-
ক্যাপ্টেন মাহিন ও ছাতা ম্যান
পর্ব-২ঃ বোম্বার ম্যান
————————————————————————-১.
শহর জুড়ে এক নতুন আতংকের নাম বোম্বার ম্যান। শহরের জনসাধারণের ব্যবহারের জন্য যে সকল লোকাল বাস রয়েছে সেই বাসগুলোতেই নাকি তার দেখা পাওয়া যায়। প্রচন্ড ভিড় বাসগুলোয় চড়ে বোমা দেখিয়ে আতংক ছড়াচ্ছে এই বোম্বার ম্যান। এক প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিচ্ছে চ্যানেল গুজব।
প্রতিদিনের মত প্রচন্ড ভিড় ঠেলে সেদিনও একদম পিছনে গিয়ে দাঁড়াই। পেছনের সিটের একদম মাঝখানে বসা একলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে হাসছিল। দেখতে বেশ ফিটফাট। দেখলে মনে হয় বড় কোন অফিসার, গাড়ি নষ্ট তাই বাসে করে বাড়ি ফিরছেন। আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার সাথে কি আমার আগের পরিচয় আছে? লোকটা মাথা নেড়ে উত্তর দিল “না”। আমি আবার প্রশ্ন করলাম তাইলে আমারে দেখে হাসতাছেন যে? কিছু কি বলবেন?
লোকটা খুব শান্তভাবে বলল, “জ্বী ভাইজান। আপনারে বেশ বুদ্ধিমান মনে হইতাসে। তাই আপনারে একটা কথা বলতে চাই।” আমি জানতে চাইলাম বিষয়টা কি?
সে বলল, আমার ব্যাগে একটা বোমা আছে। চাপ লাগলেই ফাটবো।
আমি বললাম, ভাই মজা নেয়ার জন্য কি এই পুরা বাসে আমারেই পাইসেন?
“জ্বী না ভাই, এই দ্যাখেন!” বলেই ব্যাগ খুলে লোকটা একটা আজব জিনিস দেখালো আমারে। ছোট্ট একটা জিনিস বিভিন্ন রঙের তারে পেচানো আবার লাল নিল বাত্তি জ্বলতাসে।
জিনিসটা দেখতেই গলাটা শুকায়া গেল আমার। আশেপাশের মানুষ দেখার সাথে সাথেই তো চিৎকার চেচামেচি করতে করতে চলন্ত বাসের জানলা দিয়া লাফ দিল।
লোকটা তখন ঝাঁঝালো গলায় সবাইরে শান্ত হইতে বলল। নাইলে সে ঐ বাস তখুনি উড়ায় দেয়।
আরো বলল, “তার নাকি চিৎকার চেচামেচি একবারে অপছন্দ।”
সবাই শান্ত হলে লোকটা আবার বলতে শুরু করলো, “এই বোমটা শুধুমাত্র চাপ লাগলেই ফাটবে। এখন সে এই ভিড় ঠেলে বাস থেকে নামতে গেলে যদি তার ব্যাগে চাপ লাগে সেটা সম্পূর্ণ তার অনিচ্ছাকৃত। তাই যারা বাঁচতে চায় তারা যদি একটু সু-শৃংখল হয়ে দাঁড়ায় তাহলে হয়ত এই যাত্রায় বেঁচে যেতে পারে।”
পরের স্ট্যান্ডে বাস থামতেই সু-শৃংখল মানুষগুলো আবার বিশৃঙ্খল হয়ে যে যার মত ছুটতে লাগলো। মুহুর্তেই প্রচন্ড ভীড় বাসটা খালি হয়ে গেল। অন্যদিকে যারা দৌড়ে এসেছিলো বাসে ওঠার জন্য তারা সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল গেটের কাছে।
আমি তখনো বাসের ভেতর দাঁড়িয়ে।
লোকটা আমায় বলল, “সিট তো সব খালি হয়ে গেল। এবার আরাম করে বসে বাড়ি যান।” এই বলে সে শিষ দিতে দিতে বাস থেকে নেমে গেল।শহর জুড়ে এই ঘটনাই প্রথম ও শেষ নয়। বিচ্ছিন্নভাবে আরো কয়েকটা বাসে কয়েকদিনের ব্যবধানে এমন ঘটনা আরো ঘটেছে। এর মধ্যেই দেশের সকল আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে শহরের বিভিন্ন বাস স্টান্ডে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা আরো জোরদার করেছে।
তবুও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি চ্যানেল গুজব থেকে আমি আজব।২.
ছাতা ম্যানের বেশ কিছুদিন থেকে খুব মন খারাপ। কেন মন খারাপ এই বিষয়ে ছাতা ম্যান নিজেও কিছু জানেনা। তার প্রায়শই এমন হয় তখন তার ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে।
ছাতা ম্যান উড়তে জানেনা তাই বাসে করে ঘুরে বেড়ায়। আজ সে এক দূরগামী বাসে উঠে পড়েছে। শহর ছেড়ে অনেকটা পথ যাবার পর টিকেট চেকার যখন জানতে পারল ছাতা ম্যানের কাছে টিকিট ও টাকা কোনটাই নাই তখন তাকে সাথে সাথে বাস থেকে নামিয়ে দিল নিশ্চুপ আঁধারে ছেয়ে যাওয়া এক বনের মাঝখানে।
জনশূন্য অরণ্যের মাঝে ছাতা ম্যান বেশ উপভোগ করতে লাগলো তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। আকাশে বেশ বড় একটা নিঃসঙ্গ চাঁদ। চাঁদের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে ছাতা ম্যান জঙ্গলের আরো গভীরে ঢুকে পড়ল। উদ্ভ্রান্তের মত হাঁটতে হাঁটতে ছাতা ম্যান একটা বিশাল নদী খুঁজে পেল। চাঁদের আলোয় ঝলমল করছে নদীর পানি, চোখ ধাঁধিয়ে গেলো ছাতা ম্যানের। চোখ বুজে বুক ভরে নিঃশ্বাস নিতে নিতে কখন জানি ছাতা ম্যান তার ছাতা দুটো মেলে ধরল দুই হাতে। শনশন শব্দে উত্তাল হয়ে উঠল বন, তখনো চোখ বন্ধ করে ছাতা ম্যান। বাতাসের তীব্র বেগ ছাতা ম্যানের ধরে রাখা ছাতায় এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো। ছাতা ম্যানকে লাটিমের মত ঘুরাতে ঘুরাতে শূন্যে তুলে নিল বাতাস।ছাতা ম্যান বাতাসের স্রোতে ভেসে চলল। বাতাসের এমন বেগ যে ছাতা ম্যান তার ছাতা নিয়ে শূন্যের উপর কয়েকবার প্লটি-পাল্টি খেয়ে আবার তাল সামলে নিয়ে উড়তে লাগলো। ছাতা ম্যানের ভয় কাটতে শুরু করেছে। সে এখন নাম না জানা নদীর উপর দিয়ে উড়ে চলেছে। ছাতা ম্যানের জানা ছিলনা শহরের এত কাছ দিয়ে এমন প্রশস্ত নদী বয়ে চলেছে। ছাতা ম্যানের দু-চোখ অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছে ক্রমশ। মাঝে মাঝে জোনাক পোকার মত দূর হাইওয়ে দিয়ে গাড়িগুলো দ্রুত চলে যাচ্ছে আরো দূরে।
ছাতা ম্যান’ও উড়তে উড়তে দূরে সরে যাচ্ছে নদী থেকে। আচমকা হাওয়া বদল হল, বাতাসের ঝাপটায় ছাতা ম্যানের নাকে দুর্গন্ধ এসে ঠেকল। কেমন যেন দুর্গন্ধে ভারী হয়ে উঠলো চারপাশ। ছাতা ম্যান ক্রমশ নিচের দিকে নামতে শুরু করল আর সাথে আবার কয়েক পাক পল্টি দিয়ে গড়িয়ে পড়ল নদীর গায়ে লাগোয়া ময়লার ভাগাড়ে। ময়লা-আবর্জনায় মাখামাখি হয়ে ছাতা ম্যান আবার বাতাসের তোড়ে ভেসে চলল। এইবার বাতাস শহরমুখী বইতে লাগলো ছাতা ম্যানকে সাথে নিয়ে। ছাতা ম্যান খুব করে চাইছে বাতাস তার দিক বদলে উল্টো পথ ধরুক। তাকে নিয়ে যাক কোন স্বচ্ছ শ্যামল গায়ে, যেখানে সে কোনো এক শান্ত নদীর ধারে গাছের ছায়ায় নিশ্চল হয়ে সারাদিন শুয়ে থাকবে।
বাতাস বা নিয়তি যেটাই বলি, ছাতা ম্যানের মনের কথা শুনলনা। আসলে এই পৃথিবীতে মনের মত কিছুই হয় না। মনটা যে এই পৃথিবীর’ই না। উড়তে উড়তে ছাতা ম্যান এবার একটা মান কচু ভর্তি ট্রাকে গিয়ে পড়ল। সাথে সাথে ছাতা দুখানা বন্ধ করে ছাতা ম্যান চুপচাপ বসে রইল ট্রাকে। ট্রাক বাতাসের থেকেও দ্রুত গতিতে ছুটে চলেছে শহরের মধ্যপ্রান্তে।৩.
বোম্বার ম্যান অনেকদিন থেকেই এক যুগান্তকারী আবিষ্কারের নেশায় মরিয়া হয়ে দীর্ঘদিন ধরে তার ল্যাবে গবেষণা চালিয়ে যাচ্ছে। সে তার শরীরকে একটা শক্তিশালী বোম্বে রূপান্তর করতে চায়। যে বোম্ব ফেটে গিয়ে সব নিশ্চিহ্ন করে দিতে পারবে আবার সে তার ইচ্ছানুযায়ী ধ্বংসাত্মকের পরিমাণ নির্ধারন করতে পারবে। এছাড়া, বিস্ফোরণের পর তার বিচ্ছিন্ন শরীর যেন সে আবার নতুন করে ফিরে পায়, তার শরীরের প্রতিটি কোষ, রক্তকনিকা, এটমগুলো এক সাথে হয়ে আবার যেন তার শরীর আগের অবস্থায় ফিরে আসে যেমন আমরা সিনেমায় দেখে থাকি। এমন এক বোম্ব আবিষ্কার করতে চায় সে। ব্যাগে করে বোম্ব নিয়ে ঘোরা ফেরা করা আগে থেকে রিস্কি হয়ে গ্যাছে। শহরের সব জায়গায় আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার হয়ে গ্যাছে। সেই দিনতো গন ধোলাইর হাত থেকে একটুর জন্য রক্ষা পেয়েছে সে। তার গবেষণা অনেক দূর এগিয়েছে। সফলতা খুব কাছে তা সে বুঝতে পারছে। এবং তারপর এই শহরকে সে তার মনের মত করে সাজাবে।
৪.
