-
নিরাপদ নিবাসে ফেরা
লঞ্চ থেকে নেমে দেখি, বৈঠা হাতে নদীতীরে দাঁড়িয়ে আছে মোদাচ্ছের মাঝি; শক্তপোক্ত চাপদাড়িঅলা; বাবড়ী চুল;
আমাকে আর শহীদকে দুইবগলে ধরে নৌকায় তুলে নেয়।
যুদ্ধ আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে বিপদে না ফেলে শেষপর্যন্ত বাড়িতে নিয়ে এসেছে; মা এজন্য মনে মনে দোয়া পড়ে।
জ্যৈষ্ঠের দুরন্ত হাওয়ায় কচানদী থৈথৈ করে।
যুদ্ধের আতঙ্ক ভুলে মায়া আর ছায়া, ফুলের মতন বড় দুইবোন বড় বড় পাপড়িঅলা চোখে দূর সম্মুখে তাকিয়ে বলে ওঠে–ঐযে, ঐতো আমাদের বাড়ি। ঐতো শিমুল গাছের মাথা দেখা যায়।
সাপলেজা খালের মুখের বিশাল তুলা গাছটা টকটকে লাল অভিবাদন জানিয়ে বলে–আইছস! আইতে পারছস তোরা!
ছৈয়া নাওটা নদী থেকে মুখ ঘুরিয়ে সাপের লেজের মতন সরু খালে ঢুকে পড়ে।
মার্চের শেষে যুদ্ধটা শুরু হয়েছিল গনহত্যার ভিতর দিয়ে। ইয়াহিয়া খান ভেবেছিল, মুজিবের হামকী-ধমকী শ্রেফ ফাঁকাবুলি। টিক্কা খান নগর-বন্দরে রক্তগঙ্গা বইয়ে দিয়ে হতদরিদ্র বাঙালিকে অচিরেই স্তব্ধ করে দেবে।
বাস্তবে তা ঘটে না। মে-জুন নাগাদ হানাদাররা গেরিলাদের প্রতিরোধের মুখে পড়ে যায়।
ঐযে, যারা আমার মায়ের কাছে ক্ষুদ্রাস্ত্র লুকিয়ে রেখে নৌকা নিয়ে মাঝগাঙ্গ থেকে কূলে উঠে গিয়েছিল; ঐ যুবকরাই মুক্তিযোদ্ধা; পথে-প্রান্তরে প্রতিরোধ গড়েতুলে হানাদারদের আস্থা টলিয়ে দেয়।
মোদাচ্ছের মাঝির বৈঠার তাগদে আমরা সাপলেজা খালের নিরাপদ মাতৃছায়ায় চলে আসি।
খালের জলে নেয়ে উঠে খেজুর গাছ বেয়ে তাগড়া গুঁইসাপ খুশীখুশী চোখে আমাদের দিকে তাকায়। ওর চেরা জিভ লক লক করে।
সর-হোগলার ঝোঁপে ছৈয়ের ঘষায় ছরছর শব্দ ওঠে; আর মোদাচ্ছের মাঝি লগি মেরে আরো কিছুদূর এগিয়ে যায়।
ছৈলা ফুলের মৌমৌ ঘ্রাণে আমরা চনমনে হয়ে উঠি।
আরেকটু এগুলে মাটির শোদাগন্ধ দীর্ঘ পথযাত্রার ক্লান্তি দূর করে দেয় লহমায়।
মায়ের কোলে যেমন শিশু দোল খায়, তেমনি খালের জোয়ারে দুলতে দুলতে আমরা পৌঁছে যাই বাড়ির পিছের কাঠালতলার ঘাটলায়।
লোকজন ছুটে আসে।
আমার দাদী; আলুথালু সাদা থান পরা; যে ফুঁকফুঁক করে বিড়ি টানে; টলতে টলতে এসে মায়া-ছায়াকে জড়িয়ে ধরে। আমার আর শহীদের খাঁড়াখাঁড় চুলে আঙ্গুল বুলিয়ে বাবার কথা জানতে চেয়ে বলে–গেদা কই? গেদা আয় নাই?
দীর্ঘ পথপরিক্রমা শেষে আমরা বাড়ি ফিরি বটে; শহরে বন্দরে যুবকরা নেমে এসে প্রতিরোধ গড়ে তুলে গণহত্যাকে জনযুদ্ধে রূপ দেয়।
আমরা স্বপ্ন দেখি বিজয়ের।#
*চলবে…
Friends
মো. আবু মোহাদ্দেস
@mohaddesh1967
Kishor Kanok
@kishorkanok-2
Shahajahan Tapu
@shahajahantapu
জুলহাজ আলী জীবন
@julhaj
গোলাম রাব্বানী
@rabbi-2
Reazul Kabir
@reazul-kabir
পিপীলিকা
@abujubair
আজহারুল ইসলাম তালহা
@ajharul
Rashed Rahman Abir
@rashed-rahman-abir



অপেক্ষায়