। ধনী, গরিব, মধ্যবিত্ত; নারী-পুরুষ, শহর-গ্রাম—সবার কাছে জেমস হয়ে উঠেছেন গুরু। এর কারণ জেমসের গানের সর্বজনীনতা। কনডেম সেলে আটক ফাঁসির প্রহর গুনতে থাকা আসামি, ভাড়ায় খাটা পেশাদার খুনি, গ্রামের হাটে মলম বিক্রি করা মান্নান মিয়া, গার্মেন্টসে কাজ করা নারী শ্রমিকেরা (সেলাই দিদিমণিরা), সব হারা একজন জুয়াড়ি, লিডার (নেতা), নাটোর স্টেশন রোডের দরিদ্র পতিতা জরিনা বিবি, মাতাল শারাবী, রিকশাওয়ালা, গ্রামের মেয়ে হুমায়রা, রাজার দরবারের নর্তকী মীরা বাই, বিরোধী দলের অবরোধের সময়ে প্রেম—কিছুই বাদ নেই জেমসের গানের বিষয় থেকে।”
তিনি আরও লেখেন, “গানের বিষয় নির্বাচনে জীবন সম্পর্কে তাঁর গভীর পর্যবেক্ষণ ও বিচিত্রময়তাই প্রশ্রয় পেয়েছে। তাঁর সুরেও আছে বৈচিত্র্য; যা ছুঁয়ে যায় নগর, গ্রাম, কলকাতা, বলিউডসহ সব রকমের শ্রোতাদের।
জেমস হতাশায় ডুবে থাকা মানুষকে আশার বাণী শুনিয়েছেন। হতাশ হয়ে কেউ দিনের পর দিন মনমরা হয়ে থেকেছে। কেউ মাদকের দিকে হাত বাড়িয়েছে, কেউ আত্মহত্যা করেছেন; কিংবা করেছে ভয়াবহ অপরাধ। এই হতাশ মানুষগুলোর দিকে জেমস হাত বাড়িয়ে দিয়েছেন। প্রগাঢ় মমতায় গেয়েছেন, ‘নীরবে অভিমানী নিভৃতে করেছ তিলে তিলে নিজেকে শেষ? কেন বলো পৃথিবীতে কেউ কারও নয়, হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ। বন্ধু ভেঙে ফেলো এই কারাগার খুলে দাও…খুলে দাও এ হৃদয়ে প্রেমেরই দ্বার’। অথবা ‘দুঃখের পৃষ্ঠা উল্টে দেখো স্বপ্নের বাগিচা, ঘরে বসে থেকে লাভ কি বলো? এসো হাতে হাত রাখি এসো গান করি। দুঃখিনী দুঃখ করো না… দুঃখিনী…দুঃখিনী’। নিজেকে একজন দুঃখী মানুষ হিসেবে তুলে ধরে আশার আলো দেখিয়ে বলছেন, ‘দুঃখ আমার সাথে আছে, তবু দেখো দুঃখী আমি নইতো।…কিসের এত দুঃখ তোমার। সারাক্ষণ বসে বসে ভাবছ? পৃথিবীতে বলো বাঁচবে কদিন। সময়টা তো বড় অল্প।’
জেমস বিরহকেও এঁকেছেন অনেক বেশি দরদ দিয়ে। মায়ের সঙ্গে, বাবার সঙ্গে সন্তানের বিরহের চিত্র এঁকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছেন শ্রোতার হৃদয়। এই বিরহ প্রেমিক-প্রেমিকার প্রচলিত বিরহের চেয়ে অনেক বেশি তীব্র। এই বিরহ কোনো বয়স বা শ্রেণিতে আবদ্ধ নেই। মৃত মাকে খোঁজার হৃদয় নিংড়ানো হাহাকারে কার না চোখ আর্দ্র হয়েছে, ‘সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র–মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারিস, কোথায় আছে কেমন আছে মা?’ অথবা হারানো বাবাকে খুঁজে ফেরা সেই সন্তান, ‘বাবা কত দিন, কত দিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো, কোথায় খোকা ওরে বুকে আয়…’”
বিভিন্ন রকম ও ধরনের গান থেকে আমরা জেমসের চারটি উল্লেখযোগ্য অ্যালবাম (লেইস ফিতা লেইস ১৯৯৮, নগরবাউল ১৯৯৬, দুঃখীনি দুঃখ করো না ১৯৯৭, ও ঠিক আছে বন্ধু ১৯৯৯) বেছে নিয়েছি। এবং আমাদের গবেষণার যে মুল বিষয়গুলি: কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদানসমুহ খুঁজে পেয়েছি তা বিস্তারিত তুলে ধরা হলো
কাব্যময়তা
কাব্যময়তা (Poetic Quality) বলতে বোঝায় ভাষা ও ভাবের এমন এক বিশেষ গুণ যা সাধারণ গদ্যের বাইরে গিয়ে শব্দচয়ন, ছন্দ, অলঙ্কার (উপমা, রূপক, চিত্রকল্প), এবং আবেগ-অনুভূতির গভীরতার মাধ্যমে পাঠককে এক বিশেষ নান্দনিক ও পরাবাস্তব জগতে নিয়ে যায়, যা অভিজ্ঞতাকে ঘনীভূত করে ও একাধিক অর্থবহতা তৈরি করে। এটি কেবল কবিতার বৈশিষ্ট্য নয়, বরং জীবনের কোনো ঘটনা বা দৃশ্যকেও কাব্যিক রূপ দিতে পারে, যা পাঠককে গভীরভাবে স্পর্শ করে।
১৯৯৭ সালে বেনসন এন্ড হেজেজ এর ‘গোল্ডেন ভয়েস কনসার্ট’ নামে একটি অনুষ্ঠানে গানের এক পর্যায়ে জেমস বললেন, এবার একটা পরাবাস্তব যুগে চলে যাব। পুরাটাই স্যুরিয়ালিজম। বলেই তিনি গেয়ে উঠলেন ‘যে পথে পথিক নেই, বসে আছি সেই পথে/ একা আমি একলা রাতে শত শতাব্দী ধরে/ চুপচাপ নিশ্চুপ চারিধার/ বসে আছি এই আমি’ এ যেন জীবনানন্দ দাশের সেই কথাকেই নতুন করে নিজের মতো করে কেউ বললো ‘হাজার বছর ধরে আমি পথ হাটিতেছি পৃথিবীর পথে। এই গানের আবার বলা হচ্ছে ‘এক গ্লাস জোছনা আর এক গ্লাস অন্ধকার হাতে’ এই উপমাটি সরাসরি কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র কবিতা থেকে নেয়া হয়েছে। সেই নব্বই দশকে বাংলা কবিতা যেমন নানান নিরীক্ষা ও নতুন এক ভাষার দিকে যাচ্ছিল তেমনি বাংলা গান নিয়ে জেমস তীব্র মাত্রার গবেষণার ভিতর দিয়ে নিয়ে গিয়েছেন।
