-
ফিরে চল অরণ্যে
মাহামুদা খাতুন১
রাত ফুঁড়ে সকাল হয়েছে অনেক আগেই। গরম কাল বলে কথা। সাতটা মানে অনেক বেলা। সাড়ে পাঁচটাতেই সূর্য উঠে পূব আকাশ দখল করে বসে থাকে। সকালের দিকে স্নিগ্ধতা থাকলেও সাতটা বাজার সাথে সাথে গরমের তেজ ছড়াতে থাকে। সময়ের সাথে সাথে সকালের নিস্তব্ধতা কেটে নানারকম শব্দে মুখরিত হতে থাকে চারিদিক। সেই সাথে বাড়তে থাকে নানা পেশার মানুষের ব্যস্ততা।
সেই ব্যস্ততার ছোঁয়া লেগেছে অফিস পাড়ার মীর ভিলাতে। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ার কারণে অস্থির হয়ে ছোটাছুটি করছে মেহরাব মুনতাসির। ফজরের নামাজ পড়ে বিশ মিনিট ঘুমাবে বলে বিছানায় গিয়েছিল। বিশ মিনিটের এক ঘণ্টা পার হওয়ার পর তার ঘুম ভেঙ্গেছে। কেউ ডেকে তোলেনি বলে কারো সাথে কথা বলছেনা। হঠাৎ ঘুম ভেঙ্গে যাওয়ায় ঘড়ির কাটা সাড়ে সাতটায় দেখে মেজাজ চড়ে যায়।সকাল সাড়ে আটটায় অফিসে উপস্থিত থাকতে হবে তাকে। নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে তার কোম্পানী। আজকে সেই উদ্দেশে সভা ডেকেছে চেয়ারম্যান স্যার।
কোনমতে সকালের নাস্তা করে ব্যাগ নিয়ে বেরিয়ে হয়ে গেল সে। আজকে আর বাসে উঠার চেষ্টা করে লাভ নেই। ভাগ্য ভালো যে বাসা থেকে বের হয়েই একটা সি এন জি পাওয়া গেছে। গতরাতের ঘুমের অনিয়ম হওয়ার কারণে আজ এমন বিপাকে পড়তে হলো তাকে। এখন এর খেসারতের জন্য গুনে গুনে তিনশো টাকা দিতে হবে সি এন জি ওয়ালাকে।
সি এন জি থেকে নেমে লিফটের অপেক্ষা না করে সিঁড়ি বেয়েই উপরে উঠে গেলো। দুই মিনিট বাকি থাকতেই সভা কক্ষে পৌঁছালো সে। সিঁড়ি বেয়ে ছয় তলায় উঠার কারণে নিঃশ্বাস অনবরত উঠা নামা করছে বলে বেহাল অবস্থা তার। কিছুক্ষণ পর স্বাভাবিক হলে সামনে রাখা প্রজেক্টের কাগজগুলো মনোযোগ দিয়ে দেখে নিলো। একটা নতুন কারখানা স্থাপন করতে যাচ্ছে তাদের কোম্পানী। নানারকম ইলেকট্রনিকস ডিভাইস বানানো হবে সেখানে। সাভার থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত জায়গাটা। আজকে জায়গাটা দেখার জন্য কাদেরকে পাঠানো হবে এবং কি করতে হবে এই ব্যপারে আলোচনা হবে।
মিটিং এ নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মেহরাব মুনতাসিরকে জায়গাটা পরিদর্শন করতে পাঠানো হল।
২
কারখানা স্থাপন করা নিয়ে আবীর চৌধুরীর উৎকণ্ঠার শেষ নেই। মেহরাব একজন প্রকৌশলী হলেও প্রশাসনিক কাজে ভীষণ দক্ষ। এর আগে একটা প্রজেক্টের কাজ ওর হাত দিয়েই ভালোভাবে শেষ হয়েছে। অল্প বয়সেই ছেলেটা অনেক উন্নতি করেছে। গতকাল মেহরাবকে সাভারে জমিটা দেখতে পাঠানো হয়েছিল। জমির প্রকৃত মালিক এখানে থাকেনা। তার এক আত্মীয়ের ঠিকানা দিয়েছে। মেহরাবের তার সাথে কথা বলে গতকালই কেনার ব্যাপারটা পাকা করে আসার কথা। পিয়নকে দিয়ে মেহরাবকে ডেকে পাঠালেন তিনি।
সকাল বেলা অফিসে আসলেও এখনও কাজ শুরু করেনি মেহরাব। গতকাল সাভারের জমিটা দেখে আসার পর থেকে তার মন অস্থির হয়ে আছে। প্রায় ১০ একরের মত জমি আছে ওখানে।একটু ভেতরে এবং মালিক প্রতিষ্ঠিত বিধায় তুলনামূলক কম দামেই জায়গাটা বিক্রি করে দিচ্ছে। জমিটার আশেপাশে ফসলি জমি আছে এবং জায়গাটা আবাসিক এলাকার একেবারেই কাছে। ওরকম একটা জায়গায় কারখানা স্থাপন করা দণ্ডনীয় অপরাধ। গত রাতে সে সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে তার স্যারকে বোঝাবে। গতকালের ফাইল হাতে আবীর চৌধুরীর রুমে ঢুকল মেহরাব। ওর জন্যই অপেক্ষা করছিলেন যেন তিনি। ঢোকা মাত্রই জিজ্ঞাসা করলেন, তোমার কাজ কতদূর মেহরাব?
স্যার, প্রজেক্টের বিষয়ে আলাপ করার আগে জায়গাটা নিয়ে আমার কিছু কথা ছিল আপনার সাথে।
কথা! কী কথা?
জায়গাটা শিল্প কারখানা বানানোর জন্য একদমই অনুপযোগী।
কথাটা শুনে হোঁচট খেলেন আবীর চৌধুরী। চোখে মুখে বিস্ময় নিয়ে বললেন, কেন? কি সমস্যা ওখানে?
ওটা একটা আবাসিক এলাকা। ওখানে কারখানা স্থাপন করলে আশেপাশের পরিবেশ দূষিত হবে। কারখানার বর্জ্য ওখানকার জলাশয়ের পানিতে মিশে পানিকে বিষাক্ত করে দিবে। আর তাছাড়া আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপনের উপর নিষেধাজ্ঞা আছে।
তুমি কি বলছো, ভেবে বলছো তো? আমার এতো বড় প্রজেক্ট, কত টাকার ব্যাপার তুমি বুঝতে পারছো?
কিন্তু স্যার অনিয়ম করেতো কিছু করা যাবেনা।
এসব নিয়ম কেউ মানে নাকি? আমাকে দেখতে হবে কোথায় কারখানা স্থাপন করলে লাভ হবে। দশের কথা ভাবলে এত বড় পাওয়ার কোম্পানীর মালিক হয়ে উঠা হতোনা আমার। এতো কম দামে এতো ভালো জায়গা আমি কোথাও পাবো না। এসব আবেগের কথা বাদ দিয়ে কাজের কথায় আসো।
কেউ মানুক আর না মানুক আমরা নিয়ম মেনেই কাজ করবো। শুধু নিজের কথা ভেবে কাজ করা স্বার্থপরতা। দশের কথা ভেবে কিছু করলে তাতে কল্যাণ ও বরকত থাকে। একজন মুসলিমের কাজ করার সময় অবশ্যই শুধু নিজের না, অন্যের কথাও ভাবতে হবে। নইলে নিজের কারণে সৃষ্ট অনিষ্ট একদিন তার নিজেরই অকল্যাণের কারণ হবে। মানুষের অকল্যাণগুলো তাদের নিজের হাতেরই কামাই।
এমন করে তো কখনও ভাবিনি। তুমি ওখানে ঠিক কি করতে চাচ্ছো?
স্যার জমিটা আমরা কিনবো, এতে কোন সমস্যা নেই। কিন্তু আমারা ওখানে শিল্প কারখানা না করে পরিবেশবান্ধব কোন কিছু করতে পারি।
সেটা কীরকম?
