Profile Photo

জালাল উদ্দিন মুহাম্মদOffline

  • jalalshah
  • মানুষের মুখ দেখি

    সারাদিন মানুষের মুখ দেখি
    খুব লক্ষ করে তাকাই চোখের কোনায়
    চিবুকের ঢেউয়ে, গ্লাবেলার ভাঁজে।
    জহুরীর মতো তাকিয়ে থাকি চোয়ালের নড়াচড়ায়।
    তাকিয়ে থাকি বেল্ট বাঁধতে বাঁধতে বারমহল
    থেকে বেরিয়ে আসা পুরুষের মুখে,
    প্রবঞ্চক হাসি লুকিয়ে দীপ্তিময় ভাষণরত নেতার মুখ দেখি।
    পাবলিক কনফারেন্সে ধর্মের বুলি আওড়ানো,
    গোপন রক্ষিতা আর সুইস ব্যাংকে জমা হওয়া
    আমলার মুখ দেখি।
    খুব নির্মল দৃষ্টিতে দেখি টকশো কাঁপানো,
    মন্তব্যের ঘরে শত গালাগালি পড়েও অনড় বুদ্ধিজীবীর মুখ।
    জিব্রাইলের ফটোকপি ওলামা লেবাসধারী
    অথবা স্বয়ং দাশরাথী;
    লোভী ধর্মব্যবসায়ীর মুখও দেখি।

    শ্রমিকের মুখ দেখি, কোটরাগত চোখ
    ও ভেঙে যাওয়া গাল দেখি
    নাসিকা বরাবর গড়িয়ে আসা ঘামের বিন্দু দেখি।

    লাশ কাটা ঘরে গিয়ে দেখি
    শবের নিখুঁত-নিথর মুখ
    বৃদ্ধ-যুবতী-শিশুর মুখ
    পাপিষ্ঠ ও নিষ্পাপ মুখ।

    মানুষের মুখে মানুষ খুঁজি,
    এমনকি, মাঝে মাঝে আয়নাও দেখি।

    2
    4 Comments
    • অসংখ্য মুখের ভিড়ে মানুষ খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত নিজের মুখোমুখিই দাঁড়াতে হয়…..🤍🖤

    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা অনুভূতি হলো, এত গভীর পর্যবেক্ষণ সত্যিই মুগ্ধ করার মতো। আয়নার সামনে এসে শেষ করার অংশটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

    • আপনার প্রতিটি শব্দের ভাঁজে মানুষের জীবনের বিচিত্র রূপ এবং গভীর পর্যবেক্ষণের যে স্বচ্ছ প্রতিফলন ফুটে উঠেছে, তা সত্যিই পাঠকমনে এক অদ্ভুত ভালোলাগা তৈরি করে; তাই আপনার লেখনীর এই সাবলীলতা ও তীক্ষ্ণ দৃষ্টি বজায় রেখে এভাবেই নতুন নতুন ভাবনা আমাদের মাঝে উপহার দিয়ে যান।

    • মানুষের মুখে মানুষ খুঁজি,
      এমনকি, মাঝে মাঝে আয়নাও দেখি এই লাইনটাতেই আটকে গেছি। আপনার লেখাটি বর্তমান প্রেক্ষপটকে দারুণ ভাবে ফুটে উঠেছে। এগিয়ে যান দোআ রইল

Skip to toolbar