-
উত্তরা টু আজিমপুর
একটি এস এম এস ও একটি দীর্ঘ দিবা স্বপ্ন।
আনোয়ার হাকিম।
এস এম এস ঝকমারিঃ
“এই, তুই আমার ফোন ধরিস না কেন? আমারে ব্লক মারছোস কেন? কুত্তা তুই সিম পাল্টাইয়া শ্রাবন্তি’র সাথে রঙ খেলতাছোস? তোরে আমি খাইছি। আমারে শেষ কইরা মনে করছোস তুই পার পাবি? কখখনো না।” এস এম এস দেখেই মনটা তিরিক্ষি হয়ে গেলো। অজানা অচেনা কারো কাছ থেকে এরকম ম্যাসেজ আসলে মনটা কেমন লাগে? তাও ম্যাসেজের ভাষার যে ছিরি! ম্যাসেজদাতা যে একজন বালিকা সে বিষয়ে কোনই সন্দেহ নাই। ম্যাসেজটি যে তার বয় ফ্রেন্ডকে উদ্দেশ্য করে লেখা তাও অত্যন্ত স্পষ্ট। বিএফ এর সাথে চোর-পুলিশ খেলা, গোল্লাছুট খেলা, পলান্তি-পলান্তি খেলা, কথা-কাটাকাটি, তুই-তুকারি ও মারামারিও অস্বাভাবিক না। কিন্তু এই ম্যাসেজের মধ্যে আরো কিছু বিষয়ের অস্তিত্ব উপলব্ধি করা যাচ্ছে। ওয়ান টু ওয়ান প্রেমের ইউজুয়াল স্টোরি এখন আর নজর কাড়েনা। এখন যুগটাই ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, বহুভুজ প্রেমের। আজকাল পরকীয়া লাইনও চলছে সমান্তরালে। এই ম্যাসেজে বালিকার আর্ত চিৎকার লাউড স্পীকারের চেয়েও চড়া। বোঝাই যাচ্ছে তার কথিত জানেমান তাকে প্রায়োরিটি লিস্ট থেকে ডিলিট করে দিয়েছে। শুধু তাই নয় ব্লক মেরে পার্মানেন্টলি ব্ল্যাক লিস্টেডও করে রেখেছে। আমার এ নিয়ে মাথা ব্যাথা নেই। এ নিয়ে অনেক ধরণের কল্পনা করা যেতে পারে। হয়ত মেয়েটির আচরণে ছেলেটি ত্যক্ত-বিরক্ত- রক্তাক্ত- ক্ষত-বিক্ষত। অথবা ছেলেটি মেয়েটির কাছ থেকে নির্যাস যা নেওয়ার নিয়ে ফেলেছে। তাই,এতদিনের জরিনা সুন্দরীকে এখন ছোবড়া ছাড়া আর কিছুই মনে হচ্ছেনা। হয়ত ইত্যবসরে জরিনা সুন্দরী থেকেও পরমা সুন্দরী কোন দীপিকা,ক্যাটরিনার সান্নিধ্য পেয়ে গেছে। তাই নতুন প্রজাপতির রূপ,রস,গন্ধ,বর্ণে মজেছে। ঘটনা যা-ই হোক, আমাকে এ ম্যাসেজ দেওয়ার কারণ কি? এতসব ভাবনার মধ্যে আবারো এস এম এস। একই নম্বর থেকে। এবারের ম্যাসেজ আরো ভয়ংকর,” বাবু, খাইছো? রাগ করছো? স্যরি, স্যরি, স্যরি, এক লক্ষ বার স্যরি”। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। ক্ষিধে চাড়া দিয়ে উঠছে। পেটের মধ্যে মিক্সচার মেশিনের খালি ব্লেড অনবরত ঘুরছে। খুব সহজেই এটাকে ফাজলামি জ্ঞান করে ইগনোর করা যায়। সেটাই করা উচিত। কিন্তু ঘটনা তো অন্যত্র! ম্যাসেজে শ্রাবন্তী’র নাম এসেছে। সেই ম্যাসেজ বালিকা শ্রাবন্তী’র সাথে আমার ইয়ের কথা জানলো কি করে? এই প্রশ্নের কোন মীমাংসা সূত্র খুঁজে পাচ্ছিনা। একবার মনে হলো, ফোন দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হই। কিন্তু নতুন জটিলতায় পড়ে যাবার ভয় পেয়ে বসলো। শয়তান মানুষের দুর্বলতার মুহুর্তে খুব আপন হয়ে উঠে। নানাবিধ পরামর্শ দিয়ে কুপথে পরিচালিত করে, তাও জানি। এমন তো হতে পারে যে, শ্রাবন্তী’ই অন্য নম্বর থেকে ম্যাসেজ দিয়ে আমাকে টেস্ট করছে। আসলেই আমার কারো সাথে কোন রিলেশন আছে কিনা? তাইতো। এটাও তো হতে পারে! শয়তান যখন কায়দা মত কাউকে পেয়ে যায় তখন মুহুর্ত ব্যয় করার সময় দেয় না। আমি বিষয়টা খোলাসা করার জন্য শ্রাবন্তীকেই সরাসরি ফোন দিলাম,” কি হইছে?”
— কই? কী হবে?
— সাতসকালে কি সব উল্টাপাল্টা ম্যাসেজ দিছো
— কই না তো?
— মজা নিতাছো?
— ধ্যাত। রাতে উল্টাপাল্টা কিছু খাইছো নাকি?
— বাহ! ম্যাসেজ দিলা তুমি। আর আমারে কইতাছো কত কি
— আমি কোন ম্যাসেজ দেই নাই
— তাহলে দিলো কে?
— তার আমি কি জানি?
— বাহ! বাহ! আজেবাজে কথা লিখলা, বাবু খাইছো কইয়া স্যরিও কইলা
— ইম্পসিবল। নাটক করতাছো আমার সাথে?
— এস এম এস তো আমার মোবাইলে এসেছে
— কই পাঠাও দেখি।
আমি রাগের মাথায় সেই এস এম এস কপি করে পাল্টা এস এম এস পাঠালাম। কতক্ষণ পরেই শ্রাবন্তী’র ফোন। উত্তেজনা নিয়ে ধরলাম,” বলো”
— বুঝছি
— কি?
–হারামী তুই আমারে ঠকাইছোস। তুই কোন মাইয়ার সাথে ইটিস পিটিস করছোস। এখন ওই মাইয়ারে খাইয়া আমারে শেষ করতে আইছোস। ব্রেক আপ। হারামী তুই আমারে আর কল দিবিনা। তোরে ব্লক মারলাম। লুইচ্চা হারামী।
ও-প্রান্তের মোবাইল ডেড হয়ে গেলো। ফেবু আইডি চেক করলাম। ব্লক। ম্যাসেঞ্জার ব্লক। হোয়াটসঅ্যাপ ব্লক। আমি ঘোরের মধ্যে রাগে-ক্ষোভে-খিদেয় ধপ করে বিছানায় বসে পড়লাম। মাথা ঘুরছে। কপাল ও ঘাড় ঘামছে।শরীর অবশ লাগছে। ভেবে পাচ্ছিনা এতে আমার দোষ কোথায়? আমার জীবনে শ্রাবন্তী একক ও প্রথম রিলেশন। এটাকে পাক্কা রিলেশন না বলে রিলেশনের দিকে ধাবমান নির্ভেজাল ভাললাগার একটা সম্পর্ক বলা যেতে পারে। জীবনে অনেক বালিকা দেখে মুগ্ধ হয়েছি সত্য। কিন্তু নিজের জীবনের সাথে মিলিয়ে কাউকে একান্ত আপনার ভাবার মত কোন পরিস্থিতি কখনোই অনুভব করিনি। কারো সাথে রিলেশন হওয়া তো দূরের কথা এর জন্য যে সময়, মনোযোগ আর ব্যাক্তিত্ব বিসর্জন দিতে হয় তাও হয়নি। অথচ অজানা বালিকার এস এম এস ধমক আর শ্রাবন্তী’র ঝারি জীবনের ভাললাগা থেকে ভালবাসার অংকুরোদগম কালকে ক্যাকটাসযুক্ত করে তুলেছে। শয়তানের কথা মনে হতেই বুঝলাম আমি শয়তানের খপ্পরে পড়ে গেছি। তার কুমন্ত্রণায় সরলভাবে শ্রাবন্তীকে ফোন দিয়ে বোকামীর পরিচয় দিয়েছি আর এস এম এস এর কপি পাঠিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছি। এখন উপায়? শ্রাবন্তী’র ভুল ভাঙ্গানো জরুরি। কিন্তু কোন পথ খোলা নেই। একমাত্র তার বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থেকে তার সাথে কথা বলা ছাড়া। সেক্ষত্রেও ঝক্কি আছে। রাগের মাথায় কি সিন ক্রিয়েট করে ফেলবে কে জানে? কিন্তু বিষয়টার সুরাহা হওয়া দরকার।এমন সময় এস এম এস আলোকিত করে সেই কথিত বালিকার আগমন বার্তা। তাতে লেখা,