সত্যের আজ চাকরীর প্রথম দিন। অনেক কাঠ-খড় পুড়িয়ে সে এই চাকরীটা পেয়েছে। তার জীবনের প্রথম চাকরী তাই ভীষণ ব্যস্ততা নিয়ে সে ঘর থেকে বেড়িয়েছে। জ্যাম ঠেলে অফিসের কাছে আসতে আসতে জয়েনিং টাইম থেকে ৫ মিনিট বেশী চলে গ্যাছে। তার শার্ট বেশ টাইট ফিটিং হওয়ায় ঘামে পিঠের সাথে বার জড়িয়ে যাচ্ছে আর ক্রমাগত তার অস্বস্তি বেড়ে চলেছে। তীব্র যানযটে ভেতর সে এবার পায়ে হেটে ছুটছে অফিসের দিকে। শহরের সবথেকে বড় কাঁচা ও পাকা বাজারের পাশে তার অফিস। এই দিকটা তাই দিন-রাত অজস্র মানুষের ভিড় ও ব্যস্ততায় গমগম থাকে।
ছাতা ম্যান রাতে ট্রাকেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাংতেই সে নিজেকে আবিষ্কার করল অকারণ বাজারে। চারিদিকে মানুষের হৈ-চৈ আর কর্মব্যস্ততা দেখে ছাতা ম্যান আবার বিষণ্ণ হয়ে পড়ল। এই শহরে শুধুই তার’ই কোন ব্যস্ততা নাই। সে অলস ভঙ্গিতে সারা শরীর চুলকাতে শুরু করল। যত চুলকায় তত চুলকানি বাড়ে।
ছাতা ম্যান যখন দেখল তার হাত-পা লাল হতে শুরু করেছে তখন তার ক্যাপ্টেন মাহিনের কথা মনে পড়ল। ক্যাপ্টেন মাহিন বলত, “চুলকানীর সব থেকে বড় ওষুধ চুলকাবি না।”
ছাতা ম্যান চুলকানি বন্ধ করে ছাতা মেলে ধরল। রোদ লাগছে খুব। সে মনে মনে ভাবছে গত রাতের ঘটনা কি বাস্তব নাকি স্বপ্ন? যেটাই হোক আবার উড়তে চাইলো সে গত রাতের মত। তাই বাতাসের জন্য মনে মনে পার্থনাও করতে লাগলো। এর ভেতর এক লোক ট্রাকের উপর উঠে জিজ্ঞেস করল, “এই মিয়া আপনে কেডায় আবার?”
ছাতা ম্যান ঘাড় ফিরাতেই দেখল, এক কম বয়সী ছেলে মুখে বিশ্রী ভাবে পান চিবোতে চিবোতে তাকে দেখছে। তার দাঁতের অবস্থা দেখলে বোঝা যায় এই লোক খাবারের মধ্যে এই একটা জিনিস ভালো খায়। লোকটা আবার বলল, “আরে হালায় পাগল-পুগোল নাকি, কথা কয়না কেন?”
তাকে কি উত্তর দিবে ভাবতেই বাতাসের একটা ঝাপটা ছাতা ম্যানের ছাতা টান দিল। ছাতা ম্যান সাথে সাথে ছাতা ধরতে লাফ দিল কচু বোঝাই ট্রাকের উপর থেকে। ছাতা ধরে ফেলতেই ছাতা ম্যান খুব ধীর গতিতে শূন্যে ভাসতে লাগলো। আর লোকটাকে উদ্দ্যেশ্য করে বলল, কচু বেপারীর জাহাজের খবর নিয়া লাভ কী?
