Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    3 years, 5 months ago

    একটি বাসি ফুল অথবা তুমি
    — শাহ্ কামাল

    একটি জারবারা, দুটো চকলেট,
    কাগজের ঠোঙায় ঝালমুড়ি নিয়ে শেষ কবে তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম, বলতে পারো?
    আমার সামর্থ্যের দৈন্যতা আমায় নীরব করেছে চিরতরে
    তবুও তোমার জন্য মুঠো মুঠো জমানো আবেগ এনেছি
    ফুলের বোঁটায়, চকলেটের নরম মোড়কে।
    শুকনো ছাতিম গাছের তলায় গন্ধরাজ হাতে
    একাকী দাঁড়িয়ে ছিলাম কতো দিন,
    সাহস হয়নি তোমার সামনে আসতে।
    যেদিন মুচকি হেসে বলেছিলে, রোজ রোজ কার জন্য দাঁড়াও?
    সেদিন নিজেকে রাজপুত্তুর ভেবে ভেবে ঘুমুতেই পারিনি আমার শান্ত বিছানায়,
    তুমি আমার সাথে কথা বলেছ-
    এই ভাবনাটুকু আমাকে মর্তের পৃথিবী হতে স্বর্গে নিয়ে গেছে।
    যেদিন তুমি হাঁটতে হাঁটতে শিমুল গাছের নিচে আমায় ডেকেছিলে,
    আমি আমার নতুন জন্ম সেদিনই অনুভব করেছি এ স্বার্থবাজ শুভ্র ধরায়।
    স্নিগ্ধ বেদনার রেখা মুছে গেছে তোমার কোমল স্পর্শের টানে,
    একা একা নিজেকে আবিষ্কারের মাঝে নিজের মধ্যে কাউকে আবিষ্কার করাই পরাধীন হওয়া, প্রেমে পড়া, ভালোবাসাবাসি করা।
    আমি আমার আমাকে হারিয়ে তোমার দাসত্ব করে নিজেকে সঁপেছি,
    নিজের অস্তিত্ব তোমার রাজপথে মিছিলে মিছিলে হারিয়েছে কবেই,
    ভিতরের ছোট্ট হৃদয়টা নিজের অস্তিত্ব হারিয়ে তোমার গলিতে ভালোবাসা চেয়ে মরে,
    তোমার হতে হতে কারোই হতে পারিনি শেষ পর্যন্ত।
    আমার হাসি তোমার বেদনায় ম্লান,
    আমার কান্না তোমার স্মৃতির জলোচ্ছ্বাস মেশে,
    আমার স্বাধীন ভূখন্ডে পরাজিত পাখির আর্ত চিৎকার।
    তুমি কী জানো তোমাকে না পেয়ে আমি আমাকেই পাইনি?
    এক টুকরো স্বচ্ছ্ব বেদনার কঠিন যন্ত্রণা আমাকে ঘিরে আছে পুরোপুরি।
    আমাকে খুঁজতে গেলে আমি শুধু তোমাকেই খুঁজে পাই।
    অথচ তুমি তোমার শহরে তার হাত ধরে দিব্যি ঘুরছো উপত্যকার পাড় ঘেঁষে,
    আমি তোমার স্মৃতির কফিনে
    আমার স্বপ্নের মমি যত্নে রেখেছি।
    আমার হাত কাউকে ধরতে চায় না আর,
    মৌলিক একটি হৃদয় কিভাবে পর হয় তার
    হিসেব মেলে না আমার ছেঁড়া খাতায়।
    মধ্যবিত্তের সাদাসিধে গোরস্থানে দাফন হয় এভাবেই হাজারো যুবকের কামনার লাশ।

    5
    6 Comments
    • আমার সামর্থ্যের দৈন্যতা আমায় নীরব করেছে চিরতরে- পুরো কবিতায় কেন যেন বারবার এ লাইনটায় ফিরে যাচ্ছি। খুব ভালো লাগলো।

    • ভালো লাগলো

    • মধ্যবিত্তের সাদাসিধে গোরস্থানে দাফন হয় এভাবেই হাজারো যুবকের কামনার লাশ।… পুরো কবিতাটাই অসাধারন হূদয় ছোঁয়া যা একপ্রকার জীবনেরই জয়গান গেয়ে চলছেন গভীর মহব্বতে ।। ধন্যবাদ ।

    • নতুন বছরের উপহারটি বেশ ভালো হয়েছে মঞ্চবন্ধু! হৃদয়ছোয়া কবিতাটি এই মাঝরাতে এক অন্য অনুভূতি দিল! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • বিরহ মধুর হয়ে যায়, তুমি যদি দাও।

    • অতি চমৎকার অনুভূতি প্রকাশ করেছেন!

Skip to toolbar