Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • “বিষণ্ণতার অন্ধকার”

    আকাশ ও মাটির মধ্যবর্তী কোন স্থানে থাকে
    ছোট এক টুকরো জমাট বাধা অন্ধকার ।
    সেখানে থাকে কোন অস্পৃশ্য শিশুর বিষণ্ণতা।
    অবজ্ঞা ও উপহাসে কুঁকড়ে যাওয়া
    দুর্বল শিশুর বিষণ্ণতা।
    হীনমন্যতায় আত্মগোপন করা
    নিরাশ শিশুর বিষণ্ণতা।
    ঘরপোড়া গরুর দিকে চেয়ে থাকা
    অবরুদ্ধ শিশুর বিষণ্ণতা।

    স্রোতের বিপরীতে ভাবনা ভাবার তাগিদে
    যুগেযুগে সেই অন্ধকার গাঢ় হয়।
    জীবনব্যাপী কুড়ানো ক্ষুদ্রক্ষুদ্র উপহাসে
    অন্ধকার মেঘ ঘনীভূত হয়।
    আত্মবিশ্বাসহীনতা ঊর্ধ্বমুখে চেয়ে থাকে
    নেতৃত্ব দিতে পারা গর্বিত স্বত্তাগুলোর দিকে ।
    আত্মবিশ্বাস যেখানে অঙ্কুরেই মরে গেছে
    সময়ের আগেই সে মন বৃদ্ধ হয়ে যায়।
    সূর্যের আলোকে তার মিথ্যে মনে হয়।
    বিরল কোন গ্রহণযোগ্যতা , ছোট কোন স্বীকৃতি
    কখনও বা কৃতজ্ঞ কৃতার্থ করে ক্ষণিকের তরে
    বিচারের ভুলে অযোগ্যের ভুল প্রাপ্তি মনে হয় ।
    অনুকরন অনুসরণ নয়, প্রতিযোগিতা নয়,
    কেন এ ব্যতিক্রম? যখন প্রশ্ন ওঠে –
    অসুস্থ মানসিকতার জন্ম হয়,
    বাস্তববর্জিত স্বপ্ন ও একাকিত্তে ক্লান্ত হয়।

    হঠাৎ কোন তুচ্ছ সংবেদনশীলতায়
    দপ করে জ্বলে ওঠে চেপে রাখা প্রতিক্রিয়াশীলতা ।
    বিপ্লবীর মত বিস্ফোরিত হতে চায় –
    আবার নিস্প্রভ হয়ে যায় কোন দর্পের সামনে ,
    বস্তুগত করুণা প্রদর্শনে নতমুখী হয় পুনরায়।
    অসম্পূর্ণ বাড়ির মত, পূর্ণের মাঝে শূন্যের মত
    আজীবন প্রথিত থাকে ঘৃণিত লজ্জিতের অন্ধকার শেকড় ।
    কোন কোন অসহায় মুহূর্তে প্রকট হয়ে ওঠে
    গভীরে লুকানো সেই বিষণ্ণতার অন্ধকার ।
    যা থেকে পালানো যায় না।
    প্রকট হয়ে ওঠে-
    পুরোনো এক অস্পৃশ্যতার অনুভব ।

    4
    2 Comments
Skip to toolbar