ছাতা ম্যান খুব করে চেষ্টা করছে নিজেকে নিয়ন্ত্রণ রাখার। এর ভেতর বাতাসের বেগ কম হওয়ায় সে খুব নীচ দিয়ে উড়ে চলেছে। উড়তে উড়তে সে ব্যস্ত রোডে চলে আসলো। তার খুব কাছ দিয়ে চলে যাচ্ছে একের পর এক বাস, ট্রাক, টেম্পু। ছাতাটাকে বিভিন্ন দিকে ঘুরিয়ে-ফিরিয়ে ধরে কোনরকম পাশ কাটিয়ে যাচ্ছিলো গাড়িগুলো থেকে। আচমকা সে খেয়াল করল, একটা ছেলে খুব ব্যস্তভাবে রাস্তা পার হবার জন্য বারবার সামনে এগিয়ে আসছে। আর দ্রুত গতিতে এগিয়ে আসা গাড়িগুলো তাকে হর্ণ দিয়ে আবার পিছনে সরিয়ে দিচ্ছে। ছেলেটা পিছয়ে গিয়ে খুব অস্বস্তি নিয়ে তার শার্ট পিছন দিকে টেনে ধরছে।
পরের বার ছেলেটা আরো বেশী মরিয়া হয়ে রাস্তা পার হবার জন্য এগুতেই ছাতা ম্যান লক্ষ্য করল, দুইটা লোকাল বাস নিজেদের মধ্যে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে ছেলেটার দিকে। ছাতা ম্যানের বুঝতে আর বাঁকি রইল না কি হতে যাচ্ছে। ছাতা ম্যান সাথে সাথে তার ছাতা ৯০ ডিগ্রী এংগেলে ঘুরালে খুব দ্রুততার সাথে সে ছেলেটার দিকে এগিয়ে গেল। হঠাৎ একজন মানুষকে ছাতা নিয়ে উড়ে আসতে দেখে ছেলেটাও রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়ল অবাক বিস্ময়ে। এই দৃশ্য দেখে ড্রাইভার দুজন’ও ব্রেক চাপতে ভুলে গেল বেমালুম। বাস দুইটা ততক্ষণে নিয়ন্ত্রন হারিয়েছে। ড্রাইভার দুইজন তখন ফাঁকা জায়গা খুঁজছে দূর্ঘটনা এড়ানোর জন্য। কিন্তু তেমন কোন ফাঁকা জায়গা নেই কোথাও। অবস্থা এমন যে, দুইজনকে বাঁচাতে গেলে আরো বেশী হতাহত হবে।
ছাতা ম্যান বাজ পাখীর মত ছো মেরে ছেলেটাকে তুলে নিয়ে ছাতার এংগেল ঘুরোতেই তারা বাসগুলোর সামনে সামনে উড়তে লাগলো। চমকের পর চমক দেখে ড্রাইভার দুইজন হয়ত গাড়ি এক্সেলেটর ছেড়ে দিয়েছে বিধায় গাড়ি আস্তে আস্তে ধীর হতে শুরু করেছে। অপরদিকে, দুই জনের ওজনের ভারে ও বাতাসের বেগে ভাটা পড়াতে ছাতা ম্যান ও সত্য রাস্তায় গড়িয়ে পড়ল। ঠিক তাদের মাথার কাছে এসে গাড়ির চাকাগুলো গড়ানো বন্ধ হল।
গাড়ির হেলপার,যাত্রী ও পথচারী সবাই একে একে ছুটে আসতে লাগলো চারিদিক থেকে। কিন্তু বড় কোন দুর্ঘটনা হয়নি দেখে কেউ কেউ আশাহত হয়ে আবার অন্য পথ ধরল। ছাতা ম্যান ভীড় জমার আগেই তারা ছাতা দুটো খুঁজে নিয়ে চুপচাপ ঐ দুটো বাসের একটিতে উঠে পড়ল। বাস ভরা যাত্রী। ভীড় ঠেলে একদম পিছনে গিয়ে দাঁড়াল সে। বাসের সবাই তাকে অদ্ভুত চোখে দেখছে। দুই একজন জিজ্ঞেস করলো, “সে ঠিক আছে কিনা?” সে খেয়াল করল, তার হাতের কনুই, পায়ের হাটু ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জ্বালা করছে। সময়ের সাথে সাথে জ্বালাপোড়া আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কাঁটা যায়গা থেকে রক্ত বের হচ্ছে। শরীর থেকে বের হয়ে আসা রক্ত কাঁটা জায়গায় জমা হয়ে একটা শীতলভাব জ্বালা পোড়াটাকে একটু কমিয়ে আনছে ভেবে ভালো লাগছে।
এক মাঝবয়সি লোক, তাকে বসার জন্য সিট ছেড়ে দিয়ে একটা কালো ব্যাগ নিয়ে উঠে দাঁড়াল। লোকটা উঠে দাড়ানোর পরেও ছাতা ম্যান দাঁড়িয়ে আছে দেখে লোকটা তাকে বসতে বলল। খুব ঠান্ডা সে কণ্ঠস্বর শুনে ছাতা ম্যান মন্ত্রমুগ্ধের মত বসে পড়ল।লোকটা আলতো করে তার কাঁধে হাত রেখে বলল, এই শহরটা আমাদের অথচ আমরা এই কথা জানিনা। একবুক আশা নিয়ে এই শহর আমাদের অপেক্ষায় থাকে। আমরা ফিরে আসি প্রতিদিনি কিন্তু আবার চলেও যাই রোজ। শহর আবার শুন্য মনে অপেক্ষা করে আমাদের ফিরে আসার।
ছাতা ম্যান বিরক্ত চোখে তার কনুই বেয়ে রক্ত গড়িয়ে পড়া দেখছে। তার মনে হচ্ছে, তার শরীরে হিমোগ্লোবিন ব্যাপক শূন্যতা রয়েছে। তার বেশী করে ফল আর শিং মাছ খাওয়া দরকার। এমন সময় তার কনুই ঘেঁসে কন্ডাক্টার এসে দাঁড়াল। অসহ্য যন্ত্রণায় মাথাটা বিগড়ে গেল ছাতা ম্যানের। যা-তা ব্যবহার করল কন্ডাক্টরের সাথে। তাতেও মনের ঝাল না মিটলে, ড্রাইভারের গুষ্টির ষষ্ঠী পূজা করে ফেলল ছাতা ম্যান একি সাথে।
অবস্থা বেগতিক দেখে কন্ডাক্টর ভাড়া না নিয়েই চলে গেল। ছাতা ম্যানের রাগ তখনো শান্ত হয় নাই। কালো ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক ছাতা ম্যানকে একটা রুমাল দিয়ে বলল ক্ষতস্থান বেঁধে নিতে।
ছাতা ম্যান রুমালটি নিয়ে তার কনুইতে বাঁধতে বাঁধতে লোকটাকে আবার একবার ভালো করে দেখে নিল। এই লোকটা তার প্রতি এত বেশী স্বদয় হওয়ার কারন খুঁজতে লাগলো আগান্তুকের ভাবলেশহীন চোখে।
লোকটা স্মিত হাসি হেসে বলল, যাচাই করে নিচ্ছেন? এই শহরে অচেনা কেউ গায়ে গায়ে ধাক্কা খেলে আগে পকেট চেক করে নেয় মানুষ, আর মানবতা ঝুলে থাকে দেয়ালে দেয়ালে।
আপনি যা করেছেন আমি দেখেছি সবটাই। আপনি বেশ সাহসিকতার সাথে বোকামির পরিচয় দিয়েছেন। তাই দেখে সহানুভূতি দেখাচ্ছি। অন্য কোন মতলব নাই।
— আপনি কি মলম বিক্রি করেন?
