Profile Photo

চাঁদ সদাগরOffline

  • chand_sodagor
  • Profile picture of চাঁদ সদাগর

    চাঁদ সদাগর

    • 5 years, 2 months ago

    মোটা দাগে কবিতার দুই ভাগ

    ——————————
    “Poetry doesn’t belong to those who write it; it belongs to those who need it.”
    .
    সকালে একজন ফেবু-বন্ধুর শেয়ার করা ফেবু-স্টোরি তে একটা ইমেজের মধ্যে এই বাক্য দেখে ভালো লেগে যায় ফলে এর পরে পরে গুগলে সার্চ করে বাক্যটার উৎস সম্পর্কে কিছুটা জানার উদ্যোগ নেয়া হয়। The Postman (IL POSTINO) (1994) ছবির চরিত্র Mario Ruoppolo (শিল্পী Massimo Troisi দ্বারা অভিনীত) এই বাক্যটি ছবিতে ডায়ালগ দেন। কেউ কেউ অবশ্য Pablo Neruda-র উক্তি বলে এটা ব্যবহার করসেন, সেটা কতটা ঠিক জানা নাই।
    .
    এই বাক্য থেকে পুরনো একটা ভাবনা পুনরায় মন-মধ্যে ফিরে আসে। রি-সারফেস করে। কবিতার ক্ষেত্রে একটা বড়ো রকমের শিফট অথবা পরিবর্তন ঘটসে সম্ভবত ১৮৫০ থেকে শুরু করে +/- ১৯৬০ এর মধ্যে। পৃথিবীর নানা দেশের ভাষাতেই হয়ত বা এই পরিবর্তনটা আসছে। “Poetry doesn’t belong to …” বাক্যটা হতেসে এই পরিবর্তিত ধারার নতুন কবিদের চিন্তাধারার সাথে খাপ খাওয়া একটা বাক্য।
    .
    আমি যেইভাবে ব্যাখ্যা করতেসি সেটা একেবারেই মোটা দাগে। নিজের সাধারণ বা তাৎক্ষণিক একটা বিচার বা বিশ্লেষণ থেকে এই ব্যাখ্যা। সম্ভবত এই নিয়ে অনেক তাত্ত্বিক আলাপ আলোচনা বিতর্ক অনেকে করে গেছেন , এমনকি এই সব পরিবর্তনের নাম, ধাম, শ্রেণীবিভাজনও করে গেসেন, কিন্তু সেইসব বিবেচনায় না গিয়ে মোটা দাগে নিজের ভাবনায় এই দুই বিচ্ছিন্ন ধারার অবতারণা মাত্র করতেসি এখন।
    .
    মোটা দাগে:
    ১৮৫০ এর আগের প্রচলিত ধারাটির বেশির ভাগ কবিতা (হয়ত সবগুলি-ই) ছিল যেন ভাষার আলঙ্কারিক দিকের উপরে ভিত্তি করে তৈরি করা ‘ফেইস ভ্যালু দ্বারা বিচার্য’ কবিতা। শ্রুতিমধুর, উচ্চারণে মধুর, হালকা জীবনদর্শন প্রকাশক, অনুভূতি প্রকাশক, বিনোদন মূলক, অথবা কোনো বড়ো ঐতিহাসিক ঘটনাকে একধরণের মধুর ‘স্ট্যান্ডার্ডাইজেশন’-এ নিয়ে আসার লক্ষ্য নিয়ে তৈরি করা কবিতা। যেন খাপে খাপ শব্দের পরে শব্দ দিয়ে এমনভাবে একটা ঘটনা বা বক্তব্য-কে বিধৃত করা হইল যেন কেউ আর ওর ভিতরে হাত ঢুকানোর সাহস না পায়। বরং পাঠ করা শেষে নিজে আনন্দ পায় আর শ্রোতাদেরকেও আনন্দ দিতে পারে।
    .
