Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • গল্পের নাম: বন্ধুত্বের বন্ধন
    লেখকঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ০১/১২/২০২৪

    দশ বছর পর গ্রামে ফিরেছি। ঢাকার ব্যস্ত জীবনে দিন কাটাতে কাটাতে গ্রামটাকে প্রায় ভুলতেই বসেছিলাম। কিন্তু গ্রামের মাটির টান, নদীর ঢেউয়ের আহ্বান, আর ছোটবেলার স্মৃতিগুলো যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছিল। গ্রামের পাশের সেই পরিচিত নদী পার হয়ে পৌঁছতে হবে বাড়ি।

    খেয়াঘাটে পা দিতেই চেনা এক কণ্ঠস্বর শুনলাম, “রফিক! তুই?” তাকিয়ে দেখি, আমার বাল্যবন্ধু আনিস। আনন্দে ও আমাকে জড়িয়ে ধরল। সৌদি আরব থেকে মাত্র পরশু এসেছে। আমাদের মধ্যে দশ বছরের ব্যবধান যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল।

    আমাদের গ্রামটা ঠিক আগের মতোই আছে। নদীর স্রোত, মাঠের সবুজ, আর মানুষের হাসিমুখে ভরা। আনিস আর আমি নদী পাড় হয়ে যখন বাড়ি পৌঁছালাম, তখন যেন ঈদের দিনের মতো আনন্দে মন ভরে গেল। পাড়া-প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার পর বিকেলে পুরোনো বন্ধুদের নিয়ে একটা আড্ডার আয়োজন করলাম।

    আড্ডায় যোগ দিল আমাদের আরেক বন্ধু, ফরহাদ। সে এখন গ্রামের স্কুলে শিক্ষকতা করে। স্কুলের গরিব ছাত্রছাত্রীদের জন্য ফরহাদ নিজের জীবন উৎসর্গ করেছে। ওর গল্প শুনে আমরা সবাই চুপ। ওর বেতনের প্রায় পুরোটা গরিব শিক্ষার্থীদের জন্য খরচ হয়। ওর এমন মানবিকতা দেখে আমাদের গর্ব হলেও শায়লার স্মৃতি আমাদের মন ভারী করে তোলে।

    ফরহাদ শায়লাকে ভালোবাসত। কিন্তু শায়লার পরিবার তাকে চেয়ারম্যানের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিয়ের ছয় মাসের মাথায় শায়লা মারা যায়। সেই থেকে ফরহাদ আর বিয়ে করেনি। শায়লার স্মৃতিকে সঙ্গী করে সে তার জীবন উৎসর্গ করেছে গ্রামের শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার জন্য।

    আড্ডায় আমরা সিদ্ধান্ত নিলাম, সবাই মিলে ফরহাদকে নিয়মিত অর্থসাহায্য করব, যাতে সে তার কাজ আরও ভালোভাবে চালিয়ে যেতে পারে। আনিস সাথে সাথে এক লক্ষ টাকা দিল। ওর এই উদারতায় আমরা বাকিরাও অনুপ্রাণিত হলাম।

    আড্ডার শেষে মনে হলো, আমরা যেন আবার আমাদের পুরোনো বন্ধন খুঁজে পেয়েছি। আনিসের সৌদি প্রবাস জীবন, ফরহাদের ত্যাগ, আর গ্রামের স্নিগ্ধ পরিবেশ—সবকিছু মিলিয়ে আজকের দিনটা যেন এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকল।

    গ্রামের মানুষ আর প্রকৃতির কাছে ফিরে এসে আমি শিখলাম, জীবনের সবকিছুই নয় পয়সা আর চাকচিক্য। মানুষের প্রতি ভালোবাসা, বন্ধুত্ব আর মানবতার জয়গানই জীবনের আসল সার্থকতা।

    4
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar