Profile Photo

মোস্তাফিজুর রহমান রেমন্ডOffline

  • Raymond
  • নীলের তিলোত্তমা
    মোস্তাফিজুর রহমান রেমন্ড
    ———///////////////////—-
    হ্যালোঃ
    হ্যালোঃ
    কে বলছেন?
    আপনি কে?
    এত রাতে ফোন করেছেন
    আবার জিজ্ঞেস করা হচ্ছে
    কে বলছেন?
    তিলোত্তমা, আমি —-
    কে তিলোত্তমা?
    এখানে কোন তিলোত্তমা থাকেনা
    কিন্তু আমিতো সেই নামেই ডাকতাম
    তুমিও আমার মুখে তিলোত্তমা ডাক শুনে
    তোমার টোলপড়া চিবুকের সেই মিষ্টি হাসি দিয়ে
    হৃদয়ে যেই ঝড় তুলতে তা কি ভোলা যায়?
    আপনি, আপনি রং নাম্বারে ফোন করেছেন
    আর কখনো এই নাম্বারে ফোন করবেন না।
    রং নাম্বার!
    হ্যাঁ তুমিতো তাই বলবে।
    আজ তুমি রাইট নাম্বারে আছ,
    শুনেছি তোমার গাড়ির দাম নাকি কোটি টাকা
    প্রায় ৩/৪ টা সিকুরিটি পার হয়ে
    তোমার বাসার গেইট পেরোতে হয়
    তাও সবার কপালে জুটে না
    আমি অবশ্য সেই গেইট পেরোবার চেষ্টা করিনি
    কারণ আমার মতো মানুষ
    তোমার সুখের আকাশে মেঘ হতে চাইনে
    অনেকদিন তোমার কণ্ঠ শুনিনি
    তাই….
    তাই আমার সুখের জীবনে বিষ ছড়াতে চাও?
    আমি খুব সুখে আছি, খুব বেশি সুখে…
    দয়া করে পাগলামি করবে না নীল
    আমি সত্যিই ভুলে যেতে চাই সেই অতীত
    আমি আমার বর্তমান নিয়ে খুব ভালো আছি
    যতটা ভালো থাকলে মানুষ অতীত ভুলে যেতে পারে।
    নীল?
    কতকাল পর এই নাম কানে বাজলো তিলোত্তমা
    কি সুন্দর করে কাঁপা গলায়
    তুমি আমাকে এ নামে ডাকতে
    আর আমার মনে হতো
    আকাশের নীল যেন সত্যিই আমায় ছেয়ে নিয়েছে।
    তিলোত্তমা?
    কী?
    আজ শেষবারের মতো একটা জিনিস চাইব
    বল দেবে?
    আমার কী দেবার মত কিছু আছে?
    আর থাকলেই বা কেন দিব, বলতে পার?
    হ্যাঁ আছে।
    ভোর হতে আর মাত্র ১ ঘণ্টা বাকী
    আমি তোমার কাছে আজকের ভোরটা চাই।
    না না, তোমাকে আসতে বলছিনে
    শুধু ফোনটা রেখোনা
    আর শেষবারের মতো আমার প্রিয় গানটা শোনাবে
    কৃষ্ণচূড়ার ফুল বিছানো ঘাসের ওপর বসে
    হাতে হাত রেখে যে গান শুনে
    আমার চোখে জল আসতো
    আর তুমি সেই জল তোমার আঁচল দিয়ে
    খুব আলতো করে মুছে দিতে
    সেই গানটা একবার শোনাবে তিলোত্তমা?
    আর কেন দিবে?
    যে কারণে তুমি আমাকে নীল বলে ডাকতে
    সেই কারণেই আজকের ভোরবেলাটা আমাকে দিবে
    আমি জানালা দিয়ে শিশির ভেজা ঘাস দেখবো
    আর তোমার গান শুনতে শুনতে ঘুমিয়ে যাবো
    আর কখনো তোমাকে ফোন করে বিরক্ত করবো না।
    ঠিক আছে,
    তবে এই কিন্তু শেষবার
    কারণ যেদিন তুমি আমাকে বললে
    তোমায় যেন ভুলে যাই সেদিন থেকে আমি
    আর গান গাই না…
    যখন পড়বে না মোর পায়ের চিহ্ন…..
    নীল? নীল?
    কথা বলো
    কি হলো?
    তুমি কি আজও কাঁদছো?
    রুপা, আমি নীলের ডাক্তার বলছি
    ও আর কাঁদবে না,
    তোমার কাছে আর কোন ভোর চাইবে না
    তোমার সুখে থাকার কথা জেনে সে আজ
    পরম সুখে চোখ বুজেছে।
    মরনব্যাধি ক্যান্সার আজ তোমার নীলকে
    আকাশের বুকে টেনে নিয়েছে।
    তুমি রুপা হয়েও নীলের তিলোত্তমা নাম থেকে
    রেহাই পেলেনা।

    8
    4 Comments

Friends

Skip to toolbar