Profile Photo

mahamuda khaunOffline

  • mahamuda
  • Profile picture of mahamuda khaun

    mahamuda khaun

    • 4 years, 3 months ago

    পোড়োবাড়ির_রহস্য
    পর্ব_এগারো
    তালহাকে একটা মাইক্রোতে উঠিয়ে দিয়ে লিটন সাহেব চলে গেলো। যাওয়ার সময় ড্রাইভারকে তালহার কাছে থেকে ওর ঠিকানাটা নিয়ে ঠিকমত পৌঁছে দিতে বলল। গাড়িতে ড্রাইভার ছাড়া হাশমত নামে অন্য একজনও আছে। সে তালহার পাশেই বসে আছে। যদিও চোখ বাঁধা থাকার কারণে কিছুই দেখতে পারছেনা তালহা, তবুও মনে হচ্ছে লোকটা একভাবে ওর দিকে তাকিয়ে আছে। ও শুনেছে লিটন যাওয়ার সময় ওকে আদেশ করে গেছে তালহার দিক থেকে চোখ যেন না সরায়। সেকারণেও মনে হতে পারে।
    গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে তালহা। তিন প্রস্থ কাপড় দিয়ে তার চোখ বাঁধা। একটু ঢিলা করে যে জায়গাটার নাম দেখে নিবে তার কোন উপায় নেই। পাশে বসা হাশমতকে উদ্দেশ্য করে বলল, হাশমত আমার থেকে চোখ সরাননিতো।
    না না, একদমই সরায়নি।
    কিন্তু আমি যে দেখলাম আপনি বাইরের দিকে তাকিয়ে আছেন। আসলে এতো সুন্দর প্রকৃতি রেখে আমার দিকে আর কতক্ষণ তাকিয়ে থাকা যায়? কথাটা অনুমান করেই বললো তালহা।
    রাগে তোতলাতে শুরু করলো হাশমত। এইই ছেছেলে তোতোমাকে কে বলল যে আমি বাইরে তাকিয়ে ছিলাম? তুমি দেখতে পাচ্ছো। দাঁড়াও এবার এমন টাইট দেবোনা! কথাটা বলেই চোখের বাঁধন খুলতে শুরু করলো হাশেম। সম্পূর্ণ খুলে আবার যখন বাধতে যাবে তখন তালহা আকুতি করে বললো পাঁচ মিনিট খোলা রাখা যায়না? একটু বাতাস খেয়ে নেই।
    না না একদমই না। কথাটা বলে আবার তালহার চোখ বেঁধে দিল। ওর হাত দুইটা বাঁধা। পিছমোড়া করে বাঁধতে চেয়েছিলো। ওর অনুরোধে সামনের দিকে রেখে বেঁধেছে। সেই অবস্থায় কষ্ট করে দুইটা মার্বেল নাকের দুইপাশ দিয়ে ঢুকিয়ে দিলো। ফলে বাঁধনটা অনেকটাই ঢিল হল। কাজটা খুব দ্রুত করলো যাতে হাশমত না দেখে ফেলে। লোকটাকে একটু মাথা মোটা মনে হয়েছে তালহার। না দেখলে ওর কৌশল ধরতে পারবেনা। তালহা দেখলো হাশমত আবারও বাইরেটা দেখছে। এই সুযোগে কাপড়টা ফাঁক করে ও বাইরেটা দেখার চেষ্টা করলো। হাত বাঁধা থাকায় কাজটা করতে বেগ পেতে হচ্ছে। রাস্তার পাশের দোকানপাটগুলো থেকে জায়গাটার নাম জেনে নিলো তালহা। জায়গাটা শৈলকূপা। আশেপাশের পরিবেশ দেখে বোঝা যাচ্ছে এটা ঝিনেদার গ্রাম এলাকা। তালহাকে যে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে সেটা একটা মাঝারি আকারের মাইক্রো। ড্রাইভারের সিটের এক সারি পরে একদম মাঝামাঝি যে সিটটা, সেটার ভেতরের দিকে তালহাকে বসিয়ে বাইরের দিকটায় হাশমতকে বসানো হয়েছে যাতে তালহা চট করে নেমে যেতে না পারে। ড্রাইভার সেই যে কানের মধ্যে একটা এয়ার ফোন লাগিয়েছে আর