— লোকটা এবার হোহো হাহা করে হেসে উঠল। উত্তরে বলল, জ্বী, না। আমি শিক্ষক মানুষ। ঘুরে ঘুরে জ্ঞান দেই মানুষকে।
— বিনামূল্যে?
— হ্যাঁ, বিনামূল্যে।
— ওহ বুঝছি! পাগল! আপসোস, দেশটা পাগলে ভইরা গ্যাছে!
— একজন শিক্ষককে পাগল বললেন। আপনি দেখি বেশ অভদ্র। এমন অভদ্র মানুষগুলো কিভাবে মানুষের জন্য ভাবে তাদের জন্যে কাজ করে আমি ঠিক মেলাতে পারলাম না।
— আপনিও তো তাইলে অভদ্র। বোকা তো আপনি’ই আমারে প্রথম বলছেন। একটা রুমাল দিয়া কি মাথা কিন্না নিছেন নাকি?
— ভাই আপনি অহেতুক তর্কে জড়াচ্ছেন। তর্ক করতে চাইলে ভালো কোন বিষয় নিয়ে তর্ক করা উচিত।
— ভালো খারাপ কোন তর্কেই আমি নাই। আপনার সিটে আপনেই বসেন। তাও চুপচাপ থাকেন। এত কথা ভালো লাগেনা। এই বলে ছাতা ম্যান আবার উঠে দাঁড়াল।
— লোকটা আবার শান্তস্বরে বলল, আচ্ছা আমি চুপচাপ থাকছি। আপনার উঠতে হবেনা। দয়া করে বসুন।ছাতা ম্যান আবার বসতেই লোকটা বলল, আচ্ছা একটা লাস্ট প্রশ্ন করি?
ছাতা ম্যান ভুরু কুচকে আগান্তুকের দিকে তাকালো।
লোকটা বলল, আপনি তখন ছাতা নিয়ে কিভাবে শূন্যে ভেসে ছিলেন? এটা কি কোনো স্পেশাল ছাতা?
ছাতা ম্যান উত্তরে বলল, আপনি একটা বলে দুইটা প্রশ্ন করছেন তাই আপনার কোনো প্রশ্নের উত্তর দেয়া যাবেনা। দুঃখিত।
লোকটা এবার বেশ রেগে গেল। কঠিন গলায় বলল, উত্তর না দিতে চাইলে নাই তবে তোমার কথার ধরণটা ভালোনা। তুমি মানুষ হিসেবে ভালো কিন্তু তোমার কথার বলার ধরনটা খারাপ। কথা বলা একটা আর্ট।
— আমি কোন আর্টিস্ট না। আর মুখে মধু অন্তরে বিষ নিয়া ঘুইরা বেড়ানি থিকা মেশিন গান নিয়া ঘুইরা বেড়ানি অনেক ভালো।
কথায় কথায় আবার দুইজনের মধ্যে তুমুল ঝামেলা বেঁধে গেল। আশেপাশের লোকজনেরাও ততক্ষণে তাদের বিবাদে জড়িয়ে পড়েছে।
কালো ব্যাগধারী লোকটা বলল, তুমি তখন একটা ভালো কাজ না করলে তোমাকে একটা উচিত শিক্ষা দিতাম আজ।
ছাতা ম্যান বলল, আপনে আমার বড় না হইলে আজকে এই ছাতা দিয়া বাইরাইয়া আপনেরে পাতা পাতা বানাইয়া দিতাম।
তর্কে-বিতর্কে গাড়ি যখন ছাতা ম্যানের বাড়ির কাছে পৌঁছালো। তখন ছাতা ম্যান ভীড় ঠেলে নামতে নামতে লোকটাকে উদ্দ্যেশ্য করে বলল, আপনি ভাই দুনিয়ার ত্যাড়া। আপনেরে সকাল দুপুর ছাতা দিয়া বাইড়াইয়া সোজা করা উচিত।
ছাতা ম্যান বাস থেকে নামতেই গাড়ি আবার চলতে শুরু করল। খানিকটা পথ যেতেই বাসটা আবার থামল। সেই আগান্তুক বাস থেকে নামলো এবার। চোখাচুখি হল ছাতা ম্যানের সাথে। ছাতা ম্যান খেয়াল করলো তার চোখে মুখে একটা অন্যরকম ঝিলিক, হাতে কালো ব্যাগটা নাই।