জেমসের লেইস ফিতা লেইস এলবামে ‘পুবের হাওয়া’ শিরোনামে একটি গান রয়েছে যেটি মূলত সুভাষ মুখোপাধ্যাইয়ের কবিতা ‘পুবের হাওয়া’তে সুর বসানো হয়েছে। কবিতাটি সুভাষ মুখোপাধ্যায় এর ছেলে গেছে বনে (১৯৭২) কাব্যগ্রন্থের সবশেষ কবিতা।
হাওয়া দিচ্ছে হাওয়া
স্রোত বইছে স্রোত
এপার থেকে ওপার
ভেসে যাচ্ছে ফুল
যারে ফুল পূবে যা, আঁধারে ডুবে যা, ডুবে যা…।।
আমার ফুল লাল টুকটুক
নাচতে নাচতে যায়
আমার ফুল ডাঙায় ওঠে
যেখানে মাটি রক্তে ভেজা
যারে ফুল পূবে যা
আঁধারে ডুবে যা
যারে ফুল পূবে যা
আঁধারে ডুবে… ডুবে যা…।
ব্যান্ড ফিলিংস থেকে ১৯৯৬ সালে প্রকাশিত ‘নগরবাউল’ এ্যালবামে একটি কালজয়ী গান রয়েছে। গানটির নাম ‘তারায় তারায়’। গানটির লিরিক নেয়া হয়েছে কবি শামসুর রাহমানের ‘এসো কোকিল এসো স্বর্ণচাঁপা’ বইয়ের ‘উত্তর’ কবিতা থেকে। জেমস এখানে কবিতাকে নিজের মতো করে সম্পাদনা করে নিয়েছেন সুর করার কিংবা গাইবার প্রয়োজনে।
কবিতাটি এরকমঃ
তুমি হে সুন্দরীতমা নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো,
‘এই আকাশ আমার।
কিন্তু নীল আকাশ কোনো উত্তর দেবে না।
সন্ধ্যেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতে পারো,
‘ফুল তুই আমার’,
তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে।
জ্যোৎস্না লুটিয়ে পড়লে তোমার ঘরে,
তোমার বলার অধিকার আছে, ‘এ জ্যোৎস্ন আমার’,
কিন্তু চাঁদনী থাকবে নিরুত্তর।
মানুষ আমি আমার চোখে চোখ রেখে
যদি বলো, ‘তুমি একান্ত আমার’, কী করে থাকব নির্বাক?
তারায় তারায় রটিয়ে দেবো, ‘আমি তোমার, তুমি আমার’।
২৩.৫.৯৪
কবিতাটিকে সম্পাদনা করেন জেমস নিজেই। সম্পাদনার পর যে গানের কথা, সুর তাল লয়ের সমন্বয়ে অন্যরকম একটি মাত্রায় পৌঁছায়। গানের লিরিক এরকম:
সুন্দরীতমা আমার
তুমি নিলীমার দিকে তাকিয়ে বলতে পারো
এই আকাশ আমার।
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখো
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বলো আমি একান্ত তোমার,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালবেসে যতো খুশি বলতে পারো এই ফুল আমার।
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছু
ফুল শুধু ছড়াবে সৌরভ লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নীরব।
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
জোছনা লুটালে তুমি অধিকার নিয়ে বলতে পারো
এই জোছনা আমার।
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো
এই চাঁদ খুঁজবে না উত্তর একবার যদি বলো আমাকে
আমি থাকবো না নির্বাক,
আমি তারায় তারায় রটিয়ে দেবো তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেবো আমি তোমার।
আমি তারায় তারায় রটিয়ে দেবো
আমি তোমার তুমি আমার।
———————
গানের কথা: কবি শামসুর রাহমানের কবিতা অবলম্বনে/ গায়ক: জেমস/ অ্যালবাম: নগর বাউল
‘দুঃখীনি দুঃখ করো না’ এলবামের দুটি গানের কথা মূলত কবিতা। একটি হচ্ছে সুস্মিতার সবুজ ওড়না এবং আরেকটি হচ্ছে লুটপাট। এছাড়াও ধুন নামক মিক্সড এলবামে চিরহরিত নামের একটি গান রয়েছে যা সুর ছাড়া পাঠ করে দেখা গেছে এতে কবিতার অনুভুতি চমক ও শিহরন রয়েছে। আসুন লিরিক তিনটি কবিতা হিসেবে পাঠ করার চেষ্টা করা যাক।
১। সুস্মিতার সবুজ ওড়না
সুস্মিতার সবুজ ওড়না উড়ে যায়।।উড়ে যায়।।
ছুঁয়ে যায় নিঝুম মফস্বলের সবুজ মাঠ,
ছুঁয়ে যায় দুখিনী মায়ের দুখিনী ললাট,
দূর আঁধারে দূর জঙ্গলে,
ঐ পাহাড়ে, ঐ সাগরে
ছুঁয়ে ছুঁয়ে চলে যায়…
বাধাহীন উড়ে যায়,
নীল আকাশ ছুঁয়ে যায়,
রাতদিন উড়ে যায়,
কাজল দিঘি ছুঁয়ে যায়,
ছুঁয়ে যায় যমুনার বুকের মলাট,
ছুঁয়ে যায় আকাশের নীল সীমানা।
পথে পথে উড়ে যায়,
সাঁওতাল ছুঁয়ে যায়,
ছোট নদী বটগাছ,
সমতট ছুঁয়ে যায়,
ছুঁয়ে যায় পথিকের পায়ে হাটা পথ,
ছুঁয়ে যায় আমার বুকের জমাট।
সুস্মিতার সবুজ ওড়না উড়ে যায়।।
উড়ে যায়।।
ছুঁয়ে যায় নিঝুম মফস্বলের সবুজ মাঠ,
ছুঁয়ে যায় দুখিনী মায়ের দুখিনী ললাট,
দূর আঁধারে দূর জঙ্গলে,
ঐ পাহাড়ে, ঐ সাগরে
উড়ে উড়ে চলে।।।।
শিল্পী: জেমস/ অ্যালবাম: দুখিনী দুঃখ করো না/ সুরকার: জেমস/ গীতিকার: দেহলভী/ বছর: ১৯৯৭
২। লুটপাট
চলতি পথে জাদুকর ভালবাসা—প্রেমিক ডাকাতের মতো—তোমাকে ছিনিয়ে নেবে
মৌসুমী বাতাসে—উড়ে যাবে ভালবাসা—হৃদয়ের চোরাপথে—তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে—তুমি চৌচির হয়ে যাবে
চোখের ইশারায়—ছুড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন
তুমি দিশেহারা হয়ে যাবে—তুমি পথহারা হয়ে যাবে
অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা
অন্তরে মাঠেঘাটে—তুমি সব বিকিয়ে দেবে
এই চোখে তাকিয়ো না—লুটপাট হয়ে যাবে
তর্জনি উচিয়ে জ্বেলে দেব—সবুজ আগুন
তুমি নজরবন্দী হয়ে যাবে—তুমি ঘুমহারা হয়ে যাবে
নিশাচর স্বপনে আততায়ী ভালবাসা—ভবঘুরে এই বুক
তোমাকে কাছে টেনে নেবে—এই চোখে তাকিয়ো না
লুটপাট হয়ে যাবে/ শিল্পী: জেমস/ অ্যালবাম: দুখিনী দুঃখ করো না/ সুরকার: জেমস/ গীতিকার: দেহলভী/ বছর: ১৯৯৭
নব্বই দশকে বাংলা কবিতায় যে সুবাতাস বয়ে যাচ্ছিল। এটা তারই প্রতিফলন। এই লিরিক দুটিকে কবিতা থেকে কোনভাবেই আলাদা করা যায় না। নব্বই দশকের কবিতায় যে রুপকল্প, দৃশ্য নির্মাণ ও অপারবাস্তবতা তৈরির প্রবণতা তা এই কবিতা দুটিতে স্পস্ট হয়ে ওঠে। যেমনঃ ‘‘সুস্মিতার সবুজ ওড়না উড়ে যায়/ ছুঁয়ে যায় নিঝুম মফস্বলের সবুজ মাঠ/ ছুঁয়ে যায় দুখিনী মায়ের দুখিনী ললাট’’ কবি এখানে প্রেমিকার ওরনাকে উড়িয়ে দিলেন। তারপর তন্ময় হয়ে দেখতে থাকলেন তা কোথায় কোথায় যায়। এইখানে কবি আশ্রয় নিলেন কল্পনার, নির্মাণ করলেন রুপকল্প আর অপারবাস্তবতা।
পরের লিরিকে, আমরা যাকে কবিতাই বলছি; বলা হচ্ছে “এই চোখে তাকিয়ো না লুটপাট হয়ে যাবে’। এরকম কথা গানের লাইন হিসেবে তো বটেই, কবিতার লাইন হিসেবেও অনবদ্য। লাইনটি নব্বই দশকে কবিতাপ্রেমীদের মুখে মুখে শোনা যেত। এই লাইনকে যে যার মত করে বুঝতে চাইলো, অনুভব করতে চাইলো। বিনোদন সাংবাদিকরা তৈরি করলেন মুখরোচক গল্প। তারা শোনাতে চাইলেন জেমস এই লাইনটি বলতে চেয়েছেন শমী কায়সারকে। তখন শমী কায়সার আর জেমসের একটি কল্পিত প্রেমের গুজব সৃষ্টি করা হয় এই লাইনটির আশ্রয়ে। আজ এই গল্প বীলিন হয়ে গেলেও, পরিনত হয়ে শিল্প ও স্মৃতিতে। এইভাবেই সমৃদ্ধ হয় শিল্প ও সাহিত্য।
৩। চিরহরিৎ
সহসাই নেমে পড়ে—অরণ্যের গভীরতা—ঘুম টুটে যায়—চোখের সবুজ রাতে যত দূর দৃষ্টি যায়—চিরহরিৎ;—চিরহরিৎ
আশাবাদী রাতের চোখে—বনানীর মুগ্ধতা—পথ হেঁটে যায়—সবুজ কার্পেট জুড়ে
যত দূর দৃষ্টি যায়—চিরহরিৎ;—চিরহরিৎ
প্রবাসী গাছের ডালে—কিছু আলোক লতা—বুকে হেঁটে যায়—মনের শেষ বাগানে
যত দূর দৃষ্টি যায়—চিরহরিৎ;—চিরহরিৎ
শিল্পীঃ জেমস/ অ্যালবামঃ ধুন (মিক্সড এ্যালবাম)/ সুরকারঃ জেমস/ গীতিকারঃ দেহলভী/ বছরঃ ১৯৯৭

উপরোক্ত লিরিকটি কতটা কবিতা এমন এক প্রশ্ন উত্থাপন করা হলে এই সময়ের একজন কবি সাদী কাউকাব বলেন, কিছু টেক্সট থাকে ১৯৫০ সালে পড়লেও মনে হয় এইতো দুয়েকবছর আগের লেখা, আবার ২০৫০ সালে পড়লেও মনে হয় এইতো দুয়েকবছর আগের লেখা। এটা ঠিক সেরকম।
কবি ও চিন্তক কাজী যুবাইর মাহমুদ জেমসের গাওয়া চিরহরিৎ গানের কাব্যময়তা প্রসংগে বলেন, সমকাল পেরিয়ে গেলেও এই ভাষা সমকালীন কাব্যভাষার জায়গা দখল করে থাকবে।
বাংলা কবিতা একশো শোয়া-শ বছর আগে যেইখানে ছিলো—রবীন্দ্রনাথ (শুধু বিঘে দুই ছিলো মোর ভুঁই আর সবই গেছে ঋণে) নজরুল (আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত) সত্যেন্দ্রনাথ দত্ত (ছিপখান তিন দাঁড়/ তিনজন মাল্লা/ চৌপর-দিনভর/ দেয় দুরপাল্লা) যতীন্দ্রমোহন বাগচী (বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই/ মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই), যোগীন্দ্রনাথ সরকার (হারাধনের দশটি ছেলে/ ঘোরে পাড়াময়/ একটি কোথা হারিয়ে গেল/ রইল বাকি নয়);—এমনকি জসীম উদদীন (আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও/ রহিমন্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও/ ‘অথবা’ ওইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে/ তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে) প্রমূখেরা বাংলা কবিতাকে যেই জায়াগাটায় নিয়ে গিয়ে বসিয়ে রেখেছিলেন—সেটা একটা ছড়া কিংবা ছড়ার মতো করে বলা গল্প-গাঁথার জায়গা। কিংবা বলা যায়— একটা গল্পকেই লাইন বাই লাইন অন্ত্যমিলের মাধ্যমে বলে দেবার কারিশমা। সস্তার পদ্য। এরপরে একজন এসে বললেন চক্ষে রকেট দিয়ে দেখিয়ে দিলেন ইহা কবিতা নয়। কবিতা অন্য ব্যাপার। তার নাম মহাত্মা জীবনানন্দ দাশ। ইনি বাংলা কবিতাকে অন্য আরেকটা সুদুর উচ্চতায়—একটা বোধের জায়গায় নিয়ে গেলেন। তিনি একইসাথে বোধ ও বোধহীনতার জনক। তিনি বোঝালেন— এই এক জাদুর কাঠি— একবার পড়েই ভুলে যাবা—তা না—আপনি বার বার এই কাঠি নাড়াচাড়া করবেন—এই কাঠি আপনাকে ঘুমাতে দেবে না।
“যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাদ
মরিবার হল তার সাধ।
বধু শুয়ে ছিল পাশে-শিশুটিও ছিল;
প্রেম ছিল, আশা ছিল জোছনায় তবু সে দেখিল
কোন্ ভূত? ঘুম কেন ভেঙে গেল তার?”
কিংবা
“যে জীবন দোয়েলের ফড়িঙয়ের মানুষের সাথে তার হয়নাকো দেখা”
অথবা
এতসব কথা যে কারণে বলা সেটা হলো—একশো বছর আগে বাংলা কবিতা যেখানে ছিল—আজ এই মুহূর্তে বাংলা কবিতা সেইখানে নাই। আজকের নাবিকেরা সেটা ক্রমাগত সমৃদ্ধ করে চলেছেন। আজকের নবাগত কবিতার সৈনিকেরা বাংলা কবিতাকে নতুন একটা পথের দিকে নিয়ে গিয়েছে। সেটা কিছুটা গদ্যকবিতার ফরম্যাটে আর কিছুটা বোধের নানান জায়গা স্পর্শ করে। এইসবকিছু ছাপিয়ে জেমসের অজস্র গানের কথাকে কবিতাই মনেহয়। আবার অজস্র কবিতার উপমার ব্যবহারে জেমসের গানই অনেকের কবিতা পাঠের তৃষ্ণা মেটায়। জেমসের গানের পরতে পরতে ছড়িয়ে আছে অজস্র কাব্যিক উপাদান।
সূফিবাদ
ফানা ও বাকাহ
সুফিবাদে ফানা মানে নিজের অহং বা ‘আমি’-সত্তার বিলুপ্তি ঘটিয়ে আল্লাহর ইচ্ছার অধীন হওয়া, আর বাকা হলো সেই বিলুপ্তির পর আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে টিকে থাকা বা তাঁর সান্নিধ্য লাভ করা; ফানা হলো আত্মবিলোপের অবস্থা এবং বাকা হলো সেই বিলুপ্তির পর আল্লাহর আলোয় আলোকিত হয়ে নতুনভাবে অস্তিত্ব লাভ করা, যা আধ্যাত্মিক পথের চূড়ান্ত লক্ষ্যগুলোর একটি।
ফানা অর্থ বিলুপ্তি, ‘মরে যাওয়া’ বা ‘নিজেকে নিঃশেষ করা’। সুফি সাধক নিজের ব্যক্তিগত ইচ্ছা, অহংবোধ ও অস্তিত্বকে আল্লাহর ইচ্ছার কাছে পুরোপুরি সঁপে দেন, যেন তিনি আল্লাহর ইচ্ছা পূরণের একটি মাধ্যম হয়ে ওঠেন। নিজের সত্তা ও সৃষ্টির মাঝে এক মৌলিক ঐক্য উপলব্ধি করা এবং আল্লাহর সঙ্গে একীভূত হওয়ার প্রয়াস।
বাকা অর্থ টিকে থাকা বা স্থায়ী হওয়া। ফানা-র পর সাধক পুনরায় নিজের সত্তা ফিরে পান, তবে তা হয় আল্লাহর সঙ্গে সংযুক্ত এবং আলোকিত অবস্থায়। আল্লাহর স্থায়ী উপস্থিতি অনুভব করা, তাঁর গুণাবলিতে নিজেকে প্রতিফলিত করা এবং সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করা, যা সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থা হিসেবে বিবেচিত।
ফানা ও বাকা একে অপরের পরিপূরক; ফানা হলো দরজা, আর বাকা হলো সেই দরজা পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে চিরস্থায়ী হওয়া।
লেইস ফিতা লেইস এ্যালবামের সাইড বি প্রথম গান হল ‘রাখে আল্লাহ মারে কে’ । এই গানের প্রথম স্তবকের কথা
“নিরানব্বই নামে তিনি
দুই ভুবনের মধ্যমণি
নিরানব্বই নামে তিনি
দুই ভুবনের মধ্যমণি
তার ইচ্ছায় বাধা দেয় কে
রাখে আল্লাহ মারে কে”
এখানে দেখা যাচ্ছে, সুফিবাদে ফানা মানে নিজের অহং বা ‘আমি’-সত্তার বিলুপ্তি ঘটিয়ে আল্লাহর ইচ্ছার অধীন হওয়ার ঘটনা রয়েছে। পুরোপুরি আল্লাহর উপর ভরসা ও আস্থার শক্ত ভিত তৈরী হয়েছে এমন অবস্থা এখানে প্রতীয়মান হয়ে ওঠে। এটি ঘটে ফানা স্তর পেরিয়ে সাধক যখন বাকা স্তরে প্রবেশ করেন তখন তার জীবনে আল্লাহর স্থায়ী উপস্থিতি এবং আল্লাহর অসীম শক্তির প্রতি আস্থাশীল হয়ে ওঠেন এবং তখন তিনি আল্লাহর নিরানব্বই নামের মহিমায় ডুব দিয়ে এক আল্লাহর অসীম শক্তির প্রতি বিশ্বাসী ও আস্থাশীল হয়ে ওঠেন।
জিকির
জিকির অর্থ স্মরণ করা। বান্দা যখন কায়মনোবাক্যে সৃষ্টিকর্তার জিকিরে লিপ্ত থাকে তখন সৃষ্টিকর্তাও বান্দার জিকির করেন।এই জিকিরের মাধ্যমেই কলব বা দিলের ময়লা দূর হয়ে কলব সতেজ ও নূরের আলোয় আলোকিত হয়ে যায়।এটাই হলো রূহের খাদ্য। খাদ্য গ্রহণ না করলে শরীর যেমন নিস্তেজ হয়ে পড়ে, শক্তি হারিয়ে ফেলে ঠিক তদ্রুপ আল্লাহর জিকির ছাড়া কলব অচল বা নিস্তেজ হয় পড়ে। শয়তানও খুব সহজে আল্লাহ বসার স্থানটিকে (কলব) তার বসবাসের স্থান বানিয়ে তার রাজত্ব শুরু করে।তাই শয়তানের কবল থেকে মুক্তি পেতে কলবকে সতেজ ও পরিচ্ছন্ন রাখতে হলে সময়মতো আল্লাহর জিকিরে নিজেকে নিয়োজিত রাখতে হবে। সুফিবাদে জিকির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে যিনি যত জিকিরে মশগুল থাকেন তিনি তত আল্লাহর নৈকট্য ও রুহানী ক্ষমতার অধিকারী হন।