এই ধরেন জমিটা আমরা কিনে ওখানে বহুমুখী প্রকল্প গড়ে তুলতে পারি।
কি ধরণের প্রকল্প? তাতে আমাদের কেমন লাভ হবে সেসবও মাথায় রাখতে হবে।
আমি গত রাতে বসে সব পরিকল্পনা করে ফেলেছি।
ঠিক আছে তোমার পরিকল্পনাটা শুনি।
ওখানে ১০ একরের মত জমি আছে। আমরা চাইলে জায়গাটাকে লাভজনকভাবে ব্যবহার করতে পারবো।
তাহলে আমার এত টাকার প্রজেক্টটার কি হবে? এই প্রজেক্টের ব্যাপারে নেদারল্যান্ডসের একটা পাওয়ার কোম্পানির কাছে সহযোগিতা চেয়ে পাঠিয়েছিলাম। ওরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এই কারখানা স্থাপনের প্রায় অর্ধেক টাকা ওরা ব্যয় করবে। জায়গাটা আমাদের প্রধান অফিসের কাছে এবং ওখান থেকে ঢাকার বাইরে যোগাযোগ ব্যবস্থা ভালো বিধায় আমি ঐ জমিটার ব্যাপারে এতোটা আগ্রহী। আমাদের হাতে আর বেশি সময়ও নেই। এই সময়ের মধ্যে যদি জায়গা নির্বাচন না করতে পারি তবে ‘রায়মারিন মেরিন ইলেকট্রনিক্স’ আমাদের সাথে চুক্তি বাতিল করে নতুন কোন কোম্পানীকে সুযোগ দিবে বলে জানিয়েছে। হাতে আর সময় আছে মাত্র পনেরো দিন।
স্যার, আমরা শুধু আমাদের কাজের ধরণটা পাল্টে ফেলবো। আগে আমাদের পরিকল্পনা ছিল যন্ত্র তৈরির কারখানা বানাবো, এখন আমারা যন্ত্রের জায়গায় দক্ষ জনবল তৈরির কারখানা বানাবো। আপনি অনুমতি দিলে আমি আমার পরিকল্পনাটা আপনাকে বলতে পারি।
আবীর চৌধুরী কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, ঠিক আছে বল তুমি কি পরিকল্পনা করেছো।
জায়গাটা বেশ বড়। আমি সিদ্ধান্ত নিয়েছি ওটাকে চারটা জোনে ভাগ করে নিবো। একটা জোনে আমরা সামাজিক বনায়ন করবো। এ বনায়ন তৈরির মূল উদ্দেশ্য হবে কর্মসংস্থান, খাদ্যের ঘাটতি দূরিকরণ, পশুখাদ্য, জ্বালানী, আসবাবপত্র, নার্সারি সৃজন, পতিত এবং অব্যবহৃত জমিগুলোতে গাছ লাগানোর মাধ্যমে বনজ সম্পদ সৃষ্টি করা। এর সুদূরপ্রসারী ফলস্বরূপ আমরা যেমন একদিকে মরুময়তা রোধ করতে পারবো অন্যদিকে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় সফল হবো।
একটা জোন আমরা শুধুমাত্র কৃষি বনায়ন ও খামারের জন্য বরাদ্দ রাখবো। এটা আমাদের আয়েরও উৎস হবে।
একটা জোনে আমরা কারিগরি স্কুল প্রতিষ্ঠা করতে চাই। অষ্টম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষার পর নানারকম কারিগরি শিক্ষার ব্যবস্থা থাকবে সেখানে। কৃষি ও সামাজিক বনায়নের উপরও প্রশিক্ষণ দেওয়া হবে। দুস্থ, অসহায় নারী পুরুষদেরকে সামাজিক বনায়নের প্রশিক্ষণ দিয়ে সাবলম্বী করে তুলবো আমরা। কৃষি বনায়নের ক্ষেত্রে যুবকদের বেশি প্রাধান্য দেওয়া হবে। তাদের কৃষি বনায়নের উপর প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। এছাড়া সেলাই কাজ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার, হস্তশিল্প ইত্যাদি নানারকম প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষ জনবল তৈরি করবো। সামনের একেবারে দক্ষিণ পশ্চিম পাশটায় আমরা আবাসিক ভবনের জন্য বরাদ্দ রাখবো। এই অংশের পরিকল্পনা কাজ শুরু করার পর করবো। এই অংশটাতে নানারকম ছোট বড় মৌসুমী ফুলের গাছ থাকবে। পরিকল্পনাটা কেমন স্যার?