ছাতা ম্যানের মনে হল, লোকটা নিশ্চয়ই তার সাথে এক হাত লড়াই করার জন্য তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভুলে ব্যাগটা বাসেই রেখে এসেছে। ছাতা ম্যানের হাসি পেলো খুব এই ভেবে।
মুহুর্তেই পথঘাট কাঁপিয়ে এক প্রবল বিস্ফোরণে চারিদিকে এক আলোর বিচ্ছুরণ ছড়িয়ে পড়ল। এক মুহুর্তের জন্য সবার কানে তালা, আর চোখে অন্ধকার দেখলো। তারপর সবকিছু সয়ে আসতেই ছাতা ম্যান দেখলো যেই বাসটায় চড়ে সে এসেছে, রাস্তার মাঝখানে চলতে থাকা সেই বাসটি শুন্যে থেক মুখ থুবড়ে রাস্তায় পড়ল। দাউ দাউ করে জ্বলছে বাসটি। বাসের ভেতর থাকা যাত্রীরা জ্বলন্ত শরীর নিয়ে বাসের দরজা জানালা দিয়ে ছিটকে বেড়িয়ে আসছে। আচমকা পুরো শহর এই ঘটনায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো বোধহয়। তারপরেই বিহ্বল লোকজনের ছোটাছুটি ও আর্তনাদে বীভৎস হয়ে উঠল চারিদিক।
ছাতা ম্যান চারিদিকে এক নজর সেই লোকটাকে খুঁজতে খুঁজতে জ্বলন্ত বাসটার দিকে এগিয়ে গেল।৫.
সবগুলো টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ। লাইভ টেলিক্যাস্টে সবাই দেখলো পুড়ছে শহর, পুড়ছে মানুষ।
শহর জুড়ে বোম্বার ম্যানের গুজব আরো বেশী বিশ্বাসযোগ্য হয়ে উঠল নগরবাসীর কাছে।
আতংকে দিশেহারা শহর শান্ত নদীর মত নিশ্চল হয়ে পড়ল। তবে, মানুষজন বেশীদিন ঘরে বসে রইলোনা। পেটের দায়ে মানুষ আবার রাস্তায় নামলো। শহর আবার মুখর হয়ে উঠল দিন কয়েকের মধ্যে। তবে গনপরিবহন সবাই এড়িয়ে চলতে লাগলো। মানুষ পায়ে হেঁটে অফিসে যাওয়া আসা শুরু করল। হু হু করে বাড়লো সাইকেলের দাম। শহরের প্রধান সড়কগুলোয় দেখা গেলো রিক্সার আধিপত্য।ছাতা ম্যান হন্যে হয়ে সারা শহর উড়ে উড়ে ঘুরে বেড়ায় সেই লোকটার খোঁজে। ক্যাপ্টেন মাহিনকে সে সবকিছু খুলে বলেছে। ক্যাপ্টেন মাহিনের তেমন উৎসাহ দেখা গেলোনা এই ব্যাপারে। সে বলল, “মানুষের উপকার করতে গিয়া বারবি কিউ হবার কোনো ইচ্ছা আমার নাই।”
আর সে বাসে যাতায়ত’ও করেনা। তার এলাকার বাইরে যাওয়ারও প্রয়োজন’ই পড়েনা। সে ছাতা ম্যানকে আরো বলল, “ছাতা নিয়া বেশী উড়াউড়ি করিসনা। কখন জানি কারেন্টের তারে গিয়া পইড়া কাউয়ার মত লটকাইয়া থাকবি।”
তাই ছাতা ম্যান একাই লোকাল বাসে সকাল-সন্ধ্যা ঘুরে বেড়ায়। যদিও তার পকেটের অবস্থা বেশী ভালোনা তবুও সে চাপার জোরে ম্যানেজ করে নেয়। মধ্যরাতে সে ছাতা নিয়ে উড়ে বেড়ায়। তখন গাড়িগুলো বেশ স্পিডে চলে। দ্রুতগামী বাস- ট্রাকগুলো তাকে উড়তে বেশ সহায়তা করে।৬.