    উল্লেখ্য যে, এটাকে ১৮৫০ পূর্ববর্তী ধারা বললেও – এটা যে এখন পর্যন্ত প্রচলিত নয়, তা কিন্তু নয়। এখনও স্ব-মহিমায় বর্তমান আছে। নতুন বা প্রবর্তিত যেই ধারাটির কথা বলব, সেটার পাশাপাশি এখনও বর্তমান আছে।
    .
    স্বাভাবিকভাবেই, কবিতা থেকে এই ধরণের আনন্দ লাভ লাভ করাটা সমাজের বেশির ভাগ মানুষের পক্ষে সহজ ছিল এবং এখনও আছে। এক রকমের ছন্দ আর শব্দের ব্যঞ্জনা, মানুষের আপাত-দর্শন ভাবনার এক ধরণের সহজ প্রকাশ, শব্দের উচ্চারণে এক ধরণের আভিজাত্য অথবা নানা রকম সাহিত্যিক রসের প্রকাশ – এইগুলি মানুষকে সহজে আনন্দ দিতে পারে। ফলে এর শ্রোতামণ্ডলীর (বা ভোক্তা-মণ্ডলীর) সংখ্যা তুলনামূলক ভাবে বেশি।
    .
    বিক্ষিপ্ত কিছু উদাহরণ দেয়া যেতে পারে নিচে। এই ক্ষেত্রে কবিতা, গান, নাটকের মধ্যে খুব একটা পার্থক্য করা হলো না, কারণ এই বিষয়গুলি আরও বেশী করে পরস্পর-সংযুক্ত বা ওভারল্যাপড ছিল।
    .
    .
    প্রচলিত ধারা থেকে উদাহরণ:
    ————————-
    *
    “I come not, friends, to steal away your hearts:” (জুলিয়াস সিজার, শেক্সপিয়ার) [উচ্চারণে আভিজাত্যের দোলা, দৃশ্যগুণে জমজমাট। জনসমক্ষে মার্ক এন্টনি-র ভাষণের দৃশ্য]
    *
    “Good night, good night! parting is such sweet sorrow,
    That I shall say good night till it be morrow.”(রোমিও এন্ড জুলিয়েট, শেক্সপিয়ার) [চরম প্রেমাবেগের শ্রুতিমধুর প্রকাশ। সারারাত ধরে সুমধুর বেদনায় ‘শুভরাত্রি’ বলে যেতে থাকব]
    *
    “আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে।
    আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে” (রবীন্দ্রনাথের গান, পূজা ২৯৩) [দর্শন ভাবনার প্রকাশ, উচ্চারণের আনন্দ, বাঙালির মেঠো-সহজতা, পরিচ্ছন্ন শব্দ]
    *
    “শঙ্খ নদীর দক্ষিণ কূলে শঙ্খ নদী মোড়।
    সাধু খাঁ, সাবেরিদ খাঁ তারা দুই ঘর।।
    মহর্ত্ত (মহন্ত) সকল জান রাজার সঙ্গে ছিল।
    সেই সব সকলেরে খোঁআঝাগিরি [আরাকান রাজ প্রবর্তিত সম্মানসূচক খেতাব] দিল।।
    কহে হীন সাবেরিদ খাঁ এহার রহস্য ।
    বচনে না ধরে যারে সে নহে মনুষ্য।।”
    (মোগল আগমন পূর্ব দক্ষিণ চট্টগ্রামের পদ রচয়িতা শাহ বারিদ খাঁ / সাবিরিদ খান-র উদ্ধারকৃত পুঁথির অন্তর্গত। ঐতিহাসিক ঘটনার বয়ান। রাজা বা অভিজাত মণ্ডলীর গুণগান। উচ্চারণ, মুখস্থ করা এবং আবৃত্তি বা প্রচারে সহজতা। শ্রবণকারীদের বিনোদন)
    *
    “সোনার হাতে সোনার কাঁকন কে কার অলংকার
    কে জানে তার এ রূপ দিল সে কোন মণিকার”
    (সতীনাথ মুখোপাধ্যায়ের গান। একাধিক সাহিত্যিক অলঙ্কারের বুদ্ধিদীপ্ত, রসিক প্রয়োগ)
