Profile Photo

Imtiaj AhmedOffline

  • emtiujahmed62
  • Profile picture of Imtiaj Ahmed

    Imtiaj Ahmed

    4 years, 6 months ago

    শিউলি ফুলের ভালোবাসা
    ******* ইমতিয়াজ

    আমি তখন ক্লাস ফাইভে পড়ি। বাবা সাতক্ষীরা থেকে যশোরে বদলি হয়ে এসেছেন। আমরা পুরো ফ্যামিলি ধরেই যশোরে শিফট হলাম। যশোর বেজপাড়াতে আমাদের নতুন বাসা। নতুন জায়গায় আসলে প্রথম প্রথম সবারই খারাপ লাগে। বন্ধুবান্ধব হতে সময় লাগে। আবার পুরনো বন্ধুদের কথা মনে পড়ে। আমিও এর ব্যতিক্রম ছিলাম না। যশোরে আসার এক মাস পরেও মানিয়ে নিতে পারছিলাম না।
    একদিন বিকালে হাঁটছি, হঠাৎ করেই আমাদের বাসা থেকে একটু দূরে একটা শিউলি গাছ দেখতে পেলাম। কয়েকটা শিউলি ফুল গাছের নীচে পড়েও আছে। আমাদের গ্রামের বাড়িতেও একটা বড় শিউলি গাছ ছিল। তাই শিউলি ফুলের প্রতি আকর্ষণ , ভালোবাসা আগে থেকেই ছিল। শিউলি ফুল দেখে এক অজানা আনন্দে মনটা ভরে গেল। মনে মনে ঠিক করে ফেললাম প্রতিদিন সকালে শিউলি ফুল কুড়াতে আসবো।
    পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠেই চলে এলাম শিউলি তলায়। শিউলি তলা ফুলে ভরে গেছে। মন পুলকে শিহরিত হতে লাগলো। ফুল কুড়ানো শুরু করতেই পাশ থেকে আমার বয়সী একটা মেয়ে এসে জিজ্ঞেস করলো- তোমার নাম কী? কোথায় থাকো? কোন ক্লাসে পড়ো? এতগুলো প্রশ্ন একটা অচেনা মেয়ের কাছ থেকে শুনে প্রতমে আমি থতমত খাই। পরে নিজেকে সামলিয়ে নিয়ে তার সব প্রশ্নের উত্তর দিই। কথায় কথায় জানতে পারি সেও ক্লাস ফাইভে পড়ে । নাম শিউলি। প্রথমে ভেবেছিলাম সে মজা করে বলছে যে তার নাম শিউলি। পরে জানতে পারি যে সত্যিই তার নাম শিউলি। সেও এখানে নতুন এসেছে। বাবার চাকরী সূত্রে এখানে থাকা।
    প্রতিদিন সকালে আমি আর শিউলি চলে যেতাম শিউলি ফুল কুড়াতে । দুই দিনেই দুজনের মধ্যে মিতালী হয়ে যায়। ফুল কুড়ানোর সাথী থেকে সে হয়ে যায় আমার খেলার সাথী। এভাবে বেশ ভালোয় কাটছিল । আমিও অন্য খেলার সাথী খুঁজতে যাইনি, শিউলিও না।
    আমাদের সবচেয়ে ভালো সময় কাটতো শরৎকালে। শরৎ এলেই সকাল বেলায় শিউলির সাথে শিউলি ফুল কুড়ানো শুরু হয়ে যেত। এরকমই এক শরতের সকালে শিউলি জানালো – তার বাবার অন্যত্র বদলি হয়ে গেছে। আগামী শুক্রবার তারা চলে যাবে। আমাদের আর একসাথে শিউলি ফুল কুড়ানো হবে না। একথা বলতে বলতে শিউলির চোখে জল চলে এল। আমি তখন কাঁদিনি। কিন্তু বাসায় ফিরে খুব কেঁদেছিলাম। শিউলিকে কখনও ভুলতে পারিনি। এখনও শরৎ এলে চলে যায় শিউলি তলায় শিউলির খোঁজে।

    5
    1 Comment
    • খুব সুন্দর!
      ছোট্ট বেলার খেলার সাথী অকালে হারায় কেন?
      তার চেয়ে ভালো আর কাউকে বাসিনি আজো। অভিনন্দন।

Skip to toolbar