-
একটি ন্যানো উপন্যাস🗿
***সে অথবা আমি***
অপূর্ব সাহা
১.
জানালার ওপাশে একটা এঁদো পুকুর। পুকুরের ওপারে একটা রুগ্ন দড়ির মত সরু বস্তি। এমুখো। বস্তির ওপাশে ট্রেন লাইন। দড়ির মাঝখানে খানিকটা জায়গা ছিঁড়ে ফেলে ট্রেনে গলা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আমি জানালায় দাঁড়িয়ে রোজ, খুব বিস্ময় নিয়ে ছিঁড়ে ফেলা ওই ফাঁকা জায়গা দিয়ে সন্ধ্যার আগে আগে ঈষৎ কুঁজো লোকটিকে রেললাইন ধরে হেঁটে যেতে দেখি।
পূর্ব থেকে পশ্চিমে হেঁটে যায় সে।২.
পশ্চিম দিক থেকে হেঁটে আসছি আমি রেললাইন ধরে।
পূর্ব বরাবর। ঈষৎ কুঁজো লোকটি পূর্বদিক থেকে আসছে। মুখোমুখি।
আমি তাকে জিজ্ঞেস করি,“কেমন আছেন?”
“ভাল।”
একটু ইতস্তত করে তাকে জিজ্ঞেস করি, “রোজ আপনাকে দেখি রেললাইন ধরে এই সময় হেঁটে যান। যদি কিছু মনে না করেন… কোথায় যান জানতে পারি?”
সে উদাস ভঙ্গীতে জবাব দেয়, ”এই সময় ওদিক থেকে একটা ট্রেন আসার কথা। সেই ট্রেনের সাথে একটা সংঘাত হবে আমার। আর আমি মারা যাব। কিন্তু কেন যে ট্রেনটা আসছে না! ২৯ বছর ধরে হাঁটতেছি। ওয়ার্থলেস ওয়াকিং….!”
লোকটি আমাকে পাশ কাটিয়ে পশ্চিমদিকে হেঁটে যেতে থাকে।
একটা শ্রাগ করে আমি পূর্ব দিকে।৩.
রেললাইন ধরে হাঁটছি। পশ্চিম থেকে পূর্বে। ঈষৎ কুঁজো লোকটির সাথে দেখা। মুখোমুখি। সে এক প্রকার আমার পথ রোধ করে জিজ্ঞেস করে, “কেমন আছেন?”
“ভাল।”
এবার সে খানিকটা অপ্রস্তুত ভঙ্গীতে বলে, “রোজ আপনাকে দেখি রেললাইন ধরে এই সময় হেঁটে যান। কিছু যদি না মনে করেন কোথায় যান জানতে পারি?”
আমি উদাস ভঙ্গীতে জবাব দেই, “এই সময় একটা ট্রেন আসার কথা। সেই ট্রেনের সাথে একটা সংঘাত হবে আমার। আর আমি মারা যাব। কিন্তু কেন যে ট্রেনটা আসছে না! ২৯ বছর ধরে হাঁটতেছি। ওয়ার্থলেস ওয়াকিং…!”
আর কিছু বলতে ইচ্ছে করে না আমার। লোকটাকে পাশ কাটিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকি।৪
আমি সন্ধ্যার আগে আগে জানালায় দাঁড়িয়ে বিস্মিত চোখে লোকটিকে রেললাইন ধরে হেঁটে যেতে দেখি পূর্ব থেকে পশ্চিমে। আমাদের বয়স বাড়তে থাকে।৫.
সন্ধ্যার আগে আগে রেললাইন ধরে হাঁটছি। পশ্চিম থেকে পূর্বে। আর ষষ্ট ইন্দ্রিয় দিয়ে সংবেদ পাচ্ছি, রেললাইনের পাশের সরু দড়ির মত বস্তিটার ওপাশে এঁদো পুকুরটা পেরিয়ে একটা জীর্ণ ঘরের জানালায় দাঁড়িয়ে ঈষৎ কুঁজো এক লোক অবাক বিস্ময়ে ২৯ বছর অথবা তার কম অথবা তার বেশি সময় ধরে চূড়ান্ত পরিণতির দিকে হেঁটে যেতে থাকা আমাকে দেখছে।©️ Apurba Saha
5 Comments
Friends
তানভীর তীব্র
@tanvir3
ইফতিশা খানম
@eftishakhanam
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
D K MAHANTA
@dkmahanta01718942602
Md Ashfak Sayed
@ashfak
Neel tripura
@neel
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Noyontara
@bablee



অভিনন্দন অপু। নন্দি ক্যামন আছে? ভালো থেকো।