Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 1 year, 12 months ago

    পিউ’র বৃষ্টি দেখা
    সকাল থেকে বৃষ্টি হচ্ছে। পিউ দাঁড়িয়ে আছে জানালার ধারে। বৃষ্টি দেখতে পিউ’র খুব ভালো লাগে। খুব ইচ্ছে করছে ছাদে যেতে। পিউ’র খুব অসুখ। জ্বর ঠান্ডা লেগেই থাকে। পিউ চাইলেই ছাদে যেতে পারেনা। তাই জানালার পাশে একটা চেয়ার টেনে বসে রইলো। পিউদের বাসা দোতলায়। এখান থেকে দূরের বিল্ডিংয়ের ছাদগুলোতে বৃষ্টি পরা দেখতে লাগলো সে। মা তার হাতে একটি মেলামাইনের প্লেটে পরাটা, সব্জি আর ডিম ভাজি দিয়ে গেল। পরাটা ছিড়ে সব্জি দিয়ে খেতে খেতে পাচ ফোড়নের গন্ধ পেল সে। মা সব তরকারিতে পাচ ফোড়ন দিবেই দিবে। পিউ’র একটু চা খেতে ইচ্ছে করলো। দৌড়ে গিয়ে বললে মা তাকে চা করে দিবে কিন্তু পিউ’র উঠতে ইচ্ছে করছে না। বৃষ্টিগুলো কেমন আঁকাবাকা হয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে পড়ছে। মা কী আজ খিচুড়ি রান্না করবে? বৃষ্টি হলে মা মাঝেমাঝে খিচুড়ি রান্না করে। বাইরে থেকে চোখ সরিয়ে প্লেটের দিকে চোখ দিল পিউ। এটা তার নিজের প্লেট। সাদা প্লেটের পাশে নানা রকম সোনালী আর কালো নকশা করা। গতবার জন্মদিনে বাবা তাকে এই প্লেট গিফট করেছে। বাবা এখন অফিসে।

    পিউ খালি প্লেট রান্নাঘরে রাখতে গিয়ে মাকে একবার সাহস করে বললো ‘মা ছাদে যাব।’ মা তাকে না করে দিল। তারপর থেকে সে বাবাকে বারবার ফোন করছে। বাবা রাজি হয়েছে। পিউ ফোন নিয়ে ছুটতে ছুটতে গেল মায়ের কাছে। বাবা মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা হলো। পিউ আবার জানালার পাশে এসে বসলো। মনে হচ্ছে না মা তাকে নিয়ে ছাদে যাবে। পিউ আবার “না” শোনাটা একদম সহ্য করতে পারেনা। দুপুর পর্যন্ত জানালার কাছে বসে রইলো পিউ। আজ যে আবহাওয়া মা তাকে আর গোসল করতে বলবে না। পিউ একমনে বাইরে তাকিয়ে আছে। কতোক্ষণ বৃষ্টি হয়। আবার থেমে যায়। আবার হালকা বৃষ্টি হয়। স্কুলের বইয়ে সে রংধনুর কথা পড়েছে। রংধনু দেখার জন্য একবার জানালার শিকে মাথা চেপে ধরলো সে। না, রংধনু দেখা যাচ্ছে না।

    আরো কিছুক্ষণ পরে মা তার জন্য এক প্লেট খিচুড়ি নিয়ে আসলো। আনমনেই খিচুড়ি খেতে শুরু করলো পিউ। নিরামিষ খিচুড়িতে মা মিষ্টি কুমড়া আর আলু দিয়েছে। সংগে সেই পাচ ফোড়নও আছে কিছুটা। তবে খিচুড়িটা খেতে অনেক মজা। আজ বৃষ্টি বলে স্কুলে যায়নি সে। স্কুলে যেতেও পিউ’র অনেক ভালো লাগে। তবে এই বৃষ্টির দিনে জানালার পাশে বসে থাকতেই ভালো লাগে তার।

    পিউ এবার তার টেবিল থেকে গল্পের বই নিয়ে আসে একটা। রূপকথার বইটি তাকে তার মামা উপহার দিয়েছিল। আস্তে আস্তে গল্পের ভুবনে হারিয়ে যেয়ে চেয়ারেই ঘুমিয়ে পরে সে। বাবার ডাকে সন্ধ্যার সময় ঘুম ভাংগে তার। বাবা বললো ‘তোমার ছাতাটা নিয়ে এসোতো।’ বাবা কখন বাসায় এসেছে জানেনা পিউ। দৌড়ে ছুটে যায় ছাতা আনতে। বাবা আর সে দুটি ছাতা নিয়ে ছাদে গিয়ে দাঁড়ায়। তাদের মাথার উপরে টুপ্টাপ বৃষ্টির ফোটা পরছে। ছাদে জমে থাকা বৃষ্টির পানি পায়ে লাগছে। খুব আনন্দ হচ্ছে পিউ’র। এখন সন্ধ্যা হচ্ছে। চারপাশের বাড়ি আর মানুষগুলোকে বইয়ের পাতার আকা ছবির মতো লাগছে তার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখে সে। কোন এক অন্য ভুবনের আনন্দ পেয়ে বসে তাকে।

Skip to toolbar