-
হিন্দি নাকি উর্দু
মূল প্রবন্ধ- সাদাত হাসান মান্টো
অনুবাদ- অয়ন আবদুল্লাহহিন্দি আর উর্দু নিয়ে বহুদিন ধরে একটা দ্বন্দ্ব চলছে। মৌলভী আব্দুল হক সাহেব, ডঃ তারা চাঁদ জি এবং মহাত্মা গান্ধী এই দ্বন্দ্বটি বোঝেন। কিন্তু আমি মনে করি, বিষয়টার এখনও কোনো ফয়সালা হয়নি। যথাসাধ্য চেষ্টা করেও আমি এর অর্থ উপলব্ধি করতে পারিনি। হিন্দুরা কেন হিন্দির পক্ষ সমর্থন করে নিজেদের সময় নষ্ট করে? মুসলমানরা উর্দু সংরক্ষণে এত আগ্রহী কেন? ভাষা তৈরি করা যায় না; এর জন্ম হয় স্বাভাবিকভাবে, এবং কোনো মানবীয় প্রচেষ্টা একটি ভাষাকে ধ্বংস করতে পারে না। এই সাম্প্রতিক আলোচিত বিষয়টি নিয়ে কিছু লিখতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই জেল সংক্রান্ত বিতর্ক শুরু হলো।
মুন্সি নিরবন প্রসাদ: ইকবাল সাহেব, আপনি সোডা খাবেন?
মির্জা মুহাম্মদ ইকবাল: জি, খাবো।
মুন্সি: আপনি লেবুর শরবত খান না কেন?
ইকবাল: এমনিই, আমার সোডা ভালো লাগে। আমাদের বাড়ির সবাই সোডা খায়।
মুন্সি: তাহলে তো মনে হচ্ছে আপনি লেবুর শরবত অপছন্দ করেন।
ইকবাল: আরে, না মুন্সি সাহেব! অপছন্দের বিষয় না। আসলে বাড়ির সবাই খায়। তাই এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। আসলে, সত্যি বলতে কি, আমার মনে হয় সোডার চেয়ে লেবুর শরবত বেশি উপভোগ্য।
মুন্সি: সেজন্যই তো আমি অবাক হচ্ছি! আপনি মিষ্টির চেয়ে নোনতা জিনিস বেশি পছন্দ করেন কীভাবে? লেবুতে শুধু চিনি-ই নয়, সুগন্ধী দেয়া হয়। আপনি কী বলেন?
ইকবাল: আপনি একদম ভুল বলছেন… তবে…
মুন্সি: তবে কী?
ইকবাল: কিছু না… আমি তো বললাম-ই যে আমি সোডা খাবো।
মুন্সি: আবার বোকার মতো তর্ক করছেন… লোকে ভাববে আমি আপনাকে জোর করে বিষ খাওয়াচ্ছি। আরে ভাই, লেবুর শরবত আর সোডার মধ্যে পার্থক্যটা কী? এই দুটো বোতলই তো একই কারখানায় তৈরি হয়েছে। একই মেশিন এদের ভেতরে জল ভরেছে। লেবু থেকে যদি মিষ্টতা আর সুগন্ধটা সরিয়ে ফেলা হয়, তাহলে আর কী বাকি থাকে?
ইকবাল: সোডা… নোনা জল…
মুন্সি: তাহলে এটা খেলে ক্ষতি কী?ইকবাল: কোনো ক্ষতি নেই।
মুন্সি: তাহলে খান।
ইকবাল: আপনি কী খাবেন?
মুন্সি: আমি আরেকটা বোতল নিয়ে আসছি।
ইকবাল: আরেকটা বোতল কেন? সোডা খেলে ক্ষতি কী?
মুন্সি: কোনো ক্ষতি নেই।
ইকবাল: তাহলে সোডাই খান।
মুন্সি: আপনি কী খাবেন?
ইকবাল: উমম… আমি আরেকটা বোতল অর্ডার করবো।
মুন্সি: আরেকটা বোতল অর্ডার করবেন? কেন, লেবুর শরবত খেলে ক্ষতি কী?
ইকবাল: কো…নো…ক্ষ…তি…নে…ই আর সোডা খেলে ক্ষতি কী?