রাখে আল্লাহ মারে কে গানের প্রথম লাইনেই আল্লাহর নিরানব্বই নামের মহিমা অর্থাৎ জিকিরের কথাই বলা হচ্ছে। আবার জেমসের ‘দুঃখীনি দুঃখ করো না’ ক্যাসেটে জিকির বলে একটি গান রয়েছে। এখানে মানুষের যে জিকিরের কথা বলা হচ্ছে সেটা হাশরের ময়দানের উন্মত্ত জিকির। এই প্রসঙ্গটি আনার কারণ হলো জিকিরের সময় আসলেও মানুষের এমনভাবে জিকির করা উচিত যেন এই দুনিয়া বলে কিছু নেই। থাকলেও সেই থাকা খুবই তুচ্ছ। তাই জিকিরের সঙ্গে হাশরের ময়দানের প্রসঙ্গটি সাবলীলভাবে মানিয়ে গেছে। গানের মুখে এসে বারবার বলা হচ্ছে ‘তলে তলে তল্লাটে তল্লাটে জিকির ওঠে’। আত্মাকে পবিত্র করে আল্লাহর নৈকট্য লাভ করা যায়; সুফিরা সুনির্দিষ্ট যিকির (যেমন আল্লাহর নাম জপ) করেন, যা তাদের আধ্যাত্মিক যাত্রায় ধ্যান, একাগ্রতা ও আল্লাহর ভালোবাসা গভীর করতে সাহায্য করে, যা ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ অর্জনের একটি উপায় বলে বিবেচিত হয়।
তাসাউফ
তাসাউফ হলো আধ্যাত্মিক বা আত্মিক দিক, যা আত্মশুদ্ধি, আল্লাহ্র নৈকট্য লাভ এবং নফসকে দমন করে উচ্চ নৈতিক গুণাবলি অর্জনের পথ। যার মাধ্যমে মানুষ বাহ্যিক ইবাদতের পাশাপাশি অন্তরকে পরিশুদ্ধ করে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে পারে এবং ইসলামের প্রকৃত শান্তি ও আনন্দ উপলব্ধি করতে পারে।
তাসাউফের মূল বিষয় আত্মশুদ্ধি। অন্তর থেকে খারাপ প্রবণতা দূর করে ভালো গুণাবলি স্থাপন করা। এবং ইবাদত ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আল্লাহ্র ভালোবাসা ও সান্নিধ্য অর্জন করা। তাসাউফের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নিজের পথ ও মত ধরে নিজে হেঁটে যাওয়া, অন্যের পথ ও মতের দিকে মনোনিবেশ না করা, ভুল না ধরা ও অন্য মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। লিটারেচার হিসেবে বাংলা কোরান শরীফ পাঠ করার সময় একটি লাইনে চোখ আটকালো। দেখা গেলো জেমসের একটি গানের লাইনের কিছু অংশ এবং গানের কথার মতো কথা। ‘তোমাদের ধর্ম তোমাদের কাছে আমার ধর্ম আমার কাছে’। এটি আসলে সুরা কাফিরুনের শেষ লাইন। জেমসের দুঃখীনি দুঃখ করো না এ্যালবামে একটি গান শুরু হয়েছে এরকম কয়েকটি লাইন দিয়ে। ‘তোমাদের ধর্ম তোমাদের কাছে/ আমাদের ধর্ম আমাদের কাছে/ যার যার ধর্ম তার তার কাছে’
এখানে আমরা তাসাউফের সেই স্তম্ভ খুঁজে পাই যেখানে পস্পরের মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা বলা হচ্ছে। এটি গোলযোগপূর্ণ বাকবিতণ্ডা এড়িয়ে আত্মশুদ্ধির পথের গভীরতার দিকে নিয়ে যায় মানুষকে।
আবহমান বাংলা লোকজ উপাদান
আবহমান বাংলার লোকসংস্কৃতি হলো এই অঞ্চলের সাধারণ মানুষের প্রায় এক হাজার বছরের জীবনযাত্রা, বিশ্বাস, শিল্পকলা ও ঐতিহ্যের এক প্রবহমান ধারা। এটি মূলত কৃষিভিত্তিক, প্রকৃতিকে কেন্দ্র করে আবর্তিত হয়। যেমন: লোক-উৎসব (মেলা, নবান্ন), পালা-পার্বণ, লোকগান, লোকনৃত্য, গ্রামীণ হস্তশিল্প (মাটির গয়না, নকশি কাঁথা), কৃষির অনুষঙ্গ (লাঙল, কুলা, মাথাল), এবং লোকসাহিত্য ও জীবনধারার নানা উপাদান (যেমন: অতিথি আপ্যায়নে পান-সুপারি, চা) । নদীমাতৃক বাংলাদেশের পরিবেশ ও গ্রামীণ জীবন থেকে উৎসারিত এই লোক সংস্কৃতি। এর মূল উপাদানগুলোর তাই বিভিন্ন রকম ও ধরনের।
জেমসের গানে আবহমান বাংলার লোকজ উপাদান
মন্নান মিয়ার তিতাস মলম একটি গানের নাম। এখানে একটা গ্রামীন হাটের গল্প বলা হচ্ছে। প্রতি রবিবারে এই হাট বসে। হাটের নাম তেবাড়িয়ার হাট। সেই হাটে পঁচিশ বছর ধরে এক তেঁতুল গাছের নিচে মলম বিক্রি করে মন্নান মিয়া। জেমস তার ব্যান্ড ফিলিংস’র অন্যতম গুরুত্বপূর্ণ একটি এ্যালবাম ‘নগরবাউল’এ আমাদেরকে শোনাচ্ছেন সেই গল্প। গানেগানেই বলা হচ্ছে ওষুধের গুণাগুণ। ‘গোপন ফর্মুলা আছে একটা/ দেশীয় লতাপাতা আর নির্যাস/স্বপ্নে পাওয়া কোনো ঔষধ নয়/উত্তরাধিকার সূত্রেও নয়/মান্নান মিয়ার তিতাস মলম’। এই গান একইসাথে এও বলছে এই মলমের নাম কেন তিতাস হলো সেই গল্প। তিতাসের বুকে জন্ম যে তার/নাম দিয়েছে তাই তিতাস/ দুটাকা মূল্যের এই মহা ঔষধ/হৃদয়ের ক্ষত সব করে বিনাশ /মান্নান মিয়ার তিতাস মলম। এই গানের এমনকি মলমের সবচাইতে বড় গুণ হচ্ছে এই মলম শরীরের ব্যথা সারায় না। এই মলম মনের ব্যাথা সারায়। প্রথম স্তবকে সেই কথা বলা হচ্ছে এভাবে ‘হৃদয়ের ক্ষত আছে যার যত/ মালিশ ঢেকে দেয় রক্তক্ষরণ/ দিয়ে গেছে উপশম সারাটা জীবন’।