” বাবু, রাগ করছো? আমার তো রাগ উঠলে হিতাহিত জ্ঞান থাকেনা। তাই কার কাছে কি শুনে তোমাকে ভুল বুঝছি। লাভ ইউ বাবু। উম্মা,উম্মা, উম্মা, এক লক্ষ উম্মা”। আমি থ।দিবাস্বপ্নঃ ১।
শ্রাবন্তীকে প্রথম দেখি এক বিয়ের অনুষ্ঠানে।
আগে থেকে কোন জানাশোনা ছিল না। বিয়ের অনুষ্ঠানে তার উজ্জ্বল-উচ্ছ্বল উপস্থিতি আর নজরকাড়া লুক দেখে আর দশ বিশ জনের মত আমিও আকৃষ্ট হয়ে পড়ি। চোখ ফিক্সড হয়ে যায় তার দিকে। হলরুম জুড়ে যতই তার নড়াচড়া দেখছি ততই উদ্বেলিত হচ্ছি। কেমন যেন একটা ‘ইউরেকা’, ‘ইউরেকা’ ভাব মনের মধ্যে থেকে থেকে পুলক জাগাচ্ছে। তবে প্রাথমিক আপ্লুতা কেটে যাওয়ার পর যে জিনিসটি মনের মধ্যে অনবরত খচ খচ করতে থাকলো তা হলো তার পেছনে পেছনে এক পাল রোমিওর সার্বক্ষণিক ছুটোছুটি। মধুমক্ষিকারা যেভাবে রাণী মৌমাছিকে সারাক্ষণ ঘিড়ে থাকে ঠিক সেরূপ। যেন যথার্থই মক্ষীরানি সে।
রোমিওদের প্রায় সবাই সমবয়সী, সুদর্শন আর সেই লেভেলের স্মার্ট। আমার সেই ‘ইউরেকা, ‘ইউরেকা’ ভাব এখন মরীচিকাবৎ। অক্ষমের পদে পদে শান্তণার প্রয়োজন পড়ে। আমার আরো বেশি। বেল পাকলে কাকের কি? তাই তো! ছোটবেলা থেকে এ প্রবাদ মুখস্থ।এখনো গেস্ট আসা বাকী। তাই টেবিলে খানা লাগানো হয়নি। স্টেজ জুড়ে চলছে ফটো সেশন। থেকে থেকে জ্বলে উঠছে প্রফেশনাল ক্যামেরাম্যানদের সান গানের তীব্র আলো। সেই সাথে মেক্সিকান ওয়েভের মত চলছে অগণিত ক্যামেরা ও মোবাইলের ক্লিক ক্লিক। সাথে হাসি আর তালির হল্লা। দৃশ্য হিসেবে এটি নি:সন্দেহে অনেকের কাছেই প্রাণবন্ত কিন্তু আমার কাছে অসহ্যকর। এমনিতেই আমি কোন বিয়ে বা সোশ্যাল গ্যাদারিং এ যাই না। ভাল লাগেনা। এসেছি কাজিনের বিয়েতে বাধ্য হয়ে। ফ্যামিলি অবলিগেশন বলে কথা। বসে বসে ভাবছি এমন নেগেটিভ ভাব হওয়ার কারণ কি? ঘুরে ফিরে কেবলই মনে হচ্ছে যত দোষ ঐ প্রজাপতি বালিকার। না না। ঐ সব ছ্যাবলা টাইপের পোলাপানের। পার্সোনালিটি লেস স্মার্টনেসের কোন মূল্য আছে নাকি? কেমন আদিখ্যেতার মত এক বালিকার পিছু পিছু মৌ মৌ করছে সব। যেন তার খেদমতে জান কোরবান করে দেবে। ছি:।
