Profile Photo

আবির হাসান সায়েমOffline

  • Abir-Hassan-Sayem
  • #ধারাবাহিক
    একমুঠো জোনাকি (পর্ব-২১)
    ~ আবির হাসান সায়েম

    ডায়েরিতে এরপর আর কিছু লেখা হয় নি। আমি ডায়েরি বন্ধ করে শিলার দিকে তাকালাম। সে একটা টুলে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। ডায়েরিটা আমার থেকে নিয়ে শিলা বলল,
    “আমি কাল রাতে ডায়েরিটা পড়েই বুঝেছিলাম কোনো একটা অঘটন ঘটবে। ”
    “শিলা দেখ, তুই যা ভাবছিস তেমন কিছুই হয় নি। নাবিলা রাতে একা ঘুমাতে পারে না বলে চেয়ারে বসে ছিলো। ভোরে হয়তো ঘুম এসেছে তাই পাশে শুয়ে ছিলো। ”
    শিলা একটা বাকা হাসি হেসে বলল,
    “আর কত সাধু সাজবি? বাইরে থেকে সাধুগিরি দেখালেও ভিতরে তুই এতো নীচ ভাবতেও পারি নি। ছি!”
    ” তুই আমাকে বিশ্বাস করছিস না? যা বাসা থেকের বের হয়ে যা। তাড়াতাড়ি বের হ। নাহলে একটা চড় দিবো এখন তোকে। ”
    “চিল্লাস কার সাথে? আমার দয়াতেই তুই বেঁচে আছিস। এই কথা ভুলিস না। ”
    এই কথা বলেই শিলা ঘর থেকে বের হয়ে গেলো। আমার অজান্তেই চোখ দিয়ে টপটপ করে পানি পরতে লাগল। কথা তো শিলা ভুল বলে নি, আমি তোর দয়াতেই বেঁচে আছি। সে যদি ডাক্তার না দেখাতো, হাসপাতালের বিল না দিতো তাহলে কি আমি বাঁচতে পারতাম। কতদিন ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তার বাসায় গিয়ে খেয়েছি৷ সামনেও ওর মা দেয়া চাকরি করে আমাকে বাঁচতে হবে। আমার কাছে সত্যি পৃথিবীটাকে খুব নির্মম মনে হচ্ছিল। যেকোনো কষ্টের থেকে আপনজনের দেয়া কষ্টের আঘাত অনেক গভীর,অনেক প্রশস্ত। এই কষ্ট সহ্য করা খুব মুশকিল। আমি অনেক্ষণ ঝিম মেরে বসে রইলাম। বিকেলে মামাকে ফোন দিলাম,
    “হ্যালো। আসসালামুয়ালাইকুম মামা। ”
    ” ওয়ালাইকুম আইসসালাম। কেমন আছিস আবীর? ”
    “ভালো মামা। ”
    “পরশুদিন কাদেরের পরীক্ষা শেষ। সে তো সব গোছগাছ করে রাখসে৷ তোর কাছে যাবে। ”
    “ওর আসার লাগবে না মামা আগামী সপ্তাহে আমিই আসব।”
    ” তাইলে তো ভালোই হয়। কোনো কাজে আসবি নাকি এমনেই?”
    “একেবারে চলে আসব। ওইখানে একটা চাকুরী খুজে দিতে পারবেন না মামা?”
    “পারবো না কেন?অবশ্যই পারব। কলেজে মাস্টারি করবি। তোর মামী আর কাদেররে বললে তো তারা বেজায় খুশি হবে।আচ্ছা আবীর শোন। ”
    ” জি বলেন মামা। ”
    “তোর মনটা কি খুব খারাপ। তো গলা এমন শুনাইতেসে কেন?”
    আমি ফোনটা কেটে দিলাম। সারাদিন মনটা খারাপ ছিলো। মামার সাথে কথা বলে মনটা ভালো হয়ে গেলো। ফজলুল সাহেবকে ফোন দিলাম,
    “আসসালামুয়ালাইকুম, স্যার। ”
    “ওয়ালাইকুমআসসালাম, আবীর সাহেব। বলুন। ”
    “আচ্ছা স্যার আজকে সন্ধ্যায় কি আমার বাসায় একটু আসতে পারবেন? কন্ট্রাক্ট পেপারটা নিয়ে আসবেন সাথে করে৷ ”
    “খুব জরুরী কিছু?”
    “হ্যা খুব জরুরি স্যার।”
    “আচ্ছা আসব। কিন্তু কাজটা কি জানতে পারি?”
    “আপনি আসলেই না হয় বলব। আচ্ছা স্যার রাখি। ”
    আমি ফোন নামিয়ে রাখলাম। কাগজ কলম নিয়ে একটা চিঠি লিখতে বসলাম।
    শ্রদ্ধেয় খালাজান,
