Profile Photo

মোহাম্মদ জুবায়ের আহমদOffline

  • jubayer0808
  • লেখার সময়কাল: ২০১৫ সালের কোন একদিন

    এখনো স্বপ্নগুলো মারা যায়
    সওদাগরের ভুলে।
    এখনো ইস্পাতের ঘামপরাজিত হয়
    মনসার অভিশাপে।
    এখনো আকাশের নীলে লীন হয় দিনের সূর্য,
    দীর্ঘ রাতের পর ফিরে আসে ভয়ংকর সকাল;
    জীবনের পথ খুঁজে ফেরে অমাবস্যার চাঁদ।

    একদিন ছিল-
    যখন সমুদ্র ও সূর্য এক হয়ে
    আত্মার বাণী শুনত।
    এই শরীর পাহাড়কে কাঁপিয়ে দিত।
    আজ সেই আত্মা গোত্রহীন,
    মৃত শরীর পোকার দখলে
    এখন অপেক্ষা
    কোনো এক অর্বাচীন বেহুলার,
    যে আবার ভাসাবে ভেলা।

    একদিন কাকের ডাককেও সুমধুর করে তুলতে পারতাম।
    অন্ধকার রাত পাড়ি দিতাম এক নিঃশ্বাসে।
    আজ সেই দীর্ঘ নিঃশ্বাসগুলো
    খোঁজে ফিরে; অতীত সুপ্রিয়।

    একদিন অপেক্ষাগুলোকেও উপভোগ করতাম,
    হাসতে হাসতে গ্রহণ করতাম ভীমরুলের হুল।
    আজ নিজের বিষেই হৃদয় নীল হয়; ভবিষ্যতের ভাবনায়।

    একদিন ছায়াপথ ধরে হাঁটতে পারতাম,
    নক্ষত্রের আলোয়।
    মহাকাশের অসীম অন্ধকারকে তুচ্ছ মনে করে
    পাড়ি দিয়েছি
    হাজার হাজার আলোকবর্ষ।

    আজ শরীর আত্মাকে বিশ্বাস করে না,
    আত্মাও শরীরকে বিশ্বাস করে না।
    আপন আপন ভোগের নেশায়
    পথ হারিয়েছে-
    দুজনেই।
    © Mohammad Jubayer Ahmad

    2
    1 Comment
Skip to toolbar