Profile Photo

জালাল উদ্দিন মুহাম্মদOffline

  • jalalshah
  • মানুষের মুখ দেখি

    সারাদিন মানুষের মুখ দেখি
    খুব লক্ষ করে তাকাই চোখের কোনায়
    চিবুকের ঢেউয়ে, গ্লাবেলার ভাঁজে।
    জহুরীর মতো তাকিয়ে থাকি চোয়ালের নড়াচড়ায়।
    তাকিয়ে থাকি বেল্ট বাঁধতে বাঁধতে বারমহল
    থেকে বেরিয়ে আসা পুরুষের মুখে,
    প্রবঞ্চক হাসি লুকিয়ে দীপ্তিময় ভাষণরত নেতার মুখ দেখি।
    পাবলিক কনফারেন্সে ধর্মের বুলি আওড়ানো,
    গোপন রক্ষিতা আর সুইস ব্যাংকে জমা হওয়া
    আমলার মুখ দেখি।
    খুব নির্মল দৃষ্টিতে দেখি টকশো কাঁপানো,
    মন্তব্যের ঘরে শত গালাগালি পড়েও অনড় বুদ্ধিজীবীর মুখ।
    জিব্রাইলের ফটোকপি ওলামা লেবাসধারী
    অথবা স্বয়ং দাশরাথী;
    লোভী ধর্মব্যবসায়ীর মুখও দেখি।

    শ্রমিকের মুখ দেখি, কোটরাগত চোখ
    ও ভেঙে যাওয়া গাল দেখি
    নাসিকা বরাবর গড়িয়ে আসা ঘামের বিন্দু দেখি।

    লাশ কাটা ঘরে গিয়ে দেখি
    শবের নিখুঁত-নিথর মুখ
    বৃদ্ধ-যুবতী-শিশুর মুখ
    পাপিষ্ঠ ও নিষ্পাপ মুখ।

    মানুষের মুখে মানুষ খুঁজি,
    এমনকি, মাঝে মাঝে আয়নাও দেখি।

Skip to toolbar