আমরা যখন কোনো বাঙালি নারীর কথা চিন্তা করি, তখনই আমাদের সামনে যে অবয়বটি ফুটে ওঠে, সেটি হলো শাড়ি পরা এক নারীর চিত্র। সেই নারী অবশ্যই বৃদ্ধা না, ভরযুবতী। এবং গল্পের প্রয়োজনে তাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। হারাগাছের নুরজাহান হচ্ছে সেই যুবতী যে প্রতিদিন আঁকাবাঁকা মেঠোপথ ধরে হেঁটে কলসী কাঁখে হেঁটে নদীতে যায় পানি আনতে। আর হয়তো তখনই স্নান করে নদী কিংবা দীঘির জলে। এরপরে উদাস কোনো দুপুরে মায়ের দুলালি মেয়ে নুরজাহান নকশীকাঁথা বোনে। সূচ সুতা বুনতে বুনতে সে পাড়ি জমায় কোনো কোনো অলীক রাজ্যে। সাত সমুদ্দর তেরো নদী পেরিয়ে সেখানে তার জন্য পথ চেয়ে বসে আছে কোনো রাজপুত্তুর। যেন সে এলেই পংখীরাজে করে উড়াল দেবে। এই গল্প আমরা পাই জেমসের হারাগাছের নুরজাহান গানে। কোনো সন্দেহ নাই জেমস এখানে আবহমান বাংলাদেশের সেই নারীর গল্প শোনাতে চেয়েছেন যাকে চোখের পাতায় নিয়ে আবহমান গ্রামীণ যুবক প্রতিদিন ঘুমাতে যায়। নুরজাহান হয়তো সেই রাজপুত্রকে পায় না। সেই গ্রামীণ যুবকও হয়তো নুরজাহানকে পায় না। সেই বিষাদ ধ্বনিত হয় গিটারে একধরনের ব্লুজ আবহে…
বাংলাদেশের বেদে সম্প্রদায় একটি যাযাবর ইন্দো-আর্য জনগোষ্ঠী, যারা মূলত নৌকা করে নদী ও জলাশয়ে ভাসমান জীবনযাপন করে। এরা ‘জল যাযাবর’ নামেও পরিচিত। সাপ খেলা, তাবিজ-কবচ বিক্রি এবং লোকজ চিকিৎসার মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে। এবং তারা “ঠার” বা “ঠেট” নামে নিজস্ব ভাষা ব্যবহার করে। ফিলিংসের নগরবাউল এ্যালবামে নাগ নাগিনির খেলা গানে জেমস আমাদেরকে এই বেদেদের জীবনের গল্প শোনাচ্ছেন এভাবে “নাগ নাগীনির খেলা, সর্পরাজের খেলা/ বিষধর তোলে ফনা, ছোবলে বিষের জ্বালা/ বসেছে সাপের মেলা, বীণেতে সাপের খেলা/ বেদের বহর দেখো, জিপসি জীবনটা/ দেখে যা, দেখে যা, বসেছে সাপের খেলা/ দেখে যা, দেখে যা, বীণেতে সুরের খেলা” সুরে ছন্দে কথায় বেদে জীবনের গুণকীর্তন করে গেলেন জেমস এখানে। আরও বললেন তাদের প্রতিদিনের জীবনের ফিরিস্তি, কল্পনা নয়; একদমই বাস্তবের ঢঙে ‘ওরা বেচে বেড়ায় চুড়ি ফিতা হাটে-বাজারে, গ্রামে-গঞ্জে/ ওরা ভাসমান জীবনে জীবিকার তাড়নে/ হে হে ঝুড়ি ভরা সাপে ছোটাছুটি করে/ সাপুড়ে সর্দার আছে সাথে’
যাত্রা ও আবহমান বাংলার সংস্কৃতি অবিচ্ছেদ্য, যেখানে যাত্রা হলো লোকনাট্যের এক প্রাণবন্ত ধারা যা বাংলার চিরায়ত লোকসংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মানুষের জীবনবোধকে তুলে ধরে। এটি পল্লীজীবনের আনন্দ, বেদনা, সামাজিক বার্তা, ধর্মীয় গল্প এবং জাতীয় জাগরণের দর্পণ হিসেবে কাজ করে। জেমসের যাত্রা গানে আমরা দেখতে পাচ্ছি, একজন ঘোষক বলছেন ‘হৈ হৈ কান্ড রৈ রৈ ব্যাপার/ নাচে গানে মত মাতবে সবার/ চারিদিকে দর্শক করে থৈ থৈ/ নাচ দেখে গান শোনে করে হৈ চৈ’। তিনি আসলে নানান দিকে থেকে আলো ফেলে যাত্রার ঘোষণা দিচ্ছেন। কখনো আবার যাত্রার কোন একটা পালার কথা বলছেন। তিনি ‘বেদের মেয়ে জোছনা’র কথা বলছেন, ভিলেনের ভয়াল চিৎকার আর নায়িকার ক্রন্দন হাসি তামাশার কথাও বলছেন। “কদমতলীর খোলামাঠে/ যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়/ একদল ডানা কাটা পরীর সাথে/ হাজার দর্শক মেতে ওঠে/ চিৎকার করে বলে হুররে হুররে/ বেদের মেয়ে জোছনা/ বেদের মেয়ে জোছনা”। নব্বই দশকের পরেও এই ঐতিহ্য বহুদিন এই জনপদে আমাদের সংস্কৃতির একটি গভীরতর উপাদান হিসেবে আমাদের জীবনে বিরাজমান ছিল। পরে নানান কারণে এই শিল্পটি এখন আর টিকে নাই। যাত্রাশিল্পিরাও বিভিন্ন পেশায় চলে গেছেন। একদিন হয়তো পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে এই শিল্পটি, কিন্তু জেমসের এই গানটির মধ্যে থেকে যাবে যাত্রা ‘কী কেন কিভাবে’ ধরনের প্রশ্নের অনেক উত্তর।
এই গানের কম্পজিশনে আরও একটা বিষয় উপলব্ধি করা গেছে সেটা হচ্ছে এই গানে যে তাল ব্যবহার করা হয়েছে সেটা একদমই আমাদের নিজেদের তাল। দুর্গাপূজার সময় ঢোলে এই তালটিই বাজানো হয়। যাত্রা গানটি পুরোটাই জড়িয়ে আছে এই তালের উপর। এদিক থেকে দেখলে এই কাজটি আবহমান বাংলার প্রচলিত তাল থেকে রকগান তৈরির ঘটনা, যা একটি নিরীক্ষামুলক কাজ। এটি ১৯৯৬ সালে সাউন্ডটেক থেকে প্রকাশিত ফিলিংস ব্যান্ডের নগরবাউল এ্যালবামের বি পিঠের তৃতীয় গান। এই গানের কথা লিখেছেন দেহলভী আর সুর ও সংগীত করেছেন জেমস।
