Profile Photo

ইরফানুর রহমান রাফিনOffline

  • Irfanur-Rahman-Rafin
  • আমরা

    ~ ইরফানুর রহমান রাফিন

    আমরা একদিন হঠাৎ করে বড়ো হয়ে যাই। আমাদের পিঠ থেকে ডানা খসে পড়তে থাকে। আমাদের আর প্রতিদিন সকালে ইউনিফর্ম পরা হয় না, কলেজে যাওয়া হয় না, অহেতুক প্রেমে পড়াও হয় না। আমরা আর মেয়েদের নামে ছড়া কাটি না। সায়েন্স বিল্ডিংয়ের পেছনে কাউকে চুমু খাই না। কারো কথা ভেবে আর কষ্ট পাই না। আমাদের আর বৃষ্টিতে অশ্রু লুকানো হয় না। আমাদের আর বিকালে ফুটবল খেলা হয় না। আমাদের আর ঘাসে শুয়ে থাকা হয় না। নক্ষত্রের রাত আমাদেরকে আর বিস্মিত করে না। আমরা আস্তে আস্তে আকাশ দেখতে ভুলে যাই। আমরা ছুটতে থাকি, ছুটতে থাকি, ছুটতে থাকি। আমরা জানি না আমরা কেনো ছুটতে থাকি। আমরা দেখি যে আমাদের আশেপাশে সবাই ছুটছে। তাই আমরাও ছুটতে থাকি আর সকলের মতো। না ছুটলে প্রতিযোগিতায় টিকে থাকতো পারবো না। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমরা ভার্সিটিতে ঢুকি। আমাদের স্যারেরা শেখান প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। আমাদের ম্যাডামেরা শেখান প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তাই আমরা প্রতিযোগিতায় টিকে থাকার প্রতিযোগিতা শিখি। তাই আমাদের আর কিছু শেখা হয় না। আমাদের কারো কারো একসময় একটা বাড়ি হয়। একটা গাড়ি হয়। প্রায় সবারই, কোনো না কোনোরকমের, সংসার হয়। মানিকবাবু লিখেছিলেন বৌ থাকলে মাঝেমধ্যে বাচ্চাও হয়। তারপর সেই বৌ আমাদের জীবন হয়ে যায়। তারপর সেই বাচ্চা আমাদের জীবন হয়ে যায়। আমাদের ফেসবুক বৌয়ের ছবিতে ভরে উঠতে থাকে। আমাদের ইন্সটাগ্রাম বাচ্চার ছবিতে ভরে উঠতে থাকে। আমরা সেটেল করি। সেটেল করে আমাদের হৃদয় সুখে পরিপূর্ণ হয়। আমরা ভুলে যাই আমাদের পিঠে ডানা ছিলো। আমরা ইউনিফর্ম পড়তাম। আমরা কলেজে যেতাম। আমরা প্রেমে পড়তাম, মেয়েদের নামে ছড়া কাটতাম। আমরা ভুলে যাই চুমুর কথা, কষ্টের কথা। বৃষ্টি, ফুটবল, আর ঘাসের কথা ভুলে যাই। নক্ষত্রের রাত আর আকাশের কথা ভুলে যাই। একসময় আমাদের আর কিছুই মনে থাকে না। প্রতিযোগিতায় টিকে থাকার কথাও মনে থাকে না। ভার্সিটিতে ঢোকার কথাও আর মনে থাকে না। কিছু না শেখার কথাও মনে থাকে না। বাড়ি গাড়ি বৌ বাচ্চা অপরিচিত হয়ে যায়। আমরা দেখি আমাদের হাড় দুর্বল হয়ে আসছে। বিছানা থেকে উঠতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। আমরা পত্রিকা পড়ে, টিভি দেখে সময় কাটাই। আমরা বুঝতে পারি আমরা বুড়ো হয়ে যাচ্ছি। তারপর একদিন আমরা টুপ করে মরে যাই। আমরা জানি না আমরা কেনো মরে যাই, কেনো বেঁচে থাকি, আসা যাওয়ার মাঝখানে আমাদের অস্তিত্বের অর্থটা কী।

    ২৯ নভেম্বর ২০২০

    8
    6 Comments
    • সময়ের চোরাস্রোত কখন যেন সেই আমাদের নিয়ে গেছে দূরে বহুদূরে।

    • খুব ভালো লাগছে আপনের লেখাগুলি। অন্যরকম। চলতি, আধুনিক শব্দের দৃশ্য আর ঝংকার। আমার মনে হয় খুব ভালো হবে আপনি যদি আরও আরও বন্ধু ক্রিয়েট করে নেন এই মঞ্চে। নইলে আমরা অল্প কয়জনাই কিন্তু পড়তে পারছি লেখাগুলি। এমন লেখা ছড়িয়ে পড়া উচিৎ।

    • যে জীবন দোয়েলের, শালিকের তার সাথে আর যেনো হয় নাকো দেখা, এই জেনে…। অভিনন্দন।

    • খুব ভালো লাগছে আপনের লেখাগুলি

    • অসাধারণ লেখা! প্রীতি ও শুভেচ্ছা লেখক।
      বন্ধু ভাস্কর আহমেদ ঠিক বলেছেন। এমন সুন্দর লেখা পড়ার সুযোগ অবশ্যই অনান্য বন্ধুদের পাওয়া উচিত।

Skip to toolbar