-
পোড়োবাড়ির_রহস্য
পর্ব_নয়পাখির কিচির-মিচির শব্দে তালহার ঘুম ভেঙ্গে গেল। সবে সকাল হচ্ছে। এখনও অন্ধকার কাটেনি। একটা বদ্ধ ঘরে তাকে রাখা হয়েছে। উঠে দাড়াল তালহা। একটা মাত্র জানালা আছে তাও আটকানো। ফাঁকফোকর দিয়ে বাইরের যে কিঞ্চিৎ আলো ঘরে এসে পড়েছে তাতে সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। ঘরটার চারিদিকে দেওয়াল থাকলেও সামনের দিকের সম্পূর্ণটাই লোহার গ্রিল দিয়ে ঘেরা। কয়েদখানার মত করে বানানোর চেষ্টা করা হয়েছে। এখানে কেমন করে আসলো সে, মনে করার চেষ্টা করলো। কিছুক্ষণ চিন্তা করার পর তার সব মনে পড়ে গেল।
গতকাল পোড়োবাড়িতে আয়না কাম দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পড়ে তালহা। একটা সুরঙ্গের মত রাস্তা ধরে যেইনা সামনে এগোতে যায় তখনই কিছু একটার সাথে ধাক্কা লেগে জ্ঞান হারায় তারপর আর কিছু মনে নেই। সেতো পোড়োবাড়িতে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু এই জায়াগাটাকে কোনভাবেই পোড়োবাড়ি মনে হচ্ছে না।
জানালাটার কাছে গিয়ে দাড়ালো তালহা। ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করেও কোন সুরাহা করতে পারলোনা সে। চারিদিকে চোখ ঘুরিয়ে বের হওয়ার উপকরণ খুজতে লাগলো সে। গায়ের সব শক্তি দিয়েও খোলা সম্ভব হলোনা। তবুও চেষ্টা করে যেতে লাগল সে। যখন দেখল কোন মতেই আর জানালা খোলা সম্ভব না, তখন চারিদিকে চোখ ঘুরিয়ে অন্য উপায় খুঁজতে লাগলো। জানালার থেকে বেশ উপরে একটা ঘুলঘুলি চোখ পড়লো। একজন মানুষের বের হওয়ার জন্য ঘুলঘুলিটা বেশ বড়। কিন্তু ঘুলঘুলি নাগাল পেতে উঁচু কোন টুল বা চেয়ারের সাহায্য নিতে হবে। ঘরে তেমন কোন আসবাব নেই যার সাহায্য সে ঐ পর্যন্ত পৌঁছাবে। চারিদিকে চোখ বুলাতে লাগলো তালহা যদি কোন উপায় বের করা যায়। নাহ্ কোন কিছুই খুজে পাওয়া গেলনা। উপায়ান্ত না দেখে হতাশ হয়ে মেঝেতে বসে পড়লো তালহা। কয়েক মিনিট বসে আবার উঠে পড়লো সে। ঘরের চারপাশে আবারও চোখ বুলাতে লাগলো। নাহ্ এবারও কিছু চোখে পড়লো না। হঠাৎ ঘরের সাথে লাগোয়া ওয়াশরুমের কথা মনে পড়তেই তালহার চোখ চকচক করে উঠল। বিলম্ব না করে ওয়াশরুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তালহা। ওয়াশরুমের জানালাটা বেশ বড়। কমোডের উপর উঠে অনায়াশেই জানালাটার কাছে চলে যাওয়া যাবে। কমোডে এক পা রেখেছে জানালা ধরবে বলে আর তখনই ধরাম করে শব্দ হল। তালহা বুঝতে পারল, কেউ একজন ঘরের দরজাটা খুলে ভেতরে কেউ প্রবেশ করেছে। তড়িঘড়ি করে নীচে নেমে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসল তালহা।
দরজাটা খোলার কারণে বাইরের আলো এসে ঘরটাতে প্রবেশ করলো। সেই আলোয় লোকটাকে দেখতে পেল তালহা। লোকটার দিকে তাকিয়ে তাকে মনে করার চেষ্টা করলো তালহা। কিন্তু লোকটাকে আগে দেখেছে কিনা সে ব্যাপারে কিছুই মনে করতে পারলোনা সে।
লোকটা তার একদম কাছে চলে এসেছে। একটা হাত তালহার ঘাড়ে রেখে বলল, কি হে ধরা পড়ে গেলে? চল তোমাকে স্যার নিয়ে যেতে বলেছে।
ঠিক আছে চলুন। কিন্তু তার আগে একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছিনা আমাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে কেন?
বুঝবে বুঝবে, দুই চারটা বেতের ঘা পিঠে পড়লে তখন ঠিকই বুঝতে পারবে। এখন আমার সাথে আসো। তালহাকে নিয়ে সেই ঘর থকে বের হয়ে গেল লোকটা। একটা গলি ধরে তারা এগোতে লাগলো। দেওয়ালের দুই পাশে নানারকম বাতি লাগিয়ে জায়গাটি আলোকিত করে রাখা হয়েছে। লম্বা গলিটা পেরিয়ে তাকে একটা ঘরে নিয়ে আসল লোকটা। এই ঘরে দুইটা বড় বড় জানালা আছে। জানালা দুইটাই খুলে রাখা হয়েছে বলে বাইরের আলো এসে পড়েছে ঘরটাতে। বাইরের দিকে তাকিয়ে জায়গাটা চেনার চেষ্ঠা করে ব্যর্থ হল তালহা। তালহাকে বসিয়ে রেখে লোকটা সেই যে গেছে আর আসার নাম নেই। তালহা সুযোগটা কাজে লাগাতে চাইলো। জানালাগুলোতে ঘিজিমিজি গ্রিল দেওয়া আছে। সেখান দিয়ে বের হওয়া একদমই অসম্ভব। কিন্তু যে করেই তাকে বের হওয়ার পথ বের করতে হবে। এভাবে ধরা পড়ে থাকলে তার আর গোয়েন্দা হওয়া হবেনা। হঠাৎ যায়িদ আর মুসায়েবের কথ মনে পড়ল তার। নিজের মাথায় নিজেই একটা চাটি মারলো। কীভাবে ওদের দুজনের কথা ভুলে থাকলো ও। আচ্ছা ওরা দুজনও ধরা পরেনিতো? ওদের কোন বিপদ হয়নিতো? মুসাটা মাঝে মাঝে যে পাগলামী করে তাতে যায়িদ ওকে ঠিকমত সামলাতে পারবেতো? দুজনে ঝগড়া করবে, না সমস্যার সমাধান করবে?
রহস্যের কোন সমাধান করতে পারলে?
মোটা গলায় করা প্রশ্নটা শুনে ধ্যান ভেঙ্গে গেল তালহার। খুব কাছ থেকে কণ্ঠটা শুনলেও রুমের মধ্যে কাউকে দেখতে পেলোনা সে। এই যে ক্ষুদে গোয়েন্দা, এদিকে তাকাও। আবার কণ্ঠটা অনুসরণ করে সামনে তাকালো। না এবারও কাউকে দেখলো না। তালহা বুঝতে পারলো লোকটা অন্য রুম থেকে তার সাথে কথা বলছে। ঠিক সেই মুহুর্তে রুমের এক কোণে লাগানো ক্যামেরাটা দেখতে পেল তালহা। বুঝতে বাকি নেই তার, লোকটা অন্য কোন ঘরে বসে তাকে পর্যবেক্ষণ করছে আর তার সাথে কথা বলছে। শোন, লোকটা আবার বলা শুরু করলো। তোমরা বাচ্চা বাচ্চা ছেলে। যদি নিজেদের কোন ক্ষতি করতে না চাও তবে ঐ বাড়িটার ব্যাপারে আগ্রহটা কমাও। ওটা যেমন আছে তেমন থাকুক। তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আমি চাইনা তোমাদেরকে নিয়ে তোমাদের বাবা মায়েরা যে স্বপ্ন দেখেছে তা শেষ হয়ে যাক। আমি তাদের বুক খালি করতে চাইনা। আমার লোকেরা………
লোকটা কথাটা শেষ করতে পারলোনা তার আগেই তালহা বলে উঠল, ঐ বাড়ির সাথে আপনার কি সম্পর্ক?
আগ্রহ থাকা ভালো, তবে সেটা বেশি হলে বিপজ্জনক।
কিন্তু এই বাড়িটা নিয়ে আগ্রহী মানুষের অভাব নেই। আর আমিও মনে করি বাড়িটা রহস্য খুব শীঘ্রই বের করা উচিৎ। বাড়িটার আসল মালিক কে? কে বাড়িটাতে এরকম ভূতুড়ে পরিবেশ তৈরি করেছে? এরকম হাজারটা প্রশ্নের উত্তর পেতে হলে বাড়িটাতে যাওয়া খুবই জরুরী। কিন্তু আমি বুঝতে পারছিনা একাজে বাঁধা দিয়ে আপনার কি লাভ?
