Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • হুঁশিয়ারী!!!
    (আত্মজৈবনিক কবিতা)

    আমি কৃতঘ্ন, অকৃতজ্ঞ; আমি সাক্ষাৎ শয়তান,
    আমার থেকে সদা দূরে থেক, হুশিয়ার সাবধান!!!

    নিজেরে আমি বেড়াই গো খুঁজে হারিয়ে সম্বিত
    এক হাতে লিখি শ্যামা গান; আর হাতে সংগীত
    দাঁড়ি টুপি নিয়ে ধর্ম ডুবিয়ে
    গীটারেতে ধরি গান।
    আমি সাক্ষাৎ শয়তান!!!

    আত্মীয়জন পরিবার কাছে আমি হায় চিরদিন,
    চির অশান্তি, ঘরের শত্রু, প্রেম-স্নেহ-দয়াহীন।
    প্রেয়সী তাই রুষে উঠে
    আর করে ফেরে অভিমান।
    আমি সাক্ষাৎ শয়তান!!!

    হিন্দুরা ভাবে আমি জাতিহারা লাজহীন গরুখোর
    মুসলিম ভাবে, ভাঁড়ে ও ভবানী ধড়িবাজ জাতিচোর।
    মৌলানা যত মোল্লা মৌলবি সাধু আর পুরোহিত
    প্রকাশে তারা বন্ধুর মতো, আড়ালেতে বিপরীত।
    সামনেতে তারা ফুলহারে ব’রে
    পিছে হানে ছুরিখান।।
    আমি সাক্ষাৎ শয়তান!!!

    টিচার গো নই চিটার যে আমি, মনে যা আসে তাই
    তোমাদের মাঝে যা-তা বলে তোমাদেরই মাথা খাই।
    অসামাজিক আর উদভ্রান্ত আমি
    দ্বি-চারী বেঈমান।।
    আমি সাক্ষাৎ শয়তান!!!

    আমার চলন, আমার বলন, ধোকা, ধোকা, সব ধোকা
    আমার কথায় যারা উঠে বসে, তারা হায় সব বোকা।
    আমার মুখের সত্যের বুলি,
    সব প্রতারণা: খুলে দেখ ঠুলি।
    আমি আস্তিকও নই নাস্তিকও নই
    ঘুচে গেছে ব্যবধান!
    আমি সাক্ষাৎ শয়তান!!!

    পৃথিবীর সব মানুষের কাছে আমি ভাই সদা ঋণী,
    সে কথা আমি জেনে বুঝে, তারে ব্যথা দিই চিরদিনই।
    ভালোবাসার এই ঋণ শোধ করি
    করে চোখা অভিমান।।
    আমি সাক্ষাৎ শয়তান!!!
    আমি সাক্ষাৎ শয়তান!!!
    আমি সাক্ষাৎ শয়তান!!!

    দীপাবলির দ্বিতীয় দিন
    মাদক বিরোধী চিত্রাঙ্কণ প্রতিযোগীতায়
    নগরকান্দা।
    ৭/৮/১৮।

    9
    9 Comments
    • অসাধারণ উপস্থাপন

    • অপূর্ব প্রেমাঘাত হয়েছে, বহুত আচ্ছা হয়েছে… প্রকাশ্যে যারা বন্ধু আর আড়ালে বিপরীত তাদের এই শায়েস্তা বেশ হয়েছে… ছন্দিত ও নন্দিত অন্ত্যানুপ্রাসও ঠিক ঠিক সঠিক জায়গায় নিশানা ক’রে এই বেদ্বীন প্রতিবেশের কঁড়া জওয়াব হয়েছে… প্রীতিমুগ্ধ অগাধ…

      • আমি একদিন গিটারটা কাধেঁ করে বেড়িয়েছি, যাবো উপজেলায় মাদক বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠানে, পথিমধ্যে একদল মৌলবী, আমাকে দেখে বলেছিল,” খাড়া ইবলিশ, পাক্কা শয়তান” শুনে খারাপ লেগেছিল, যদিও পাঞ্জাবি পরে ঘাড়ে গিটারটা কোনোভাবেই মানায় না. তাই করো প্রতি অভিযোগ না দিয়ে, নিজের অশান্ত মনকে শান্ত করলাম কবিতায়, আর আমার শুভাকাঙ্খীদের সতর্ক করে দিলাম, আমার সাথে মিশবার সম্ভাব্য ক্ষতি থেকে!

      • এই উল্টোরথের দুনিয়ায় কথা কবিতার সাথে জীবনের সাদৃশ্য যেন অনেক বেমানান… মানুষে মানুষে বিভেদ দ্বন্দ্ব থাকবেই, নানা মুনির নানা মত না থাকলে যে কথা থেমে যাবে…! যদিও কেউ কেউ সুখে থেকেও দুঃখকে নিয়ে কাব্য-বিলাস করে চলেছে… জীবনবাবু ঠিকই বলেছিলেন, সবাই কবি নয়, কেউ কেউ কবি… হে গুণী / নিজেরে চিনতে পেরে থাকো যদি / অন্যে কি কইলো, সেই অভিযোগ যেন আর না শুনি…

      • গুরুজী! মনে থাকবে! রবিবাবুর ভাষায় কৃতজ্ঞতাটুকু প্রকাশিতে চাই- “চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে!”

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar