Profile Photo

অভিমানী মনOffline

  • ovimanimon
  • Profile picture of অভিমানী মন

    অভিমানী মন

    • 4 years, 10 months ago

    বর্ণমালার সাথে আমার প্রেম

    কাউখালী, হুলারহাট, পিরোজপুরে যদিবা যুদ্ধের দামামা বাজে; দূরপ্রান্তের জোলাগাতী গ্রামে তার আঁচ দেখি না। শুধু দেখি, কচানদী দিয়ে হানাদারদের গানবোট ছুটে যায়। আর একটা ডুবে যাওয়া বড় লঞ্চ ভেসে যেতে দেখেছি।
    বড়রা আমাদের নদীর পাড়ে যেতে দিতো না। বাড়ি এসে আমরা খেলাধুলায় মেতে থাকি।
    বর্ষায় খুব কৈমাছ ধরা পড়ে। রোজা আর ঈদ হয় গাঢ বর্ষায়।
    ঈদেরদিন চালের গুড়ি, গুড় আর নারিকেলবাটা দিয়ে বানানো মল্হিদা শরবত খেয়ে খুব আপ্লুত হই। প্রচুর ফলফলাদি আম, কাঠাল, সবেদা, শরীফা, গাব, ছোলম আর জামরুল খাই।
    সাপলেজা খালের জোয়ারের জলে প্রচুর ডুবোডুবি করি। আর দেখি জাল বোনা, জালে গাবের কষ মাখানো।
    গ্রামে যুদ্ধাতঙ্ক না থাকলেও দালালচক্রের গোপন হুমকিতে সনাতনরা বাস্তুভিটা খালি করে দেশান্তরি হয়। দালালরা ওদের টাকাকড়ি সোনাদানা কেড়ে নেয়।
    আমার দাদা মোখলেস হাওলাদার ঐ অঞ্চলের প্রথম এনট্রান্স পাশ। গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই। যুদ্ধের কারণে স্কুল বন্ধ থাকায় আমাদের কাচারীঘরে ছাত্র-ছাত্রীদের পড়াতে শুরু করে।
    ধারণা করা হয়, যুদ্ধ দীর্ঘ হবে। বাড়িতেই বহুদিন থাকতে হবে আমাদের। সেইমতে বড় দুইবোনকে কাচারীর স্কুলে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ভর্তি করিয়ে দেওয়া হয়।
    শরতের জোবা চলে গেলে হেমন্তের মাঠ সোনালী ধানে নেচে ওঠে। ঘরে ঘরে খৈ মুড়ি ভাজা শুরু হয়।
    এমনদিনে আমাকে আর শহীদকে তালপাতায় হাতেখড়ি দেয় কাচারীর স্কুলে।
    সেস্মৃতি ভুলবার নয়।
    গাছে লোক উঠিয়ে বড়বড় তালের ডেউগা পেড়ে এনে যত্নকরে কেটে পাতা বানিয়ে গরম হলুদজলে চুবিয়ে রেখে পরে তা রোদে শুকানো হয়।কয়লা বেটে কালি বানানো হয়।
    বাঁশের কঞ্চি কেটে বানানো হয় কলম।
    আর আমার দাদা সরু লোহার কলমের আাঁচড়ে তালপাতার উপর অ আ ক খ’র শির এঁকে দেয়। একদম বিদ্যাসাগরের মতন ছিল সেই বর্ণমালা।
    আমাদের হাতেখড়ি হবে বলে মা চাচীরা নতুন চালে মুড়ি ভাজে।
    তারপর কোনএক সকালবেলায় হোগলার ছোট পাটিতে দাদার কোলে বসে বাঁশের কলম দোয়াতে ডুবিয়ে নিয়ে প্রথম বর্ণমালা লিখি।
    সেইথেকে অক্ষরের সাথে আমার প্রেম। এই প্রেম শেষ হয় না।
    হাতেখড়ি শেষে সবাইকে গুড় মুড়ি বাতাসা খেতে দেওয়া হয়। সে এক অপূর্ব আনন্দের দিন।
    দুপুরে মাস্টার দাদার সঙ্গে আমাদের হাইটনায় বসে মোরগের গোস্ত দিয়ে ভাত খাই।
    তখন মুরগি ডিম পাড়তো; উৎসব পর্বণে মোরগ জবাই করা হতো। বলা হতো, মোরগের গোস্ত; মুরগির মাংস নয়।
    হেমন্ত পেরিয়ে শীত আসে। রস জ্বাল দেওয়া আর পিঠা-পুলির ধূম লেগে যায়। পুরো বাড়ি ঘ্রাণে মৌমৌ করে।
    এমন দিনগুলোয় শহর-বন্দরে মুক্তিযোদ্ধারা কখন যে হানাদারদের পরাজিত করে আকাশে বাতাসে বিজয়ের লাল সবুজ পতাকা ওড়ায়, ঐ দূরগ্রামে বসে বুঝতে পারিনি। এটুকু মনে আছে, চাচারা বাড়ি ফিরে এসেছিল আর খুব হৈচৈ করছিল।
    *চলবে…

    22
    11 Comments
Skip to toolbar