-
বারবার বিষাদ বেছে নেব ।
নীলাভ গ্রহের এই বায়ুমন্ডলে যতদিন আছি,
হাস্যজ্জ্বল পদ্য থেকে বিষাদ বেছে নেব।
পঞ্চমাত্রিক ইন্দ্রধনু থেকে বিষাদ বেছে নেব।
চিরহরিৎ বৃক্ষরা ঝলমল করবে চিরদিনই।
অরুণমুগ্ধ অপরাহ্নে আমার সাদা মেঘের বাড়ি
স্বর্ণাভ হয়ে উঠবে চিরদিনই।
তবু সারাক্ষণ ঝরা পালকের মত
মেঘের চাতালে বসে শুধু বিশ্রাম নেব ।
তুষার তুফান যাই আসুক মর্ত্যে,
পবিত্র আলোয় উদ্ভাসিত বিশালতা থেকে
বারবার বিষাদ বেছে নেব।রাতভোরের হাওয়া থেকে বিষাদ বেছে নেব ।
নিভৃতচারী শিশির হয়ে নেমে আসব কদাচিৎ।
ঘুমন্ত নীড়ের রুদ্ধ দুয়ার থেকে
বিমূর্ত বিষাদতরঙ্গ কুড়িয়ে নেব।
অপেক্ষার সমাধি রচনা করে রেখে
সঙ্গোপনে সরে যাব দূরে।
সরে যাব পার্বত্য প্রস্তরগাত্রে
সিঞ্চিত হিমবাষ্পে বিষাদের পরশ বুলাতে।
সে অশ্রুবাষ্প বিন্দু বিন্দু করে গড়াবে অনন্তকাল,
কালের সীমানা ভেঙে সেখানে
ব্যথার শিলালিপি খোদিত হবে বলে
গৈরিক পাষাণের প্রেমাঞ্জলি থেকে
বারবার বিষাদ বেছে নেব।অশেষের শুভাশীষ থেকে
বারবার বিষাদ বেছে নেব।
বনবাসের বিদগ্ধ লেখনী থেকে
হৃদয় নিঙড়ে রক্ত হয়ে ঝরব।
সে লেখনীর রেখা বয়ে যাবে
বিষাদিত উপত্যকার ধারায়।
বইতে বইতে রঞ্জিত হয়ে উঠবে
বেদনার্ত মহাকাব্যের পলির পরত ।
সেই রক্তিম পান্ডুলিপি অমর করে তুলতে
সাময়িক সসীমতার শিরচ্ছেদ করে
স্তরে স্তরে বিষাদ বেছে নেব।
যদি ধুম্রশলাকার আগুনে পুড়ে
ভস্ম হয় বুনো গোলাপের ঝাঁড়,
সে ভস্ম বুকে নিয়ে আবার
মেঘের আড়ালে ফিরে যাব।
দূর বারান্দা থেকে মিউজের বেশে দেখব।
পূর্ণতার ডানা থেকে অভিলাষ উপড়ে
বারবার বিষাদ বেছে নেব।4 Comments
Friends
abrar
@abrar
rabiul. islam
@rabiul-islam
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Abdullah Al Mamun
@mamun23
মিশকাত হোসাইন হিশাম
@hisham
রনি মাহালী (শুভ্র)
@ronymohali32gmail-com
Sajjad Hosen
@sajjadhosen
Md. Mahmudur Reza
@md-mahmudurreza
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel


পূর্ণতার ভিড়ে একাকীত্বের এক মহিমান্বিত জয়গান; বিষাদ এখানে নিছক অনুভূতি নয়, বরং এক অমর শিল্প।