-
পোড়োবাড়ির রহস্য
পর্ব-চার
মুসায়েব যায়িদের কাছ থেকে হাত ছাড়িয়ে বলল, আমি যাবনা।
ওর কথায় পাত্তা না দিয়ে সামনে এগোতে শুরু করল তালহা। কি আর করা, ওকে অনুসরণ করল ওরা দুজন। উপর থেকে সিঁড়ি দিয়ে আসা আলোয় সিঁড়ির সামনের কিছু জায়গায় আধো আলো থাকলেও সবগুলো ঘর ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। ভালো করে ঘরগুলোর দরজাও দেখা যাচ্ছেনা। আবার সেই শব্দ শুনতে পেল ওরা। গা ছমছম করে উঠল ওদের। একটা ঘরের দরজা খুলে ফেলল তালহা। মনে হল শব্দটা বেড়ে গেছে। কেমন একটা মোহনীয় গন্ধ নাকে এসে লাগল। মাথাটা ভোঁ ভোঁ করা শুরু করল মুসায়েবের।
না তালহা, আমি আর একমূহুর্তও এখানে থাকবোনা, বলল মুসায়েব।
তালহারও কেমন ভয় ভয় লাগছে, তবুও মুসায়েবের কথায় পাত্তা না দিয়ে করিডোর ধরে আরও সামনের দিকে হাঁটা শুরু করল।
যায়িদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে মুসায়েব বলল, তোরা থাক আমি গেলাম। কোন দিকে না তাকিয়ে একছুটে রাস্তায় গিয়ে পড়ল ।
কি করবে? থাকবে না যাবে, ভাবতে ভাবতে যায়িদও মুসায়েবের মত একই কাজ করে বসল।
করিডোর ধরে হাঁটতে হাঁটতে তালহা অনেক ভেতরে ঢুকে গেছে। ভৌতিক একটা শব্দ আর সেই সাথে ধোঁয়ার মত কি দিয়ে যেন ঘর ভরে যেতে লাগল। পেছনে তাকিয়ে বুঝতে পারল তার সঙ্গীরা ভয়ে তাকে ছেড়ে চলে গেছে। তালহার অস্বস্তিটা বাড়তে লাগল। আর একমুহূর্ত না দাঁড়িয়ে সেও বের হয়ে গেল বাড়িটা থেকে। কোনদিকে না তাকিয়ে এক দৌড়ে নদীর পাড়ে এসে থামল। ওখানেই তাদের মাইক্রোটা দাঁড়ানো ছিল।
কিরে তুইও চলে আসলি যে? তালহাকে প্রশ্ন করল মুসায়েব।
আবার যাব ইনশাআল্লাহ।
আবার! অবাক হয়ে মুসায়েব বলল। আমার ধারণা ওখানে মানুষ থাকেনা বিধায় জিনেরা বসতি গেড়ে বসেছে।
তুই আছিস তোর ভুত আর জীন নিয়ে, যায়িদ বলল। তারপর তালহার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তালহা তোর কি মনে হয় এসব শব্দ আর গন্ধের ব্যাপারে?
এখনও তেমন কিছু মনে হচ্ছেনা। তবে বাড়িটাকে রহস্যময় মনে হচ্ছে। এবং এরকম রহস্যময় পরিবেশের পিছনে কোন মানুষের হাত আছে সে ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। তবে তার উদ্দেশ্য কি তা আমি জানিনা। আর সেটাই আমাদের বের করতে হবে।
তোর কি মনে হয় ওখানে মানুষ আছে?
মুসায়েবের কথার উত্তরে তালহা বলল, অসম্ভব কিছুনা।
ওরকম একটা অন্ধকার গুহায় মানুষ বাস করে? অসম্ভব! তাইনা যায়িদ? গোয়েন্দাগিরির জন্য আর কি কোন কাজ নেই। এখানে বেড়াতে এসে এসব করার কি মানে? তুই এমন করবি জানলে গোয়েন্দা হওয়ার সিদ্ধান্ত কখনই নিতামনা আমি।
এখন এরকম মনে হচ্ছে তোর কিন্তু রহস্য উৎঘাটন করতে পারলে নিজেকে নিয়ে অন্যরকম করে ভাবতে ইচ্ছা করবে। গোয়েন্দা হিসাবে আমাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। তাইনারে যায়িদ?
