Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • Profile picture of প্রদীপ্ত লুব্ধক

    আমিও কৃতজ্ঞ হতে চেয়েছি, তবু
    মাঝে মাঝে এই পাঁক থেকে
    রকেটের মত ফুঁড়ে উড়ে বের হতে ইচ্ছা করে।
    মাঝে মাঝে অদম্য ইচ্ছা হয় গা ঝাড়া দিয়ে
    আজন্মলালিত বিচারের বর্জ্য ছুড়ে ফেলে দিতে।
    গগনবিদারী চিৎকারে সবকিছু ভেঙে
    চুরমার করার মত বিদ্বেষ জাগে,
    যখন জন্মান্ধ শিশুর কান্না ঢেকে যায়
    শত কোটি কৃতজ্ঞতার উচ্ছ্বাসে।
    আমিও কৃতজ্ঞ হতেই চেয়েছিলাম,
    চেয়েছিলাম আত্মস্বার্থমগ্নতায় একাগ্র হতে, কিন্তু
    আমিতো দেখেছি পাখির বাসায়
    মৃত ছানাদের বন্ধ চোখ-
    জানালার কার্নিশে রক্তমেখে নিথর পড়ে থাকা
    ছোট্ট বিড়ালের কচি মুখ,
    রাতগভীরে বজ্রপাতের ক্ষণিক ঝলকে দেখেছি
    নর্দমার জলে মুখ গুঁজে মরা কোন পিঠ।
    রাজপথের ডিভাইডারের রাবিশে
    নেশাশক্ত বালকের উর্ধ্বমুখী পা।
    তাইতো চোখ বন্ধ করতে চেয়েছি।
    তারপর শুনেছি,
    ছাদ থেকে ছুঁড়ে ফেলার পর
    ডোবার জলে ফুলে ভেসে ওঠা কুকুরছানার কথা,
    হাড়কাঁপানো শৈত্যপ্রবাহের রাতে
    রেললাইনের ধারের নগ্ন শিশুর ঘুমের কথা।
    ভোরবেলার প্রাচীরকোণে হঠাৎ পাওয়া
    কোন ক্ষতবিক্ষত বোবা বালিকার কথা।
    তাইতো কান বন্ধ করতে চেয়েছি।
    তখন অসাম্যের উত্তর পেয়েছি কর্মবাদের ধারণায়।
    বর্ণবৈষম্য, লিঙ্গবৈষম্য, শ্রেণীবৈষম্য বুঝতে
    আশ্রয় নিয়েছি জন্মান্তরবাদের।
    কিছু প্রদত্ত অপ্রতিসাম্যের অঙ্কও
    মিলে গেছে পরকালের প্রবোধে।
    তবু কার ইচ্ছায় রক্তচোষারা বুদ্ধিভ্রষ্ট হয় বুঝিনি।
    যারা অভুক্ত শিশুকে পঙ্গু করে
    তার ভিক্ষার্জিত গ্রাস ছিনিয়ে নিল,
    যারা বাস্তুহারা অসুস্থ মায়ের বুক থেকে
    স্তন্যপায়ী শিশু কেড়ে নিয়ে গেল
    ঘুমের ওষুধ খাইয়ে ব্যাবসা করবে বলে,
    যারা সদ্য হাঁটতে শেখা শিশুকে
    খাবারের লোভ দেখিয়ে তুলে নিয়ে গেল
    নরখাদকদের কাছে বেচবে বলে,
    তাদের কর্মগুলো স্বাধীন ক্রিয়া
    নাকি প্রতিক্রিয়া তার ব্যাখ্যা পাইনি ।
    শুধু শুনেছি, সুখের কোলে জন্ম হলে
    কৃতজ্ঞ হতে হবে।
    মহিমান্বিত করতে হবে
    পক্ষপাতদুষ্ট এই পরীক্ষাক্ষেত্রকে।
    যদি লটারিতে জিতে জন্ম হয়
    বিচিত্র এই বাস্তুসংস্থানে,
    প্রাপ্য সুখের যোগ্য হলেও কৃতজ্ঞ হতে হবে।
    কিছুদিন পর নিষ্পাপ হয়ে জন্ম নেওয়া যে শিশুরা
    চিরকালের মত ঘুমাবে কোন ভাগাড়ের আশ্রয়ে,
    নিজেদের জন্ম, মৃত্যু, নামকরণ কিছুতেই
    যাদের ইচ্ছাপোষণের অধিকার ছিল না
    তাদেরও কৃতজ্ঞ হতে হবে ।
    অন্ধকার তলানীকে ধামাচাপা দিয়ে ,
    প্রশ্নহীন প্রশংসায় বিভোর হয়ে,
    সব পরস্থিতিতে নিষ্ক্রিয়তা মেনে নিয়ে,
    আলোর প্রশংসায় উল্লাস করতে হবে।
    আমাদের শুধু কৃতজ্ঞ হতে হবে ।

    5
    2 Comments
    • অন্ধকার তলানীকে ধামাচাপা দিয়ে ,
      প্রশ্নহীন প্রশংসায় বিভোর হয়ে,
      সব পরস্থিতিতে নিষ্ক্রিয়তা মেনে নিয়ে,
      আলোর প্রশংসায় উল্লাস করতে হবে।
      আমাদের শুধু কৃতজ্ঞ হতে হবে । ভীষণ ভালো লেগেছে ! যেন জীবনের সত্য কে কাব্যরূপে পড়ছিলাম !

Skip to toolbar