হঠাৎই নিজের ভেতর থেকে প্রশ্ন এলো, তুমি হলে কি করতে? “ওরকম পিছু পিছু ছোঁক ছোঁক করতাম না মোটেই ” গা ঝাড়া দিয়ে এমনই প্রত্যুত্তর করতে গিয়ে থেমে গেলাম। ভেতরের স্বত্বা টিপ্পনী কেটে বলে উঠলো, ” কি হলো? চেপে গেলে যে”? অদৃশ্য সেই স্বত্বার কাছে লজ্জা পেয়ে অপরাধীর স্বীকারোক্তির মত অসহায় আত্মসমর্পণ করে নিজের অজান্তেই অস্ফুট স্বরে বলে উঠলাম, ” আমিও সারাদিন সেই বালিকার পিছু পিছু ঘুর ঘুর করতাম”। লজ্জার ভার নিয়ে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকা যায় না। তাই উঠে পড়লাম।কফি খেতে মন চাচ্ছে। পাশেই কফি ভেন্ডিং মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে ওয়েটার। কফিটা নিয়ে ঘুরতে গিয়েই হলো বিপত্তি। এ যেন বাংলা সিনেমার অতি পরিচিত সেই দৃশ্য! বালিকা আর তার পিপীলিকা দল এসেছে কফি খেতে। আমি খেয়াল করিনি। তাদের সাথে ধাক্কা লাগতে গিয়েও সামলে নিয়েছি কোন মতে। কিন্তু ততক্ষণে আমার সাদা শার্টের ঠিক বুক বরাবর ছিলকে উঠা কফির দগ দগে দাগ বিয়ের অনুষ্ঠানে সকলের সামনে আমার উপস্থিতিকে রাবার স্ট্যাম্পের মত দৃশ্যমান করে ফেলেছে। কফি খাওয়ার সাধ নিমিষেই হাওয়া। মুখে মুখে সমব্যাথী হলেও বালিকাকেন্দ্রিক সেই পিপীলিকা গং এর হাসি ঠিকই টের পেলাম। বালিকা অবশ্য নিম্নস্বরে “স্যরি” বলে টিস্যু এগিয়ে দিলো। কিন্তু ততক্ষণে আমি সার্কাসের ক্লাউন বনে গেছি। ওয়াশরুমের দিকে লম্বা লম্বা পা ফেলে হাটা দিলাম। আর ভাবতে থাকলাম আরো আগেই নিষ্ক্রান্ত হওয়া উচিত ছিল। তবু বেটার লেট দেন নেভার।
দিবাস্বপ্নঃ২।
আমি বরাবরই গৃহপালিত স্বভাবের। আমার দৌড়ের পরিধি সীমিত। অফিস আর বাসার বাইরে ঘনিষ্ঠ দু’চারজন বন্ধু, কলিগ ছাড়া ধুম আড্ডা বলতে তেমন একটা হয়না কারো সাথেই। স্কুলে আমার তকমা ছিলো স্বল্প বাক গুড বয়ের। কলেজে মুখচোরা আঁতেল। আর ভার্সিটিতে ইন্ট্রোভার্ট। চাকরি পরিমন্ডলে ম্যুডি। প্রতিটি পর্বেই আমাকে নিয়ে তাই স্বল্প পরিচিতদের সাথে হাই হ্যালো-র বাইরে বন্ধুতা তেমন জমে উঠেনি। উল্টো ভুল বুঝাবুঝির পরিস্থিতির সৃষ্টিও হয়েছে বেশ কয়েকবার। কিন্তু এবারের মত এত দুর্বোধ্য, জটিল, বিব্রতকর ও নাজুক পরিস্থিতি আগে কখনোই হয়নি। এই নিয়ে সাতপাঁচ অনেক কিছুই ভাবছি। এমন সময় মোবাইলে আন নোন নম্বর ভেসে উঠলো। সাধারণত আমি সব কলই রিসিভ করি। পুরুষ মানুষের আবার এত কিসের ভয়? শুধু একবার আন নোন নম্বর থেকে আসা কল রিসিভ করে বিপদে পড়েছিলাম। আজ থেকে বছর পাঁচ -ছয় আগে।