মুন্সি: কো…নো…ক্ষ…তি…নে…ই।
ইকবাল: ব্যাপারটা হলো, সোডা একটু ভালো।
মুন্সি: কিন্তু আমার মনে হয় লেবুর শরবত… একটু ভালো।
ইকবাল: সেটা হয়তো সত্যি… কিন্তু আমি বড়দের কাছে শুনেছি যে সোডা ভালো।
মুন্সি: কিন্তু… আমিও তো বড়দের কাছে শুনেছি যে লেবুর শরবত ভালো।
ইকবাল: আপনার তাই মনে হয়?
মুন্সি: আপনার কী মনে হয়?
ইকবাল: আমার মনে হয়… আমার মনে হয় যে আপনার মতামতটা আগে জানতে হবে।
মুন্সি: আমার মতামত… আমার মতামত… আমার মতামত হলো… কিন্তু আমি আগে বলবো কেন?
ইকবাল: এভাবে মতামত প্রকাশ করা অসম্ভব… আপনি আপনার গ্লাসের ঢাকনাটা বন্ধ করেন। আমিও আমারটা করছি। এরপরে আমরা বসে সিদ্ধান্ত নেব।
মুন্সি: সেটা সম্ভব না… বোতলগুলো তো খোলা। আমাদের এখনই পান করা লাগবে। আরে, তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন। এমনও হতে পারে যে সব গ্যাস বেরিয়ে যাবে… এগুলোর আসল মজা তো গ্যাসের মধ্যে।
ইকবাল: আমি একমত… আপনিও নিশ্চই মানেন যে লেবুর শরবত আর সোডার মধ্যে কোনো তফাৎ নাই।
মুন্সি: আমি কখন বললাম, লেবু আর সোডার মধ্যে কোনো পার্থক্য নেই? বিশাল পার্থক্য আছে… যাকে বলে আকাশ-পাতাল তফাৎ। একটার মধ্যে মিষ্টতা আছে, সুগন্ধ আছে, সাথে টক টক ভাব আছে। তার মানে সোডার চেয়ে তিনটি জিনিস বেশি আছে। সোডা শুধু গ্যাস, আর সেটাও এত তীব্র যে নাকে ঢুকে যায়। তুলনায় লেবু অনেক বেশি সুস্বাদু। এক বোতল খেয়ে দেখেন, ঘণ্টার পর ঘণ্টা ভালো লাগবে। সোডা সাধারণত অসুস্থরাই খায়। আর আপনিও তো একটু আগে স্বীকার করলেন যে লেবুর শরবত সোডার চেয়ে বেশি সুস্বাদু।
ইকবাল: হ্যাঁ… কিন্তু আমি তো বলিনি যে সোডার চেয়ে লেবুর শরবত ভালো। “সুস্বাদু” মানেই যে তা উপকারী, তা নয়। আচার খেতে সুস্বাদু, কিন্তু আপনি তো এর খারাপ দিকগুলো জানেন। কোনো কিছুর স্বাদ বা গন্ধ ভালো হলেই যে তা ভালো, তা নয়। আপনার উচিৎ একজন ডাক্তারের সাথে পরামর্শ করা। তাহলেই জানতে পারবেন লেবুর শরবত পেটের জন্য কতটা ক্ষতিকর। সোডা তো ভালো জিনিস, তাই না? এইটা হজমে সাহায্য করে।
মুন্সি: দেখেন… এইটার সিদ্ধান্ত হতে পারে লেবুর শরবত আর সোডা দুটাই মেশায়ে পান করা।
ইকবাল: সেটাতে আমার কোনো আপত্তি নেই।
মুন্সি: তাহলে এই খালি গ্লাসটায় অর্ধেক সোডা দেন।
ইকবাল: আগে আপনি অর্ধেক লেবুর শরবত দেন… আমি সোডা পরে দিচ্ছি।
মুন্সি: এটা কেমন কথা! আপনি আগে সোডা দিবেন না কেন?
ইকবাল: আমি লেবুর শরবতে সোডা মিশাতে চাই।
মুন্সি: আর আমি সোডার সাথে লেবুর শরবত মিশাতে চাই।
1 Comment
Friends
আরাফাত অভি
@arafatavi
Hafez Abdullah Abdullah
@hafezabdullahabdullah
Sanaullah Al-Mubin
@sanaullahal-mubin
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
সেলিনা বিনতে কারীম
@selina15
রেহমান স্বাধীন
@rehmansadhin
MD IKRAMUL HASSAN
@md-ikramul-hassan
জামান বারভী
@zamanbarovi

মান্টোর কালজয়ী স্যাটায়ার! অনুবাদের ভাষা খুব সাবলীল হয়েছে।