বোম্বার ম্যান অবশেষে তার আবিষ্কারে সফলতা পেয়েছে। সে এখন জলজ্যান্ত একটা মানব বোম্ব।
এই শহরে শৃঙ্খলা ফেরাতে, শহরের মানুষগুলোকে সভ্য করতে দীর্ঘদিন পরে সে আবার বেড়িয়েছে।
ততদিনে শহর আবার আগের রূপে ফিরে এসেছে। শহরের মানুষগুলো আরো বেশী বিশৃঙ্খল হয়ে উঠেছে যেনো এই কদিনে। এই দেশের মানুষ কখনই শুধরোবেনা এই ভেবে মায়া হল বোম্বার ম্যানের পর মুহুর্তেই হিংস্র হয়ে উঠল সে। নিজেকে সে আর নিয়ন্ত্রন করতে পারেনা কিছুতেই। জনবহুল রাস্তার মোড়ে, বাস স্ট্যান্ডে, ভিড় বাসে, ফুটওভার ব্রিজে ফেটে পড়ছে সে প্রচণ্ড আক্রোশে। গোটা শহর নরক হয়ে উঠল অল্প কিছু সময়ের ব্যবধানে। একের পর এক বিস্ফোরণে মানুষগুলো ছাইয়ের স্তূপে পরিণত হতে লাগলো। পোড়া রক্তে বিবর্ণ হয়ে উঠল শহরের পথ-ঘাট। এমন বীভৎসতা এই শহর দেখেনি আগে।৭.
ছাতা ম্যান খেঁকিয়ে উঠতে যাবে তখন তার খেয়াল হল এই কন্ডাক্টরের একটা হাত নাই। এক হাত নিয়ে এই লোক কিভাবে কন্ডাক্টরী করে এই চিন্তায় ডুবে গেল সে পরক্ষণেই। বাঁধ সাধল কন্ডাক্টর নিজেই, “ঐ মিয়া কানের মাথা খাইছেন? ভাড়া দেন।”
অন্য কেউ হলে এতক্ষণে তুলকালাম বাঁধিয়ে দিত ছাতা ম্যান। কিন্তু সে দশ টাকার একটা চকচকে নোট কন্ডাক্টরের বুক পকেটে গুঁজে দিয়ে বাস থেকে নেমে পড়ল।
বাস থেকে নামতেই ছাতা ম্যান একটা ডাবল ডেকার দেখতে পেয়ে উঠে পড়ল। ডাবল ডেকার বাসে ভাড়া না দিয়ে সহজেই ঘোরাফেরা করা যায়। ছাতা ম্যান সোজা দোতালায় উঠে একদম সামনে গিয়ে সিট পেল। দোতালা বাসের সামনের সিটটা সচরাচর ফাঁকা পাওয়া যায়না। ছাতা ম্যানের কাছে মনে হল, সে একটা সিনেমা হলে এসে বসেছে। সিনেমা হলে সিনেমা চলছে, “পথের পাঁচালী”।
মানুষ দেখে দেখে বড় হয়েছে ছাতা ম্যান তবুও শহর জুড়ে এত এত মানুষের অচেনা মুখগুলো দেখতে তার দারুণ ভালো লাগে।তার মনে হয়, সে প্রতিদিন কি নতুন সব মুখ দ্যাখে নাকি চেহারা মনে রাখতে পারেনা তাই তার কাছে সবগুলো মুখ নতুন লাগে।ছাতা ম্যান মানুষের নাম ও মুখ বেশী দিন মনে রাখতে পারেনা। এমনকি যাকে সে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে তার চেহারাও সে ভুলে গ্যাছে এই ক’দিনে। শুধু মনে আছে সেই কালো ব্যাগটি। তাই সে কারো হাতে কালো ব্যাগ দেখলেই বিচলিত হয়ে পড়ে। অনুসরণ করে, কথা বলে সেই মানুষের সাথে নানান বাহানায়। সেই শীতল কন্ঠস্বর মেলাতে চেষ্টা করে কিন্তু ঝামেলায় জড়িয়ে পড়ে প্রতিবার। পড়ে, ‘পাগল’ বলে গালী দিয়ে এড়িয়ে যায় সবাই।
ছাতা ম্যান সিনেমার সবথেকে মর্মান্তিক সিন দেখলো এইবার। যেই বাসটা থেকে সে নেমে গিয়েছিলো সেই বাসটা এতক্ষণ ডাবল ডেকারের সামনে সামনে চলছিলো। আচমকা সেই বাসটা প্রচন্ড বিস্ফোরণে ফেটে পড়লো। ছাতা ম্যান স্পষ্ট দেখতে পেল, একটা হাত উড়ে এসে পড়লো ডাবল ডেকারের ছাঁদে।হার্ড ব্রেকের কারনে ডাবল ডেকারের যাত্রীরা কাঁদি থেকে কলা খসে পড়ার মত অনেকেই হুড়মুড় করে সিট থেকে পড়ে গেল। দাউদাউ করে জ্বলছে সামনের বাসটি তখন। সামনের সিটে বসে ছাতা ম্যান সিনেমার সব থেকে রহস্যজনক সিন দেখলো এইবার। জ্বলন্ত বাসের লেলিহান শিখা থেকে ছিটকে বেড়িয়ে আসা কিছু নীলচে আগুনের স্ফুলিঙ্গ একত্রে একটা ঘুর্ণীর সৃষ্টি করেছে বাতাসে। তারপর সেই ঘুর্ণীটা বাতাসে ভেসে চলে যাচ্ছে শহরের অন্যদিকে। ছাতা ম্যান সাথে সাথে ডাবল ডেকারের ছোট জানালা গলে লাফ দিলো দোতালা থেকেই আর সাথে সাথে মেলে ধরল তার ছাতা দুটি। নিচের দিকে পড়তে পড়তে ছাতা ম্যান নিয়ন্ত্রণ পেয়ে গেল তার ছাতার। পিছু নিলো সে অদ্ভুত সেই নীলচে আগুনের ফুলকির।
ছাতা ম্যান কিছু বুঝে ওঠার আগেই দেখলো, একটা ফাঁকা জায়গায় নীলচে আগুনের ঘুর্ণীটা নেমে গিয়ে একটা মানুষ হয়ে গেল। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল ছাতা ম্যান। সে উপলব্ধি করল, এই শহরে তার থেকেও অদ্ভুত মানুষ ঘুরে বেড়ায়।ছাতা ম্যান দূর থেকেই লোকটাকে অনুসরণ করতে লাগলো। বাকের রোডের কাছাকাছি আসতেই ছাতা ম্যান একটা ছবি তুলে ফেলল লোকটার। অন্ধকারেও বেশ স্পষ্ট ছবি পেয়েছে লোকটার। কালো ব্যাগ ছাড়াই ছাতা ম্যান এবার চিনতে পারলো লোকটাকে।
৮.
