-
চেনা অচেনা
—– মোহাম্মদ তৌহিদুর রহমান(বর্ণিত চরিত্র ও স্থান সমূহ সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোন মিল নেই)
১
রফিক সাহেব তার বাড়িতে বসে আছেন, তবে তিনি অবসর পাচ্ছেন না। কারণ, একটু পর পর তার মোবাইল ফোন বেজে উঠছে এবং রিসিভ করার পর অন্তত ২০ মিনিটের আগে রাখতে পারছেন না। তার উপর, বাড়িতে আত্মীয় ও পরিচিতদের ঘন ঘন আনাগোনা চলছে, সবাই তার সাথে দেখা করতে আসছে।
তাদের হাবভাবে প্রকাশ পাচ্ছে যে তারা যেন তাকে দেখে ও তার সাথে কথা বলে নিজেদেরকে ভাগ্যবান মনে করছে এবং তারা খুব আবেগাপ্লুরত এবং খুশি। তিনিও সবাইকে নিজের কাছের মানুষ বলেই মনে করেন।রফিক সাহেব একজন বড় ব্যবসায়ী। সারা দেশে তার ব্যবসা সফলভাবে বিস্তার লাভ করেছে। তিনি একজন দক্ষ লোককে তার ব্যবসার সমস্ত কিছু দেখাশোনা করার জন্য নিয়োগ করেছেন, ফলে তিনি দেশে না থাকলেও তার কাজের কোন সমস্যা হয় না।
তিনি ঘুরতে খুব ভালবাসেন। মাঝে মাঝে তিনি বিভিন্ন দেশে যান, এর প্রধান কারণ কিছুটা ব্যবসায়িক, তবে বেশিরভাগ ভ্রমণ।
এক দেশ ভ্রমণ করে দেশে ফিরে বেশ কিছুদিন বিরতি নেন, তারপর আবার অন্য একটা দেশে ভ্রমণে যান।
তিনি লোকদেরকে তার সাধ্যমতো টাকা ও জিনিস দিয়ে সহযোগিতা করেন।
প্রত্যেকবার দেশে ফেরার সময় তিনি আত্মীয়-পরিজন ও পরিচিতদের জন্য কিছু না কিছু উপহার সামগ্রী নিয়ে আসেন।
এছাড়াও, অনেকে তার কাছে তাদের কাঙ্খিত জিনিস আনার জন্য আবদার করে, তিনিও তাদের কখনই নিরাশ করেন না।
২
রফিক সাহেব একটু অবসর পেয়ে বিশ্রাম করছিলেন এমন সময় কলিং বেল টা বেজে উঠলো। কেউ একজন গিয়ে দরজাটা খুলে দিলো।
রফিক সাহেবের ভাগ্নে শাহেদ এসেছে।
কুশলাদি বিনিময়ের পরে দুইজনে ড্রইং রুমে বসলেন। নাশতা পরিবেশন করা হলো। এরপর শাহেদ হাসিমুখে বললো-
– মামা, নেক্সট ট্যুর কোন দেশে?
– অস্ট্রেলিয়া।
– কবে যাচ্ছেন?
– এই তো, দুই মাস পরে।
– মামা, একটা কথা ছিল।
– কি, বলো?
