-
স্মৃতির জানলায় দাঁড়ালে আজও ভাসে ১৯৭২-৭৩ সালের সেই সোনালি দিনগুলো। আমি তখন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে পড়ি। আমাদের বাহির বাড়ির এক চিলতে জমিতে দাদা ঋতুভেদে শীত আর বর্ষাকালীন সবজি চাষ করতেন। সেই বয়সে দাদার সঙ্গী হওয়া ছিল আমার পরম আনন্দের এক অধ্যায়।
সেই সময়টা ছিল পরিবর্তনের। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষকরা আমাদের নিয়ে হাতে-কলমে কৃষিকাজ শুরু করেছিলেন। ফুলকপি, বাঁধাকপি বা টমেটোর মতো সবজি তখন এ দেশে নতুন। আমরা বিস্ময়ে শুনতাম, এসব ফসলের ফলন বাড়াতে নাকি মানুষ ও পশুপাখির বিষ্ঠা থেকে তৈরি সার ব্যবহার করতে হয়! এক অদ্ভুত কৌতূহল আর অবাক করা গল্পে মেতে উঠতাম আমরা বন্ধুরা।
ষাটের দশকে শুরু হওয়া এবং স্বাধীনতার পর সত্তর দশকে বেগবান হওয়া ‘সবুজ বিপ্লব’ বাংলাদেশের কৃষিতে আমূল পরিবর্তন এনে দিয়েছিল। উচ্চফলনশীল বীজ (HYV), রাসায়নিক সার, কীটনাশক আর আধুনিক সেচ ব্যবস্থার হাত ধরে দেশ ধানে স্বনির্ভর হয়ে উঠছিল। গ্রামীণ অর্থনীতিতে আসছিল কাঠামোগত পরিবর্তন। হাজারো ভুল-ভ্রান্তি পেরিয়ে কৃষকরা তাদের আদি জ্ঞান আর নতুন প্রযুক্তির (যেমন ট্রাক্টর ভাড়া করা) সমন্বয় ঘটিয়ে স্থানীয় চাহিদামতো উৎপাদন বাড়িয়ে চলেছিল।
কিন্তু আমার দাদা ছিলেন এক অটল বটবৃক্ষ। নব্বই পার করা সেই মানুষটি ছিলেন অসম্ভব কর্মঠ আর প্রাণশক্তিতে ভরপুর। পেশায় শিক্ষক দাদাকে কখনো অলস বসে থাকতে দেখিনি। মাঝে মাঝে হাত ধরতেন—চল, মাছ ধরে আনি। কৃষি বলতে উনার ছিল ছোট্ট একখণ্ড জমি। সেই জমিটুকুকেই তিনি জাদুর মতো পাঁচ-সাত ভাগে ভাগ করে একেক অংশে একেক ফসল ফলাতেন।
বর্ষায় সেখানে দেখা যেত কচু, পাট, ধইঞ্চা, পুঁইশাক আর ঢেঁড়সের সমারোহ। শীতে চাষ করতেন লাল শাক আর দেশি টমেটো। তাতে আমাদের পরিবারের চাহিদা অনায়াসেই মিটে যেত। অদ্ভুত ব্যাপার হলো, আধুনিক ‘সবুজ বিপ্লব’ দাদার সেই একরোখা কৃষিভাবনায় কোনো ছাপ ফেলতে পারেনি। তিনি ছিলেন দেশি প্রজাতির একনিষ্ঠ অনুসারী। উনার ফলানো টমেটো, বেগুন কিংবা শিম—সবই আকারে ছিল ছোট, আর মাঝেসাঝেই তাতে পোকার আক্রমণ হতো। তবুও সেই মাটির ঘ্রাণমাখা স্বাদে কোনো কৃত্রিমতা ছিল না।
দাদার সেই সেকেলে কিন্তু কার্যকর চাষের কৌশলেই আমি হাত পাকিয়েছিলাম। আর সেই কৌশল ব্যবহার করেই প্রাথমিক বিদ্যালয়ে কৃষি কাজে আমি পুরস্কার জিতেছিলাম। আজও মনে হয়, দাদার সেই ছোট ছোট খণ্ড জমিগুলো ছিল এক একটি জীবন্ত পাঠশালা, যেখান থেকে আমি শিখেছিলাম মাটিকে ভালোবাসার প্রকৃত মন্ত্র।
2 Comments
Friends
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Sharif Uddin Jumman
@sharifuddinjumman
Eqbal Hossain
@eqbalhossain
মেহেদী মারুফ
@maruf1
Rumin
@rumin
অস্ট্রিক মাসুদ
@masudaustrikgmail-com
Rajib M Sarker
@sarkerr-rrajiv
সিরাজুল ইসলাম
@sherajulislam


“মাটিকে ভালোবাসার প্রকৃত মন্ত্র” ___খুব সুন্দর! এরকম একটি চমৎকার লেখা উপহার দেয়ার জন্য সাধুবাদ জানাই,আপনাকে।