    .
    .
    নতুন বা আবর্তিত ধারা হতে উদাহরণ:
    ———————————-
    এই ধারার কবিতাতে যেন ‘অতিরিক্ত’ কিছু একটা জিনিস এসে মিশছে। কবিতাতে ‘অতিমানুষিক’ কিছু একটার প্রবর্তন স্বীকৃত হয়েছে। কেউ কেউ একে নবীত্বের সাথে তুলনা করছেন। যেমন, নবীদের মনের ভিতরে যেভাবে ঐশ্বরিক বাণী এসে নিয়ন্ত্রণহীন ভাবে প্রকাশ পেত। কবিতাও তেমনই যেন, হঠাৎ হঠাৎ এসে কবির ভিতরে ধরা দেয়। কবির কিছু করার থাকে না। অটোমেটিক রাইটিং যেন। সেইসব কবিতায় এমন কিছু একটার প্রকাশ ঘটে যা কিনা বিরল, সেটা যেন কিছুটা অতিমানবিক, ঐশ্বরিক, ব্যাখ্যা করা যায় না, কিন্তু পাঠক ঠিকই শেষপর্যন্ত কোনো একটা অতিরিক্তের ছোঁয়া পান, টের পেয়ে যান -এইরকম একটা কিছু। একটা ‘জীবন্ত’ ভাবনার পুনর্জন্ম যেন সংঘটিত হয় পাঠকের মনে।
    .
    এই ব্যাখ্যাতীত জিনিসগুলাও আবার পাঠককে ঠিক সব সময় ধরা দেয় না। হঠাৎ হঠাৎ ধরা দেয়। পাঠকের সেই কবিতার অন্তর্গত বিষয় সম্পর্কে হয়ত পূর্ব প্রস্তুতির দরকার থাকে। এমনকি, কবিতাটি পাঠ করার সময় পাঠকের মানসিক অবস্থা কী অবস্থায় আছে – সেটাও প্রভাব ফেলবে, কবিতার সেই ‘ম্যাজিক’ বা ‘রহস্য’টা পাঠক বুঝবেন নাকি বুঝবেন না।
    .
    একই কবিতা সকালে পড়লে এক রকম, আবার বিকালে পাঠ করলে আরেক রকম।
    .
    এই ধারাতে ফেলে নানারকম উদাহরণ দেয়া যায়। প্রথমেই জীবনানন্দের অনেক উদ্ধৃত এই বাক্যাংশ টি:
    *
    “উটের গ্রীবার মতো কোনো-এক নিস্তব্ধতা এসে…”
    (আট বছর আগের একদিন, জীবনানন্দ দাস)
    *
    নিস্তব্ধতা উটের ঘাড়ের মতো হবে কিভাবে। অথচ, কোনোরকম অর্থ বা ব্যাখ্যা খুঁজে না পাওয়া গেলেও, জিনিসটা যেন বোঝা বা টের পাওয়া যেতেসে যেন।
    *
    “Let us go then, you and I, When the evening is spread out against the sky Like a patient etherized upon a table”
    (লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ্রক, টি এস এলিয়ট)
    .
    তুমি আর আমি চলো যাই, সেইরকম এক সন্ধ্যায়, যখন সন্ধ্যাটাকে অপারেশনের টেবিলের উপরে শুয়ায়ে রাখা অচেতন করা একজন রোগীর মতো লাগতেসে । সন্ধ্যা আর রোগীর মধ্যে তুলনা করার মধ্যে অবশ্য একটা সাধারণ গুণ পাওয়া যেতেসে, যেইটা অনূহ্য আছে। এই গুনটা হতে পারে, ফ্যাকাসে ভাব টা। সন্ধ্যা সেইরকম ফ্যাকাসে আর ভবিষ্যৎ বিহীন, যেমন অচেতন রোগীটাও ফ্যাকাসে আর ভবিষ্যৎ বিহীন, আশা ত্যক্ত আর ভীত। কিন্তু তারপরেও, এই তুলনার মাধ্যমে শুধু ফ্যাকাসে জিনিসটাই না, বরং আরও আরও অনেক বিষয় এসে এক ধাক্কায় প্রকাশ হয়ে যেতেসে, যেগুলা যেন ঠিক ঠাক যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয় না।
