Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কেন?
    মোহাম্মদ শাহজামান শুভ
    ————————–
    ডানী আর মনুর সংসার যেনো ছিল এক সুখী ছবির মতো। দেড় যুগ ধরে একসাথে থাকা, সুখ-দুঃখ ভাগাভাগি করা, তাদের তিনটি সন্তান আর এক টুকরো শান্তির সংসার—এই সবই যেন ডানীর জীবনের সম্পূর্ণতা। মনু ছিল ডানীর জীবনের ভালোবাসার কেন্দ্রবিন্দু। এতগুলো বছর পার করেও মনুর প্রতি তার ভালোবাসা একটুও কমেনি; বরং আরও গভীর হয়েছে।

    ডানী মনুর জন্য কত কিছুই না করেছে! সবসময় চেষ্টা করেছে তার স্বামী এবং সন্তানদের সুখী রাখতে। আর মনুও যেনো তার স্বপ্নের পুরুষ। ছোটখাটো ভুল ত্রুটি সবারই থাকে, কিন্তু এসবকে কখনোই বড় করে দেখেনি ডানী। মনু তার কাছে ছিলো একমাত্র এবং অপরিবর্তনীয়।

    কিন্তু হঠাৎ একদিন, ডানীর জীবনের সেই সুখের আকাশ যেন আছড়ে পড়ল মাটিতে। মোবাইল ফোনে একটি অদ্ভুত ফোনকল এল। অপরিচিত একটি মহিলার কণ্ঠ। সে সোজাসাপটা বলল, “আপনি মনুকে ডিভোর্স দেন। আমি তাকে ভালোবাসি এবং তাকে বিয়ে করব।” ডানী প্রথমে ভেবেছিল, কেউ হয়তো মজা করছে। সে হতবাক হয়ে জিজ্ঞাসা করল, “আপনার মাথা ঠিক আছে? আপনি জানেন আমরা আঠারো বছরের দাম্পত্যে বাঁধা এবং আমাদের তিনটি সন্তান আছে?” মহিলাটি উদাসীন কণ্ঠে বলল, “আমি কিছু বুঝি না। আপনি মনুকে ছেড়ে দিন। সে আমার ভালোবাসার মানুষ।”

    এই অপ্রত্যাশিত কথাগুলো ডানীকে স্তম্ভিত করে দিলো। সে কি শুনছে? তার কি কোনো ভুল হচ্ছে? অজানা আতঙ্কে এবং কৌতূহলে সে দ্রুত মনুর কাছে গিয়ে এই ফোনের কথা বলল। হয়তো সে চাইছিল যে মনু তাকে বলবে, “এগুলো সবই বাজে কথা।” কিন্তু মনু কোনো হেসে উড়িয়ে দিল না। বরং তার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, “হ্যাঁ ডানী, আমি সুখীকে ভালোবাসি।”

    এই এক কথাতেই যেন ডানীর জীবন এলোমেলো হয়ে গেল। আকাশ ভেঙে পড়ার মতো পরিস্থিতি। মনু কি সত্যিই এই কথাটি বলেছে? ডানীর শরীরের সমস্ত শক্তি যেন হারিয়ে গেল। আঠারো বছরের এত আদর, এত যত্ন, এত ভালোবাসা—সবকিছু যেন এক মুহূর্তেই অন্ধকারে তলিয়ে গেল। তার এত দিনের ভালোবাসা, বিশ্বাস, প্রত্যেকটা মুহূর্তের স্মৃতি যেন মুহূর্তেই অর্থহীন হয়ে গেল।

    সে বিশ্বাস করতে পারছিল না, এত বছরের সম্পর্কের পরেও মনুর মনে এই গোপন ভালোবাসা থাকতে পারে। তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে লাগল। সে আর কিছু বলতে পারল না। কিন্তু তার মনে একটা প্রশ্ন জমা হলো, “সুখী! কে এই সুখী?” তার প্রিয় স্বামী যার জন্য তার সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিলো, সেই মানুষটিই আজ তার জীবনের সবচেয়ে বড় আঘাতের কারণ।

    ডানী রাতের পর রাত কান্নায় কাটাতে লাগল। সে নিজের সন্তানদের দিকে তাকিয়ে ভয় পেত, কীভাবে এই দুঃসংবাদ তাদের জানাবে। কীভাবে তারা এই সত্য মেনে নেবে? ডানী ভেবে পেল না, এত দিন যার জন্য সবকিছু ত্যাগ করেছে, সেই মানুষটি তার জীবনে এমন অবিশ্বাস আনবে। মনুর মুখের দিকে তাকানোই কঠিন হয়ে উঠল তার জন্য।

    কিছুদিনের মধ্যেই তাদের সংসারটা ভেঙে গেল। ডানী সন্তানদের নিয়ে আলাদা হয়ে গেল, আর মনু চলে গেল সুখীর কাছে। কিন্তু সুখী কি তার আসল সুখ আনতে পারল? মনুর মনেও একটা শূন্যতা ছিল। তার সন্তানদের জন্য, ডানীর ভালোবাসার জন্য। সুখীকে বিয়ে করেও সে পূর্ণতা পেল না, বরং ডানীর ভালোবাসা আর আঠারো বছরের স্মৃতিগুলো তাকে সর্বদা তাড়িয়ে বেড়ালো।

    ডানী একা থেকেও নিজের সন্তানদের নিয়ে নতুন করে জীবন গড়ে তুলল। কিন্তু তার মনে আজও সেই এক প্রশ্ন, “কেন?”

Skip to toolbar