– আসার সময় আমার জন্য একটা লেদারের মানিব্যাগ আর একটা সানগ্লাস আনবেন।
– ঠিক আছে, আনবো।
– আচ্ছা মামা, এখন আসি।
– আচ্ছা।=====
শাহেদকে বিদায় দিয়ে রফিক সাহেব আবার তার বেডরুমে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য।
তবে, বেশিক্ষণ থাকতে পারলেন না। আবার কলিং বেল বেজে উঠলো।
এবার তার এলাকার একজন লোক এসেছে।
যথারীতি কুশলাদি বিনিময় ও আপ্যায়নের পরে সেও তার আবেদন পেশ করলো।
তিনিও লোকটাকে আশ্বস্ত করে বিদায় দিলেন।=====
এলাকার লোকটা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে আরেকজন এলো, তার দূর সম্পর্কের এক আত্মীয়।
তার সাথে কুশলাদি বিনিময়ের পরে নাশতা দেওয়া হলো।
পরে, কথোপকথনের এক ফাঁকে সেই আত্মীয়ও তার কাছে আবেদন জানালো।
রফিক সাহেব তাকেও আশ্বস্ত করলেন।এভাবে সারাদিন তার বাড়িতে কেউ না কেউ এলো এবং কথাবার্তার এক ফাঁকে তাদের চাহিদার কথা জানালো।
======
৩
অস্ট্রেলিয়া থেকে ফেরার পর প্রায় সপ্তাহ তিনেক রফিক সাহেবের খুব ব্যস্ত সময় কাটলো।আত্মীয়-পরিজন, এলাকার লোক আর দেশের বাড়ির লোকদের আনাগোনায় তার বাড়িটা গমগম করতে লাগল। তাদেরকে আপ্যায়ন করা, আলাপ করা, ফরমায়েশের জিনিসপত্র দেওয়া, ভালো-মন্দ খোঁজ নেওয়া, সমস্যার ফিরিস্তি শোনা এবং পরবর্তী ফরমায়েশ ইত্যাদি। অতিথিরাও খুব আগ্রহের সাথে তার স্বাস্থ্যের এবং অন্যান্য বিষয়ের খবর নিল।
পাশাপাশি তিনি দাওয়াত পেলেন, একটা-দুটো নয়- অসংখ্য; ফলে সেগুলোর শিডিউল ঠিক করতে তাকে রীতিমত বেগ পেতে হল।
তিন মাস পরে রফিক সাহেবের বাসায় তার এক নিকটাত্মীয় এলো তার সাথে পরামর্শ করতে।
বিষয়টা হলো, সেই নিকটাত্মীয়ের ছেলের বিয়ের কথা চলছে, এখনও পাকা সিদ্ধান্ত হয়নি। সে রফিক সাহেবকে সব রকম অনুরোধ, আবদার করে তাকে এই অনুষ্ঠানে সার্বিক অংশগ্রহণের জন্য বললো। তার কথাবার্তা ও হাবভাবে মনে হলো যেন এতে যদি রফিক সাহেব অংশগ্রহণ না করেন, তবে এই বিয়েই হবে না।রফিক সাহেব রাজী হলেন। তিনি সার্বিকভাবেই অংশগ্রহণ করলেন; বিশেষত অনুষ্ঠানের খরচের বেশিরভাগই তিনি বহন করলেন।
বিয়ের পর্ব শেষ করার দুই-তিনদিন পরে রফিক সাহেব একটু অসুস্থ হয়ে পড়লেন, জ্বর সর্দি-কাশি, শরীরে প্রচন্ড ব্যথা।
রফিক সাহেবের অসুস্থতার খবর মূহুর্তেই সবার কাছে গেল, তারা একেবারে হয়রান-পেরেশান হয়ে গেল।
লোকজন তাকে দেখতে ছুটে এলো ফলমূল-বিস্কুট-পাউরুটি ইত্যাদি নিয়ে এবং সুস্থ হওয়ার নানা রকম পরামর্শ দিতে লাগল।
৪
পাঁচ বছর পরের কথা।রফিক সাহেবের ব্যবসা কিছুটা হোঁচট খেয়েছে। এতে অবশ্য অবাক হবার কিছু নেই, ব্যবসা যে সবসময় রমরমা থাকবে এমন তো নয়। পরবর্তীতে আবার ভালোভাবে চলবে।
কলিং বেল টা বেজে উঠলো, তার ভাতিজা, মেঝো ভাইয়ের দ্বিতীয় ছেলে পারভেজ এসেছে।
আপ্যায়ন, কুশলাদি বিনিময়ের পরে কথাবার্তা শুরু হলো-
– চাচা, আমি একটা ইলেকট্রনিক্স-এর দোকান দিতে চাচ্ছি।
– হ্যাঁ, খুব ভালো কথা। তা, লোকেশন ঠিক করেছো?
– জ্বি, চাচা। বসুন্ধরা সিটিতে।
– বাহ, ভালো জায়গা বেছে নিয়েছো। ওখানে ব্যবসা ভালো হবে।
– হ্যাঁ, চাচা; কিন্তু………
– কিন্তু কি, বাবা?
– চাচা…… দোকানের সিকিউরিটি বাবদ দশ লাখ টাকা দিতে হবে।
(একটু দ্রুতভাবে) আমি মোটামুটি জোগাড় করেছি, কিন্তু অল্প কিছু টাকার জন্য দিতে পারছি না। সামনের সপ্তাহে দিতে হবে।
– আর কতো লাগবে?