    *
    একই কবিতায়:
    “I grow old … I grow old …
    I shall wear the bottoms of my trousers rolled.”
    বয়েস বাড়ার সাথে সাথে ফুলপ্যান্টের নিচের অংশটা গুটায়ে নিয়ে পরার কোনোরকমের সম্বন্ধই নাই, একটা শিশুই যেন সেইটা বেশি করে, অথচ, তারপরেও, এই লাইন যেন অন্য কোনো এক ধরণের মিনিং ক্যারি করে। এইটা পাঠককে অন্যভাবে এসে (হঠাৎ হঠাৎ) টাচ করে, যেটার ব্যাখ্যা দেয়া সম্ভব না।
    *
    “স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন”
    (স্বাধীনতা তুমি, শামসুর রাহমান)
    এটার ব্যাখ্যা দিতে হলে কয়েক ধাপে যুক্তি পরম্পরায় ব্যাখ্যা দিতে হবে, কিন্তু প্রাথমিক ভাবে এসেই, লাইনটা কোনোরকম যুক্তি ছাড়াই পাঠককে আঘাত করে। শামসুর রাহমানের একইরকমের একটা জ্বলজ্বলে দৃশ্য ছিল ঢাকার নিউমার্কেট, পাঞ্জাবির বোতাম ইত্যাদি নিয়ে।
    *
    “রেলব্রিজে একা” – (রেলব্রিজে একা। সুনীল গঙ্গোপাধ্যায়। কবিতার শিরোনামের এই দুই শব্দ মিলেই একটা অন্যরকম ভাবের জন্ম দিতেসে যেন।)
    *
    “[নীরা, তোমায়] দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধুপারে–দিকচিহ্নহীন–” (হঠাৎ নীরার জন্য, সুনীল গঙ্গোপাধ্যায়, অর্থ ক্যারি করে বটে। একটা মানুষ একটা সমুদ্রের পাড়ে একটা ছুরির মতো বিঁধে আছে, অথচ, এই বাক্যাংশটি যেন আরও কয়েক গুণ বেশি অর্থ প্রকাশ করে, যেটা হঠাৎ ব্যাখ্যা করা যেতেসে না। এটা ঠিক প্রেম-বোধও না। অথচ প্রেম বোধের চাইতে আরও অনেক বেশি)
    .
    ***
    .
    দেখা যেতেসে যে, নতুন-তর ধারার যেই কয়টা উদাহরণ দেয়া হলো তাদের সব কয়টাই, বেসিকালি, কবিতার চিত্রগুণ বা দৃশ্যগুণ-কে নির্ভর করে জন্ম নিসে। (গঠনগত শৈলীর প্রভাব-ও কিছুটা আছে বটে)। লাইনগুলা পড়ে একটা দৃশ্য জন্ম নিতেসে পাঠকের মনে, আর সেই দৃশ্যটাই পরবর্তীকালে বৃহত্তর, ভিন্নতর অর্থ বা ভাবনার ডালপালা মেলে দিসে।
    .
    কিন্তু, আরো কিছুটা খুঁজলেই এইরকম পাওয়া যাবে যে, পরবর্তীকালের বাংলা কবিতায়, যেইখানে এই “ব্যাখ্যাতীত অনুরণন”টি স্রেফ দৃশ্যকে নির্ভর করে জন্ম নেয় নাই। পরস্পর সম্বন্ধ-বিহীন শব্দ, এমনকি নিরর্থক শব্দ মিলেও একইরকম ব্যাখ্যাতীত কিংবা তৃতীয় একটা বোধের জন্ম দিয়ে গেসে। শব্দ পরম্পরায় সুনিপুন ধ্বনি-গুন, যুক্তিগুণ, কু-যুক্তিগুণ অথবা অন্য কোনো ধরণের টেকনিক ফলো করেও এই “তৃতীয় অনুরণনের” প্রকাশ করা সম্ভব হতে পারে।
