Profile Photo

naznin shamimOffline

  • nazninshamim
  • Profile picture of naznin shamim

    naznin shamim

    • 2 weeks, 4 days ago

    “​অপেক্ষার নোঙর”
    নাজনীন শামীম
    চট্টগ্রাম থেকে
    ১০ই নভেম্বর ২০২৬ইং

    ​স্টেশনের শেষ প্রান্তের টিনের চালা ঘরটায় যখন বৃষ্টি পড়ে, তখন মনে হয় চালের ওপর হাজারটা পাথর আছড়ে পড়ছে। ঘরে তখন মোতির কোনো আলো নেই, কেবল বাইরে রেললাইনের সিগন্যালের লাল-সবুজ আলো এসে ঘরের দেয়ালগুলোতে অদ্ভুত এক ছায়া ফেলে।
    ​কুসুম বিছানার এক কোণে বসে হাত দুটো জড়িয়ে ধরে আছে। তার কোলে কাঁপছে দশ বছরের ছোট্ট সোহাগ। সকাল থেকে পেটে দানাপানি কিচ্ছু নেই। সোহাগের জ্বরে শরীরটা পুড়ছে, অথচ এক মুঠো প্যারাসিটামল কেনার মতো একটা কয়েনও নেই কুসুমের আঁচলে বাঁধা গিট্টিতে।
    ​সোহাগ ফিসফিস করে বলে, “মা, বড্ড খিদে পেয়েছে গো। একটু ভাত দে না।”
    ​কুসুমের গলাটা কেমন যেন শুকিয়ে আসে। বুকের ভেতরটা দুমড়ে-মুচড়ে ওঠে, মনে হয় কেউ যেন ধারালো কোনো অস্ত্র দিয়ে নাুঁড়ে ঘুঁড়ে কি এক যন্ত্রণার সৃষ্টি করছে। সে ছেলের কপালে হাত বুলিয়ে ভেজা গলায় বলে, “বাবা রে, একটু ঘুমিয়ে থাকো। তোর বাবা তো রূপগঞ্জ থেকে আসতেই আছে। টাকা নিয়ে এসেই চাল আনবে, তারপর গরম ভাত রান্না করব।”
    ​কালাম আজ তিন দিন হলো শহরে গেছে একটা ভাঙারি দোকানের বকেয়া টাকা তুলতে। যাওয়ার সময় বলে গেছিল, “আর কষ্ট করতে হবে না কুসুম, এই টাকাটা পেলে তোর একটা ভালো শাড়ি আর ছেলের জন্য নতুন খাতা কিনে দেব।” সেই যাওয়া, তারপর আর ফেরা হয়নি। রূপগঞ্জের পথে নাকি কাল একটা বড় ট্রাক উল্টে গেছে—এই খবরটা বাতাসে ভেসে বেড়াচ্ছিল, কিন্তু কুসুমের কানে যেন তা পৌঁছায়নি। সে কেবল বিশ্বাস করতে চেয়েছে কালাম মিথ্যে বলে না।
    ​বাইরে বৃষ্টির শব্দ বাড়তে থাকে। কুসুমের চোখের সামনে ভেসে ওঠে পনেরো বছর আগের দিনগুলো। কত স্বপ্ন নিয়ে এই সংসারটা শুরু হয়েছিল। আজ স্বপ্নগুলো সব রেললাইনের পাথরের নিচে পিষে গেছে। অভাবের তাড়নায় মানুষ কীভাবে এত পাথর হয়ে যায়, কুসুম সেটাই ভাবে। তার চোখের জল গড়িয়ে পড়ে সোহাগের গালে। সোহাগ জ্বরের মোচড়ে খপ করে মায়ের হাতটা খামচে ধরে।
    ​ঠিক তখনই বাইরে দরজায় একটা কড়া নাড়ার আওয়াজ শোনা যায়।
    ​কুসুমের বুকটা কেঁপে ওঠে এক অদ্ভুত আশঙ্কায়। সে কি কালাম? নাকি অন্য কেউ? দরজা খুলে সে দেখে, মেঘের অন্ধকার চিরে উঠানে দাঁড়িয়ে আছে গ্রামের মোড়লদের লোক। হাতে একটা খাম।
    ​লোকটা উদভ্রান্তের মতো বলে, “কুসুম বউ, তোমার কালাম তো আর ফিরবে না গো! মালবাহী লরির নিচে চাপা পড়ে সব শেষ!”
    ​খবরটা শোনার পর কুসুমের ভেতর থেকে কান্নার কোনো শব্দ বের হয় না। পৃথিবীটা যেন হঠাৎ এক নিমেষে থেমে যায়। সে কোনো কথা না বলে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ঘরের ভেতর থেকে সোহাগ তখনো ডেকে চলেছে—”মা, ভাত এনেছ?”
    ​কুসুম ধীরে ধীরে ভেতরে ফিরে আসে। কালামের পুরোনো চাদরটা সোহাগের গায়ে জড়িয়ে দেয়। তারপর সে ল্যাম্পপোস্টের ম্রিয়মাণ আলোয় নিজের হাত দুটো দেখে—যে হাত দিয়ে সে সারাজীবন শুধু অন্যের কাপড় সেলাই করেছে, আর অভাবের সাথে লড়াই করেছে। তার চোখের শেষ বিন্দু জলটুকুও শুকিয়ে গেছে। জীবনের এমন এক বাঁকে সে এসে দাঁড়িয়েছে, যেখানে পেছনে তাকানোর কোনো রাস্তা নেই, সামনে কেবল এক অন্তহীন অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের বুক চিড়েও সোহাগের কাঁপানো শ্বাসটার দিকে তাকিয়ে কুসুমের মনে হয়—লড়াই তো ফুরায়নি, বাঁচতে তো তাকে হবেই।

    3
    3 Comments
    • এমন অসংখ্য কুসুমের নীরব সংগ্রাম আমাদের সমাজেরই বাস্তব চিত্র। খুব মর্মস্পর্শী লেখা।

    • ইশ্ লেখাটা পড়ে আমি স্তব্ধ হয়ে গেছি🥺

Skip to toolbar