– এই….. ধরেন… পাঁচ লাখের মতো। আপনি যদি একটু সহযোগিতা করেন, তাহলে খুবই উপকার হয়।
– ও, আচ্ছা, ঠিক আছে, বসো।
(একটু পরে) এই নাও, সিকিউরিটির টাকাটা জমা দিয়ে ব্যবসা শুরু করো।
– আপনাকে অসংখ্য ধন্যবাদ, চাচা। আপনার এই উপকার আমি জীবনে ভুলব না।
আচ্ছা, আসি এখন।
– আচ্ছা, এসো। দোয়া করি ব্যবসায় উন্নতি হোক।=====
দুই দিন পর।
রফিক সাহেবের একজন পরিচিত লোক তার সাথে দেখা করতে এলো।
কথাবার্তার এক পর্যায়ে সে লোকটি কান্নাকাটি শুরু করলো। তাকে বুঝিয়ে-সুঝিয়ে শান্ত করার পরে কান্নাজড়িত কন্ঠে সে জানালো যে সে অনেক দিন যাবৎ অসুস্থ, ডাক্তার দেখিয়ে চিকিৎসা করেছে, ঔষধ খেতে খেতে এখন টাকার অভাবে আর কেনা সম্ভব হচ্ছে না। তিনি যদি তাকে কিছু আর্থিক সহযোগিতা করেন তবে সে ঔষধ কিনে খেতে পারে।
রফিক সাহেব এটা শুনে খুব দুঃখ পেলেন, সহানুভূতি জানিয়ে হাজার পাঁচেক টাকা দিয়ে লোকটাকে বিদায় করলেন।
৫
কয়েক বছর পার হলো।রফিক সাহেবের ব্যবসা ভালোভাবেই চলতে লাগল। তিনি বরাবরের মতো লোকজনদের সহযোগিতা করতে লাগলেন, ফলে আত্মীয়-স্বজন ও পরিচিতদের আনাগোনা-তাদের আন্তরিকতা ভালবাসা যেন বেড়েই চললো।
চারদিকে তার পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল; কেউ যদি তার নামে সামান্যতম কোন নেতিবাচক কথা বলত তবে তার সাথে চার-পাঁচজনে মিলে রীতিমত তর্কে লিপ্ত হতো, পারলে যেন বাটাম পেটা করে।
একদিন একটা খবরে সবাই বিচলিত হয়ে ব্যথিত হৃদয়ে রফিক সাহেবের বাড়িতে ভিড় করলো।
খবরটা হলো, রফিক সাহেব হঠাৎ করে স্ট্রোক করেছেন, তার শরীরের একপাশ অবশ হয়ে গেছে। তাকে জরুরী ভিত্তিতে একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করা হয়েছে এবং দুই-তিনদিন পরে রিলিজ দেওয়া হয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল, তবে তিনি কোনরকমে কথা বলতে পারছেন।
অশ্রুসজল চোখে সবাই রফিক সাহেবের সাথে দেখা করল এবং যথাসাধ্য সান্তনা দিয়ে বিদায় নিলো।
এরপর থেকে তিনি নিজে তার ব্যবসার দিকে নজর দিতে পারেন না, খোঁজ-খবর যা পান তা ঐ নিয়োগকৃত লোকের মাধ্যমে।
তার চিকিৎসা বাবদ প্রতি মাসে মোটা অংকের টাকা খরচ হতে লাগল, সেবা-যত্নের কোন ত্রুটি নেই।
কোথায় যে কি হলো কে জানে, দিন দিন তার ব্যবসার পরিস্থিতি কেন যেন ধীরে ধীরে অবনতির দিকে যাওয়া শুরু করলো, ফলে রফিক সাহেব আর আগের মতো করে লোকজনকে সহযোগিতা করতে পারেন না।
এরপর, প্রথম দিকে তার বাড়িতে লোকজনের ভীড় থাকলেও কি একটা অজানা কারণে আস্তে আস্তে কমতে শুরু করলো।
সময় গড়িয়ে চলল, রফিক সাহেবের অসুস্থতা ও ব্যবসা দুটোরই অবস্থার অবনতি হতে লাগল, এগুলোর সাথে যেন পাল্লা দিয়ে লোকজনের আনাগোনাও কমতে লাগল।
এর ভেতরে একদিন রফিক সাহেবের সাথে দেখা করতে এলো তার এক নিকটাত্মীয়।
লোকটি রফিক সাহেবের সাথে কুশলাদি বিনিময়ের পরে কথাবার্তার এক ফাঁকে তার কাছে আর্থিক সহযোগিতার আবেদন করলো।