    আশা করি ভালো আছেন। যখন আপনি এই চিঠিটা পড়ছেন তখন হয়তো আমি ট্রেনে খুলনার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। ঢাকাতে আমার কোনো আত্মীয় স্বজন ছিলো না। প্রথমদিকে আমার খুব খারাপ লাগল। আপনি আমাকে সবসময় ছেলের চোখে দেখেছেন। আমি ঢাকা থেকে এতোদিন পড়াশোনা করতে পেরেছি আপনাদের সাহায্যেই। নানা বিষয়ে আপনাদের কাছে দারস্থ হয়েছি, কোনোবারই নিরাশ হয়ে ফিরে যাই নি। আপনি আমাকে একটা চাকুরী দিয়েছেন। খুব বড় চাকুরী। সে জন্যে আপনাকে ধন্যবাদ। কিন্তু খালা রাগ করবেন না। আমি এই চাকুরিটা করব না। আমি খুলনা চলে যাচ্ছি। সেখানে একটা যুতসই চাকরি খুজে নিবো। ঢাকা শহরের এই বিষাক্ত বাতাসে শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে। আমার জন্য দোয়া করবেন।কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আমি আমার মা’য়ের ভালোবাসা না পেলেও দু’জন মানুষ থেকে তার সমতুল্য ভালোবাসা পেয়েছি। একজন আমার মামী আর আপনি। নিজের খেয়াল রাখবেন।
    ইতি,
    আবীর হাসান
    [পুনশ্চঃ ফরিদকে সাথে নিয়ে যাচ্ছি। আপনি চিন্তা করবেন না। ওকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিবো। ছেলেটার ব্রেন ভালো।]
    সন্ধ্যায় ফজলুল সাহেব এলেন। আজকে বেশ গরম পরেছে। ফজলুল সাহেবের শার্ট ঘামে শরীরের সাথে লেগে গিয়েছে। আমি ফ্যান চালু করে দিলাম। ফজলুল সাহেব শার্টের একটা বোতাম খুলে দিয়ে শার্টটা পিছনে টেনে বললেন,
    “হঠাৎ আসতে বললেন। কি কাজ বলুন৷ ”
    সাথে সাথে কারেন্ট চলে গেলো। আমি একটা মোমবাতি জ্বালালাম। আজকাল কারেন্ট খুব উৎপাত শুরু করেছে, ঘন্টা ঘন্টায় চলে যাচ্ছে।
    “স্যার কন্ট্রাক্টের কাগজটা এনেছেন?”
    “হ্যা এনেছি। ”
    ফজলুল সাহব ব্যাগ থেকে কাগজটা বের করে দিতে দিতে বললেন,
    ” কি করবেন এইটা দিয়ে?”
    আমি কাগজটা নিয়ে বললাম,
    “আমি চাকরিটা করব না। ”
    এই কথা বলেই কাগজটা আমি মোমবাতির জ্বলন্ত শিখার উপর ছেড়ে দিলাম। ফজলুল সাহেব শান্ত ভাবেই বসে রইলেন। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ।
    “চাকরি না করলে কি করবেন? ”
    “জ্বি গ্রামে চলে যাবো। নিজের একটা জগৎ বানাবো। নিজের জন্য কিছু করব। এই বস্তুবাদিতার শহরে আমার কিছু হবে না। নিজের অম্বরে নিজের মতো বাস করব৷ সব মাছ তো আর পুকুরে ভাষ কর সম্ভব না। ”
    ফজলুল সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন,
    “ফ্যান্টাসটিক। ”
    আমি বিষ্ময়ভরা কন্ঠে জিজ্ঞেস করলাম,
    “মানে?আপনার আশ্চর্য লাগছে না? ”
    “খনিকটা লাগছে৷ কিন্তু আপনি একটা সঠিক পথ বেছে দিয়েছেন। এই শহরে চাকরিজীবি আর গৃহপালীত পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা সহজে বুঝি না, জীবন একটাই নিজের জন্যও কিছু করা দরকার৷ জীবন মানেই শুধু টাকা না। যখন আমরা এই ব্যাপারটা বুঝি ততদিন যাবার সময় হয়ে যায়। আপনার প্রতি আমার অশেষ দোয়া রইলো। ”
    “ধন্যবাদ। খুব ধন্যবাদ। আপনি আপাতত এই ব্যাপারে খালাকে কিছু বলবেন না। এই চিঠিটা রাখুন। শিলার বিয়ের পরেরদিন এইটা খালা কে দিবেন। প্লিজ স্যার।”
    ফজলুল সাহেব চিঠিটা নিলেন।

    চলবে…

    ধন্যবাদ, যারা আমার লেখা পড়ছেন নিয়মিত। আকাশ সমান কৃতজ্ঞতা ও ভালোবাসা আপনাদের জন্য!❤

    6
    3 Comments
Skip to toolbar