খোলার নাম নেই। এমনিতেই চলন্ত মাইক্রোর ড্রাইভিং সিটে বসে পেছনের কথা শোনা যাওয়ার কথা না। আর যদি কানে এয়ার ফোন গুজে রাখে তাহলেতো শুনতে পারার প্রশ্নই ওঠেনা। তালহা চোখের কাপড়টা সরিয়ে যতটুকু ফাঁকা করতে পেরেছে তা দিয়ে আশপাশটা ভালোই দেখতে পারছে। গ্রামের মেঠো পথ ধরে স্কুলগামী ছেলে-মেয়েরা একেবেকে হেঁটে চলছে। হাশমত হা করে সেইদিকে তাকিয়ে আছে।
    জায়গাটার নাম জানা হয়ে গেছে। এখন আর কিছু দেখার ইচ্ছা নেই তালহার। হাশমতের কাণ্ড দেখে লোকটাকে হ্যাংলা মনে হলো। মধ্য বয়স্ক একটা লোক এভাবে বাচ্চা মেয়েগুলোকে দেখছে ব্যাপারটা তালহার কাছে দৃষ্টিকটু লাগলো। তালহা কণ্ঠে কাঠিন্যতা নিয়ে বলল, কি হাশমত সাহেব, ওদিকে তাকিয়ে কি দেখেন?
    কোনদিকে তাকিয়ে কি দেখি? আমিতো শুধু তোমাকে দেখি।
    কিন্তু আমি আপনার দিকে তাকিয়ে দেখলাম আপনি দিব্বি বাইরে তাকিয়ে স্কুলগামী বালিকাদের সৌন্দর্য উপভোগ করছেন। দৃষ্টি সংযত করতে শিখুন। মেয়ের বয়সী কতগুলো বাচ্চা বাচ্চা মেয়ের দিকে এভাবে তাকিয়ে থাকতে বিবেকে বাঁধা উচিৎ।
    লজ্জায় মিইয়ে গেলো হাশমত। পরক্ষণেই চেহারার মধ্যে কাঠিন্যতা এনে বলল, বললাম না কথা না বলে চুপচাপ আমার সাথে চল। কথাটা বলে আবার আপন মনে বাইরেটা দেখতে লাগলো। হঠাৎ চমকে উঠে বললো, এই তুমি কীভাবে জানলে আমি কি দেখছি? তোমার চোখ কি আবার খুলে গেছে?
    আরে না। যে টাইট করে বেঁধেছেন তাতে নাভিশ্বাস অবস্থা। আচ্ছা হাশমত ভাই। হাশমতই তো নাম আপনার, তাইনা? কথা ঘুরিয়ে প্রশ্নটা করলো তালহা।
    হ্যা হাশমত। বল, কি বলবে?
    আচ্ছা এখন আমরা কোন জায়গায়?
    তা দিয়ে তোমার দরকার কি?
    জায়গাটার নাম জানলে আমার বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে তা আমার আন্দাজ করতে সুবিধা হতো।
    এটা শৈলকূপা।
    এখনও শৈলকূপাতেই আছি?
    এখনও শৈলকূপাতে আছি মানে?
    না মানে আমাকে যেখান থেকে মাইক্রোতে উঠিয়ে দিয়েছিলো ওটাওতো শৈলকূপা, তাইনা?
    হ্যা ওটাও শৈলকূপা। তাতে কী হয়েছে?
    না ভাবছি এতক্ষণেও শৈলকূপা পার হতে পারলামনা! কতক্ষণে বাড়ি পৌঁছাবো কে জানে? ওদিকে পেটের মধ্যে ছুঁচো ডিগবাজি খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা খাবারতো দূরের কথা একটু পানি পর্যন্ত খেতে দেননি। সেকথা বাদ দেন। মায়া দয়া থাকলেইনা অন্যের কথা ভাববেন। আচ্ছা একটা কথা বলেনতো শৈলকূপায় জঙ্গলও আছে, না?
    আছে। শুধু শৈলকূপায় না একটু বেশি গ্রাম এলাকাগুলোতে এমন জঙ্গল অহরহ দেখতে পাওয়া যায়।
    হ্‌ বেশতো! অন্যগুলো দরকার নেই। তবে বন্ধুদের নিয়ে আমার এখানে একবার আসার ইচ্ছা। আহা জায়গাটা যদি একবার দেখতে পারতাম! লিটন সাহেবকে একবার বলতে চেয়েছিলাম চোখটা খুলে দিয়ে আমাকে জঙ্গলের সৌন্দর্য উপভোগ করাতে। কিন্তু সাহসে কুলায়নি।
    তাহলে আমাকে এতো কথা জিজ্ঞাসা করার সাহস কে দিলো?
    আপনাকে না দেখেও আমার খুব আপন আপন লাগছে। তাই একটু বেশি আবদার করে ফেলছি। ভাববেননা, এতে আপনার কোন অসুবিধা হবেনা। তবে লিটন সাহেব যখন বড় রাস্তার দিকে নিয়ে আসছিলো, তখন দেখতে না পারলেও বড় বড় জংলী গাছের মধ্যে দিয়ে যে হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছিলো এটা বেশ বুঝতে পেরেছি। আচ্ছা হাশমত ভাই, ঐ জঙ্গলে আবার সাপ টাপ নেইতো? টুকুস করে পায়ে যদি একটা কামড় বসিয়ে দিতো?
    জঙ্গলে সাপ থাকবে না কি বাসায় থাকবে? চুপচাপ বসে থাকো।
    হ্যা সেইতো।
    আচ্ছা তুমি এতো কথা বলো কেন?
    কথা বলবোনা! কথাইতো সম্বল। আমরাতো অস্ত্র না, কথা দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করি। আমার কথা বলাতে আপনার বেশ অসুবিধা হচ্ছে বুঝতে পারছি। আমি বরং একটু ঘুমিয়ে নেই ।
    সেটাই কর। পৌঁছে গেলে ডেকে দিবো।
    তালহা সত্যিই ঘুমিয়ে পড়েছিলো। হাশমতের ধাক্কায় ধরফরিয়ে উঠলো। মুচকি হাসি দিয়ে বলল, কি ব্যাপার, ডাকলেন যে? আমরা চলে এসেছি? ঘুমিয়ে গিয়েছিলাম, তাইনা?
    ওত কথা না বলে গাড়ি থেকে নেমে পড়। তালহা গাড়ি থেকে নেমে পড়ল। হাশমত তার হাত এবং মুখের বাঁধন খুলে দিল। এতক্ষণ বেঁধে রাখার কারণে চোখ খুলতে খুব অস্বস্তি লাগছে তালহার। হাত দিয়ে চোখ রগড়ে আস্তে আস্তে যখন ধাতস্থ হল তখন চোখ খুলল। প্রথমে জায়গাটা না চিনলেও পরে বুঝলো জায়গাটা তার নানী বাড়ির আশেপাশেই। ক্ষুধা আর পিপাশায় জান যাওয়ার অবস্থা। তাকিয়ে দেখলো ততক্ষণে গাড়িটা হাওয়া হয়ে গেছে। মনটা খারাপ হয়ে গেলো। ও ভেবেছিলো গাড়ির নাম্বারটা টুকে নিবে। কিন্তু তা আর হলো কই। কি আর করা? বাসার উদ্দেশে রওনা দিলো। বাসায় ঢুকে আগে তাকে ফ্রেশ হতে হবে, তারপর ক্ষুধা মিটিয়ে বন্ধু দুজনের খোঁজ করতে হবে। টেম্পু স্ট্যান্ডে এসে একটা টেম্পুতে উঠে পড়ল সে। বাসায় ঢুকেতো চোখ চড়কগাছ। মুসায়েব আর যায়িদ কবজি ডুবিয়ে খাওয়াতে ব্যস্ত আর তার ছোট মামা, মেজো মামা পেছনে হাত দিয়ে পায়চারি করছে। ওকে ঢুকতে দেখে চিৎকার করে উঠল ওমর শরীফ।
    তালহা তুই কোথায় ছিলি কাল রাতে? কারা ধরে নিয়েছিল তোকে? তোর চিন্তায় মা সেই যে বিছানায় শুয়েছে, আর উঠার নাম নেই। রাত থেকে কিছুই খায়নি। আমিতো এখুনি বড় আপাকে ফোন করতে যাচ্ছিলাম।
    কথাটা শুনে আঁতকে উঠল তালহা। মাকে ফোন করলে তার আর গোয়েন্দাগিরি করে হবেনা। ফোন করেনি শুনে জানে পানি আসল তার। তারপর বন্ধুদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কিন্তু আমার জন্য তো আমার বন্ধুদের কোন চিন্তা নেই। কেমন গোগ্রাসে খাচ্ছে!
    তালহার কথা শুনে মুসায়েব বলল, আগে খেয়ে নেই তারপর কথা হবে।
