-
আমার হারানো ধ্রুবতারা,
যা হারিয়ে যায় তা আর ফেরে না।হারানো সময়,হারানো মানুষ,হারানো আনন্দ সবই কালের গর্ভে লীন হয়ে যায়।আমরা যতদিন এই পৃথিবীতে থাকি ততদিন কিছু ভাল আর খারাপ স্মৃতি নিয়ে বেঁচে থাকি।এক একটা হঠাৎ আসা মৃত্যুর খবর আমাদের সাময়িক উদাস করে দেয়।হয়তো সে আমাদের কেউ না,আবার হয়তো অনেক আপন! সে মৃত্যুর সংবাদে মনে হয় চিরতরে সবকিছু ছেড়ে চলে গেল একটা মানুষ।এই পৃথিবীর আলো হাওয়া সব ছেড়ে কোথায় যে গেল কেউ জানিনা।শুধু কল্পনা করি এক অন্ধকার জগতের।অজানা জগতের।সকলকেই তো চলে যেতে হবে।যে যাওয়ার আগাম খবর কেউ পাব না।বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল।পরিচিত কিছুই আর দেখতে পাবনা আমিও একদিন।ছুঁতে পারব না অনেক ভালবাসার মানুষকগুলোকে।এ কেমন নিয়ম কে জানে!
হঠাৎ মনে হল ঐ অন্ধকারের মাঝে চারদিক আলো করেই তো আমার ধ্রুবতারা লুকিয়ে আছে।তাহলে ঐ দূর আকাশের বুকে চলে গেলে হয়তো অনেক কাছ থেকে ধ্রুবতারা কে দেখতে পাব।সব দুঃখের অবসান ঘটিয়ে যদি চলে যাই ধ্রুবতারার কাছে?সে কি ফিরিয়ে দেবে আমাকে?সেদিন ও কি অন্য তারাদের নিয়ে মেতে থাকবে?এইসব ভাবতে-ভাবতে দেখলাম আজ ধ্রুবতারা আর লুকোচুরি খেলছে না। উদাস চোখে তাকিয়ে আছে আমার দিকে।মনে হল ধ্রুবতারার চোখে জল চিক্ চিক্ করছে।কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখের কোণ বেয়ে।আমি হাত বাড়িয়ে মুছিয়ে দিলাম।আহা! মুক্তোর মতো মূল্যবান কয়েকবিন্দু অশ্রু।আমার ধ্রুবতারার চোখে জল!
বললাম-
” ধ্রুবতারা তোমার চোখে জল কেন?”
ধ্রুবতারা তার সেই গম্ভীর গলাটা যথাসম্ভব নরম করে বলল-
”তুমি মনে করো তোমার একারই যত কষ্ট তাই না?তুমি কিছুই জানোনা।এই যে দূর থেকে তোমার মান অভিমান দেখি,তোমার দুঃখ সাগরে সাঁতার দেওয়া দেখি।সেসব দেখে আমার এতো দূর থেকে কতটা কষ্ট হয় ভেবেছো কখনও?আকাশের দায়িত্ব আমার কাঁধে, তাই তো মাটির বুকে নেমে যেতে পারিনা।তাই ছুঁতে পারিনা তোমাকে প্রত্যহ।যখন তুমি ঘুমিয়ে পড়ো তখন এক ফাঁকে জানলা দিয়ে আমার আদুরে আলো তোমার মুখে মাখিয়ে দিয়ে যাই চুপি- চুপি।আমারও তো ইচ্ছে হয় তোমার কাছেই আজীবন থাকি গভীর আদরে!কিন্তু আকাশের তারাকে যে মাটিতে নেমে আসতে নেই।আবার মাটি ছেড়ে তোমাকেও আকাশের বুকে চিরতরে চলে আসতে নেই।এসব নিয়মবিরুদ্ধ।আকাশের কাছে গেলে আর যে মাটি তোমাকে জায়গা দেবে না।তাই তো এই দূরত্ব।আমার সে কষ্টের তুমি কি বুঝবে?”
আমি সত্যিই কিছু বুঝলাম না।ধ্রুবতারা কে তো সবাই চায় এতে তো অন্যায় কিছু নেই!মনে হল ধ্রুবতারা যেন বলছে-
”সবাই ধ্রুবতারা কে চায়।ধ্রুবতারার আলো চায় সৌন্দর্য চায়, নাম চায়, খ্যাতি চায়।ধ্রুবতারার মন কজন চায়?ধ্রুবতারা কাকে চায় সে কথা কে ভাবে?কেউনা!”
কোন অকারণ দুঃখে আমার দুচোখে জলের ধারা নামল জানিনা।আসলে ধ্রুবতারা তো আমাদের না পাওয়া আশা আকাঙ্খার প্রতীক।আমাদের সব হারানো স্বপ্নের চিলেকোঠা ঘর।আমাদের আলোছায়া কার্নিশে পড়া একচিলতে সুখের রোদ।সেইই তো আমাদের মনের মানুষ।তবু-
”আমার হয়েও আর হইল না।
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচাসোনা।
তারে ধরি ধরি মনে করি
ধরতে গেলেম আর পেলেম না।”তাই তো কেবলই তাকে ছুঁতে চাওয়ার বাসনা।যতই বাসনা প্রবল হয় ধ্রুবতারা আরো দূরে চলে যায়।কিছুতেই পাওয়া হয় না।এই না পাওয়া কে পাওয়ার বাসনাতেই আমাদের অনন্ত যাত্রা।
মনে- মনে গভীর করে বললাম -‘
‘আমি এ জন্ম, অন্য জন্ম, আগামী সমস্ত জন্মে তোমাকেই যে চাই ধ্রুবতারা।তোমার মনটা যে আমি বুঝি।আমার মনেই তুমি থেকো এমন করে।দূর থেকে ভালোবেসো।গভীর ঘুমের মাঝে তোমার আদুরে আলোর স্পর্শ দিও মাঝে-মাঝে।আর তো কিছু চাই না।”
”তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা।”ইতি
আমার আমি।3 Comments
Friends
মো আসিফ মাহমুদ
@asif
Nayra tasin
@nayra
Sabbir Shuvo
@sabbir-shuvo
D K MAHANTA
@dkmahanta01718942602
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
হাবিবুল্লাহ
@habibulla
আব্দুল্লাহ
@g-m-abdulah
সাইমূম ইভান
@syed-symoom-anjum-evan
__ariyan__
@ariyan


যা কিছু হারায়…।