আমি তখন অন্য মন্ত্রণালয়ে। রোজার ঈদের কিছু দিন আগের ঘটনা। পাঁচটার পর মন্ত্রণালয়ের কমন সার্ভিস মাইক্রোতে করে সচিবালয়ের গেইট পেরিয়ে ওসমানী মিলনায়তন ফেলে হাইকোর্ট মোড়ে গিয়েছি। অমনি আন নোন নম্বর থেকে ফোন। পকেট থেকে বের করেই রিসিভ করলাম। ওপ্রান্ত থেকে ভারি গলায় আস্তে আস্তে আমার নাম, শ্মশ্রু মুখাবয়ব, বাড়ীর ঠিকানা, আজিমপুর সরকারি কোয়ার্টারের খবর এবং সর্বোপরি মন্ত্রণালয়ের নাম উল্লেখ করে জ্বীনের বাদশাহ’র মত কন্ঠে বললেন, তিনি অমুক। নামেই পরিচয়। আমাকে শুধু শুনে যাওয়ার কঠোর অথচ প্রাঞ্জল লয়ে অনুশাসন দিলেন।দেশের সর্বত্র তার সাগরেদ আছে। এদের অনেকেই অনেকদিন যাবত জেলে আছে। অনেকেই মামলা-হামলার ভয়ে দৌড়ের উপর আছে। সামনে ঈদ। তাই তাদের জামিন করানোর সুযোগ নিতে হবে। এর জন্য চাই প্রচুর টাকা। তাই আমার স্মরণাপন্ন হওয়া। তিনি এও বললেন কিছুক্ষণের মধ্যেই তার লোক আমাকে একটা বিকাশ নম্বর দেবে। যার শেষ দু’টি ডিজিট হলো ফোর নাইন। সেই নম্বর পাওয়া মাত্র আধা ঘন্টার মধ্যে তাকে এক লক্ষ টাকা বিকাশ করে পাঠাতে হবে। কারো সাথে এই কথা শেয়ার করা যাবেনা। আর কথা মত কাজ না করলে তার লোক আমার চারপাশেই আছে। শেষে শুধু বললেন, “ঠিক আছে?” আমি বললাম,”জনাব, আমার মনে হয় আমার সম্মন্ধে আপনার ইনফরমেশন সঠিক নয়। আপনার সোর্স যাচাইবাছাই না করেই আপনাকে আমার সম্মন্ধে ভুল তথ্য দিয়েছে”। এই টুকু বলামাত্রই তিনি গলার স্বর আরো ভারি করে বললেন,” আমি তো কোন কাউন্টার আর্গুমেন্ট গ্রহণ করিনা। ডু হোয়াট আই আস্ক ইউ টু ডু”। আমি বললাম,” আপনি আপনার সোর্সকে ভেরিফাই করেন। আর আমার ব্যাপারে আপনার ধারণা রি-চেক করেন”। সে যাই হোক। তারাবী পড়তে যাবার পথে হঠাৎ সে কথা মনে হলো। আর আশেপাশে যাকেই অপরিচিত দেখি তাকেই মনে হয় সেই জাহাবাজ চাঁদাবাজের লোক। এরপর নিয়মিত বিরতিতে আন নোন নম্বর থেকে কল আসা শুরু হলো। আমিও সেই ভারি কন্ঠ শোনা মাত্র কল কেটে দিয়ে যথাক্রমে টাউট-ওয়ান, টাউট-টু, টাউট-থ্রি, টাউট-ফোর,ফাইভ নামে সেভ করতে থাকি। সব কিছুরই একটা শেষ থাকে। আমার ক্ষেত্রেও অবশেষে একদিন সেই জাহাবাজ চাঁদাবাজের মিশন পরিত্যক্ত হয়। অনেকদিন পর এবার আন নোন নম্বরের ফোন কল রিসিভ করতে কেন জানি ভয় হলো। রিসিভ করা মাত্রই পরিচয় নিশ্চিত করে আমাকে বলা হলো যত দ্রুত সম্ভব আমি যেন ধানমন্ডি থানায় যাই। থানায় কেন? “সেটা থানায় এলেই বুঝবেন” বলে ও-প্রান্তের ফোন কল শেষ হয়ে গেলো। আমার অন্তরাত্মা কেন জানি কেঁপে উঠলো। বাঘে ছুঁলে আঠারো