    .
    ***
    .
    তো আমার কথা হলো, “Poetry doesn’t belong to those who write it; it belongs to those who need it.” – এই বাক্যটাকে, পুরনো ধারার কবিতার ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হলেও, পরের ধারার কবিতার ক্ষেত্রে যেন এর প্রয়োগ বেশী করে করা সম্ভব। এইটা যেন পরের ধারার কবিদেরই কথা।
    .
    “কবিতা একবার লেখা হয়ে গেলে সেই কবিতার উপরে কবির আর মালিকানা থাকে না”। -এইরকম কথা অনেক সময়েই শোনা যায়। “কবিতাটা লেখা হয়ে গেলে পর সেইটা পুরাপুরি পাঠকের সম্পত্তি হয়ে যায়। পাঠক যেইভাবে ব্যাখ্যা করবে, কবিতাটি ঠিক তাই – কবির সেইক্ষেত্রে আর কিছুই বলার থাকে না” – এইরকম কথা অনেকেই বলে থাকেন। বিশেষ করে ঐ নতুন ধারার পাঠক-কবিরাই যেন এই কথা বেশি বেশি করে বলেন।
    .
    কিন্তু এই লেখার শুরুতে উদ্ধৃত বাক্যাংশটিতে আরও এক ধাপ আগায় গিয়ে বলা হতেসে যে “it belongs to those who need it”। খেয়াল করা যেতে পারে, এইটা কিন্তু বলা হয় নাই যে “it belongs to those who read it”, বরং বলতেসে “who need it”
    .
    মানে অনেকেই কবিতাটা পড়তে পারেন, কিন্তু যাদের ভিতরে ঐ কবিতাটার জন্য প্রয়োজন তৈরি হইসে ইতিমধ্যে, কবিতাটা তাদের জন্যই। আপামর সকল পাঠকের জন্য নয়। কবিতা পাঠের সেই বিশেষ ক্ষণে সেই বিশেষ-ভাবে পিপাসার্ত পাঠকের মনেই কবিতাটির পুনর্জন্ম লাভ হবে। সেই বিশিষ্ট পাঠক সেইটা অনুধাবন করতে পারবে।
    .
    উদ্ধৃতাংশের এই ধারণাটা যেন মোটা দাগে আমার ব্যাখ্যা করা দ্বিতীয় ধারার কবিতার সাথেই বেশি করে যায়। আগের বা পুরনো ধারার কবিতা বেশিরভাগ পাঠক পাঠ-মাত্র, চেষ্টা করলেই পারবে। কিন্তু নতুন ধারণের কবিতাগুলি তাদের জন্যেই, যারা ঠিক সেই কবিতাটির জন্যে তৃষ্ণার্ত আছেন।
    ***
    .
    [কবিতা নিয়ে আরও অনেক ধরণের কাটা ছেঁড়া হইসে। এটা অনেকেই জানেন। উত্তরাধুনিক কালে এসে কবিতার ক্ষেত্রে কবির স্বকীয়তা, কবিতায় নবীত্বগুণ, তৃতীয় অনুরণন প্রভৃতিকে বহুল পরিমাণে কাটা ছেঁড়া করে কিছুই আর বাকী রাখা হয় নাই। তারপরেও, একটা সাময়িক ধারণার সাময়িক প্রকাশের জন্য উপরের কথা গুলা বলে রাখা যেতে পারে। এখনকার কিছু কবিতা বা কবিতার ক্রমানুযায়ী ভাবধারা বিশ্লেষণে হয়ত সহায়তা করে থাকবে]

    32
    17 Comments

Friends

Skip to toolbar