আমাদের জাতীয় খেলা কাবাডির স্থানীয় নাম হা-ডু-ডু। হা-ডু-ডু খেলা নিয়ে জেমসের একটি গান রয়েছে হা–ডু–ডু নামে, যেটি এই বিষয়ে একমাত্রা বাংলা গান। ‘এই টিক টিক টিক টিক টিক টিক টিক টিক/ টিক টিক টিক টিক টিক টিক টিক টিক/ ঝাপাইয়া পড়রে মর্দ ধইরা থাকো কইসা/ ছাইড়না ছাইড়না বন্ধু থাইকনাকো বইসা/ এই টিক টিক টিক টিক টিক টিক টিক টিক/ টিক টিক টিক টিক টিক টিক টিক টিক/ ঝাপাইয়া পড়রে মর্দ ধইরা থাকো কইসা/ ছাইড়না ছাইড়না বন্ধু থাইকনাকো বইসা’
এটি তার ১৯৯৯ সালের একক অ্যালবাম ‘ঠিক আছে বন্ধু’র একটি গান, যার কথা লিখেছেন মেছের মণ্ডল, লোকনাথ ও মারজুক রাসেল এবং সুর ও সংগীত করেছেন জেমস নিজে। গানটির মূল থিম হলো হাডুডু খেলার উত্তেজনা ও উদ্দীপনা, যা রক মিউজিকের সঙ্গে দারুণভাবে মিশে গেছে, এবং এর লিরিক্সে সেই খেলার প্রাণবন্ত পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে। হা ডু ডু খেলার যে ‘বোল’ সেটাই পুরো গানে বলা হয়েছে। এই খেলায় দুই পক্ষের যে টানটান উত্তেজনা, প্রতিপক্ষের প্রতি চ্যালেঞ্জ আর নিজেদের পক্ষকে উজ্জীবিত করার যে ভাষাগত প্রয়াস সেটা দারুণভাবে এসেছে। সেটা গানে বলা হচ্ছে এভাবেঃ ‘কাছা মেরে নেমে পড় ডান থেকে বাম থেকে/ কষে ধর কষে ধর ভুলে যাও ভয় ডর/ কাছা মেরে নেমে পড় ডান থেকে বাম থেকে/ কষে ধর কষে ধর ভুলে যাও ভয় ডর/ এই টিক টিক টিক টিক টিক টিক টিক টিক/ টিক টিক টিক টিক টিক টিক টিক টিক/ ঝাপাইয়া পড়রে মর্দ ধইরা থাকো কইসা’
‘টিক টিক’ শব্দে খেলার দম নেওয়া এবং ‘ঝাপাইয়া পড়রে মর্দ’ অংশটি খেলার আগ্রাসী ও প্রাণবন্ত দিকটি তুলে ধরেছে। কাছা মেরে নেমে পড়ার সংস্কৃতি আমাদের একান্ত নিজস্ব। কাছা মারতে হয় লুংগিতে, তাই এখানে অদৃশ্যভাবে লুঙ্গী আর দৃশ্যমানভাবে কাছা মেরে নেমে পড়ার প্রসঙ্গ আমাদের আবহমান বাংলার সংস্কৃতির একাধিক অনুষঙ্গের সঠিক ও বাস্তবধরমী প্রয়োগ লক্ষ করা যায়।
১৯৯৭ সালের প্রকাশিত দুঃখীনি দুঃখ করো না অ্যালবামে ‘সুলতানা বিবিয়ানা’ নামে একটা গান শুনতে পাওয়া যায়। ‘সুলতানা বিবিয়ানা’ একটি লোকজ খেলা বা ছড়ার খেলা, যা আবহমান বাংলা সংস্কৃতির অংশ, বিশেষত গ্রামীণ শৈশবের প্রতিফলন। এটি শুধু শিশুদের বিনোদনই দিতো না, বরং ‘সাহেব বাবুর বৈঠকখানা’র মতো পঙক্তির মাধ্যমে ঔপনিবেশিক শাসনামলের সামাজিক চিত্র ও গ্রামীণ জীবনযাত্রার একটি অন্ধকার দিককেও তুলে ধরতো, যা বাংলা লোকসংস্কৃতি ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়। এটি গ্রামীণ শিশুদের মধ্যে প্রচলিত একটি দলবদ্ধ খেলা, যেখানে একটি ছড়া আবৃত্তির মাধ্যমে শিশুদের সামাজিক প্রেক্ষাপট ও ইতিহাস শেখানো হতো। ছড়ার লাইনগুলো, যেমন ‘সাহেব বাবুর বৈঠকখানা’, তৎকালীন ঔপনিবেশিক শাসনের প্রভাব ও স্থানীয় জীবনের চিত্র তুলে ধরতো, যা বাংলার সাধারণ মানুষের জীবন ও সংস্কৃতিতে মিশে ছিল। এই গান আসলে হারিয়ে যাওয়া শৈশবের বয়ান। আধুনিকতার ছোঁয়ায় এখন এই খেলাটি হারিয়ে গেলেও, এটি গ্রাম বাংলার সরল শৈশব ও লোক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ধারাকে প্রতিনিধিত্ব করে। ‘সুলতানা বিবিয়ানা’ গ্রামীণ বাংলার লোকসংস্কৃতির একটি জীবন্ত উদাহরণ, যা খেলা, ছড়া, ইতিহাস ও সামাজিক বাস্তবতার এক মিশ্রণ ছাড়াও অন্যবদ্য এক রক মিউজিক হিসেবে বেজে যাবে বাংলাদেশের বাতাসে।