ঘা আর পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা’র কথা মনে পড়ে গেলো। আকাশের যত তারা পুলিশের তত ধারা সেটার কথাও মনে হলো। কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে থাকলাম খানিক ক্ষণ। মাথাটা ঝিম ঝিম করছে। ঘাড়টাও ধরে আছে। প্রেসার মনে হয় লো হয়ে গেছে। কফিতে আমার আসক্তি প্রবল। কিন্তু আজকাল গ্যাসের মাত্রা বেড়ে যাওয়ায় কফি খাওয়া বন্ধ রেখেছি। গলা শুকিয়ে কাঠ। আমি কি থানায় যাওয়ার কথা শুনে ভয় পেয়ে গেছি? নিজের মনকে যতই অভয় দেই, ধানমন্ডি থানার ওসি সাহেবের কল্পিত মুখে রহস্য ঘেরা মুচকি হাসির আড়ালে ভয়ংকর রূপ দেখতে পাচ্ছি। হঠাৎই মনে হলো পুলিশের এক ব্যাচমেটের কথা। চিটাগাংয়ের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমীতে চাকরির শুরুতেই ট্রেনিং করেছি এক সাথে। এরপর একই জেলায় দীর্ঘদিন আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট হিসেবে সুসম্পর্ক বজায় রেখেই চাকরি করেছি। বিপদে খড়কুটোও অতি দরকারী মনে হয়। তার সাথে আলাপ করলাম। সব শুনে “একটু পরে জানাচ্ছি” বলে পনের-বিশ মিনিট পর গম্ভীর কন্ঠে বললো থানায় যেতে। এও বললো যে সে বলে রেখেছে। ওদের কিছু কোয়েরি আছে সেগুলো জিজ্ঞেস করবে। তাই ডেকেছে। তবে থানায় ঢোকার আগেই যেন তাকে কল দেই অথবা ম্যাসেজ দিয়ে রাখি। তার এ কথাতে সন্দেহ আরো বাড়লো। ভয় হাঁটু পর্যন্ত বিস্তৃত হলো।লজ্জায় পাল্টা প্রশ্ন আর করা হলো না।
দিবাস্বপ্নঃ৩।
থানায় ঢুকেই সেন্ট্রিকে অতি আদবের সাথে সালাম দিয়ে নিজের পরিচয় দিয়ে বললাম ওসি সাহেব আসতে বলেছেন। সেন্ট্রি মনে হলো আগে থেকেই ওয়েল ইনফরমড। ওসির খাস কামড়ায় নিয়ে গিয়ে বসালো। চা খাবো কি-না তাও জিজ্ঞেস করলো। যথারীতি “না” করে দিলাম। আমার ভয় উবে গেছে। ওসির রুম দেখতে থাকলাম। কর্ম উপলক্ষে বেশ কয়েকবার পদাধিকার বলে একাধিক থানার ওসির রুমে গিয়েছি কর্তৃত্ব নিয়ে । আর এখন কেন এসেছি জানিনা। কিছুক্ষণের মধ্যে হাঁক-ডাক করে ওসি সাহেব রুমে ঢুকলেন। আমাকে দেখেই বললেন,” ও, আপনি”? একথার অর্থ কি জানিনা। তাকে দেখে গম্ভীর প্রকৃতির মনে হলো। হঠাৎই মনে হলো আমার সেই পুলিশ ব্যাচমেটকে তো ফোনে বা ম্যাসেজে জানানো হয়নি। আরো মনে হলো থানায় যে এসেছি সেকথাও তো উত্তরার বোনকে জানাই নি। এখন কোন বিপদ আপদ হলে? ওসির ভাবভঙ্গি সুবিধের মনে হলো না। আমি ভেতরে