    এমনভাবে খাচ্ছিস যেন কতদিন খাসনি।
    সে অনেক কথা। সকালে নাস্তা করেছি। কিন্তু যতটা আগ্রহ নিয়ে নাস্তা করা শুরু করেছিলাম খেতে গিয়ে ততটা আগ্রহ পাইনি। বাসি পরাটা। এমন শক্ত ছেড়াই যাচ্ছিলোনা। ঐ খাবারের কাছে এটা যেন অমৃত। আহ্‌ কিজে মজা! বসে পর। তোর পেটেওতো মনে কিছু পড়েনি। আগে খাওয়া তারপর কাজ। পেট খুশিতো, মন খুশি। কথাগুলো বলেই আবার তৃপ্তি সহকারে খাওয়া শুরু করলো মুসায়েব।
    ওমর শরীফ বলল, ওরাও তো মাত্র বাসায় এসেছে।
    তালহা অবাক চোখে তাকালো ওদের দিকে। এখন এসেছে মানে! কোথায় ছিল সারা রাত?
    আগে খেয়ে নে, ওমর শরিফ বলল। তারপর আরাম করে বসে নিজেদের মধ্যে আলাপ করবি।
    তালহার বিস্ময় এখনও কাটেনি। বলল, তোরা খা আমি নানুকে নিয়ে খাবো।
    আগে বল, তুই কোথায় ছিলি?
    আর বলিসনা। কাচ দেওয়া দরজাটা দিয়ে ভিতরে ঢোকার পর কিছুদূর গিয়ে ধাক্কা খেয়ে পড়ে গেলাম, তারপর আর কিছু মনে নেই। সকালে ফজরের আজানের সময় ঘুম ভেঙ্গে গিয়েছিল। নিজেকে একটা বদ্ধ ঘরে আবিষ্কার করলাম। তারপর একে একে সব ঘটনা বর্ণনা করলো তালহা। যায়িদদের দিকে তাকিয়ে বললো, এবার বল তোরা সারা রাত কি করেছিস?
    মুসায়েব বলা শুরু করলো। তোকে না পেয়ে আমরা পোড়ো বাড়িটা থেকে বের হয়ে যাই। তারপর……………
    আরে তুই চুপ কর ঘুম-পুত্র। মুসায়েবের কাছ থেকে কথা কেড়ে নিয়ে বলল যায়িদ।
    ঘুমপুত্র! অবাক চোখে যায়িদের দিকে তাকালো মুসায়েব। সেটা আবার কি?
    কি বুঝিসনি না? তোকে বললাম তুই একটা ঘুম-পুত্র।
    ঘুমকন্যা শুনেছি, কিন্তু ঘুমপুত্র এমন শব্দ কখনও শুনেছি বলে মনে পড়েনা।
    এখন শুন……
    থামবি তোরা। সবসময় ঝগড়া করা তোদের স্বভাব হয়ে গেছে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তার মাঝেও ঝগড়া করতে হবে? যেকোন একজন বল। ঠিক করে নে কে বলবি?
    আমিই বলবো, যায়িদ বললো। ওতো ঘুমেই কাঁতর ছিলো তখন। তারপর যায়িদ গত রাতে তাদের সাথে হওয়া সব ঘটনা খুলে বলল।
    চলবে

    6
    7 Comments
    • রহস্যের শেষ নাই। লিখে যাও।

    • রহস্যের মায়াজালে বাঁধা পড়ে গেলাম। সময় নিয়ে পুরো গল্পটা পরব। অভিনন্দন।

      • ধন্যবাদ, তবে গল্পটা লিখতে গিয়ে দেখলাম এ ধরণের গল্প লিখতে যে মেধা লাগে তা আমার নেই। তাই এটাই আমার লেখা প্রথম ও শেষ রহস্য গল্প হবে ।

    • যাক, অবশেষে সব বন্ধুরা আবার এক সাথে হতে পেরেছে!

      প্রিয় গল্পকার, আপনার প্রথম রহস্য গল্প হিসেবে লেখাটা মোটেও কাচা হাতের লেখা মনে হয়নি। বড় গল্প লিখতে লিখতে হয়ত কিছুটা ছন্দপতন হতে পারে, কিছুটা একঘেয়েমি আসতে পারে। তবে হতাশ হবেন না, লিখে যান। আমরা সাথেই আছি। অনেক অনেক শুভ কামনা রইল!

Skip to toolbar