-
অ্যারোপ্লেন ও আমি
মারজান সুলতানাছোটবেলা থেকেই উড়ন্ত প্লেন দেখতে আমার অন্যরকম ভালো লাগে। আকাশে প্লেন উড়ার ঘড়ঘড় শব্দ শুনলেই এক ধরনের চাপা উত্তেজনা কাজ করতো। অন্য সব বাচ্চার মতো যেখানেই থাকতাম এই শব্দ শুনলেই লাফিয়ে চলে আসতাম প্লেন দেখার জন্য। হয়তো খাবার খাচ্ছি, খেলা করছি, গোসল করছি, পড়াশোনা করছি—কোনো কিছুই আমাকে রুখতে পারত না। পরীক্ষার হলে কী লিখে এসেছি দেখার জন্য আব্বু স্কুলের প্রশ্নে বাড়িতে আবার পরীক্ষা নিতেন, সেই সময়ও প্লেন উড়ে যাওয়ার শব্দ কানে গেলে একদৌড়ে বাইরে চলে যেতাম।
কখনো প্লেন দেখতে পেতাম, কখনো আকাশে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে যেত কিন্তু প্লেন মেঘের ভেতর দিয়ে চলে যাওয়ায় আর দেখতে পেতাম না। এই ছুটে গিয়েও প্লেন না দেখার জন্য যে কী কষ্ট লাগতো! কখনো এমন হতো যে, প্লেনের আওয়াজ লক্ষ্য করে দেখতে পাওয়ার আশায় দলবেঁধে মাঠে-ঘাটে ছুটে গিয়েছি আর বাড়ি ফিরে এসে আম্মুর বকা খেয়েছি।
হেলিকপ্টারগুলো বেশিরভাগ সময় তুলনামূলক আকাশের কম উঁচুতে ওড়ে। নিচ থেকে এগুলো বেশ স্পষ্টভাবে দেখা যায়। ছোটবেলায় সবসময় মনে হতো যেন আরেকটু বড় হলে ঘরের চালে দাঁড়ালেই ওটা ধরতে পারবো!
এত বড় বড় জিনিস আকাশে কীভাবে উড়ে যাচ্ছে এটি ছিল বড় বিস্ময়ের বিষয়। নিচে থাকা আমাকে প্লেন থেকে কেমন দেখায় তাও খুব জানতে ইচ্ছা করতো। আর এগুলো চালায় কারা, এতে চড়ে কারা, কীভাবে চড়তে হয়, চালকরা এত বিশাল আকাশে দিক কীভাবে নির্ণয় করে, আমিও কবে এতে চড়তে পারব—এসব নিয়ে খুব ভাবতাম।
রাতের আকাশে প্লেন উড়ার দৃশ্য সবচেয়ে সুন্দর। বিশেষ করে গ্রামাঞ্চলে, ঘুঁটঘুঁটে অন্ধকার আকাশে একবিন্দু আলো ছুটে চলে যাচ্ছে। ছোটবেলায় রাতে যখন প্লেন উড়তে দেখতাম বা যখন শব্দ শুনেও প্লেন দেখতে পেতাম না এটিকে আমরা বলতাম ‘চোরাপ্লেন’। ভাবতাম এগুলো ভর্তি ডাকাত-টাকাত থাকবে এবং চোরাই মালামাল থাকবে, তাই হয়ত দেখা যাচ্ছে না। হাস্যকর ব্যাপার যে, এটি ভেবে আমরা তখন ভয়ও পেতাম। এমনকি চোরাপ্লেন মানুষ তুলে নিয়ে যায় বলে পরস্পরকে ভয় দেখাতাম! বড়রাও ঘুমানোর জন্য বা খাওয়ার জন্য এগুলো বলে ভয় দেখাতেন।
ছোটবেলার মতো এখনো আমার প্লেন দেখার প্রতি প্রবল আকর্ষণ কাজ করে। আকাশে প্লেনের আওয়াজ শুনলেই দেখতে ইচ্ছা করে। এখনো ভাবি—কখন প্লেনের স্পর্শ পাব, প্লেনের ডানায় ভর করে মুক্ত আকাশে উড়াল দেব!
4 Comments
Friends
Rayhan-Akanda
@rayhan-akanda
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md. Habibur Rahman
@habib
Drako Shajib
@drako
Shohanur Rahman
@shohan051
Faisal-Habib
@faisal-habib
Md.Al Amin
@inshaallah



সুন্দর স্মৃতি কথন! প্লেন নিয়ে এখনো আমার বিস্ময়ের সীমা নাই! খুব ইচ্ছে করে প্লেনে চড়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াই। চোরাপ্লেনের বিষয়টি ভালো লাগলো! আশা করি আরো পড়তে পাব। শুভেচ্ছা নেবেন!