কিন্তু এতে খরচ কেমন হবে?
খরচ আপনার কারখানা করতে যা লাগতো তার অর্ধেকও লাগবে না।
কারখানা করার ক্ষেত্রে আমাকে ‘রায়মারিন মেরিন ইলেকট্রনিক্স’ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়েছে। কিন্তু এখন ওরা যদি আর সাহায্য করতে না চায়।
তার দরকার নেই। আমরা কারো দক্ষিণা ছাড়াই সবকিছু করতে পারবো ইনশাআল্লাহ্। সেক্ষেত্রে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে এগোতে হবে।
তোমার পরিকল্পনা শুনে মনে হচ্ছে নিশ্চয় ভালো কিছু হবে। আমার পছন্দ হয়েছে। কিন্তু এটা স্বপ্ন থেকে যাবেনা তো? তাছাড়া এতো টাকার যোগান দিতে পারবো আমি?
আমরা ধাপে ধাপে কাজ করবো। প্রথমে আমরা আয়ের উৎস তৈরি করবো। সেক্ষেত্রে আমারা কৃষি বন ও খামারের দিকে নজর দিবো। এভাবে ধাপে ধাপে কাজ করলে আমরা নিশ্চয় সফল হবো। আপনি অনুমতি দিলে কালকে থেকেই আমি কাজ শুরু করে দিতে পারি।
৩
বড় রাস্তা থেকে নেমে তিন ফুট চওড়া ইটের রাস্তা ধরে দুই কিলো পথ পেরিয়ে গেলেই চোখে পড়ে অনিন্দ্য সুন্দর ‘সবুজ কানন’। প্রায় দশ একর জমির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এটি। একপাশ খোলা রেখে অর্ধ বৃত্তাকারে নারিকেল আর সুপারির গাছ লাগিয়ে সম্পূর্ণ জায়গাটা ঘিরে রাখা হয়েছে। নামকাওয়াস্তে দেড় ফুট উঁচু বাশের বেড়া দেওয়া হয়েছে চারপাশে। ‘ সবুজ কানন’ লেখা কাঠের ফলকটি ঢোকার মুখে দুইটা বাঁশ দিয়ে মাটিতে গেঁড়ে রাখা হয়েছে। ভেতরে ঢুকতে গিয়েই ডান পাশের বাগানটাতে চোখটা আঁটকে যায়। সেখানে শোভা পাচ্ছে হরেক রকম গ্রীষ্মকালীন ফুল গাছ আর নানারকম সৌন্দর্যবর্ধক গাছ। ঠিক মাঝখানটায় জায়গা করে নিয়েছে একটা দোতলা বাংলো গোছের কাঠের বাড়ি আর এর পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে পাঁচটা পাঁচতলা ভবন। বাম পাশটায় চোখে পড়ে একটা দৃষ্টিনন্দন সামাজিক বাগান। সেখানে আছে ফলজ, বনজ, ঔষধি গাছ। এর ঠিক পেছনেই আছে চোখ জুড়ানো কৃষি-বন ও খামার। বাংলোর পেছনটাতে আছে বর্ণমালা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যাপীঠ।
একদিকে বনায়নের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে অন্যদিকে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বিদ্যানিকেতন স্থাপনের কারণে করে দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠী এবং শিশুদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণের দ্বার উন্মুক্ত হয়েছে। এখান থেকে প্রশিক্ষণের মাধ্যমে প্রতি বছর কয়েকশ দরিদ্র পুরুষ ও মহিলাদের স্বাবলম্বী হয়।
৪