ভেতরে কুঁকড়ে যাচ্ছি। তখনই শ্রাবন্তীর কথা মনে হলো। আমাকে প্রায়ই ভীতুর ডিম বলে ক্ষ্যাপায়। কেন বলে জানিনা। প্রশ্ন করেও উত্তর পাইনি। তাই ‘বাবু খাইছো’ টাইপ আলাপ করার সাহসও পাইনি। বেশ কিছুক্ষণ পর ওসি সাহেব মুখ খুললেন,” ভাল আছেন?” আমি তার এই কথা সহজভাবে নিতে পারলাম না। বললাম, “জ্বী”। এরপর তিনি আমার সাথে সার্ভিস নিয়ে আমার বাড়ীঘর,পড়াশোনা, বর্তমান কর্মস্থল, বাসস্থান নিয়ে কথা বললেন। আমি বেশ নিশ্চিত যে এগুলো নিছক কথার কথা, অপ্রয়োজনীয় কথা। আসল কথা এখনো শুরুই হয়নি। তবু কি থেকে কি হয় ভেবে ওসির প্রতিটি কথার কাট টু কাট জবাব দিয়ে গেলাম। কর্মোপলক্ষে বিচারিক কার্যক্রমের সময় পুলিশের সাক্ষ্য নিতাম এজলাসে। আর এখন ওসির জেরার মুখে পড়েছি। “এবার কাজের কথায় আসি” বলে ওসি ম্যুড চেঞ্জ করে ফেললেন। আমি ভয়ে আরো কুঁকড়ে গেলাম। বললাম,”বলেন”।
— লেখালেখি করেন?
— জ্বী, একটু আধটু। শখে
— ভালই তো লেখেন। আপনার লেখাতে চকোলেট কফি ফ্লেভার আছে
— থ্যাংক্স
— আপনার ফ্রেন্ড ফলোয়ার তাই এত বেশি
— ওরা আমার পাঠক,পরিচিত, ফ্রেন্ডস এন্ড রিলেটিভস
— বালিকার সংখ্যা কেমন?
— অলমোস্ট ফিফটি ফিফটি
— শ্রাবন্তী নামের কাউকে চেনেন
— জ্বী চিনি
— আপনার গার্ল ফ্রেন্ড?
— না, ঠিক তা না। তবে-
— তবে কি?
— ভাল লাগে। আমার কাজিনের ফ্রেন্ড
— তার সাথে লাস্ট কবে আপনার কথা হয়েছে
— এই তো সকালেই
— এখন উনি কোথায়
— হয়ত বাসায়। অথবা অন্য কোন খানে
— এখানেই তো আপনাকে থামাতে হচ্ছে।
আমি চুপসে গেলাম। শ্রাবন্তী এলো কেন এখানে?ওসি রহস্যের হাসি হেসে একটা ফটো তুলে ধরে বললেন,”দেখেন তো একে চিনেন কিনা”?
— না। আমার উত্তর
— চিনে যাবেন সময় মত। মিস শ্রাবন্তী কি আপনাকে কোন ম্যাসেজ দিয়েছিলেন? ওসির চোখ পিট পিট করছে। আমি তার ভাষা বুঝে উঠতে পারছিনা। বললাম,” না তো!”
— দেখেন আমরা কিন্তু আপনার পুরো এস এম এস আর চ্যাটলিস্ট দেখে ফেলেছি। ইনফ্যাক্ট আপনার প্রাইভেসি বলে এখন আর কিছু নেই।
আমি ঘেমে শেষ। যুগোপৎ বিব্রত ও আতঙ্কিত।এর মধ্যে দফায় দফায় শ্রাবন্তীর ফোন। আমি কেটে দিচ্ছি। শ্রাবন্তীও নন স্টপ কল দিয়ে যাচ্ছে। বিষয়টা ওসি মার্ক করলেন। বললেন,”কার ফোন? জরুরী?” আমি মাথা নেড়ে বললাম,” না, তেমন না।” কিছুক্ষণ চুপ থেকে অনেকটা নাটকীয় ভাবে বললেন,”কার ফোন?” আমি কাচুমাচু করছি দেখে ওসি বললেন,” তার নাম কি?”
— কার?