রফিক সাহেব যদিও তাকে পূর্ণভাবে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে ইচ্ছুক ছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে তাকে কাঙ্খিত পরিমাণে সহযোগিতা করতে পারলেন না। লোকটি অনেকবার অনুরোধ করলো, শেষে নিরাশ হয়ে চলে গেল।
পরে ঐ লোকটির মতো আরো অনেকে রফিক সাহেবের বাড়ি থেকে নিরাশ হয়ে ফিরে যেতে লাগল।
এক পর্যায়ে রফিক সাহেব অপারগতা প্রকাশ করে লোকদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে বাধ্য হলেন।
৬
এখন রফিক সাহেবের বাড়িতে লোকজনের আনাগোনা প্রায় নেই বললেই চলে।ইদানিং লোকের মুখে তার নাম খুব একটা শোনা যায় না।
এখন রফিক সাহেবের নামে কোন ব্যক্তি বদনাম করলে আগের মতো কেউ তার সাথে তর্কে জড়ায় না।
রফিক সাহেবের বাড়িতে লোকজন একেবারেই আসে না তা ঠিক নয়, এখনও কেউ কেউ আসে, তবে কুশলাদি বিনিময়, অসুস্থতার খবর নেওয়া, দু-চারটা কথার পরেই বিদায় নিয়ে চলে যায়।
একদিন রফিক সাহেব খুব অসুস্থ আর অস্থির বোধ করলেন, কিছুই যেন তার কাছে ভাল লাগছে না।
তার মনে পরিচিত-আত্মীয়-স্বজনদের মুখ ভেসে বেড়াতে লাগল, ইচ্ছা হলো একবার যদি তাদেরকে দেখতে পেতেন, তাদের সাথে একটু কথা বলতেন, তাহলে তিনি খুব খুশি হতেন।
তিনি অনেক কষ্টে কোন রকমে কয়েক জনের নাম বললেন আর মনের ইচ্ছাটা প্রকাশ করলেন।
রফিক সাহেব যাদের নাম বললেন, তাদের সাথে যোগাযোগ করা হলো, তাদেরকে অনুরোধ করা হলো যে, রফিক সাহেব তাদেরকে দেখতে চান, তারা যেন এসে তার সাথে দেখা করে যায়।
একজন বলল- সে জেলার বাইরে, ফিরতে কয়েকদিন দেরী হবে,
আরেকজন বলল- সে ভীষণ জরুরী একটা কাজে ব্যস্ত আছে, অবসর পেলে দেখা করবে,
আরেকজন বলল- তার পায়ে সমস্যা, ফলে হাঁটতে কষ্ট হয়, কয়েকদিন পরে সমস্যা কমলে এসে দেখা করবে,
আরেকজনের সকাল ৮টা-রাত ৮টা ডিউটি, বাড়িতে ফেরার পরে খুব ক্লান্ত হয়ে যায়- বাইরে কোথাও যাওয়ার ইচ্ছাই করে না, তবে একদিন সময় করে অবশ্যই দেখা করতে আসবে।
এভাবে প্রায় সবারই একটা না একটা সমস্যা লেগে আছে, রফিক সাহেবকে দেখার ফুরসত তাদের নেই।
দিন যায়…
মাস যায়…
বছর যায়… – রফিক সাহেবের অবস্থার অবনতি হতে থাকে।
বিছানায় পড়ে থেকে তার নিঃসঙ্গ অলস সময় যেন আর কাটতেই চায় না।
এদিকে, চিকিৎসা বাবদ খরচ হতে হতে টাকা-পয়সা কমে আসতে লাগল, ব্যবসার অবস্থাও খুব একটা উন্নতি লাভ করছে না।
৭
আরো দুই বছর গেল।এক সময়ের সফল ব্যবসায়ী রফিক সাহেবের আজ নিঃস্ব অবস্থা, তার শরীরটাও কঙ্কালসার হয়ে গেছে।
মনের টানে এখনও গুটিকয়েক মানুষ তাকে দেখতে আসে- কিন্তু তারা যেন তাকে তার পূর্বের চেহারার সাথে ঠিক মেলাতে পারে না।
দিন দিন রফিক সাহেবের অবনতি হতে লাগল-
কথা বলা প্রায় বন্ধ হয়ে গেল,
খাওয়ার রুচি কমতে কমতে শুন্যের কোঠায় নেমে গেল, পছন্দের খাবারগুলো আর খেতে পারেন না- তরল খাবার চলতে লাগল; তার পরিমাণও কমতে লাগল,
এখন সহজে কাউকে চিনতে পারেন না, অপলকভাবে চেয়ে থাকেন, কয়েকবার নাম বলার পর যেন চিনতে পেরেছেন এমন ভাব তার মুখে ফুটে ওঠে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে নিঃশব্দে- মুখ দিয়ে মনের ভাব প্রকাশে ব্যর্থ হয়ে।
এভাবে অবশ্য বেশিদিন গেল না, কয়েক দিন পর রফিক সাহেব মারা গেলেন।
খবর শুনে সবাই তার বাড়ীতে ভিড় করলো তাকে একনজর দেখার জন্য।
রফিক সাহেবের অসুস্থতার সময় যারা আসার কোন সময়ই পায়নি, এখন তারা কাঁদতে কাঁদতে তার বাড়িতে এলো- হা-হুতাশ করতে লাগলো তখন আসতে পারেনি বলে।
=====
প্রচলিত সামাজিক রীতি- কেউ মারা গেলে একবার ৩ দিনের দিন, আরেকবার ৪০ দিনের দিন- যাকে চল্লিশা বলে, লোকজনকে দাওয়াত দিয়ে ঘটা করে খাওয়াতে হবে; সামর্থ্যে না কুলালেও, তা না হলে নাকি সমাজে মান থাকে না আর লোকজনের মনও খারাপ হয়ে যায়।
যা হোক, রফিক সাহেবের বাড়ীর লোক অবশিষ্ট যা টাকা আছে আর কাছের কয়েক জনের সহযোগিতায় খাওয়ানোর আয়োজন করলো।
অনুষ্ঠানে লোকের উপস্থিতি গুনে শেষ করা যায় না, হৈ-হট্টগোলে কান পাতা দায়।
অনেকে তিন চারবার করে ভাত-তরকারী নিল, তরকারীর চেয়ে গোস্তই বেশী করে খেল, তার পরও তাদের মন তোলা গেল না।
পরিবেশনকারীরা হয়রান হয়ে গেল খাবার আর পানি দিতে গিয়ে।
শেষের দিকে খাবার কিছুটা টান পড়ে গেল, এটা নিয়েও অতিথিদের মধ্যে অসন্তোষ দেখা গেল।
যাওয়ার সময় একেক জনের একেক অভিযোগ- চাউল ভালমতো ফোটেনি, তরকারী স্বাদ হয়নি, গোস্তের চেয়ে হাড় বেশী দিয়েছে, কয়েকবার খাবার চেয়েও পায়নি ইত্যাদি।
=====
রফিক সাহেবের বাড়ী এখন নিঃশব্দ-শুনশান, বাড়ীর লোকজন দুঃখ ভারাক্রান্ত মনে দিন পার করছে, কদাচিৎ দুই-একজন এসে সান্তনা দিয়ে যায়।রফিক সাহেব যাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, বিভিন্ন সময়ে জিনিস দিয়েছেন, যাদের ফরমায়েশের জিনিস কেনার জন্য বিদেশের মাটিতে দোকানে দোকানে ঘুরে ক্লান্ত হয়েছেন, যাদের সমস্যা সমাধানের চিন্তায় তার নির্ঘুম রাত কেটেছে— তারা আজ ভুলেও রফিক সাহেবের বাড়ীমুখো হয় না; তারা তাদের নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত।
রফিক সাহেব এক সময় যাদের কাছে ছিলেন একান্ত চেনা…
সেই তিনিই এখন তাদের কাছে খুব অচেনা।
5 Comments-
-
Md. Tauhidur Rahman, আপনার এই লেখাটি পড়ে খুব খারাপ লাগছে, বিশেষ করে শেষ লাইনটি— “সেই তিনিই এখন তাদের কাছে খুব অচেনা।” মানুষ স্বার্থের জন্য কতটা নিষ্ঠুর হতে পারে তা আপনার এই গল্পটিতে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
Friends
Zahidul Jamy
@zahidul
Sol Nova
@tasnuvatamanna
Kabbo Rasel
@kabborasel
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Sk Sagor
@sksagor
Farjana Parvin Asma
@farjanaparvinasma
, মিঠুন কুমার ঘোষ
@mkghosh
Ayesha akter Shilpi
@ayeshaaktershilpi
Drako Shajib
@drako

শুরুতে এত মানুষ, শেষে এত নিঃসঙ্গতা…………………