Profile Photo

লবঙ্গ লতিকাOffline

  • Md.-Russel-Miah
  • Profile picture of লবঙ্গ লতিকা

    লবঙ্গ লতিকা

    1 year, 9 months ago

    ‘কেমন আছো তুমি?’

    আমাদের বিরহের বহুবছর পর আমাকে জানতে চাইলে- কেমন আছো তুমি? সত্যি বলতে, তোমাকে না পাওয়ার সকরুণ বেদনা, তোমার সাথে অনিচ্ছুক বিচ্ছেদ, কতশত মিথ্যে প্রতিশ্রুতি- সব কিছুকে যখন একটু একটু করে সময়ের মলাটে মুড়িয়ে দিবো বলে খসড়া ভাবনায় ছিলাম সেই সময় তোমার এমন প্রশ্ন আমার ঘন-গভীর বেদনাকে কেবল মলাট নয়, একেবারে প্রচ্ছদশূন্য করে দিলো, উদোম করে দিল আমার বহুদিনের চেপে রাখা বেদনার আব্রু। তোমার চলে যাওয়ার দিন হতে ‘কেমন আছো তুমি’ প্রশ্নের দিন পর্যন্ত অনুভূতিতে যতটা কষ্ট জমে ছিল সব কষ্টেরা যেন দ্বিগুণ হলো তোমার সামাজিকতা রক্ষার প্রশ্নে- কেমন আছো তুমি? আমার রোজকার বেদনা কেবলই তোমাকে ঘিরে এবং সেই বেদনার ব্ল্যাকহোল আরো যেন প্রসারিত হলো তুমি যখন জানতে চাইলে- কেমন আছো তুমি?

    অন্য অন্য প্রেমিকেরা, ব্যর্থ প্রেমিকেরা, হয়তো প্রেমিকাদেরও কেউ কেউ, ‘কেমন আছো তুমি’- বহুদিনের পুরনো প্রাক্তনের এমন প্রশ্নে বাঁধভাঙ্গা আনন্দে আপ্লুত হতে পারে। কিন্তু আমি পারিনি। বরং বেদনায় ভারে ভেঙে পড়েছিলাম তোমার চাবুক প্রশ্নে- কেমন আছো তুমি?

    আমাদের তো কথা ছিল চোখের গায়ে চোখ হয়ে থাকার, শরীরের পাড়ে শরীর, কপাট বন্ধ মনের ঘরে দুইয়ের ভেতর দুই। দিন-রাত-বছরের তিনশ’ পঁয়ষট্টি দিন, অধিবর্ষে আরোও একদিন, একসাথে বাঁচবো দুজন, তারপর মরে যাব একসাথে, বৃদ্ধ হয়ে অথবা অসময়ে অবৃদ্ধ বেলায়।

    অষ্টপ্রহর দুই যখন দুইকে জুড়ে থাকবো, মনে মনে, শরীরে শরীরে, শরীরে-মনে, তখন ‘কেমন আছো তুমি’ এই প্রশ্নের সুযোগ কোথায় বলো? নিশিদিন এক হয়ে থাকা বর-বধুদের কে কবে জানতে চেয়েছে- কেমন আছো তুমি?

    আমরা বড়জোর একে অন্যকে এই প্রশ্ন-ই করতে পারতাম- এখন কেমন লাগছে? সেটা কেবল কেউ যদি অসুখে পড়তাম অথবা কোন নতুন জায়গায়, নতুন কোন সুখকর দৃশ্যে, অথবা কোন একটা ভালোলাগার উপহার হাতে তুলে দিয়ে এমন বলা যেত- ভালো লেগেছে?

    আমাদের জীবন মেলেনি ভুল অঙ্কে, তাই এমন প্রশ্নের সুযোগ তোমার মিললো- কেমন আছো তুমি? আর তোমার অবুঝ প্রশ্নে বহুদিন পর আমার বেদনা সাগরের নীল জলে প্লাবিত হলো কাজল চোখের দু-কূল।

    শেষটায় বলি, তোমাকে ছেড়ে কেমন থাকি, কেমন আছি- কিছুই তোমার অজানা নয়। তাই, আমাদের দুই হাতে এক হতে না পারার দুঃখকে তুমি আর জাগিয়ো না। এমন প্রশ্ন তোলা থাক অন্য অন্য ব্যর্থ প্রেমিক অথবা প্রেমিকাদের জন্য। তুমি বরং এই-ই বলো- আমি আছি অনেক ভালো।

    আমার মন্দ থাকার ভীষণ অসুখ কেবল যে তোমার ভালো থাকায় সারে!

    3
    2 Comments
Skip to toolbar