বোম্বার ম্যান ততক্ষণে বুঝে ফেলেছে যে কেউ তার পিছু নিয়েছে। তাই সে বিভিন্ন ওলি-গলি ঘুরে ছাতা ম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করতে লাগলো। ছাতা ম্যান ধৈর্য্য হারিয়ে বোম্বার ম্যানের রাস্তা রোধ করে দাঁড়ালো এবার। বোম্বার ম্যানও দাঁড়িয়ে পড়ে আবার নিজেকে বিস্ফোরিত করার জন্য প্রস্তুত হতে লাগলো সে।
বোম্বার ম্যানের মুখোমুখি দাঁড়িয়ে ছাতা ম্যান বলতে শুরু করল, মানবতার ফেরীওয়ালা যদি এমন অমানবিক কাজ করে তবে এই শহর জনশূন্য হতে আর বেশী দেরী নাই।
— এই শহর আমার। এই শহর আমি মানুষের বসবাসযোগ্য করে তুলবই।
— কীভাবে? মানুষ মেরে? যদি মানুষ না থাকে কি হবে মানুষের বসবাসযোগ্য শহর দিয়ে? তাকিয়ে দেখুন, ইটের ভাটা করে ফেলেছেন শহরটাকে। এখানে প্রাণের বিকাশ কি করে হবে?
— ধ্বংসের মাঝেই সৃষ্টির বীজ লুকানো। আপন নিয়মে আবার প্রাণ ফিরে পাবে এই শহর। নতুন এক সভ্যতার বিকাশ ঘটবে তখন। যেখানে সভ্য মানুষের দল শান্তিতে বাস করবে এই শহরে।
— আপনি লাশের স্তূপে শান্তির ফুল ফুটাতে চাইছেন।
— যুদ্ধ ছাড়া শান্তি প্রতিষ্ঠা কখনোই হয়নি। এই যুদ্ধে আমার পাশে এসে দাঁড়াও ছাতা ম্যান প্রাণে বেঁচে যাবে।
“আইজকা তর খবর’ই আছে” বলে ঝাপিয়ে পড়ল ছাতা ম্যান। তার ছাতা দুটো বিভিন্ন এঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে একের পর এক আঘাত করছে বোম্বার ম্যানের উপর। ছাতার বাড়ি খেয়ে খেয়ে রক্তাক্ত বোম্বার ম্যান একসময় ফেটে পড়ল প্রচন্ড গর্জনে।
তীব্র আলোর ঝলকানিতে চারিদিক অন্ধ হয়ে গেল মুহুর্তেই। ছাতা ম্যান একটি ছাতা সামনে রেখে কোনো রকমে রক্ষা পেল। অন্য ছাতাটি পিছনে ধরে রাখায় বিস্ফোরন থেকে সৃষ্ট তীব্র বাতাসের বেগ ছাতা ম্যানকে উড়িয়ে নিয়ে অনেক দূরে গিয়ে ফেলল।
যুদ্ধের ময়দানে ছাতা ম্যান আবার ফিরে আসলেও বোম্বার ম্যানকে আর খুঁজে পাওয়া গেলনা।-
-
-
-
@drako তোমার লেখার প্রশংসা না করে পারছিনা । অসম্ভব ভালো লাগল গল্পগুলো ; রুদ্ধশ্বাসে পড়ে ফেললাম । তোমার লিখা তো পাই-ই না ; কাজেই নতুন কিছুর অপেক্ষায় থাকব…
-
-
Friends
মাহমুদ জাহান আবিদ
@mahmudjahanabid
Nure e Alice
@alice
সা'দ নয়ন
@nayan
প্রিন্স ঠাকুর
@princetagorebd
Halima-Moly
@halima-moly
মানসুরা ইশরাত তানহা
@mansu1044
Ms. Tanha
@ms-tanha
দ্বীপ সরকার
@dweepsarkar
Ali Sohel
@ali-sohel



অত্যন্ত সাবলীল ভাষায় যুগোপযোগী বিষয়বস্তু নিয়ে লিখিত গল্পটি অসম্ভব মনোযোগ কাঁড়লো… বিস্ময়াভিভূত হলাম এর ঘটনা প্রবাহে ও কনসেন্ট্রেটেড ইতিবৃত্তে… শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই প্রিয়বন্ধু…