— যিনি আপনাকে এতক্ষণ কল দিয়ে যাচ্ছেন
— আমার এক ফ্রেন্ড
— কেমন ফ্রেন্ড
— ভাল ফ্রেন্ড
— মেল অর ফিমেল
— ফিমেল
— গার্ল ফ্রন্ড?
— যাস্ট ফ্রেন্ড
একথা শুনে ওসি বলা চলে উচ্চস্বরেই হাসলেন। বললেন,”আপনি খুব ইন্টারেস্টিং”। মুহুর্তেই তার মুখ অগ্নিশর্মা রূপ নিল। বললেন,”উনার নাম কি?” আমি অসহায় আত্মসমর্পনের মত করে বললাম, “শ্রাবন্তী”। নামটা শোনামাত্রই ওসির মুখ অগ্নি লাল বর্ণ হয়ে গেলো। বললেন,” পুলিশের সাথে নাটক করবেন না।” গলা নামিয়ে চোখ পিট পিট করে বললেন,” শ্রাবন্তী আজ দুপুরে এপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিয়েছে”। আমি চমকে উঠলাম,”বলেন কি?” ওসি হাতের লাঠিটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বললেন,” বিকেলে হাসপাতালে মারাও গেছে। তার মোবাইল ঘেটে শেষ কনভারশেসন হিসেবে আপনার নম্বর পাওয়া গেছে”। একথা শোনা মাত্র আমার মাথা চক্কর মেরে উঠলো। সব বিষয়টাই আমার কাছে এখন স্পষ্ট। সকালের সেই এস এম এস টাই মূল। ওসিকে সব খুলে বললাম। অথচ তার মধ্যে কোন ভাবান্তর দেখলাম না। আমি ক্রমান্বয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। কথা বলার শক্তিও নেই। চোখে সব কিছু ঝাপসা দেখছি। ওসিকে মনে হচ্ছে জল্লাদের বড় দাদা। হঠাৎই ওসি হাতের লাঠিটা টেবিলের পাশে শপাং শপাং বারি মেরে বললেন,” উইল ইউ প্লিজ স্টপ দিস ড্রামা?” ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ। চিৎকার করে বললাম,” প্লিজ লেট মি গো। আই ক্যানট বিয়ার অল দিজ ট্যুয়িস্টিং”।স্বপ্ন ভঙ্গ।
“স্যার, উঠেন। আজ সকালে মন্ত্রী স্যারের সাথে মিটিং আছে তো”। আমার ঘুম ভেঙ্গে গেলো। তাহলে এত দীর্ঘ দিবা স্বপ্ন দেখছিলাম? মাথা দশ মন ভারি। শরীরে শক্তি নেই। মোবাইলটা হাত থেকে পড়ে গেছে। দ্রুত এস এম এস চেক করলাম। সেই বালিকার লাস্ট ম্যাসেজ,” স্যরি, ভাইয়া। ভুল করে আপনার নম্বরে ম্যাসেজ দিয়ে আজেবাজে কথা বলেছি। স্যরি,এক্সট্রিমলি স্যরি। জাহিদের সাথে আমার ভুল বুঝাবুঝি মিটমাট হয়ে গেছে। আমাদের জন্য দোয়া করবেন। ভাল থাকবেন। জাহিদ আমার বিএফ এর নাম”। আমার মাথাটা আবারো চক্কর মেরে উঠলো। আমার নামও তো জাহিদ। আমার বেস্টুর নামও তো শ্রাবন্তী। কেমনে সম্ভব?
কল লিস্ট চেক করে দেখি শ্রাবন্তীর বাইশটি মিস কল। এস এম এস চেক করলাম। লেখা, “বাবু ভুল হইছে। স্যরি,স্যরি,স্যরি। লাভু সোওঅঅঅঅঅঅ মাচ”। আরেক এস এম এস এ লেখা, ” হারামী। রাখ তোরে পাইয়া নেই একবার। অন্য মাইয়ার সাথে লটর পটর করা ছুটাইয়া দিমু”। আমি স্তম্ভিত।হতবাক। আমার মাথার তার একটা একটা করে যেন ল্যুজ হয়ে যাচ্ছে। #3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor



দারুণ গল্প। প্রীতি ও শুভেচ্ছা জানাই গল্পকার।