Profile Photo

রবিউল আলম মাজেদOffline

  • majed1997
  • অসঙ্গতি
    ✍️অপরাধী মাজেদ

    আমি আর কবিতা লিখব না,
    হ্যাঁ—কথা দিচ্ছি, আমি আর লিখব না।
    যদি সবকিছু ভুলে গিয়ে
    আমার হয়ে যাও তুমি,
    যদি ফিরে আসো আমার কাছে—
    ওগো প্রিয়া, অনন্যা, নীলাম্বরী ।
    হ্যাঁ, আমি আর কবিতা লিখব না—
    যদি চিরতরে বন্ধ হয়
    নামধারী তৌহিদ জনতার বুনো উল্লাস,
    যদি আর কোথাও দেখা না যায়
    প্রতিবাদের নামে মব সন্ত্রাস।
    আমি লিখব, লিখে যাব—
    আমাকে থামাতে পারবে না কেউ, আমি জানি।
    যদি বন্ধ না হয় এই সমাজের
    কুসংস্কারের হাতছানি,
    যদি বন্ধ হয়ে যায়
    সভ্যতার নামে বন উজাড়,
    লাঠিসোটা নিয়ে কেউ
    ভাঙবে না আর মাজার।
    ধর্মের নামে যদি
    করে না কেউ আর ভণ্ডামি,
    যদি বন্ধ হয়ে যায়
    ওরসের নামে মাদক সেবন, অশ্লীলতা আর নষ্টামি।
    যদি এমন না হয় কভু—
    নিজের বেলায় সব ঠিক,
    অপরের বেলায় রাগ করে প্রভু।
    যদি আর কোথাও শোনা না যায়
    মা-বোনদের আর্তনাদ,
    যদি তারা ভোগ করতে পারে
    পূর্ণ স্বাধীনতার স্বাদ।
    সীমান্তে হত্যা যদি বন্ধ হয়,
    আর নয় ঠেলাঠেলি,
    সবাই মিলে মিশে রয়।
    যদি সূর্য উঠে ঠিকঠাক,
    ধান শুকাতে পাই রোদ,
    নরপশুরা যদি যায় মরে,
    জাগ্রত হয় মানুষের মনুষ্যত্ববোধ।
    আমি আর লিখব না,
    হ্যাঁ—কথা দিচ্ছি, আমি আর লিখব না।
    যদি রাস্তায় অবাধে
    রাতদুপুরে করা যায় চলাফেরা,
    ছিনতাইকারীর ভয়
    মানুষের মনে দেয় না আর নাড়া।
    যদি আর না শুনি
    খুন, গুম আর ধর্ষণের সংবাদ,
    যদি আর শোনা না যায়
    নিরীহদের আর্তনাদ।
    যদি আর না দেখি কভু
    কোন প্রাকৃতিক দুর্যোগ,
    মিলেমিশে থাকে যদি সবাই—
    যেন না পোহাতে হয় কোনো দুর্ভোগ।
    যদি আর কেউ মারা না যায়
    লঞ্চ দুর্ঘটনা কিংবা নৌকাডুবিতে,
    যদি কৃষক খুশি মনে পারে
    সোনালি ফসল ঘরে তুলিতে।
    যদি আর কোথাও কখনো
    না হয় নিয়োগ-বাণিজ্য,
    সৎ জীবন যদি হয় সম্মানিত—
    মানুষ বেছে নেয় ন্যায়ের ঐশ্বর্য।
    যদি সুশীল হয়ে যায় সবাই,
    করে না কভু বেহায়াপনা,
    কথা দিচ্ছি—আমি লিখব না,
    আমি আর কবিতা লিখব না।
    যদি হয় সেবার নামে
    জালিয়াতি কিংবা প্রতারণা,
    তাদের বিরুদ্ধে লিখতে
    কেউ আমায় থামাতে পারবে না।
    শিক্ষার নামে যদি চলতে থাকে
    কোচিং বাণিজ্য,
    বল, আর কতকাল থাকবো চুপ—
    ধরবো কত ধৈর্য!
    যদি সেবার নামে সুদ কষে
    কেউ সাজে মহাজন
    শোধ না হলে দেনা
    চলে বর্বর নির্যাতন
    যদি চাঁদার বিনিময়ে
    চলে যায় প্রাণ,
    যদি আজ পথে পথে
    জ্ঞানী লোক হয় অপমান।
    যদি এভাবেই চলতে থাকে
    ব্যবসা চেতনার,
    যদি আজও শোনা যায়
    ছেলে-হারা মায়ের হাহাকার।
    যদি আর বেঁচে না থাকি,
    মৃত্যু হয় আমার নির্ঘাত,
    তবু থামবে না এ কলম—
    করবে, করবেই প্রতিবাদ।
    যদি কোনো ব্যর্থ প্রেমিক
    আর না কাঁদে,
    যদি ফিরে আসে সেই প্রিয়তমা
    ভালোবাসার রাধে।
    যদি আর বলি না হয়
    অবুঝ বালক পরকীয়ার নামে,
    নরপশু না হয় যদি কোনো পুরুষ
    বিকৃত লালসার কামে।
    টেস্ট রিপোর্ট কিংবা প্রেসক্রিপশনে
    যদি না হয় কোনো ডাকাতি,
    যদি সব ঠিকঠাক থাকে,
    দেখা না যায় কোথাও অসঙ্গতি—
    আমি কথা দিচ্ছি,
    আমি আর কবিতা লিখব না।

Friends

Profile Photo
Tanjina Talukder
@tanjinatalukder
Profile Photo
Mst. Hena Parvin
@mst-henaparvin
Profile Photo
MA Rashid
@marashid
Profile Photo
Shamim Hossain
@shamimhossain
Profile Photo
Sumaiya Khatun
@sumaiyakhatun
Profile Photo
Rokeya Khanam
@rokeyakhanam
Profile Photo
Mirza A.parvez
@mirzaa-parvez
Profile Photo
st. martin
@st-martin
Skip to toolbar