-
( স্মৃতির পাতা থেকে, ২০০৩ সালের লেখা, তখন ঢাকায় থাকতাম)
ভেজা বই, শুকনো বাস্তবতা
__ পি কে সরকারনীলক্ষেতের বইয়ের দোকানগুলো একেকটা ছোট রাষ্ট্র—কাগজের গন্ধে মোড়া, স্বপ্ন আর অভাব পাশাপাশি বসবাস করে। দুপুরের দিকে ভিড় বাড়ে, সন্ধ্যার দিকে কথারা একটু ধীর হয়।
সেদিনও তাই।
নিলম প্রথমে তাকে খেয়ালই করেনি। সে বইয়ের তাকের আড়ালে দাঁড়িয়ে ছিল—মলিন শার্ট, চোখে ক্লান্তি, মুখে অপ্রয়োজনীয় নীরবতা। রুদ্রম।
— “এই বইটা আছে?”
নিলম প্রশ্ন করেছিল হালকা বিরক্তিতে।
রুদ্রম তাক থেকে বই নামাতে নামাতে বলল,
— “আছে… কিন্তু এই সংস্করণটা নয়। আগেরটা আছে। শব্দগুলো একই, শুধু প্রচ্ছদটা একটু বেশি সৎ।”
নিলম থমকে তাকাল।
— “সৎ?”
রুদ্রম হালকা হাসল।
— “নতুন বইগুলো অনেক সময় সত্য ঢাকে। পুরোনো বই—সে আর লুকোতে শেখেনি।”
এই প্রথম চোখে চোখ পড়ল।
সেদিন আর কথা বাড়েনি। কিন্তু পরদিন নিলম আবার এল। বই কিনতে নয়—কথা শুনতে।
দিন যায়। কথাগুলোও বাড়ে।
রুদ্রম বই দিতে দিতে হঠাৎ বলে ওঠে—
— “জানো,
‘কিছু মানুষ বইয়ের মতো,
প্রথম অধ্যায়ে ধৈর্য লাগে,
শেষ অধ্যায়ে নেশা।’”
নিলম অবাক হয়।
— “তুমি সাহিত্য পড়ো?”
— “সাহিত্য আমাকে পড়ে,” রুদ্রম বলে, “আমি শুধু পালাতে পারিনি।”
নিলম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তত্ত্ব, এসাইনমেন্ট, জমা দেওয়ার তারিখ—সব মিলিয়ে একদিন সে ভেঙে পড়ে। শেষ সময় এসে গেছে, লেখা হয়নি।
চুপচাপ দোকানে বসে থাকে।
— “মন খারাপ?”
— “খুব।”
— “দেখি?”
— “কি?”
— “তোমার বিষয়।”
রুদ্রম রাতভর লেখে। সকালে কাগজ এগিয়ে দেয়।
নিলম পড়ে। স্তব্ধ হয়ে যায়।
— “এটা… এটা তো…”
— “জানি,” রুদ্রম থামায়, “এটা আমার না। জ্ঞান ক্ষুধার কাছে বিক্রি করলে এমনই হয়।”
সেই দিন থেকে নিলম বুঝতে শুরু করে—এই সাধারণ মানুষটার ভেতরে অসাধারণ কিছু লুকানো আছে। আগ্রহ বাড়ে। তারপর ভালো লাগা। তারপর নীরব ভালোবাসা।
রুদ্রম সব বুঝে ফেলে।
আর তখনই ভয় পায়।
কারণ নিলম ক্ষুধা চেনে না।
অভাবের গন্ধ জানে না।
যে রাতে পেট খালি থাকলে কবিতাও চুপ করে যায়—সে রাত নিলম জানে না।
একদিন রুদ্রম দোকানে আর আসে না।
নিলম ছুটে আসে। খোঁজ নেয়। কেউ কিছু জানে না।
শুধু দোকানের টেবিলে পড়ে থাকে একটা কাগজ—
“ভালোবাসা মানে পাওয়া নয়।
ভালোবাসা মানে—
নিজেকে সরিয়ে নেওয়ার সাহস।”
সেদিনই নিলম হাতে এক গোঁছা ফুল নিয়ে এসেছিল।
ফুলগুলো ভিজে যায়।
রুদ্রম নেই।
নীলক্ষেতের বইগুলো আজও আছে।
কিছু বই ভেজা।
কিছু বাস্তবতা শুকনো।======[
Copyright ©
© পি কে সরকার
সর্বস্বত্ব সংরক্ষিত।1 Comment
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik

গল্পটি নীলক্ষেতের ধুলোমাখা বইয়ের স্তূপের মাঝে এক অসমাপ্ত মহাকাব্য