Profile Photo

মোঃ শহিদুল ইসলামOffline

  • md.shahidulislam
  • বয়স তো একটা সংখ্যা মাত্র।তবুও সে থেমে থাকে না।এ বিশ্ব চরাচরে সবচেয়ে পুরাতন কথা, যেতে হবে।এই যাওয়ার দিকেই আমাদের সবার গতি।
    রবির মতে,”লক্ষ কোটি প্রাণ সাথে একগতি মোর,
    ছিঁড়িতে চাহি না আমি একা এ বিশ্বব্যাপী ডোর।”
    জানি চলে যাব, তবু যতক্ষণ এ দেহে আছে প্রাণ,আমি প্রাণপণে দু’হাতে সরাব জঞ্জাল।

    এই তো সেদিন ছিলাম প্রাইমারি স্কুলের ছাত্র।বাড়ি আর স্কুলের মাঠ খেলাধুলা আর বন্ধুদের সাথে মারামারি। সন্ধ্যে হতেই বাড়ি ফেরা তারাতাড়ি। তারপরে হাইস্কুল কলেজ,বিশ্ববিদ্যালয় জীবনের রঙিন দিন পেরিয়ে কর্মক্ষেত্রে প্রবেশ। একাধিকবার কর্মক্ষেত্র পাল্টিয়ে থিতু হয়েছি এই গুরুগিরিতে।
    পাওয়া না-পাওয়ার দোলাচালে কেটে গেছে অনেকগুলো বছর। হয়তো আর কটা বছর কাটিয়ে দিতে পারলেই একটা পরিণতির দিকে যাবো।
    জীবনের এই তিপ্পান্ন বসন্তে মনেরই অজান্তে কত ভুল করে গেছি।বার বার বলি এ পৃথিবী থেকে নিয়েছি অনেক বেশি,দিয়েছি অনেক কম।
    “আমি অকৃতি অধম হলেও
    কিছু তো দাওনি মোরে কম করে,
    যা দিয়েছ তারই অযোগ্য বলিয়া
    নাওনি তো কিছু কেড়ে।”
    মানুষের কত আশা, কত স্বপ্ন, কত পরিকল্পনা সব কি বাস্তবায়ন হয়? কিছু পায় কিছু হারায়। মানুষ ভাবে এক হয় আরেক।তাই ভাবি মনে, আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়!আশা সে তো মরীচিকা।মিছে মায়ার পিছনে ছুটে নিজেরই অজান্তে নিজেকে করেছি বঞ্চিত।
    জানিনা কোনদিন মালাকুল মউত এসে বলবেন, চলো।কি নিয়ে যাবো? কিছুই তো সঞ্চয় নাই।খালি হাতে এসেছিলাম, হয়তো খালি হাতেই চলে যাবো।পেছনে পড়ে থাকবে আমার জীবনের পাওয়া না পাওয়ার দোলাচল। হয়তো হাজার বছর পর যেদিন আমার নাম নিশানা,বংশ ঠিকানা পৃথিবীতে কোথাও থাকবে না,সেদিনও পৃথিবী তার চিরন্তন নিয়মে চলতে থাকবে।সূর্য আলো দিবে,চাঁদ স্নিগ্ধতা ছড়াবে,ফুল ফুটবে,পাখি গাবে, মানুষ মানুষকে ভালবাসবে।
    “আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবেনা শিশিরের জলে? নরম গন্ধের ঢেউয়ে? ….
    সেদিনও দেখিবে স্বপ্ন নদী নক্ষত্রের তলে।”
    তারপরও যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।কাজ করে যাবো,ফুল ফোটাবে চাবো, গন্ধ বিলাবো,ভাবনা ছড়াবো,অদেহ প্রেমে জড়াবো, সৃষ্টিকর্ম কিছু রেখে যাওয়ার চেষ্টা করবো।
    “Miles to go before I sleep.”

    আজ তিপ্পান্ন ছেড়ে চুয়ান্নতে পা রাখলাম।যদি কোনদিন হঠাৎ হারিয়ে যাই। আমার ইচ্ছা কিংবা অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমিয়ো মোরে।

    2
    3 Comments
    • আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য, খুব ভালো থাকুন।

    • মোঃ শহিদুল ইসলাম, জীবনের গভীর উপলব্ধিকে সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরার এই প্রচেষ্টায় আপনার মনের স্বচ্ছতা ফুটে উঠেছে, তাই নিজের চিন্তাশক্তিকে আরও উসকে দিতে আপনি ছোট ছোট ঘটনা বা অনুভূতির বর্ণনায় আরও বিস্তারিত চিত্র যোগ করার কথা ভেবে দেখতে পারেন এবং আপনার লেখনী যেন এভাবেই নিরন্তর চলতে থাকে।

    • খুবই সুন্দর লাগল আপনার এই কথা গুলি। ঝরঝরে প্রাণবন্ত ভাষায়, বাংলা সাহিত্যের চমৎকার সব বিখ্যাত লাইন উদ্ধৃত করে (এবং ইংরেজি সাহিত্যেরও: Robert Frost) যে বক্তব্য বিন্যাসটি উপস্থাপন করেছেন – খুব মন ছুঁয়ে গেল। রবীন্দ্রনাথের সাথে সাথে জীবনানন্দ আর মাইকেলকেও (আশার ছলনে ভুলি) আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ। আশা করি এখানে আপনাকে নিয়মিত পাব আমরা এবং আপনারও ভালো লাগবে। আর হ্যাঁ, শুভ জন্মদিন জানবেন।

Skip to toolbar