Profile Photo

জাকারিয়া'র কবিতা সমগ্রOffline

  • 13acf29554d9819d8746e9792c3aa03d
  • মাঝি কি নৌকা চালাতে পারে?
    শেখ একেএম জাকারিয়া

    নদী বয়ে যায়
    দূর থেকে দূরে
    বর্ষার জলে ফুলে ওঠে
    দুই তীরের বুক।

    কালো মেঘ জমে আকাশে
    বৃষ্টি নামে অবিরাম
    নৌকায় বসে যাত্রীরা
    চেয়ে থাকে মাঝির মুখে।

    মাঝি হাতে বৈঠা আছে
    তবু নৌকা থেমে থেমে চলে
    কখনো স্রোতে টেনে নেয়
    কখনো ঘুরে যায়
    অচেনা কোনো বাঁকে।
    কেউ বলে
    ঘরে খাবার নেই

    কেউ বলে
    কাজ নেই

    কেউ বলে
    নিরাপদ কোনো ঘাট
    কোথাও কি আছে?

    মাঝি বলে
    স্রোত বড় প্রবল
    নদী বড় উত্তাল
    সময় বড় কঠিন।

    কিন্তু যাত্রীরা জানে
    স্রোতকে দোষ দিলে
    নৌকা এগোয় না

    বৃষ্টিকে দোষ দিলে
    বৈঠা শক্ত হয় না

    নৌকা যখন বারবার
    দিক হারাতে থাকে
    তখন প্রশ্ন ওঠে
    মাঝির দিকে।

    বৈঠা কার হাতে
    দিকনির্দেশনা কার কাছে
    আর গন্তব্যে পৌঁছানোর
    দায়িত্বই বা কার?

    একদিন যদি নৌকা ডুবে যায়
    তখন শুধু নদীর বিচার হবে না

    বিচার হবে বৈঠার
    বিচার হবে মাঝির

    কেন নৌকা ভুল পথে গেল
    কেন যাত্রীরা নিরাপদে ঘাটে পৌঁছালো না
    সেই প্রশ্নেরও বিচার হবে।

    কারণ নৌকা যাঁর হাতে
    যাত্রীরা তাঁর ওপরই
    ভরসা রাখে।

    নদী এখনো বয়ে চলে
    বৃষ্টি এখনও নামে
    স্রোত এখনো বহমান
    যাত্রীরা এখনও অপেক্ষায়
    কোন তীরে ভিড়বে নৌকা।

    শুধু একটি প্রশ্ন
    বর্ষার বাতাসে ভেসে আসে

    মাঝি কি সত্যিই
    পথ হারিয়েছে

    নাকি
    নৌকার দিকটাই
    ইচ্ছা করে বদলে দিয়েছে?

    6
    6 Comments
    • জাকারিয়া’র কবিতা সমগ্র, আপনার লেখাটা খুব গভীর আর সমসাময়িক অনেক কিছুর প্রতিফলন মনে হলো। আপনার কি মনে হয়, মাঝির এই দিশাহীন যাত্রার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে?

    • কবিতার আড়ালে রাষ্ট্র পরিচালনা ও নেতৃত্বের এক তীক্ষ্ণ রাজনৈতিক-সামাজিক ভাষ্য খুঁজে পেলাম কবি, একিসাথ বাংলা কবিতার এক পরিচিত ঐতিহ্যকে নিপুণ হাতে বুনেছেন ঠিক আমার প্রিয় পল্লীকবী জসীমউদ্দীন এর মত! আমরা সবাই যদি কবিতার মত সহজ হতাম, সবাই সূহৃদ হয়ে শব্দ আর ছন্দের মত গড়ে তুলতাম একটা স্বপনের মত সুন্দর, স্বপ্নিল ভুবন!

    • স্রোতকে দোষ না দিয়ে মাঝির ভূমিকা দেখতে হবে—খুব সত্যি কথা!

    • আপনার এই রচনায় বর্ষার নদী ও মাঝির অনিশ্চিত যাত্রার রূপকটি জীবনসংগ্রামের গভীরতাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং যাত্রীদের আশা-আকাঙ্ক্ষার এই দোলাচল পাঠকের মনে এক বিশেষ ভাবনার জন্ম দেয়, তাই আপনার লেখনি এভাবেই নিরন্তর চলতে থাকুক।

    • অভিনন্দন! মঙ্গল হোক আপনার।

Skip to toolbar