-
সংসারচন্দ্র
——————————
জলের ধারা শুকিয়ে এসে গালের চামড়া টানছে এখন। একটু আগের উদাত্ত চিৎকার মিইয়ে গিয়ে নরম ফোঁপানি হয়ে উঠছে। তবু উঠে বসছে না মেঘা। চোখের সামনে ভাঙা সংসার ছড়িয়ে ছিটিয়ে গেছে। ছোট্ট ছোট্ট মাটির বাসন কটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মা। একটু দূরে মুন্ডু ছিঁড়ে, হাত, পা খুলে পড়ে আছে পুতুল মিরা। আরো দূরে খয়েরি আঁচলটা চোখে চেপে থেকে থেকে কেঁপে উঠছে মেঘার মা। বৃষ্টি হাওয়ায় তার পিঠ ছাপানো চুল উড়ছে। হাঁড়িকুঁড়ির জ্বালা জুড়িয়ে এলে ধীরে ধীরে শান্ত হবে মা।মেঘার বাপ চলে গেছে। কোথায় গেছে জানে না সে। দিদার বাড়ি, মিজান চাচার ঘরে, আর বগুরের তালতলায় সবাই বলে, ভেলুয়ারদিঘীর লক্ষ্মীর সাথে পালিয়ে গেছে বাবা। লক্ষ্মী কে? মেঘা তা জানে না। মনে মনে ভেবে দেখেছে, বোধহয় মায়ের মতো মিশকালো রং আর মেঘার মতোই রোগাটে গড়ন এক মেয়ের সাথে পালিয়ে গেছে বাবা।
তারপর থেকে পুকুরপাড়ে মুখ নাড়িয়ে ঝগড়া করে মা, সর্দার বাড়ি থেকে ঝোল তরকারি আনে, আর বৃষ্টি হলে, মাঠে যাওয়া বন্ধ হলে, কালশিটে স্যাঁতানো তোষকে মুখ ফিরিয়ে শুয়ে থাকে। তখন, ‘‘মা, ও মা, ভাত দাও, ভাত দেবে না?’’ বলে ডাকাডাকি করলে উঠে গিয়ে, পিঠে দু’ঘা বসিয়ে, মেঘার খেলনাবাটি গুঁড়ো করে দেয় মা।
তারপর একদিন বিলের ধারে রোদ উঠল। কেউ শিখিয়ে দিল না, খাঁ পুকুরে স্নানের পরে নিজেই বুকে গামছা টেনে নিল মেঘা, আর রোদের ভিতর দিয়ে দেখল মাঠ পেরিয়ে এগিয়ে আসছে একটা লোক। ফিরে এল বাবা। চৌকির ধারে চুপ করে বসলো বাবা নামের লোকটা। আবারও আঁচলে চোখ চাপা দিল মা। বাবার পিঠ চাপড়ে দিল মিজান চাচা। দুই গাঁ পেরিয়ে এসে গাছের ফল দিয়ে গেল দিদা। মেঘার বাপকে কেউ প্রশ্ন করল না। মা ক্ষমা কথার অর্থ জানে না।
ইদানিং নতুন লাল হলুদ ছাপা শাড়ি পরে মেঘার মা। তার পায়ের নিচে ফিকে আলতার গোলাপি রং। উড়তে থাকা রুক্ষ চুলে আলতো আলতো তেল বসিয়ে, আকাশের দিকে মুখ করে পরম সুখে হাতখোঁপা বেঁধে নেয় মেঘার মা।তারপর যেদিন বিলের ধারে বমি করছিল মা, সেদিন আবার ক্ষেতের সবজি নিয়ে এসে দাওয়ায় বসলো দিদা। মিজান চাচার বউ এসে রগড় করলো খুব। বিল পেরিয়ে একছুটে দূরে পালিয়ে গেল মেঘা।
আজকাল মেঘার পেট গুলিয়ে ওঠে। বমি পায়। তখন সে খেলনবাটি খেলতে বসে। মায়ের উনুনের ধার থেকে একটা দুটো হাঁড়ি কড়াই চুরি করে। মা খুঁজে মরে, তবু চুরি করে। শিকদারদের আমবাগানে ভাঙা কোদাল কুড়িয়ে আনে। তারপর যত্ন করে সে মায়ের হাঁড়িকুঁড়ি গুঁড়ো করে। খাঁ পুকুরে ভাসিয়ে দিয়ে হাততালি দিয়ে ওঠে…।
@হাসনাত সৌরভ
11 Comments-
ধন্যবাদ @prithula
-
মিছে এই মঞ্চে ভালোবাসা হলো সেই বিপ্লব যা সব কিছু কাটিয়ে তুলতে পারে। @ovimanimon
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
জিকরুল ইসলাম
@zikrul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
তাজুল ইসলাম তন্ময়
@tazulumgmail-com
সাব্বির হোসেন।
@shadowhunter3d
ফরহাদ আহমেদ
@forhad2004
অসীম রহমান
@ashim_rahman
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
AdabenTatali
@adabentatali



Gd