সেটা তোমাকে না জানলেও হবে। তোমাকে আমার লোকেরা চোখ বেঁধে এখান থেকে বের করে তোমার বাসার আশেপাশে রেখে আসবে। মনে রাখবে তোমাদের সবকিছুই আমাদের নখদর্পনে। বাড়ি গিয়ে মন দিয়ে লেখাপড়া করবে। আর কখনও এমুখো হবেনা।
আমার বন্ধুদের কোথায় রেখেছেন? কিছুটা ক্রোধের সাথে প্রশ্নটা করলো তালহা।
তোমাদের বন্ধুদের কোন খবর আমার কাছে নেই। তুমি ভেতরে ঢোকার সাহস দেখিয়েছো তাই ধরা পড়েছো। ওরা বুদ্ধিমান, তাই হয়তো বাড়ি ফিরে গেছে।
কিছুক্ষণ পরে একটা লোক এসে একটা মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিল। তারপর তার হাত ধরে কোথাও নিয়ে যেতে লাগলো। তালহা বুঝতে পারলো এভাবে চোখ বেঁধে নিয়ে গেলে সে জায়গাটা চিনে যেতে পারবেনা। আর জায়গাটা না চিনতে না পারলে পরে আসতে পারবেনা। কিন্তু জায়গাটা চিনে রাখা তার জন্য জরুরী। তাকে জানতে হবে কে এই লোক? কেনইবা সে তাদেরকে পোড়োবাড়িতে ঢুকতে নিষেধ করছে? চোখ বাঁধা থাকায় তালহা বুঝতে পারছেনা ঠিক কতজন লোক তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে। একজন তাকে শক্ত হাতে টেনে নিয়ে যাচ্ছে। তার সাথে আর কেউ আছে কিনা বোঝা যাচ্ছেনা। তবে তালহার মন বলছে আর কেউ নাই তাদের সাথে। যদি থাকতো তাহলে তারা নিশ্চয় নিজেদের মধ্যে কথা বলতো। তারপরও নিশ্চিত হওয়ার জন্য লোকটাকে উদ্দেশ্য করে বলল, আমারনা খুব ক্ষুধা পেয়েছে। তালহার সত্যিই ক্ষুধা লেগেছিল কারণ গতকাল সন্ধ্যায় বাসা থেকে খেয়ে বের হওয়ার পর পেটে আর কিছু পড়েনি।
হঠাৎ তালহার এমন আবদারে লোকটা থমকে গেল। কথাটা শুনে অবাক হলেও পরক্ষণেই তার মনে হলো ছেলেটার ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। কাল সন্ধ্যায় ওকে ধরে আনার পর থেকে এখনও পর্যন্ত খাবারতো দূরে থাক এক গ্লাস পানিও দেওয়া হয়নি। এখন সকাল দশটা। ছেলেটার যে ক্ষুধা লেগেছে সেটা খুবই স্বাভাবিক। লিটন নিজেও ক্ষুধা অনুভব করছে। কিন্তু এখানে আশেপাশে কোন হোটেল নেই যে সেখান থেকে ওরা খাবারটা খাবে। ওকে চুপ থাকতে দেখে তালহা বললো আপনার নামটা কি জানতে পারি?
বসের দেওয়া নিয়ম ভুলে গেছে লিটন। তাছাড়া ভাবল নাম বললে কিই বা হবে? কোনকিছু না ভেবে বলল, আমার নাম লিটন।
তালহা বলল, বাহ্ বেশতো নামটা। আচ্ছা আমাকে কি একটু পানি খাওয়ানো যাবে। তেষ্টায় প্রাণ যায় যায় অবস্থা।
লিটন কি বলবে বুঝতে পারলো না। লিটনকে চুপ থাকতে দেখে তালহা বলল, কি ব্যাপার লিটন সাহেব আপনি চুপ হয়ে আছেন যে? আপনাদের বস কি আমাকে পানি খাওয়াতেও নিষেধ করেছে। ঠিক আছে দরকার নেই চলেন। লিটন আবারও তালহাকে নিয়ে হাটতে শুরু করলো।
বুঝছেন লিটন সাহেব, একটা বিষয় ভেবে আমি খুব মজা পাচ্ছি।
লিটনকে পাঠানোর সময় তার বস বারবার করে বলে দিয়েছে ছেলেটা কিন্তু খুব চালাক। ওর সাথে বেশি কথা বললেই ও তোমার মুখ থেকে কথা বের করে নিবে।
লিটনকে চুপ থাকতে দেখে তালহা আবার বলল, শুনবেন না কি বিষয়ে মজা পাচ্ছি? লিটনকে তবুও চুপ থাকতে দেখে তালহা বলল, ঠিক আছে আপনাকে কিছু বলতে হবেনা, আপনি শুধু শুনুন। সবাই বক্তা হলে শ্রোতা হবে কে? কারো না কারোর তো শ্রোতা হতে হবে। এখানে আমি বক্তা আর আপনি শ্রোতা। আজকে আমার একটা দারুন অনুভূতি হচ্ছে তা হল আমার মনে হচ্ছে আমি একজন অন্ধ মানুষ আর আপনি আমার পথ প্রদর্শক। আচ্ছা আমরা কত দূর এসেছি? আচ্ছা এখন কয়টা বাজে? লিটন সাহেব আপনি কি ঘড়ি পড়ে এসেছেন? ঘড়ি না থাকলেও রোদের তেজ অনুভব করে আমার মনে হচ্ছে এখন সকাল এগারোটা কি বারোটা হবে, তাই না? আচ্ছা এতো বেলা হয়েছে রাস্তায় কোন গাড়ি বা পথচারীর আওয়াজ পাওয়া যাচ্ছেনা কেন? শহরে কি হরতাল চলছে নাকি? তালহা ইচ্ছা করে অনবরতঃ কথা বলে যাচ্ছিল যাতে লোকটা দিশেহারা হয়ে রেগে যায়। তার জীবনে সে এতো কথা একসাথে বলেছে কিনা সন্দেহ।
তালহার কথার তোপে মাথা ধরে গেছে লিটনের। ছেলেটাকে একটা কষে ধমক দেওয়া দরকার।
কিছুক্ষণ থেমে তালহা আবার বলল, আচ্ছা আমার মনে হচ্ছে আমরা অনেক খানি পথ হেটে ফেলেছি। আমার ভীষন পা ব্যাথা করছে। তালহাকে লোকালয় দিয়ে নিয়ে যেতে নিষেধ করেছে। তাই পেছনের জঙ্গল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বড় রাস্তায় গাড়ি অপেক্ষা করছে। ওখানে পৌছালে তালহাকে গাড়িতে উঠিয়ে তবে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। কিন্তু সেসব কথা ছেলেটাকে বলা যাবেনা। তালহা আবার কথা বলতে শুরু করল। আচ্ছা লিটন ভাই এটা কোন জায়গা?
লিটন এবার বিরক্ত হয়ে বলল, তুমি এতো কথা বল কেন? এবার থামো, আর একটা কথাও বলবেনা।
আসলে আমার কৌতূহল অনেক বেশি। আর তাছাড়া আমি যেখানে যাই সেই জায়গাটা খুটে খুটে দেখি। আল্লাহ্র সৃষ্টি খুঁটে খুঁটে দেখি, উপলব্ধি করি আর ঈমান বৃদ্ধি করি। আল্লাহ্ বলেছে বোদ্ধারা তার সৃষ্টির রহস্য খুঁজে তাঁর দিকে ঝুঁকে আর বুদ্ধুরা অহমিকা দেখিয়ে তাঁর থেকে দূরে সরে যায়। আচ্ছা লিটন ভাই আপনি নামাজ পড়েন?
লিটন এবার ক্ষেপে গিয়ে বলল, চুপ, আর একটাও কথা বলবেনা।
না বলছিলাম কি আমার মনে হচ্ছে আপনি অনৈতিক কাজে জড়িয়ে গেছেন। এর থেকে বের হতে চাইলে নামাজ পড়েন। নিশ্চয় বের হতে পারবেন। কারণ আল্লাহ্ বলেছে, ‘ নিশ্চয় নামাজ মানুষকে সকল পাপ কাজ থেকে বিরত রাখে।
হঠাৎ লিটনের ভেতরে অপরাধবোধ জেগে উঠলো। ও আসলে এ কাজ করতে চায়নি। অভাবে পড়ে কাজের খোঁজে বের হয়ে একটা চাকরির বিজ্ঞাপন দেখে এখানে আসলে তাকে এই কাজ করতে বলা হয়। এখানে একবার ঢুকলে আর বের হওয়া যায়না। লাশ হয়ে বের হতে হবে। তারা বড় রাস্তার একদম কাছে চলে এসেছে। লিটন মুখটা শক্ত করে তালহাকে গাড়িতে উঠিয়ে দিল।
চলবে1 Comment
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Morsalin Islam Shouradip
@morsalinshouradip
জাস্রা জুমান
@nmafin4gmil-com
Hijbullah hiju
@hijbullah
মোঃ রিদওয়ান আল হাসান
@mridwanalhasan
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam



গল্পের মোড় ঘুরতে শুরু করেছে! লিখে যান লেখকপ্রিয়! শুভ কামনা রইল!