তাতো বটেই, যায়িদ উত্তরে বলল।
না মানে আমি বলতে চাচ্ছি যে, আমাকে বাদ দেওয়া যায়না? প্রথমবার তুই আর যায়িদ যা। পরেরবার থেকে আমি তোদের সাথে থাকব ইনশাআল্লাহ।
আমরা গোয়েন্দা টিম বানাবো বলে প্রস্তাব দিয়েছিলাম যখন তখন থেকে তুই এমন করছিস। আমরা সবসময় একসাথে থেকেছি। এখনও যাই করব, আমরা তিনজন মিলেই করব।
তালহার কথার উপরে আর কথা বলে লাভ নেই ভেবে মুসায়েব চুপ হয়ে গেল। মসজিদ থেকে আসরের আজান ভেসে আসছে।
মুসায়েব বলল, বিকাল হয়ে গেছে। নামাজ পড়েই চলে যেতে হবে। তালহার জন্য সব মাটি হয়ে গেল।
মন খারাপ করনা বন্ধু, বলল তালহা, আমরা আবার আসব ইনশাআল্লাহ্। এখন আয় চুপ করে আজানের উত্তর দেই।
তুই কি সবসময় পাঁচ ওয়াক্ত সালাতের আযানের উত্তর দিস? জিজ্ঞাসা করল মুসায়েব।
চেষ্টা করি, কারণ রাসুল সাল্লাল্লাহু আ’লাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘তোমরা যখন মুয়াযযিনের আযান শুনতে পাও তখন সে যা বলে তোমরাও তাই বল। অতঃপর আমার উপর দরূদ পাঠ কর। কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করে আল্লাহ্ তাআ’লা তার উপর দশবার সালাত বর্ষণ করেন। অতঃপর আমার জন্য ওয়াসীলা প্রার্থনা কর, নিশ্চয় তা জান্নাতের একটি স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে শুধু একজন বান্দার জন্যই নির্ধারিত।আর আমি আশা করি যে আমিই হব সেই ব্যক্তি। আর যে ব্যক্তি আমার জন্য আল্লাহ্র কাছে ওয়াসীলা প্রার্থনা করবে, তার জন্য শাফায়াত নির্ধারিত হবে।’
এটা সহীহ মুসলিমের একটি হাদিস।
হাদিসটা আমি জানি তারপরও সবসময় আমল করা হয়না। কিন্তু এবার থেকে সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্।যায়িদ বলল।
তিনজন মিলে আজানের উত্তর দিল তারপর নলডাঙ্গা জামে মাসজিদ থেকে আসরের নামাজ আদায় করল।
শান্ত কুটির থেকে এসে রাতে তাড়াতাড়িই ঘুমিয়ে পড়েছিল তালহা। সকালে ঘুম থেকে জেগেই পোড়োবাড়িটার কথা মনে পড়ে গেল। বাড়িটা তাকে খুব টানছে। ওখানকার সবকিছুই তার কাছে খুব রহস্যময় লাগছে। একবার একটা কাজ করে প্রামাণ করতে পারলে মানুষই তাদের কাছে আসবে এটাই তার বিশ্বাস। পোড়োবাড়ির রহস্য উৎঘাটন করে সবাইকে তাক লাগিয়ে দিতে হবে। আজকের দিনটা কাজে লাগাতে পারতো কিন্তু মুসায়েবটা এতো ভীতু। আজকে ও কিছুতেই ঐ বাসায় যেতে রাজি হবেনা। তাছাড়া আজকে বাকি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার ইচ্ছা ওদের। তিনদিনের জন্য আসা। এবার আর বাড়িটার রহস্য জানা সম্ভব হবেনা। নলডাংগায় তাড়াতাড়িই আবার আসবে তারা। তবে এবার তার ছোটমামার কাছ থেকে বাড়িটার ব্যাপারে জেনে নিতে হবে, ভাবল তালহা। রাতে এ ব্যাপারে তার ছোটমামাকে কিছু জিজ্ঞাসা করা হয়নি।
ফজর নামাজ পড়ে কখনই ঘুমায়না সে কিন্তু আজকে চোখদুটো মেলে রাখতে পারলোনা। পাখির কিচিরমিচিরে ঘুম ভেঙ্গে গেল । আড়মোড়া ভেঙ্গে উঠে বসল। দোতলার জানালা দিয়ে পুকুর পাড়টা দেখা যায়। যায়িদ আর মুসায়েবকে দেখতে পেল। পুকুর পাড়ে তার ছোট মামার সাথে বেশ গল্পের আসর বসিয়েছে। নীচে নেমে আসল তালহা।
পায়ের শব্দে মুখ তুলে তালহাকে দেখেই মুসায়েব বলল, কিরে তুইতো আজকে আমাকে অবাক করে দিলি।
মুসায়েবের কথা শুনে অবাক হয়ে প্রশ্ন করল তালহা, কেন কি কারণে অবাক হয়েছিস?
