Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • স্যার আমাদের ঈদ
    লেখকঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ০৪/১২/২০২৪
    ২৫ রোজার দিন। গ্রীষ্মের বিকেলে দূর্বাঘাসের মাঠে শিক্ষার্থীদের প্রাণবন্ত আড্ডা। আর তাদের মাঝে বসে আছেন শুভ স্যার। স্যার যেন তাদের বন্ধু, পথপ্রদর্শক, আর অভিভাবকের মিশ্র রূপ। রনিদের বাড়ির পাশে এই মাঠেই প্রতিদিনের মতো শিক্ষার্থীদের সঙ্গে গল্পে মগ্ন শুভ স্যার।
    রনি খুশি হয়ে বলে উঠল, “স্যার, এবার আমার ঈদের মার্কেট ফাটাফাটি হইছে! বাবা ডাবল বোনাস পেয়েছে। আমাকেও ডাবল জামা কিনে দিয়েছে।”
    জনি সাথে সাথেই যোগ করল, “আমার তো বাবা ১০ হাজার টাকা পাঠাইছে। দুই-একদিনের মধ্যেই মার্কেট করব।”
    বাদল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, “স্যার, আপনি মার্কেট করেছেন?”
    শুভ স্যার একটু হাসলেন। “না,” বলেই থেমে গেলেন।
    “কেন স্যার? করবেন না?” জনি প্রশ্ন করল।
    স্যার যেন চিন্তায় ডুবে গেলেন। শিক্ষার্থীরা তার মুখের দিকে তাকিয়ে থাকে। স্যারের হাস্যোজ্জ্বল মুখ আজ যেন কিছুটা ভারী।
    রনি এবার সরাসরি বলল, “স্যার, গতকাল ফেসবুকে একজন শিক্ষকের আইডিতে দেখলাম, আপনারা সিঁকি পরিমাণ বোনাস পান। সিঁকি পরিমাণ মানে কী, স্যার?”
    জনি দ্রুত ব্যাখ্যা করল, “সিঁকি মানে চার ভাগের এক ভাগ। বুঝলি না রে!”
    বাদল অবাক হয়ে জানতে চাইল, “তাহলে আপনি কত পাবেন স্যার?”
    শুভ স্যার কিছু না বলে একটু মৃদু হাসলেন। তার মুখের ভাব দেখে শিক্ষার্থীরা যেন বুঝতে পারল, বিষয়টা বেশ সংবেদনশীল।
    রনি বলে উঠল, “আমার দুলাভাইও হাইস্কুলের শিক্ষক। আপুর কাছে শুনেছি দুলাভাই চার হাজার টাকা বোনাস পান। আপনি তো তার চেয়ে বেশি পাবেন না, তাই না?”
    বাদল মৃদু হাসি দিয়ে বলল, “স্যার, কারে কী দিবেন? আন্টির জন্য কিছু কিনবেন না?”
    শুভ স্যার এবার আস্তে হেসে বললেন, “তোমার আন্টি ঈদে কিছুই নেয় না। তার ভাই ব্যাংকে চাকরি করে, প্রতি বছরই ছোট বোনকে আদর করে ঈদের পোশাক দেয়। কত করে বলি, সে যেন কিছু না নেয়, কিন্তু শোনে না।”
    জনি এবার বলল, “আপনার মেয়ে জায়েদা আর ছেলে হাসানের জন্য কিছু কিনবেন তো, স্যার? আর আপনি নিজে কিছু নিবেন না?”
    শুভ স্যার মৃদু হেসে বললেন, “আমি রোজার আগেই নতুন পাঞ্জাবি বানিয়েছি। ঈদে সেটা পরব।”
    বাদল এবার রনির কানে কানে বলল, “স্যার তো দুই বছর ধরে ওই একই কালো আর খয়েরি প্যান্ট পরে আছেন। এখন আবার নতুন পাঞ্জাবির কথা বলছেন!”
    শুভ স্যার শিক্ষার্থীদের প্রতিটি কথায় মুগ্ধ হয়ে হাসছিলেন। কিন্তু ভেতরে এক অদ্ভুত বিষাদ যেন তাকে ছুঁয়ে যাচ্ছিল। তার শিক্ষার্থীরা যখন নিজেদের ঈদের প্রস্তুতি নিয়ে গল্প করছিল, তখন তিনি ভাবছিলেন তার নিজের পরিবারকে নিয়ে। স্যারের বেতন আর সেই সামান্য সিঁকি পরিমাণ বোনাসে কীভাবে তার পুরো পরিবারের চাহিদা মেটাবেন?
    তবে তিনি জানতেন, তার শিক্ষার্থীদের এই আনন্দের মুহূর্তে কোনো কষ্টের ছাপ তাদের সামনে আনা ঠিক হবে না। তিনি যে তাদের শিক্ষক, তাদের বন্ধু। এই মুহূর্তে তার কাজ তাদের আনন্দের অংশ হওয়া।
    রনির মা ইফতারের ডাক দিলেন। সবাই উঠে গেল। শুভ স্যার ধীর পায়ে মাঠ ছেড়ে রনিদের ঘরের দিকে হাঁটতে লাগলেন। তার হৃদয়ে একটাই ভাবনা—“আমার শিক্ষার্থীদের হাসিমুখই আমার ঈদ। আমি তাদের জীবন তৈরিতে একটুকরো ভূমিকা রাখতে পারলে, সেটাই আমার নতুন পাঞ্জাবি।”

    3
    1 Comment
Skip to toolbar