একহাতে একটা বড় কাঁচের বাকসো আর ঘাড়ে ছোট বড় আরও দুই একটি ব্যাগ। তাতে ‘লেইস ফিতা লেইস, চুড়ি ফিতা, রঙিন সুতা … লেইস ফিতা লেইস’। নিঃশব্দে, কোলাহলে ঈমান আলী হেঁকে বেড়ায় লেইস ফিতা লেইস! পথে পথে সে বিক্রি করে বাক্সবন্দি কিছু সৌন্দর্যের স্বপ্নসুখ! সেই ঈমান আলীকে নিয়ে আমাদের ‘লেইস ফিতা লেইস’এই কথাগুলো নব্বই দশকে বানানো ‘লেইস ফিতা লেইস’ গানটির মিউজিক ভিডিওর শুরুতেই লেখা ছিল। লেইস ফিতাওয়ালারা শুধু গ্রামে, মফস্বলেই জনপ্রিয় ছিলেন না, তারা জনপ্রিয় ছিলেন রাজধানী ঢাকাতেও। তাদের ব্যবসাও হতো বেশ। কিন্তু এখন আর সেই নব্বই দশকের সেই লেইস ফিতাওয়ালাদের আগের মতো দেখা মেলে না। শহরের যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে গেছে বাক্সবন্দি ব্যবসায়ী লেইস ফিতাওয়ালারা। তবে মফস্বল বা গ্রামের পথেও তাদের পদচারণা কদাচিৎ ঘটে। আধুনিক সভ্যতা কেড়ে নিয়েছে সেই লেইস ফিতাওয়ালাদের বিচরণ। তাই সচরাচর আর চোখে পড়ে না কাগজের কার্টনের ওপর সাদা বা লাল কাপড় পেঁচিয়ে পুঁটলি কাঁধে ঝুলিয়ে আরেক হাতে কাচের ঢাকনাওয়ালা বাক্স বহনকারী লেইস ফিতাওয়ালাদের। তবু রয়ে গেছে সেই শুভকামনা ‘এই ফিতা যার মাথায় রবে আদর সোহাগ যতন পাবে। এই ফিতা তাই জনম জনম বাইন্ধা রাখে’
হাউজি খেলা মূলত একটি পশ্চিমা লটারি ধাঁচের খেলা যা একসময় বাংলা যাত্রাপালা ও সার্কাসে বিনোদন হিসেবে প্রচলিত ছিল। বিভিন্ন কথার মায়াজালে আর নানান রসালো প্রসঙ্গের অবতারণা ঘটিয়ে একটার পর একটা সংখ্যা বলে যায় কথক। সেই নাম্বার যাদের হাতে তারাই জিতে নেয় লটারী। ‘কলার ডাকছে আল্লাহু মহান। নাম্বার ওয়ান’। বর্তমানে এটি আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখন এর স্থান দখল করেছে আধুনিক বিনোদন। একসময় সার্কাস ও যাত্রাপালায় হাউজি একটি জনপ্রিয় খেলা ছিল, যা মানুষকে বিনোদন দিত। এটি ছিল বাংলার লোকজ বিনোদনের একটি ধারা। হাউজি হারিয়ে গেছে, আজ যেন এই খেলা শুধু জেমসের গানের মাঝেই টিকে আছে। আজ কিংবা এই বছরই যে শ্রোতা জেমসের এই গানটি শুনবে, সে হয়তো প্রথমেই কিছু বুঝবে না। এটা আসলে কী! কারণ এটি তার কাছে ঠিক প্রচলিত নয়।
একই কথা প্রযোজ্য বায়োস্কোপের খেলার জন্যও। সিনেমার যুগের আগে ছিল বায়োস্কোপ, সিনেমার পরেও এটা ছিল, ঘরোয়া ভাবে। শিশুদের বা যুবক যুবতীদের জন্য। একটি কাঠের বাক্সে বেশ কয়েকটি বড় ছিদ্র করে হাত দিয়ে রিল ঘুরিয়ে ছবি দেখানো হত। আর মুখে থাকতো নানান কথা সেই ছবিকে ঘিরে। সেই কথাগুলিই জেমস তার গানে আনেন।
‘‘এই তারপরেতে দেখ ভালো
ঢাকা শহর চলে এলো
দালানকোঠা দেখা গেলো।
দালানকোঠা দেখা গেলো,
বিজলী বাতি চলে এলো,
রঙবেরঙের মানুষ এলো…
ঢাকা শহর চলে গেলো
কি চমৎকার দেখা গেলো’’
উপসংহার
এই গবেষণায় দেখা গেছে জেমসের গানে শব্দ ও উপমায় কাব্যিক উপাদান রয়েছে। এমন অনেক গান রয়েছে যা সরাসরি কবিতা কিংবা কবিতা সম্পাদনা করে গান করা হয়েছে। এছাড়াও প্রচুর পরিমাণে কাব্যিক উপমা রয়েছে তার গানে। যাত্রা, হাউজি, বায়োস্কোপ, বেদে জীবনসহ আবহমান বাংলা নানান লোকজ উপাদান নিয়ে সরাসরি গান করেছেন জেমস। এর বাইরেও বিভিন্নভাবে শেকড়ের অনুসন্ধান করার চেষ্টা করেছেন জেমস তার গানে। জেমসের গানে খুঁজে পাওয়া গেছে জিকির, ফানা ও বাকাহসহ সুফিবাদের কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই ফেনোমেনলজিক্যাল রিসার্চে জেমসের কয়েকটি সলো এ্যালবাম ও ব্যান্ড থেকে প্রকাশিত এ্যালবামের গান ও মিক্সড অ্যালবামের কিছু গানের উপর সল্প পরিসরে এবং স্বল্পমেয়াদে এই গবেষণাটি সম্পন্ন করা হয়েছে। এখানে বেশি সময় ও বাজেট সাপেক্ষে আরও বিস্তারিতভাবে গবেষণা করার অবকাশ রয়েছে।
গ্রন্থপঞ্জি, পত্র পত্রিকা, অডিও অ্যালবাম ও ডিজিটাল মিউজিক
১। তাসাউফ ও সূফিবাদ — ড. মুহাম্মদ শহীদুল্লাহ, বাংলা একাডেমী, ঢাকা, ১৯৭৪
২। বাউল দর্শন ও সূফিবাদ — উপেন্দ্রনাথ ভট্টাচার্য, ওরিয়েন্ট বুক কোম্পানী, কোলকাতা, ১৯৭৩
৩। বাংলার লোকজ সংস্কৃতি — ড. ওয়াকিল আহমেদ, গতিধারা, ঢাকা, ২০১২
৪। Folk Melody of Bangladesh — Iftekhar Anwar, alliance Francaise de Dhaka, 2004
৫। কবিতার কথা – জীবনানন্দ দাশ, সিগনেট প্রেস, কোলকাতা, ১৯৮০
৬। ‘জেল থেকে বলছি’ থেকে ‘কাল যমুনা’ পর্যন্ত বিভিন্ন ক্যাসেট কোম্পানি থেকে প্রকাশিত জেমস, নগরবাউল ও ফিলিংসের সকল অডিও ও মিক্সড অ্যালবাম
৭। ইউটিউব এ প্রাপ্ত জেমসের গাওয়া সকল বাংলা ও হিন্দি সিনেমার গান
৮। বসুন্ধরা ডিজিটাল থেকে ২০২১ সালে প্রকাশিত ডিজিটাল গান ‘সবই ভুল’৯। প্রথম আলো, ৫ নভেম্বর ২০১৮, মোবাশ্বার হাসান, পোস্ট–ডক্টরাল ফেলো, প্রাচীন ভাষা ও সংস্কৃতিতত্ত্ব বিভাগ, অসলো বিশ্ববিদ্যালয়, নরওয়ে
![]()