ফজরের পরে ঘুম? তাও তুই? একটু মজা করেই বলল মুসায়েব। ওটাতো আমার অভ্যাস।
মুচকি হাসল তালহা। তারপর বলল, আজকে আমাদের অভ্যাস বদল হল আর কি। তারপর কি নিয়ে এতো গল্প হচ্ছিল শুনি।
তোদের পোড়োবাড়ি ঢোকার গল্প শুনছিলাম। শুনলাম তোরা নাকি কালকে ঐ পোড়বাড়িটাতে ঢুকেছিস? কালকেতো কিছু বললিনা।
হ্যা ঢুকেছিলাম। তোমাকে বলতে ভুলে গেছি। বাড়িটা সম্পর্কে আমাদের অনেক কিছু জানা দরকার।
বাড়িটা সম্পর্কে আমি তেমন কিছুই জানিনা। বলল, ওমর ফারুক। শুনেছি ঐ বাড়ির মালিক বেশ কয়েক বছর আগে মারা গেছে। এখন নাকি কেউ থাকেনা। বাইরে থেকেও সচারচর কেউ ঢোকেনা ঐ বাড়িতে। যদিওবা ঢোকে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনা।
তারা বেশিক্ষণ থাকতে পারেনা কেন? সে ব্যাপারে কি কিছু জানা আছে তোমার? তুমি নিজে ঢুকেছো কখনও?
আরিব্বাবা, একসাথে এতো প্রশ্ন? আমি ঢুকবো? মাথা খারাপ! লোকমুখে শোনা যায় ওখানে নাকি প্রেতাত্মা ঘুরে বেড়ায়। আমি এসব খুব ভয় পাই।
প্রেতাত্মা! সে আবার কি?
প্রেতাত্মা চিনিসনা? মানে খারাপ আত্মা।
এসবে বিশ্বাস কর তুমি?
সবাই বলে তাই আমিও বললাম। তবে প্রেতাত্মা না বিশ্বাস করলেও আমি জীন বিশ্বাস করি।
জীন আমিও বিশ্বাস করি। কিন্তু আমার মনে হয়েছে ঐ বাড়ি ঘিরে কোন রহস্য আছে। এখন তুমি আমাকে ঐ বাড়ি সম্পর্কে বিস্তারিত বল।
বাড়িটা সম্পর্কে আমি তেমন কিছুই জানিনা। কারণ ঐ বাড়িটাতে আমি কোনদিন ঢুকিনি। বাড়িটা রমিজ সাহেবের। উনাদের একটা পালক ছেলে ছিল। বাচ্চা ছিলনা দত্তক নিয়েছিল। পরে একটা ছেলে সন্তান হয়েছিল। লোকটার নাকি ইটের ভাটা আর নানারকম ব্যবসা ছিল। অঢেল সম্পত্তির মালিক। উনারা নিজেদের মত থাকতেন, প্রতিবেশীদের সাথে মিশতেননা বিধায় ভেতরের ব্যাপার কারোর জানা নেই।
তারপর? উৎসুক হয়ে যায়িদ জানতে চাইল।
এছাড়া আর কিছুই আমার জানা নেই।
উনারা কীভাবে মারা গিয়েছিল? মুসায়েব জিজ্ঞাসা করল, কেউ সম্পত্তির লোভে মেরে ফেলেনি তো?
এটা কেউ বলতে পারেনা।
তার মানে বাড়িটা এখন ফাকাই পড়ে আছে। জিজ্ঞাসা করল তালহা।
ফাকা থাকবে কেন? আমিতো প্রথম থেকেই তোকে বলছি তালহা, বাড়িটা খালি পেয়ে জীনেরা বসতি শুরু করেছে। তাইনা মামা? উত্তরটা মুসায়েবই দিল।
মুসায়েবের কথায় পাত্তা না দিয়ে তালহা বলল, মামা তুমি আর কিছু জান?
না আমি এর থেকে বেশি কিছুই জানিনা। তবে লোকে যেহেতু বাড়িটাকে খারাপ বলে তাই আমি তোদের সেখানে যাওয়া পছন্দ করছিনা।
উনারা মারা যাওয়ার পর ঐ বাড়িতে কেউ ঢোকেনি?
