Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years ago

    পরিবর্তন
    —— শাহ্ কামাল

    তামাটে শরীরের নোনা গন্ধ সবাই শুনতে পায়, নিমেষে, সহজেই, অবাধে
    ভেতরের নক্ষত্র ঝল ঝল করে জ্বলে ধপ করে নিভে গেলে তার শব্দ কেউ কী শুনতে পায়?

    আজকাল শরীরের লেনদেন বড্ডো সহজ, রুচির বদলে বদলে যায় মগজের বোঝা
    ক্ষণিকের ক্লান্ত-সফেদ অনুভূতি শ্রান্তি চায় যেভাবেই হোক

    ভোরের যাত্রীরা থেমে নেই, চলছে অবিরাম যাত্রা দূর পথে অজানায়, অনন্তপুর
    সুখ কী আর সস্তায় বিকোয়? হয়ত কচকচা টাকা অথবা দেহের জোরে কোমরের তাগদে

    পছন্দ কিংবা মনের পারাপারে এখন জীবনের হিসেব মিলে না খসড়ায়
    শিরা-ধমনীর দগ্ধ চিতায় বোধের বিসর্জনে কত মন দেউলিয়া হয় পরকীয়ার নিলামে
    ঘুমোট বিবেক আবছা আলোয় ভুলে যায় রাত আর দিনের তফাৎ

    দেহের চাওয়ার কাছে মনের চাওয়া পরাজিত হয় কাছে আর দূরের ব্যবধানে,
    ভালবাসা আর মোহের বাজারে বিশ্বাস বড়ো সস্তায় বিকিকিনি হয়; সময়, অসময়ে

    নর্তকীর দহলিজে খদ্দেরের আনাগোনা কম, একেকটা শরীর এখন নর্তকীর বালাখানা
    জীবনের জলসা ঘরে হতাশার গর্ভবতী কিছু আহত প্রাণ নিঃশব্দে ঝরে যায়

    কয়েক ফোঁটা নোনতা জলের অত্যাচার অথবা তৃপ্তিতে কেউ কেউ হয়ে যায় প্রাক্তন
    কেউ আবার তাসবীহর দানা গুনে ভুলে অ-পাওয়ার বেদনা, তার শুধু হৃদয় পোড়ে চাপা যন্ত্রণার রোষে

    সুখ পেতে পেতে ডাস্টবিনে জমে যায় দু’দেহের ব্যবধান অথবা প্রণয়ের অবশিষ্ট,
    শরীরের ভাষার কাছে আজকাল মনের দাবির স্মারকলিপি অসহায়, মূল্যহীন

    হিসেবে হিসেবে চামড়ার ভাঁজ ঢিলে হলে পরে মনের ভাঁজে আর মিল ধরে না
    চোখের জল নাবে নীরবে, বোধের পঞ্জিকায় নিথর স্মৃতির লাশ অপেক্ষায় থাকে চিতা অথবা দাফনের যাত্রী হয়ে
    মনের চন্দন গড়া হৃৎপিন্ডের পোড়া গন্ধ বাস ছাড়ে না, শেষ করে দেয় দেহ, আস্ত একটা শরীরে বাস করা আগামী….

    7
    6 Comments
Skip to toolbar