Profile Photo

শেখ মোহাম্মদ হাসানূর কবীরOffline

  • Kabir-Hasanur
  • জীবন সায়াহ্ণে
    (কবিতা)
    -শেখ মোহাম্মদ হাসানূর কবীর

    সুবেহ সাদেক কিংবা তারও একটু পরে
    মসজিদে মোয়াজ্জিনের কণ্ঠে যখন ধ্বনিত হবে-
    ‘ঘুম থেকে নামাজ উত্তম’,
    সুতরাং ঘুম ভেঙ্গে চলে এসো
    চলে এসো হে যুবক,
    পৃথিবীর এ অনন্ত কারাগার ভেঙে
    চলে এসো দ্যুতিময় প্রশান্ত জীবনের খোঁজে।

    সেদিন হয়তো আমার
    অন্য আর সবদিনের মতো
    থাকবে না ব্যস্ততা,
    থাকবে না সকালের সুখঘুমের ব্যাকুলতা।
    আমার নিথর দেহ ঘিরে
    কেবলই প্রশ্ন মৃদু কোলাহল গুঞ্জন
    পাড়া প্রতিবেশীর অহেতুক বাড়াবাড়ি
    সীমাহীন বন্দন।

    দিকে দিকে বিজ্ঞাপিত হবে
    আমার বিদায়ের বারতা-
    আপন জনের ত্রস্ত হাকাহাকি,
    শাড়ির আঁচলে মুখ ঢেকে
    প্রেয়সীর ক্রন্দন।

    অতঃপর, কবরে শায়িত মৃতদেহ ঘিরে
    একমুঠো কাঁচা মাটি হাতে
    শত সহস্র আগন্তুক সমস্বরে গেয়ে যাবে
    স্রষ্টার প্রতিশ্রুত অমোঘ সংগীত-
    ‘মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি,
    মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নেবো
    এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনবো’।

    অথচ, সেই আমি এ সত্যকে ভুলে
    এতোটা বছর পেরিয়ে এলাম
    একটি বারের জন্যেও ভেবে দেখিনি-
    এ ঠুনকো জীবনের তরে কেনো গড়ি এতো উপমা?
    কেনো এতো বেসাতি?
    কেনো অহেতুক দীর্ঘশ্বাস বিরহ প্রণয়ে?
    জীবন সায়াহ্ণে এসে আজন্মের জিজ্ঞাসা আমার
    অজস্র বেদনা ক্ষত ভগ্ন হৃদয়ে।

    5
    5 Comments
Skip to toolbar