লোকেতো তাই বলে। কেউ নাকি ওদিকে পা বাড়ায়না। এদিকে এতো বড় বাড়ি এভাবে পড়ে থাকতে দেখে অনেকেরই লোভ হয়, দখল করার চেষ্টা করে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে কেউ টিকতে পারেনি। ভয়ে সবাই দৌড়ে পালায়। ধীরে ধীরে ভৌতিক বাড়ি হিসাবে চারিদিকে বাড়িটার কথা ছড়িয়ে পড়ল। এরপর ইচ্ছা থাকলেও ভয়ে ঐ বাড়ির পথ কেউ মাড়ায়নি। এভাবে প্রায় টানা দশ বছর বাড়িটি একইভাবে পড়ে ছিল। গতবছর বাড়িটা প্রশাসনের নজরে পড়ে। তারপর থেকে তারা বাড়ি উদ্ধারের চেষ্টা করে। এতো বড় জায়গা মালিকবিহীন এমনি পড়ে থাকবে তা কেমন করে হয়? কিন্তু কয়েকবার চেষ্টা করেও তারা উদ্ধার করতে পারেনি। যাকেই পাঠায় তারা আর দ্বিতীয়বার ওখানে যেতে চায়না। একটু থামল ওমর শরীফ।
তারপর, বলল তালহা। চালিয়ে যাও মামা। রহস্য আছে। আমাদের জন্য এই বাসাটাই দরকার।
ওমা কি বলে? তোর মাথা খারাপ হয়েছে? আমাকে কিন্তু তোদের সাথে পাবিনা। পাংশু মুখে মুসায়েব বলল।
মুসায়েবের কথায় কোন কান দিলনা তালহা।
একটু থেমে আবার বলা শুরু করলেন ওমর শরীফ। পুলিশ, বেসরকারি গোয়েন্দা দিয়েও কোন সুরাহা করতে পারেনি সরকার। তারপর থেকে এরকমই পড়ে আছে। শুনলাম মাঝে দুএকজন নাকি নিজ উদ্যোগে বাড়ির রহস্য বের করে বাহাদুরি দেখাতে চেয়েছিল কিন্তু বাড়ির প্রধান ফটক পার হতে না হতেই পড়িমরি করে দৌড়ে পালিয়েছে।
তালহা জিজ্ঞাসা করল, উনাদের ছেলের কি খবর? উনি আসেননা?
এ ব্যাপারে আমি কিছু জানিনা। ওখানকার আশাপাশের লোকজন ভাল জানবে। কে একজন নাকি বলেছে এই বাড়ি সম্পর্কে কেউ কোন তথ্য জিজ্ঞাসা করলে এই এলাকার যে বলবে সে রক্তবমি হয়ে মারা যাবে।
তুমিও কি সেই ভয় পাচ্ছ? তালহা তাঁর মামার কাছে জানতে চাইলো।
তা কেন হবে? আমি যতটুকু জানি তাতো বললাম। বাড়িটাতে ঢুকে তোরাই বা কি দেখলি?
বাড়িটা অনেক আগের তৈরি। তালহা বলা শুরু করল। বাইরের দিকটা আর ওপর তলাটা সুন্দর হলেও নিচতলাটা একটু ঘিঞ্জি টাইপের।
ওখানে যে ভৌতিক পরিবেশ তৈরি করা হয়েছে তার পেছনে অবশ্যই কোন মানুষের হাত আছে । আমি এটা ইনশাআল্লাহ প্রমাণ করব। আমি আবার যেতে চাই ওখানে। সামনের মাসে আমাদের এক সপ্তাহের ছুটি আছে। ঐ ছুটিতে আমরা এখানে আবার আসতে চাই। আমি বাড়িটার রহস্য বের করব ইনশাআল্লাহ। তাই আমাকে এখানে আবারও আসতে হবে।
আবার আসবি এটাতো আনন্দের। কিন্তু আমি বুঝলাম না ঐ বাসার এতো বিস্তারিত খবরে তোর লাভ কি? এসব ব্যাপার নিয়ে যত ঘাটাঘাটি করবি তত বিপদ বাড়বে। যদি কোন মানুষের কারণে এমন হয় তবে তারা কখনও চাইবেনা কেউ তাদের কাজের ক্ষতি করুক। তোর এ ধরণের কাজের ব্যাপারে আমি রাজি না। এসব গোয়েন্দাদের কাজ। তোরাতো আর গোয়েন্দা না।
তালহা মুখে কিছু না বলে তাঁর ছোট মামার দিকে তাদের কার্ডটা এগিয়ে দিল।
কার্ডটা হাতে নিয়ে অবাক হয়ে গেল তালহার ছোট মামা। গোয়েন্দা! তোরা আবার গোয়েন্দা হলি কবে?
হলাম কোথায়? হওয়ার ইচ্ছা। কিন্তু এভাবে বাধা দিলে তা আর সম্ভব হবেনা।
কিন্তু।
কোন কিন্তু নয় মামা, আগামী মাসে আমরা আবার আসব ইনশাআল্লাহ্। তুমি শুধু মা-বাবাকে রাজি করাবে।
ঠিক আছে, রাজি করাবো ইনশাআল্লাহ্।চলবে
2 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Morsalin Islam Shouradip
@morsalinshouradip
জাস্রা জুমান
@nmafin4gmil-com
Hijbullah hiju
@hijbullah
মোঃ রিদওয়ান আল হাসান
@mridwanalhasan
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
ইফতিশা খানম
@eftishakhanam



মামার কাছে গল্প শোনার মজাই অন্যরকম! খুদে গোয়েন্দাদের প্রথম অভিজ্ঞতাও মন্দ না!