দশ বছরে পা দিয়েছে ‘সবুজ কানন’। দশ বছর পূর্তি উপলক্ষ্যে ‘আবীর পাওয়ার কোম্পানী’ থেকে ‘ সবুজ কাননে’ সারাদিন ব্যাপি মেলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। দেশী ও বিদেশী পাঁচটা এনজিও ও বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অভ্যর্থনা জানানোর জন্য তৈরি করা হয়েছে ফুলেল গালিচা। বড় রাস্তার মাথাতে কাঠের ফলকে বড় করে লিখে দেওয়া হয়েছে ‘ এসো সবুজ কাননে, ফিরে চল অরণ্যে’। মেলাতে হস্ত ও কুটির শিল্পের তৈরি পণ্য, বিভিন্ন ধরণের চারাগাছ, নানারকম ইলেকট্রনিকস সামগ্রী ও খামারি পণ্য বিক্রির ব্যবস্থা রাখা হয়। সেমিনারের উদ্দেশ্য মানুষকে সামাজিক ও কৃষি বনায়নের প্রতি আগ্রহী করা। আগ্রহীদেরকে পাঁচটা করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা উপহার হিশেবে প্রদান করা হয়।
আকাশে শুক্লপক্ষের চাঁদ। অমাবস্যার ঘোর অন্ধকার কেটে ধীরে ধীরে জ্যোৎস্নার আগমন ঘটছে। রাতচরা পাখিগুলোর আনাগোনা শুরু হয়ে গেছে। পেছনের ঘন জঙ্গল থেকে শিয়ালের হাকডাক শোনা যাচ্ছে। বাঁশের বেড়া ঘেঁষে লাগানো লতানো গাছগুলো এখন জোনাক পোকার দখলে। রাতে ফোঁটা ফুলের গন্ধে মোহময় চারিদিক। অনুষ্ঠান শেষ হয়ে গেছে অনেক আগেই। ছাদে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে প্রকৃতি বিলাস করছে মেহরাব। দশ বছর আগে সবুজ কাননের দায়িত্ব নেয় সে। আবীর চৌধুরীই তাকে এ দায়িত্বটা দেয়। জমিটা নিয়ে মেহরাবের পরিকল্পনার কথা শুনে সেদিন মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। মেহরাব সেদিন একটা আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপনের কুফল এবং এর উপর যে আইনি নিষেধাজ্ঞা আছে সেই ব্যাপারটাও আবীর চৌধুরীকে বোঝাতে সক্ষম হয়। এখানেই স্থায়ীভাবে থাকার জন্য এই বাংলোগোছের দোতলা বাড়িটা বানিয়ে দেন তিনি মেহরাবকে। উত্তরার ফ্লাটটা ছেড়ে দিয়ে বাবা, মা এবং ছোট বোনকে নিয়ে স্থায়ীভাবে সাভারে চলে আসে মেহরাব।
দশ বছরে সে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পেরেছে। সাথে সাথে আবীর চৌধুরীও মুগ্ধ হয়েছে। ইঞ্জিনিয়ারিং পড়লেও ছোটবেলা থেকে গাছের প্রতি তার আলাদা একটা ভালোবাসা ছিলো। উদ্বানতত্ব কিংবা ফরেস্ট্রি, কোন একটাতে পড়ার তীব্র ইচ্ছা ছিল তার। কিন্তু বুয়েটে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্সে চান্স হওয়ায় আর অন্য কোথাও পড়ার ব্যাপারে কেউ সায় দেয়নি। পাশ করেই ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। চাকরিটাকে ভালোই উপভোগ করছিল সে। তবে গাছের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। কোম্পানির প্রজেক্ট প্রতিনিধি হিশেবে সাভারের বিস্তীর্ণ খোলা জায়গাটা পরিদর্শন করতে এসে তার মনের সুপ্ত ইচ্ছাটা আবার জেগে উঠে। তাইতো দশ বছর অক্লান্ত শ্রম দিয়ে মোহময় ‘ সবুজ কানন’ গড়ে তুলতে পেরেছে।
পিঠে কারো হাতের স্পর্শ পেয়ে ভাবনার জগৎ থেকে ফিরে আসলো মেহরাব। পেছনে ঘুরে আবীর চৌধুরী, তার অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষটিকে দেখতে পেলো।
অবাক হয়ে জিজ্ঞাসা করলো, স্যার আপনি? আপনাকে না বিদায় দিয়ে আসলাম।
চলে গিয়েছিলাম। হঠাৎ এটার কথা মনে পড়তেই আবার ফিরে আসলাম। আবীর চৌধুরী তার হাতে রাখা সাদা খামটা দেখিয়ে বলল।
এটা কি স্যার?
তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি ও ভরসা করি। তাইতো সেদিন তোমার কথা অকপটে মেনে নিয়েছিলাম। দশ বছরে তুমি তোমার কাজ দিয়ে শুধু আমার নয় অগণিত মানুষের ভালোবাসা অর্জন করেছো। তুমি সামাজিক বনায়ন সৃষ্টি করে পরিবেশের উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সামাজিক ও কৃষি বনায়নের মাধ্যমে দরিদ্র, দুস্থ নারী-পুরুষের কর্মসংস্থান, খাদ্য ঘাটতি নিরসন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে যে অবদান রেখেছো তা সত্যিই ইর্শনিয়। ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এই পনেরো বছরে জাতিসঙ্ঘ টেকসই উন্নয়নের লক্ষ্যে সতেরোটি গোল নির্ধারণ করেছে। তুমি তোমার অভিনব পদক্ষেপের মাধ্যমে ক্ষুদ্র পরিসরে হলেও সতেরোটি গোলের মধ্যে পাঁচটি গোল বাস্তবায়নে সক্ষম হয়েছো। নেদারল্যাণ্ডের একটা এন জি ও তে তোমার এই বহুমুখী উদ্যোগ নিয়ে একটা প্রতিবেদন পাঠিয়েছিলাম। ‘টেকসই উন্নয়নে বিশ্ব’ শীর্ষক একটা সেমিনারে যোগদান করার জন্য তোমার কাছে ওরা এই চিঠিটা পাঠিয়েছে।
বিস্মিত চোখে একবার চিঠি আর একবার আবীর চৌধুরীকে দেখতে লাগলো মেহরাব। তার কাছে সবকিছু স্বপ্নের মত লাগছে। আবেগে আবীর চৌধুরীর হাতটা জড়িয়ে ধরে বলল, স্যার সব আপনার জন্যই সম্ভব হয়েছে।
আমি তো শুধু টাকা দিয়েছি, কিন্তু তুমি তোমার মেধা আর শ্রম দিয়ে অসাধারণ একটা কাজ করেছো। এখানে এসে যে শান্তি আমি পাই, শিল্প কারখানা তৈরি করলে কি সেটা পেতাম?
সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ্র যিনি আমাকে আপনার মত একজন মানুষের সংস্পর্শে আসার সুযোগ দিয়েছেন।
আমারও সৌভাগ্য যে, তোমার সাথে দেখা হয়েছিল। আজ আসি, আগামী সপ্তাহে নেদারল্যান্ডে যাওয়ার সময় দেখা হবে। শুভ কামনা থাকলো।
জ্বি ইনশাআল্লাহ্ বলে মেহরাব মুগ্ধ আর কৃতজ্ঞতার দৃষ্টিতে তার প্রিয় স্যারের গমন পথের দিকে তাকিয়ে থাকলো।
সমাপ্ত4 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Morsalin Islam Shouradip
@morsalinshouradip
জাস্রা জুমান
@nmafin4gmil-com
Hijbullah hiju
@hijbullah
মোঃ রিদওয়ান আল হাসান
@mridwanalhasan
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam



অসাধারণ